পপ সংস্কৃতি: নারীদের অপমানই বিনোদনের উপকরণ
২০০৮ সালে বিবিসি টু-র জনপ্রিয় কমেডি প্যানেল শো Never Mind the Buzzcocks-এর একটি পর্বে অতিথি ছিলেন কোরিওগ্রাফার আরলিন ফিলিপস। অনুষ্ঠানে একমাত্র মহিলা প্যানেল সদস্য ছিলেন তিনি। সঞ্চালক সাইমন অ্যামস্টেল তাঁকে উদ্দেশ করে বলেছিলেন, “আপনাকে দেখে মনে হয়, আপনি বেশ ভালো একটা বেশ্যালয় চালান।” জবাবে ফিলিপস আপাত-গম্ভীর ভঙ্গিতে একটি গল্প শোনান। তিনি জানান, বড় বড় তারকাদের সঙ্গে কাজ করার সময় কখনও কখনও তাঁকে এমন কিছু নৃত্যশিল্পী খুঁজে দিতে বলা হতো, যাঁদের নাকি ‘বিশেষ কিছু দক্ষতা’ রয়েছে এবং যাঁরা শুটিংয়ের পর পার্টিতে যেতে আগ্রহী। অনুষ্ঠানের আর এক প্যানেল সদস্য, টিভি সঞ্চালক ডারমট ও’লিয়ারি ফোনে কথা বলার ভঙ্গি করে বলেন, “আজ রাতে নাচের পর যৌন সম্পর্কে জড়াতে তোমার আপত্তি আছে?” স্টুডিয়ো ফেটে পড়ে হাসিতে।
কিন্তু আজ সেই হাসির দৃশ্য নতুন করে দেখা হচ্ছে। ধর্ষণ ও যৌন নিগ্রহের অপরাধে রাসেল ব্র্যান্ডের কারাবাস এবং কৌতুকাভিনেতা ও শিশুতোষ বইয়ের লেখক ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসার পর প্রশ্ন উঠেছে শুধু অভিযুক্তদের ভূমিকা নিয়ে নয়, তাঁদের আচরণকে যাঁরা প্রশ্রয় দিয়েছিলেন, তাঁদের নিয়েও।
টক শো-র সঞ্চালক জোনাথন রস ২০০৪ সালের একটি কৌতুকের জন্য ক্ষমা চেয়েছেন। সেই সময় তিনি ব্রিটিশ কমেডি অ্যাওয়ার্ডসের ১৫ বছর পূর্তিকে তুলনা করেছিলেন ১৫ বছরের কিশোর-কিশোরীদের সঙ্গে— যারা নাকি মদ্যপ, অনিশ্চিত স্বভাবের এবং সম্ভবত রাত শেষে ডেভিড ওয়ালিয়ামসের সঙ্গে বাড়ি ফিরবে। ওয়ালিয়ামস অবশ্য তাঁর বিরুদ্ধে গার্ডিয়ান ও আইটিভি নিউজের প্রতিবেদনে প্রকাশিত অভিযোগ অস্বীকার করেছেন। তবে আলাদা কিছু যৌন অসদাচরণের অভিযোগের ভিত্তিতে এখন তাঁর বিরুদ্ধে তদন্ত করছে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।
প্রথম দেখায় আরলিন ফিলিপসের সেই গল্পের সঙ্গে রাসেল ব্র্যান্ড বা ওয়ালিয়ামসের কোনও সম্পর্ক ছিল না। কিন্তু পুরনো ক্লিপগুলি ফিরে আসতেই সেগুলিকে অন্য চোখে দেখতে শুরু করেছেন দর্শকরা। সেগুলি কি নিছক মজার ছলে বলা কিছু কথা ছিল? নাকি এমন এক সংস্কৃতির লক্ষণ, যেখানে নারীর শরীর ও যৌনতাকে নিয়মিত বিনোদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হতো? ট্যাবলয়েড সংবাদপত্রের পেজ থ্রি-তে অর্ধনগ্ন মডেলদের ছবি, তথাকথিত ‘ল্যাডস ম্যাগাজিন’-এ জীবনযাপন ও হাস্যরসের মোড়কে প্রকাশিত যৌন উত্তেজক ছবি—এসব কি বৃহত্তর এক অন্ধকারেরই অংশ ছিল? সেই সময়ের পরিবেশ কি আরও গুরুতর যৌন অসদাচরণকে আড়াল করা সহজ করে দিয়েছিল?
লেখক সোফি গিলবার্টের কথায়, “২০০০-এর দশকের জনপ্রিয় সংস্কৃতি নারীদের প্রতি ছিল ভয়াবহ রকমের নিষ্ঠুর—প্রকাশ্যে, নির্দ্বিধায়, এমনকী আনন্দের সঙ্গেও।” তাঁর মতে, নব্বইয়ের দশকে থার্ড-ওয়েভ নারীবাদ থেকে পোস্ট-ফেমিনিজমে উত্তরণের ফলে এমন এক পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে নারীদের নিজেদের যৌন অবজেক্ট হিসেবে তুলে ধরতে উৎসাহ দেওয়া হতো। যেন নিজের শরীরকে পণ্য হিসেবে ব্যবহার করাই ক্ষমতায়নের লক্ষণ— সেটা উপভোগ করতে হবে, তা থেকে লাভবান হতে হবে, কিন্তু কোনও অভিযোগ করা চলবে না।
গিলবার্টের উদাহরণ, জনপ্রিয় বিনোদনমূলক অনুষ্ঠান TFI Friday-তে জেরি হ্যালিওয়েল ও কাইলি মিনোগের চুম্বন। সঞ্চালক ক্রিস ইভান্সকে ‘চমকে দেওয়ার’ জন্যই নাকি সেই দৃশ্য সাজানো হয়েছিল। আবার ভিক্টোরিয়া বেকহ্যামকে সন্তান জন্ম দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই দাঁড় করানো হয়েছিল ওজন মাপার যন্ত্রে।
নব্বইয়ের দশকের শেষভাগ থেকে ২০০০-এর দশক পর্যন্ত তরুণী তারকাদের পিছু ছাড়ত না পাপারাজ্জিরা। তাঁদের ওজন, চেহারা, পোশাক—সব কিছু নিয়ে চলত নিরন্তর আলোচনা ও বিদ্রূপ। আপত্তিকর পরিস্থিতিতে তোলা ছবি ছাপা হতো ম্যাগাজিনে। ২০০৪ সালে বিপুল জনপ্রিয় সেলিব্রিটি ম্যাগাজিন Heat প্রকাশ করেছিল তারকাদের শরীরে সেলুলাইট নিয়ে একটি বিশেষ সংখ্যা। বিয়ন্সে এবং EastEnders-এর প্রাক্তন অভিনেত্রী মার্টিন ম্যাককাচনের পায়ের ত্বকের যে অংশগুলিকে তারা ‘সমস্যাজনক’ বলে মনে করেছিল, ছবিতে সেগুলিকে বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়েছিল।
গায়িকা শার্লট চার্চের বয়স যখন মাত্র ১৫, তখন একটি ওয়েবসাইট তাঁর ১৬তম জন্মদিনের কাউন্টডাউন শুরু করেছিল। কারণ, ১৬ বছর হলেই তিনি পৌঁছে যাবেন সম্মতির আইনি বয়সে। খবরটি প্রকাশ করেছিল The Sun। সে সময় ২৮ বছর বয়সি বিবিসি রেডিও ওয়ান-এর সঞ্চালক ক্রিস ময়েলস সরাসরি সম্প্রচারে বলেছিলেন, চার্চ ১৬ বছরে পা দিলেই তিনি তাঁর কুমারীত্ব হরণ করতে চান। একই ধরনের কাউন্টডাউন চলেছিল Harry Potter-এর অভিনেত্রী এমা ওয়াটসন-সহ অন্য তরুণী তারকাদের নিয়েও।
সম্প্রতি অতীতের সেই অভিজ্ঞতা স্মরণ করে চার্চ বলেছেন, “আমাকে এমন এক চরিত্রে পরিণত করা হয়েছিল, যেখানে আমি একই সঙ্গে যৌনতার বস্তু, তাচ্ছিল্যের পাত্র এবং উপহাসের বিষয়। আমার ব্যক্তিত্ব, পৃথিবীর কাছে আমার পরিচয়—সব কিছু যেন আমার হাত থেকে কেড়ে নিয়ে এমনভাবে সাজানো হয়েছিল, যাতে তা হয়ে ওঠে চটকদার, যৌন ইঙ্গিতপূর্ণ কিংবা বিদ্রূপের উপকরণ।”
কিশোরী বয়সে একই রকম অনধিকার চর্চার শিকার হয়েছিলেন ব্রিটনি স্পিয়ার্স। নিজের স্মৃতিকথা The Woman in Me-তে তিনি লিখেছেন, সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করতেন, তাঁর স্তন আসল কি না, এমনকী তাঁর সতীচ্ছদ অক্ষত রয়েছে কি না।
নিউ ইয়র্কের প্রাক্তন গসিপ কলাম লেখক বেন উইডিকম্ব তাঁর স্মৃতিকথা Gatecrasher-এ সেই সময়ের কথা লিখেছেন। তাঁর মতে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আমেরিকায় মানুষের মধ্যে হালকা, চটকদার সেলিব্রিটি-সংবাদের চাহিদা বেড়ে গিয়েছিল। এই প্রবণতা শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ ছিল না। উইডিকম্বের কথায়, “হালকা, যৌন ইঙ্গিতপূর্ণ খবরের জন্য মানুষের মধ্যে ছিল অফুরন্ত ক্ষুধা। এর ফলে একদল তরুণী তারকা রাতারাতি পপ আইকনে পরিণত হয়েছিলেন। কিন্তু ট্যাবলয়েডের নিষ্ঠুর নিয়ম হলো, তারা প্রথমে কাউকে আকাশে তোলে, তারপর ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়।”
ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে সংবাদমাধ্যমের আচরণ তাঁকে বিশেষভাবে উদ্বিগ্ন করেছিল। তাঁর মনে হয়েছিল, সংবাদমাধ্যমের লাগাতার আক্রমণে ব্রিটনির জীবন বিপন্ন হতে পারে। কিন্তু এর দায় শুধু সংবাদমাধ্যমের ছিল না। উইডিকম্বের বক্তব্য, “দর্শক না থাকলে সংবাদমাধ্যমও থাকে না। ব্রিটনিকে অপমানিত দেখতে জনতারও প্রবল আগ্রহ ছিল। ট্যাবলয়েড সেই চাহিদাই মিটিয়েছে।”
প্রতিবাদ ছিল, কিন্তু শোনা হয়নি
অবশ্য সেই সময়ের নারীবিদ্বেষের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেননি, এমন নয়। বহু মহিলা আপত্তি জানিয়েছিলেন। কিন্তু বিনোদন জগতের ক্ষমতাশালী প্রতিষ্ঠান ও পুরুষপ্রধান সংস্কৃতির প্রবল আওয়াজে তাঁদের প্রতিবাদ প্রায়ই চাপা পড়ে যেত। কৌতুকাভিনেত্রী জো কফিল্ডের কথায়, “যাঁরা টেলিভিশনে সবচেয়ে জোরে কথা বলতেন, আধিপত্য বিস্তার করতেন, তাঁদের কাছেই এসব গ্রহণযোগ্য ছিল। তখনও একজন মহিলা হিসেবে আমার কাছে তা গ্রহণযোগ্য ছিল না, এখনও নয়। তারকারা কী করছেন, তা তাঁরা জানতেন। তবু তাঁদের আড়াল করেছেন, এখনও করেন।” জনপ্রিয় সংস্কৃতিতে যৌনতার উপস্থাপন নিয়ে গবেষণা করেন শিক্ষাবিদ আনা টিপেট। তাঁর মতে, ‘সময়টাই অন্য রকম ছিল’—এই যুক্তি দিয়ে অতীতের আচরণকে ব্যাখ্যা করা আসলে সেই নারীদের প্রতিবাদকে অস্বীকার করা, যাঁরা তখনই এই সংস্কৃতির বিরুদ্ধে সরব হয়েছিলেন। ২০১২ সালের একটি সমীক্ষায় টিপেট দেখেছিলেন, অংশগ্রহণকারীদের ৫৭.৮ শতাংশ ‘ল্যাডস ম্যাগাজিন’-কে ‘সফট পর্নোগ্রাফি’ বলে মনে করেন। অথচ মূলধারার সমাজে এই পত্রিকাগুলির গ্রহণযোগ্যতা ছিল যথেষ্ট। টিপেটের কথায়, “যে মহিলারা আপত্তি জানাতেন, তাঁদের গোঁড়া, রসবোধহীন কিংবা সেকেলে বলে দাগিয়ে দেওয়ার ঝুঁকি ছিল। ফলে হয় কৌতুকের অংশীদার হয়ে থাকতে হতো, নয়তো চুপ করে যেতে হতো।”
আরলিন ফিলিপসের সেই গল্পটিকেও হয়তো এই প্রেক্ষাপটেই বিচার করা উচিত।
এই প্রবণতা সবচেয়ে স্পষ্ট ছিল কৌতুকের জগতে। সেখানে বিদ্রূপ আর ভয় দেখানো, মজা আর অপমানের সীমারেখা ক্রমশ ঝাপসা হয়ে গিয়েছিল। রাসেল ব্র্যান্ডের প্রকাশ্য পরিচিতি এবং বিপুল জনপ্রিয়তার বড় অংশই তৈরি হয়েছিল যৌন উচ্ছৃঙ্খলতা ও নারীদের নিয়ে তাঁর চাঞ্চল্যকর গল্পের ওপর।
সোফি গিলবার্টের মতে, “এটাই ছিল ব্র্যান্ডের জনপ্রিয়তার মূল আকর্ষণ। টেলিভিশন ও রেডিওর কর্তারা তাঁর আচরণ নিয়ে প্রশ্ন তুলতে চাইতেন না, কারণ তাঁরা জানতেন, তাঁর এই সীমালঙ্ঘনই তাঁকে জনপ্রিয় করে তুলেছে।”
২০০৭ সালে চ্যানেল ফোরের অনুষ্ঠান The Big Fat Quiz of the Year-এ অংশ নিয়েছিলেন ২১ বছর বয়সি লিলি অ্যালেন। প্যানেলে সেবারও তিনিই ছিলেন একমাত্র মহিলা।
সেই অনুষ্ঠানের একটি পুরনো ক্লিপও সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে। জোনাথন রস পরামর্শ দিয়েছিলেন, অ্যালেনকে যেন ব্র্যান্ড এবং কৌতুকাভিনেতা নোয়েল ফিল্ডিংয়ের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়, যাতে তিনি “পোশাক পরেই বাড়ি ফিরতে পারেন”। ফিল্ডিং পাল্টা বলেছিলেন, “আমরা ধর্ষক নই।” ব্র্যান্ড তখন বিদ্রূপ করে বলেন, “ভাবুন তো, যদি ভয়ংকর ব্যাপারটা এই হয় যে, সে আদৌ কাউকে ধর্ষণ করেনি! তাতে তো তার সুনাম নষ্ট হয়ে যেতে পারে!”
সেদিন অ্যালেনও হেসেছিলেন। কিন্তু বহু বছর পর, ২০২৩ সালে, সেই দৃশ্য আবার দেখার অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, “এখন পিছন ফিরে দেখলে মনে হয়, ব্যাপারটা ভয়ংকর। তখন হয়তো আমার এমন মনে হয়নি, কারণ চারপাশের সংস্কৃতিটাই ছিল এমন।”
টেলিভিশনের স্কেচ কমেডি Little Britain-এর সরাসরি মঞ্চাভিনয়েও ডেভিড ওয়ালিয়ামস অভিনয় করতেন ডেস কে নামে এক চরিত্রে। সে ছিল এক প্রাক্তন শিশু-বিনোদনকারী, যে যৌন অপরাধী। মঞ্চে দর্শকদের প্যান্ট টেনে নামিয়ে দেওয়া এবং তাঁদের জোর করে চুমু খাওয়ার চেষ্টা ছিল তার কৌতুকের অংশ।
আজ পুরনো অনুষ্ঠানগুলির সেই দৃশ্য ফিরে দেখলে প্রশ্ন ওঠে—যে আচরণকে একসময় হাসির খোরাক বলে চালানো হয়েছিল, তা কি আসলে নারীদের অপমান ও যৌন হেনস্থাকে স্বাভাবিক করে তোলারই আরেকটি উপায় ছিল? আর সেই স্বাভাবিকীকরণের আড়ালে কতটা সহজে চাপা পড়ে গিয়েছিল আরও গুরুতর অপরাধের ইঙ্গিত?
হাসির আড়ালে হেনস্থা, নীরবতার আড়ালে ক্ষমতা
২০০৮ সালে সাংবাদিক মেরি ও’হারা একটি ঘটনার কথা লিখেছিলেন। লন্ডনের এক অনুষ্ঠানে কৌতুকাভিনেতা জনি ভেগাস দর্শকদের মধ্য থেকে এক তরুণীকে মঞ্চে ডেকে আনেন। তারপর তাঁর শরীরে হাত দেন, বারবার স্কার্ট তুলে দিতে থাকেন। তরুণীটি অস্বস্তিতে নিজের পোশাক সামলানোর চেষ্টা করছিলেন। ও’হারার লেখায়, “সবচেয়ে অস্বস্তিকর বিষয় ছিল, দর্শকদের প্রায় অর্ধেকই ঘটনাটিকে অত্যন্ত মজার বলে মনে করছিলেন।”
সে সময় ও’হারার প্রতিবেদনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন ভেগাসের আইনজীবীরা। তাঁদের বক্তব্য ছিল, দর্শকাসন থেকে উঠে আসা ওই তরুণী তাঁদের জানিয়েছিলেন, তিনি স্বেচ্ছায় কৌতুকের অংশ হয়েছিলেন। নিজেকে ভীত, আতঙ্কিত বা নিগৃহীত বলেও মনে করেননি। এই প্রতিবেদন প্রকাশের জন্য ভেগাসের প্রতিনিধিদের কাছেও মন্তব্য চাওয়া হয়েছে।
কৌতুকাভিনেত্রী জোসি লংয়ের কথায়, “সেই সময়ের পরিবেশ কতটা বিষাক্ত ছিল, তা ভাষায় বোঝানো কঠিন।” রাসেল ব্র্যান্ডের সঙ্গে মঞ্চের নেপথ্যে তাঁরও এক তিক্ত অভিজ্ঞতা হয়েছিল।
লংয়ের স্মৃতিতে, “ব্র্যান্ড আমার মুখে কামড় বসাতেন। আমি বলতাম, এটা আমার ভালো লাগছে না। তবু তিনি আমাকে তাড়া করে বেড়াতেন।” তখন তাঁর বয়স ২২। পরিস্থিতি সামলাতে না পেরে তিনি হেসে ফেলতেন। “এখন পিছন ফিরে বুঝতে পারি, ওটা ছিল শারীরিক নিগ্রহ।”
লংয়ের মতে, “এই সংস্কৃতির সবচেয়ে কম ক্ষতিকর দিকটুকুও নারীদের আলাদা করে চিহ্নিত করা এবং যৌনতার বস্তুতে পরিণত করার জন্য তৈরি হয়েছিল।” পুরুষদের মধ্যে এমন এক ‘বন্ধুত্বপূর্ণ আড্ডার পরিবেশ’ তৈরি হয়েছিল, যেখানে ধর্ষণ নিয়ে কৌতুক, নারীদের ওপর নৃশংসতা নিয়ে হাসিঠাট্টা অনায়াসে জায়গা পেত। কিন্তু ভিন্ন মত বা প্রতিবাদের জন্য সেখানে কোনও জায়গা ছিল না।
টেলিভিশন লেখক জ্যাক সিলের মতে, সিটকমের জায়গা ক্রমশ প্যানেল শো দখল করে নেওয়ায় কৌতুকের ধরনও বদলে যায়। তৈরি হয় আরও আক্রমণাত্মক এক পরিবেশ, যেখানে দাপট দেখাতেন উচ্চকণ্ঠ, আগ্রাসী পুরুষ তারকারা। ২০০৯ সালে গার্ডিয়ানে কৌতুকাভিনেত্রী জো ব্র্যান্ডের একটি লেখার শিরোনাম ছিল, ‘মহিলারা সাবধান, প্যানেল শো!’ সিলের কথায়, “ব্রিটপপ, ওসিস, কুল ব্রিটানিয়া এবং TFI Friday-এর পর নব্বইয়ের দশকের শেষভাগের সেই উচ্ছ্বাসের সঙ্গে মিশে গেল এক কদর্য, বেপরোয়া মনোভাব। তার মধ্যে নারীবিদ্বেষও ছিল। টেলিভিশনের পুরুষদের আচরণ যেন এমন ছিল—‘আমরা জানি, এটা করা উচিত নয়, কিন্তু করেই ফেললাম।’”
লাইভ কমেডি অ্যাসোসিয়েশন এবং উইমেন ইন কমেডি উৎসবের পরিচালক জেসিকা টুমি আরও একটি সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই সময় যৌন হেনস্থার অভিযোগ জানানোর কোনও সুসংহত ব্যবস্থা ছিল না। পাশাপাশি, ক্ষমতাশালী পদে মহিলাদের সংখ্যাও ছিল অত্যন্ত কম। তাঁর কথায়, “সম্প্রতি বারবার যে প্রশ্নটি শুনতে হচ্ছে, তা ভীষণ হতাশাজনক—‘তখন তারা অভিযোগ জানায়নি কেন?’ অথচ অনেকেরই অভিযোগ জানানোর মতো ক্ষমতা, প্রয়োজনীয় তথ্য কিংবা সমর্থন ছিল না। কীভাবে অভিযোগ জানাতে হয়, সেটুকুও তাঁরা জানতেন না।”
কতটা বদলেছে পরিস্থিতি?
তাহলে এত বছরে সত্যিই কতটা বদলেছে পরিস্থিতি? বদল যে এসেছে, তার প্রমাণও কম নয়। নারীবাদী ব্লগের বিস্তার ঘটেছে, বিনোদন জগতে ক্ষমতাশালী পদে মহিলাদের সংখ্যা বেড়েছে। সামাজিক মাধ্যমের সুবাদে অন্যায়ের বিরুদ্ধে সরব হওয়া এবং অভিযুক্তদের জবাবদিহির মুখে দাঁড় করানোর সুযোগও তৈরি হয়েছে।
গবেষক আনা টিপেটের মতে, বদলটা শুধু নারীবিদ্বেষকে চিনতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের মধ্যে সেই নারীবিদ্বেষের মোকাবিলা করার ইচ্ছাও বেড়েছে। এই পরিবর্তন অবশ্যই উদ্যাপন করার মতো।
কিন্তু সমস্যার সবটাই অতীত হয়ে যায়নি। টিপেট বর্তমান সময়কে বলছেন, ‘নতুন রূপে ফিরে আসা ল্যাড কালচার’। অনলাইন হেনস্থা, ‘ইনসেল’ সংস্কৃতি এবং স্বঘোষিত নারীবিদ্বেষী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেটের মতো ব্যক্তিত্বের জনপ্রিয়তা তারই উদাহরণ। কেউ কেউ মনে করেন, একসময় Nuts ও Zoo-র মতো ‘ল্যাডস ম্যাগাজিন’ যে প্রভাব বিস্তার করত, আজ তার কিছুটা জায়গা নিয়েছে OnlyFans-এর মতো প্ল্যাটফর্ম। পাশাপাশি, কিশোরদের নাগালে থাকা পর্নোগ্রাফি আগের চেয়ে অনেক বেশি চরম ও আগ্রাসী হয়ে উঠেছে বলেও তাঁদের আশঙ্কা।
তবে সচেতনতা বাড়লেও প্রতিষ্ঠানগুলির দায়বদ্ধতা কতটা বেড়েছে, তা নিয়ে সংশয় রয়েছে। এই সপ্তাহেই কৌতুকাভিনেত্রী লুসি বিউমন্ট ডেভিড ওয়ালিয়ামসের বিরুদ্ধে তদন্তে নিজের হুইসেলব্লোয়ারের ভূমিকা প্রকাশ্যে এনেছেন। তাঁর অভিজ্ঞতায়, অভিযোগ জানানোর মতো কোনও স্পষ্ট পথই ছিল না। বিউমন্টের কথায়, “টেলিভিশনে কোনও মানবসম্পদ বিভাগ নেই, কর্মীদের নিরাপত্তা ও কল্যাণের দায়িত্ব নেওয়ারও যথাযথ ব্যবস্থা নেই।”
ক্ষমতাশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললে নিজের টেলিভিশন-জীবন শেষ হয়ে যেতে পারে, এমন আশঙ্কাও ছিল তাঁর। “প্রভাবশালী ব্যক্তিরা মুখ খুলছেন না, কারণ তাতে তাঁদের কাজ হারানোর ভয় রয়েছে। কেউই নিজের পেশাগত জায়গাটা নষ্ট করতে চান না।”
গার্ডিয়ানে প্রকাশিত এক নিবন্ধে বিউমন্ট লিখেছেন, কিছু পুরুষের ক্ষতিকর আচরণ অন্যরা দেখতেন, অনেক সময় বুঝতেও পারতেন, অথচ চুপ করে থাকতেন। তাঁর বক্তব্য, “মহিলা ও মেয়েদের সঙ্গে যা ঘটেছে, তা গোপনে ঘটেনি। আমার মনে হয়, দেশজুড়ে আজ যে ক্ষোভ তৈরি হয়েছে, তার কারণ এটাই—ঘটনাগুলি প্রকাশ্যে চিহ্নিত করা যেত, থামানো যেত। এই পুরুষদের সঙ্গে বিপজ্জনক পরিস্থিতিতে পড়া থেকে মহিলাদের রক্ষা করা সম্ভব ছিল।”
২০০০-এর দশকের পপ সংস্কৃতি নিয়ে Twenty Twenty পডকাস্টের সহ-সঞ্চালক তারা যোশির সতর্কবার্তা, সেই দশককে অতীতের একটি বন্ধ অধ্যায় হিসেবে দেখার কোনও কারণ নেই। তাঁর কথায়, “ল্যাড কালচার, ট্যাবলয়েড সংস্কৃতি, রোগা হওয়ার সংস্কৃতি এবং নারীবিদ্বেষ—সবই এখনও রয়েছে। শুধু প্রকাশের ধরন কিছুটা বদলেছে। হয়তো এখন সেগুলি আরও সূক্ষ্ম, আরও বিপজ্জনক।”
যোশি স্বীকার করেন, যৌন নির্যাতন নিয়ে আলোচনা এখন আগের চেয়ে অনেক বেশি খোলামেলা। ফলে আরও বেশি মানুষ মুখ খোলার সাহস পাচ্ছেন। কিন্তু তাঁর প্রশ্ন, “রাসেল ব্র্যান্ড তো ২০২০-এর দশকেও বড় বড় চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে এই দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা সম্ভব হয়েছে মূলত তখনই, যখন অসংখ্য মানুষ অভিযোগ নিয়ে সামনে এসেছেন।”
জ্যাক সিলের মতে, তারকারা এ ধরনের আচরণ করেন কারণ তাঁরা নিজেদের আইনের ঊর্ধ্বে বা ধরাছোঁয়ার বাইরে বলে মনে করেন। সেই আত্মবিশ্বাস আসে তাঁদের বিপুল আর্থিক ক্ষমতা থেকে। তারকার সুনাম অক্ষুণ্ণ থাকলে তাঁর চারপাশের প্রত্যেকেরই রোজগার বজায় থাকে। সিলের কথায়, “দুঃখের বিষয়, এখনও কারও বেতন বা পেশাগত ভবিষ্যৎ যদি কোনও তারকার বিরুদ্ধে মুখ না খোলার ওপর নির্ভর করে, তাহলে সেই ব্যক্তিকে দিয়ে নির্যাতনমূলক আচরণের প্রতিবাদ করানো অত্যন্ত কঠিন।”
সমস্যাটা তাই শুধু কয়েকজন তারকার আচরণে সীমাবদ্ধ নয়। যে পরিবেশে তাঁদের আচরণ দেখেও মানুষ চুপ করে থাকে, যে ব্যবস্থায় প্রতিবাদ করলে কাজ হারানোর ভয় থাকে, আর যে সংস্কৃতিতে নিগ্রহকে দীর্ঘদিন বিনোদন বলে চালানো হয়েছে—সমস্যার শিকড় সেখানেই।
No comments:
Post a Comment