অন্ধকারে ক্ষমতার খেলা!
‘যেকোনো লবি বা প্রভাবশালী গোষ্ঠী হলো রাতের ফোটা ফুলের মতো। অন্ধকারে তারা বেড়ে ওঠে, কিন্তু আলোর মুখ দেখলেই ম্লান হয়ে যায়।’ কথাগুলো বলেছিলেন আমেরিকান ইজরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি—আইপ্যাকের বিদেশনীতিবিষয়ক প্রাক্তন পরিচালক স্টিভ রোজেন।
কথাটির মধ্যে ছিল ক্ষমতার রাজনীতির এক নির্মম সত্য। পর্দার আড়ালে থেকে প্রভাব বিস্তার করা সহজ। কিন্তু একবার জনসমক্ষে সবকিছু প্রকাশ হয়ে গেলে সেই প্রভাব ধরে রাখা কঠিন। অথচ মজার ব্যাপার হলো, এই সত্য জানা সত্ত্বেও আইপ্যাক নিজেই একদিন অন্ধকার ছেড়ে প্রকাশ্য রাজনৈতিক লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেয়। তারপর যা ঘটল, তা ছিল রীতিমতো নাটকীয়।
যে সংগঠন কয়েক দশক ধরে আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তার করে এসেছে, যে সংগঠনের সমর্থন পেতে রাজনীতিকরা একসময় মরিয়া থাকতেন, সেই আইপ্যাককেই এখন নিজের পরিচয় নিয়ে অস্বস্তিতে পড়তে হচ্ছে। পরিস্থিতি এমন হয়েছে যে, তাদের সমর্থন পাওয়াটাও কোনো কোনো প্রার্থীর জন্য রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।
কীভাবে এমন হল?
একসময় আইপ্যাকের কাজের ধরন ছিল বেশ কৌশলী। তারা সরাসরি নির্বাচনে কোনো প্রার্থীকে টাকা দিত না। প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের পক্ষও নিত না। বরং নিজেদের একটি প্রভাবশালী অ্যাডভোকেসি বা স্বার্থসংশ্লিষ্ট সংগঠন হিসেবে তুলে ধরত। তাদের মূল লক্ষ্য ছিল আমেরিকার কংগ্রেসে ইজরায়েলের স্বার্থ রক্ষা করা। এ জন্য তারা একটি বিশেষ কৌশল অনুসরণ করত। কংগ্রেসের প্রত্যেক সদস্য ইজরায়েলের পক্ষে কতটা কাজ করছেন, তা নিয়ে তৈরি করত একধরনের মূল্যায়নপত্র বা ‘রিপোর্ট কার্ড’। এরপর অন্য ইজরায়েলপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো সেই মূল্যায়ন দেখে ঠিক করত, কোন প্রার্থীকে নির্বাচনে আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থাৎ আইপ্যাক নিজে সরাসরি নির্বাচনী অর্থের খেলায় নামত না, কিন্তু পর্দার আড়ালে সেই খেলার গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখত।
এখানে তাদের আরও একটি সুবিধা ছিল। অলাভজনক সংস্থা হিসেবে রেজিস্ট্রেশন থাকায় তারা নিজেদের আমেরিকার ইজরায়েলপন্থী নাগরিকদের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে পারত। ফলে বিদেশি সরকারের প্রতিনিধি হিসেবে নিবন্ধিত হওয়ার আইনি বাধ্যবাধকতা এড়িয়ে চলার সুযোগ পেত। তাদের সহযোগী সংস্থা আমেরিকান ইজরায়েল এডুকেশন ফান্ডও ছিল এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষাবিষয়ক সংস্থা হিসেবে নিবন্ধিত এই প্রতিষ্ঠান কংগ্রেস সদস্যদের জন্য ইজরায়েলে বিনা খরচে ভ্রমণের ব্যবস্থা করত। নাম দেওয়া হতো ‘শিক্ষা সফর’। এভাবেই বছরের পর বছর ধরে গড়ে উঠেছিল প্রভাবের এক শক্তিশালী নেটওয়ার্ক। ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই শিবিরেই ছিল তাদের যোগাযোগ। আমেরিকার রাজনীতিতে এমন ধারণাও প্রচলিত ছিল যে, ইজরায়েলের প্রশ্নে দুই দলের নেতারা সহজেই একমত হতে পারেন।
কিন্তু সময় বদলাতে শুরু করল।
যে প্রশ্ন একসময় তোলা যেত না, সেটাই হয়ে উঠল নির্বাচনের ইস্যু
পরিবর্তনের পিছনে ছিল একাধিক কারণ। পশ্চিম তীর ও গাজায় প্যালেস্তিনীয়দের দুর্দশা নিয়ে আমেরিকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ছিল। বিশেষ করে ডেমোক্র্যাটদের তরুণ ভোটার ও উদারপন্থীদের মধ্যে ইজরায়েলের নীতির বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে। ধীরে ধীরে ডেমোক্র্যাট প্রার্থীরা এমন একটি প্রশ্ন তুলতে শুরু করেন, যা কয়েক বছর আগেও প্রায় অকল্পনীয় ছিল। ইজরায়েলকে প্রতি বছর দেওয়া ৩.৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা কি কোনো শর্ত ছাড়াই দেওয়া উচিত?
সংবাদসংস্থা মিডল ইস্ট আই-এর রাজনৈতিক বিশ্লেষক মিচেল প্লিটনিক লিখছেন, আমেরিকার নিজস্ব আইনেই বিদেশি সামরিক সহায়তার ক্ষেত্রে কিছু শর্ত ও বিধিনিষেধ রয়েছে। অথচ একসময় সেই আইন মেনে চলার কথা বলাটুকুও রাজনৈতিকভাবে বিতর্কিত হয়ে উঠত। এখানেই বোঝা যায়, আইপ্যাকের প্রভাব কতটা গভীরে পৌঁছে গিয়েছিল। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছিল। আর সেই পরিবর্তন ঠেকাতে আইপ্যাক এমন এক সিদ্ধান্ত নিল, যা শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই বিপজ্জনক হয়ে উঠল।
২০২১ সালের ডিসেম্বরে আইপ্যাক দুটি রাজনৈতিক অ্যাকশন কমিটি বা প্যাক গঠন করে সরাসরি নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করে। প্রথমটি ছিল আইপ্যাক-প্যাক। এই সংস্থার মাধ্যমে তারা সরাসরি পছন্দের প্রার্থীদের নির্বাচনী তহবিলে অর্থ দিতে পারত। দ্বিতীয়টি ছিল ইউনাইটেড ফর ডেমোক্রেসি প্রজেক্ট বা ইউডিপি। এটি একটি সুপার প্যাক। এর বিশেষ ক্ষমতা হলো, কোনো প্রার্থীর নির্বাচনী তহবিলে সরাসরি অর্থ না দিয়েও তার সমর্থনে বিজ্ঞাপন প্রচারে বিপুল অর্থ ব্যয় করতে পারে। এবার আর পর্দার আড়ালে থাকার প্রয়োজন রইল না। আইপ্যাক সরাসরি নির্বাচনী মাঠে নেমে গেল। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার—কংগ্রেসে ইজরায়েলের সমালোচকদের রাজনৈতিকভাবে দুর্বল করে দেওয়া এবং ইজরায়েলপন্থী প্রার্থীদের জয় নিশ্চিত করা।
কিন্তু তারা একটি বিষয় বুঝতে পারেনি। আমেরিকার রাজনীতিতে বড় অঙ্কের অর্থের প্রভাব নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আগে থেকেই ছিল। আইপ্যাক যখন প্রকাশ্যে কোটি কোটি ডলার ঢালতে শুরু করল, তখন সেই ক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হল তারাই। আরও বড় সমস্যা দেখা দিল তাদের পরিচয় নিয়ে। এত দিন তারা দাবি করত, তারা আমেরিকার ইজরায়েলপন্থী নাগরিকদের প্রতিনিধিত্ব করছে। কিন্তু প্রকাশ্যে নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ব্যয় করার পর অনেকের কাছে তাদের প্রকৃত ভূমিকা আর অস্পষ্ট থাকল না। মানুষের মনে প্রশ্ন উঠল, একটি বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষায় এত বিপুল অর্থ কেন আমেরিকার নির্বাচনে ব্যয় করা হচ্ছে?
আইনি যুক্তি দিয়ে হয়তো এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। কিন্তু জনমতের আদালতে সেই যুক্তি খুব একটা কাজে এল না। আইপ্যাকের নাম ক্রমশ বিতর্কিত হয়ে উঠতে লাগল। এই পরিবর্তনটি সবচেয়ে ভালোভাবে বুঝেছিলেন বার্নি স্যান্ডার্স। তিনি উপলব্ধি করেছিলেন, আইপ্যাককে আর অদৃশ্য কোনো প্রভাবশালী গোষ্ঠী হিসেবে নয়, বরং প্রকাশ্য রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এনে দাঁড় করানো সম্ভব। আইপ্যাকের হাতে অর্থের ক্ষমতা বাড়ছিল। কিন্তু সেই অর্থই তাদের জনসমর্থন বাড়ানোর বদলে ইজরায়েলের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করতে শুরু করল।
আইপ্যাকের প্রভাব কতটা কমে এসেছে, তার সবচেয়ে নাটকীয় উদাহরণ পাওয়া গেল মিশিগানে। আমেরিকার আসন্ন কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য মিশিগান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার লড়াইয়ে রাজ্যটির ভূমিকা বড়। এই রাজ্যের নির্বাচনী লড়াইয়ে একদিকে ছিলেন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স। অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে উঠে আসেন আবদুল আল-সায়েদ। রজার্স ছিলেন পরিচিত রাজনৈতিক মুখ। তাঁর পিছনে ছিল বড় করপোরেট স্বার্থগোষ্ঠী, কট্টর খ্রিষ্টান সংগঠন এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন। অন্যদিকে আল-সায়েদের সামনে ছিল একাধিক রাজনৈতিক বাধা। তিনি মুসলিম। ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত এবং ইরান যুদ্ধ নিয়ে তাঁর অবস্থানের কারণেও তাঁকে নানা ধরনের আক্রমণের মুখে পড়তে হয়েছিল। ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স। আইপ্যাকের দীর্ঘদিনের সমর্থনপুষ্ট এই নেত্রীকে হারানো ছিল সহজ কাজ নয়। এর আগে ২০২২ সালে আইপ্যাকের সহায়তায় স্টিভেন্স পরাজিত করেছিলেন অ্যান্ডি লেভিনকে। লেভিন ছিলেন মিশিগানের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য এবং ইহুদি সম্প্রদায়ের পরিচিত নেতা। নিজেকে উদারপন্থী জায়নবাদী হিসেবে পরিচয় দিতেন তিনি। দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষেও ছিলেন। অর্থাৎ ইজরায়েলের সমালোচক না হয়েও আইপ্যাকের বিরোধিতার মুখে পড়েছিলেন লেভিন। কিন্তু আল-সায়েদের বিরুদ্ধে আইপ্যাক যে মাত্রায় অর্থ ঢালল, তা আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেল।
স্টিভেন্সের নির্বাচনী প্রচারে আল-সায়েদের তুলনায় প্রায় ১২ গুণ বেশি অর্থ ব্যয় করা হয়। আইপ্যাক ও অন্যান্য ইজরায়েলপন্থী গোষ্ঠী মিলিয়ে বিজ্ঞাপন এবং নির্বাচনী তহবিলে প্রায় ৩০ মিলিয়ন ডলারের বেশি অর্থ ঢালে। এ যেন শুধু একটি প্রাইমারি নির্বাচন ছিল না। ছিল বিপুল অর্থ ও রাজনৈতিক প্রভাবের সঙ্গে একজন প্রার্থীর সরাসরি লড়াই। আল-সায়েদের বিরুদ্ধে প্রচারে মুসলিমবিদ্বেষী বক্তব্য ও ইঙ্গিতও উঠে আসে। স্টিভেন্স নিজে এসব প্রচার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলেও জোরালো প্রতিবাদ করেননি। ভোটাররা বিষয়টি লক্ষ করেছিলেন। তারপর এলো ফলাফল। বিপুল অর্থের শক্তি শেষ পর্যন্ত হার মানল ভোটারের সিদ্ধান্তের কাছে। আবদুল আল-সায়েদ পরাজিত করলেন হ্যালি স্টিভেন্সকে। আইপ্যাকের জন্য এটি ছিল বড় ধাক্কা। কারণ, এত অর্থ ব্যয় করেও তারা নিজেদের পছন্দের প্রার্থীকে জেতাতে পারল না।
আরও তাৎপর্যপূর্ণ ছিল স্টিভেন্সের পরবর্তী মন্তব্য। তিনি স্বীকার করেন, আইপ্যাক নিয়ে মানুষের মধ্যে আলোচনা হচ্ছিল এবং অনেকেই বিষয়টি ভালোভাবে নেননি। তাঁর ভাষায়, মানুষ হয়তো বুঝতেই পারেনি এই সংগঠন আসলে কী। তিনি আরও বলেন, আইপ্যাক ৬০ লাখ আমেরিকান ইহুদির একটি সংগঠন। তবে নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় অনেকেই গভীরভাবে হতাশ। এই মন্তব্যের মধ্যেই লুকিয়ে ছিল বড় রাজনৈতিক বাস্তবতা—ইজরায়েলের প্রতি সমর্থন আর আগের মতো নিঃশর্ত নেই।
মিশিগানের ঘটনাপ্রবাহ এখানেই শেষ হয়নি। পরবর্তী সময়ে স্টিভেন্স ডেমোক্র্যাট প্রার্থী আল-সায়েদের পরিবর্তে রিপাবলিকান প্রাক্-প্রার্থী মাইক রজার্সকে সমর্থন করার ঘোষণা দেন। এর জেরে মিশিগান ডেমোক্রেটিক পার্টি তাঁকে দল থেকে বহিষ্কার করে। এদিকে রজার্স আল-সায়েদের বিরুদ্ধে মুসলিমবিদ্বেষী প্রচার আরও জোরদার করেন। তিনি বারবার অভিযোগ করেন, আল-সায়েদের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে এবং তিনি নাকি ৯/১১ হামলার পর আমেরিকার শাস্তি পাওয়ার যোগ্যতা নিয়ে মন্তব্য করেছিলেন। এসব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু এই উত্তপ্ত রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই ঘটল আরও অদ্ভুত একটি ঘটনা। প্রাইমারি নির্বাচনের পর রজার্সের নির্বাচনী শিবির গোপনে আইপ্যাকের কাছে অনুরোধ জানায়, তারা যেন তাঁকে সমর্থন করা থেকে বিরত থাকে!
একবার ভাবুন, যে সংগঠন একসময় প্রার্থীদের কাছে আশীর্বাদের মতো ছিল, তার সমর্থন এড়িয়ে চলার অনুরোধ করছেন একজন রিপাবলিকান প্রার্থী!
কেন? কারণ, আইপ্যাকের নাম তখন এমনভাবে বিতর্কিত হয়ে উঠেছে যে, তাদের সমর্থন গ্রহণ করাও ভোটের মাঠে ঝুঁকির কারণ হতে পারে।
পরবর্তীকালে অবশ্য রজার্স প্রকাশ্যে আইপ্যাকের সমর্থন গ্রহণ করেন। তাঁর সমর্থকদের মধ্যে কট্টর ইজরায়েলপন্থী ইভানজেলিক্যাল খ্রিষ্টানরাও রয়েছেন। তবু প্রথমে আইপ্যাকের সমর্থন এড়িয়ে চলার এই ঘটনা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু একজন প্রার্থীর কৌশলগত সিদ্ধান্ত ছিল না। এটি ছিল আইপ্যাকের রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে বদলে যাওয়া জনমতের একটি স্পষ্ট ইঙ্গিত।
মিশিগানের ঘটনা বিচ্ছিন্ন কোনো রাজনৈতিক দুর্ঘটনা নয়। বরং আমেরিকার রাজনীতিতে আইপ্যাকের দীর্ঘদিনের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার একটি বড় উদাহরণ। এই নেতিবাচক ভাবমূর্তির চাপেই আইপ্যাক সম্প্রতি ঘোষণা করেছে, তারা তাদের দুটি রাজনৈতিক অ্যাকশন কমিটির একটি বন্ধ করে দিচ্ছে। তবে তারা পুরোপুরি মাঠ ছাড়ছে না।
ইউনাইটেড ফর ডেমোক্রেসি প্রজেক্ট বা ইউডিপি চালু থাকবে। তাদের পরিকল্পনা, এই সুপার প্যাকের মাধ্যমে নির্বাচনী প্রচারে প্রভাব বিস্তার করা। এখানে রয়েছে আরও একটি কৌশল। তাদের বিজ্ঞাপনে সব সময় ইজরায়েলের নাম উল্লেখ করা হয় না। অনেক সময় প্যালেস্তিনীয়দের অধিকার নিয়ে কথা বলা প্রার্থীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হয় অন্য রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে। অর্থাৎ সংগঠনের নাম আড়ালে রেখেও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলার চেষ্টা চলতে পারে। কিন্তু প্রশ্ন হল, এবার কি সেই পুরোনো কৌশলও কাজে আসবে?
আইপ্যাকের প্রাক্তন পরিচালক স্টিভ রোজেনের কথাটি আবার মনে করা যাক। ‘যেকোনো লবি বা প্রভাবশালী গোষ্ঠী হলো রাতের ফোটা ফুলের মতো, অন্ধকারে তারা বেড়ে ওঠে আর আলোর মুখ দেখলেই ম্লান হয়ে যায়।’
আইপ্যাক এত দিন অন্ধকারে থেকে প্রভাব বিস্তারের সুবিধা পেয়েছে। কিন্তু প্রকাশ্য রাজনৈতিক লড়াইয়ে নামার পর তাদের ক্ষমতার সীমাবদ্ধতাও সামনে এসেছে। যে অর্থ দিয়ে তারা বিরোধী কণ্ঠস্বরকে দুর্বল করতে চেয়েছিল, সেই অর্থই তাদের বিরুদ্ধে জনমত তৈরি করতে সাহায্য করেছে। যে সমর্থন একসময় ছিল রাজনৈতিক শক্তির প্রতীক, সেটিই এখন কোনো কোনো প্রার্থীর কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা।
রাজনীতিতে অর্থ দিয়ে প্রচার কেনা যায়, বিজ্ঞাপন দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করা যায়, এমনকি নির্বাচনের মাঠে বিপুল চাপও তৈরি করা যায়। কিন্তু মানুষের মনে জমে ওঠা ক্ষোভকে শুধু অর্থের জোরে মুছে ফেলা যায় না। আইপ্যাকের সামনে এখন সেই কঠিন বাস্তবতা।
তারা হয়তো একটি প্যাক বন্ধ করছে, অন্যটি চালু রাখছে। হয়তো নতুন কৌশলে আবারও আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করবে। কিন্তু যে প্রশ্নটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হল—যে সংগঠন কয়েক দশক ধরে অন্যদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রেখেছে, সেই সংগঠন কি এখন নিজের রাজনৈতিক ভবিষ্যৎই রক্ষা করতে পারবে?
রাতের ফুলের মতোই কি একদিন ম্লান হয়ে যাবে আইপ্যাকের দীর্ঘদিনের প্রভাব? নাকি অন্ধকারের খেলা বন্ধ করে এবার তারা নতুন কোনো মুখোশ পরে ফিরে আসবে?
আমেরিকার রাজনীতিতে এই লড়াইয়ের শেষ দৃশ্য এখনো বাকি।

No comments:
Post a Comment