Monday, November 9, 2026

 


এনভিডিয়ার সাম্রাজ্যে চীনা গুপ্তচরের ছায়া

তাইপের একটি রেস্তোরাঁ। ক্যামেরায় ধরা পড়েছে এক দৃশ্য। একজন মহিলা হাত রেখেছেন জেনসেন হুয়াংয়ের পিঠে। তারপর গালে চুমু। প্রথম দেখায় দৃশ্যটি খুব সাধারণ। কোনো বিশেষ গুরুত্বও চোখে পড়ে না। কিন্তু এখন সেই ভিডিওই হয়ে উঠেছে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তি সাম্রাজ্যকে ঘিরে তৈরি হওয়া এক রহস্যের গুরুত্বপূর্ণ সূত্র।

মহিলার নাম অ্যালিস হুয়াং। তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সিইও। এনভিডিয়ার প্রধান সিইও জেনসেন হুয়াংয়ের আত্মীয় নন। কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে হুয়াং স্বীকার করেছেন, অ্যালিসের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। কিন্তু বিষয়টি শুধু ব্যক্তিগত সম্পর্কের কেলেঙ্কারিতে আটকে নেই। মার্কিন গোয়েন্দা কর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াং চীনের হয়ে কাজ করা একজন গোয়েন্দা-এজেন্ট। অর্থাৎ তাঁর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠতা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করে থাকতে পারে।

এখন প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বাজারমূল্যের কোম্পানির প্রধান সিইওর কাছ থেকে চীন কী তথ্য পেয়েছে? আর সেই তথ্যের পরিধি কি শুধু এনভিডিয়ার ব্যবসায়িক গোপনীয়তায় সীমাবদ্ধ, নাকি আমেরিকার এআই নীতি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াও এর মধ্যে চলে এসেছে?

ঘটনার সূত্রপাত অবশ্য আরও আগে।


চিপ পাচারের সন্দেহ থেকে গোয়েন্দা নজরদারি

কৃত্রিম বুদ্ধিমত্তার আন্তর্জাতিক প্রতিযোগিতায় এনভিডিয়ার চিপ এখন সোনার খনিতে ব্যবহৃত কোদালের মতো। এআই মডেল তৈরি ও পরিচালনার জন্য যে বিপুল কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন, তার বড় অংশ সরবরাহ করে এই প্রতিষ্ঠান। ফলে এনভিডিয়ার উন্নত চিপের নিয়ন্ত্রণ মানেই এআই বিপ্লবের গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ। চীনের সঙ্গে আমেরিকার প্রযুক্তিগত প্রতিযোগিতায় এই চিপগুলো তাই অত্যন্ত সংবেদনশীল। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে চীনের কাছে উন্নত এআই প্রসেসর রপ্তানি সীমিত করে রেখেছে। কারণ, এসব প্রযুক্তি চীনের সামরিক ও কৌশলগত সক্ষমতা বাড়াতে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা আমেরিকার।

২০২৫ সালে নিউ ইয়র্ক টাইমস ও ব্লুমবার্গের প্রতিবেদনে সিঙ্গাপুরভিত্তিক মেগাস্পিডের চিপ কেনাকাটা নিয়ে প্রশ্ন ওঠে। সন্দেহ করা হচ্ছিল, প্রতিষ্ঠানটি আমেরিকার রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে এনভিডিয়ার চিপের একটি অংশ চীনে পাঠাচ্ছে। এনভিডিয়ার শক্তিশালী প্রসেসর চীনের হাতে পৌঁছে গেলে দেশটি এআই প্রতিযোগিতায় আরও এগিয়ে যেতে পারে। এনভিডিয়া ও মেগাস্পিড অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে। মেগাস্পিডের বক্তব্য ছিল, তারা সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠান এবং আমেরিকার রপ্তানি নিয়ন্ত্রণসহ সব প্রযোজ্য আইন মেনেই ব্যবসা পরিচালনা করে।

এরপর ২০২৬-এর অক্টোবরের শেষ দিকে নিউ ইয়র্ক টাইমস নতুন এক বিস্ফোরক তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, জেনসেন হুয়াংয়ের সঙ্গে মেগাস্পিডের সিইও অ্যালিস হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মার্কিন কর্তাদের ধারণা, অ্যালিস চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন এবং বেজিংয়ের কাছে বাণিজ্যিক তথ্য পৌঁছে দিচ্ছেন। মার্কিন কর্তারা তাঁর ওপর নজরদারি চালিয়ে এই সন্দেহে পৌঁছান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে তাইপের রেস্তোরাঁয় দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সামনে আসে। আর এখন হুয়াং নিজেই তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেছেন।

কিন্তু এই সম্পর্কের সময়কালই সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। ২০২৪ সালের মাঝামাঝি দু’জনকে প্রথম একসঙ্গে ছবি তুলতে দেখা যায়। ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনের সঙ্গে এনভিডিয়ার গুরুত্বপূর্ণ দর-কষাকষির সময়ও তাঁদের ঘনিষ্ঠতা বজায় ছিল। তাইপের রেস্তোরাঁয় তাঁদের যে ভিডিও ধারণ করা হয়, সেটি ট্রাম্প ক্ষমতায় ফেরার প্রায় পাঁচ মাস পরের ঘটনা। তখন চীনে এনভিডিয়ার চিপ বিক্রির অনুমতি আদায়ে জেনসেন হুয়াংয়ের তৎপরতা তুঙ্গে।


ট্রাম্পের সঙ্গে সাত বৈঠক, চিপের বিনিময়ে কোটি কোটি ডলারের সমঝোতা

এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, জেনসেন হুয়াংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে অন্তত সাতবার তাঁদের সাক্ষাৎ হয়েছে। হুয়াং প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ানে ভ্রমণ করেছেন। জনসমক্ষে অনুষ্ঠানের মধ্যেও ট্রাম্প তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন। তাঁদের চারটি বৈঠকের আলোচনায় ছিল আমেরিকা-চীন সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয়— উন্নত এআই চিপ রপ্তানির উপর মার্কিন নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার পটভূমি তৈরি হয়েছিল জো বাইডেনের প্রশাসনের সময়ে। ২০২২ সালে পাস হওয়া চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট এবং পরবর্তী রপ্তানি নিয়ন্ত্রণব্যবস্থার মাধ্যমে আমেরিকা বিদেশে সেমিকন্ডাক্টর প্রযুক্তি বিক্রির উপর কঠোর বিধিনিষেধ জারি করে। বিশেষ করে যেসব প্রযুক্তি শেষ পর্যন্ত চীনের হাতে পৌঁছাতে পারে, সেগুলোর উপর নজরদারি বাড়ানো হয়। এতে বড় ধাক্কা লাগে এনভিডিয়ার ব্যবসায়। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চীন ছিল তাদের জিপিইউ চিপের অন্যতম বৃহৎ বাজার। ওই সময়ে কোম্পানিটির মোট আয়ের প্রায় এক-চতুর্থাংশ আসত চীন থেকে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর এনভিডিয়া চীনের জন্য অপেক্ষাকৃত কম শক্তিশালী চিপ তৈরি করে। এ৮০০ ও এইচ৮০০ ছিল তার উদাহরণ। কিন্তু পরে এসব চিপের কিছু সংস্করণও নিষিদ্ধ করা হয়। ফলে বাজার ধরে রাখতে কোম্পানিটিকে বারবার নতুন কৌশল নিতে হয়।

ট্রাম্প ক্ষমতায় আসার মাত্র ছয় দিন পরই হুয়াংকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। আলোচনা হয় এআই নীতি ও চিপ রপ্তানি নিয়ে। এরপর ২০২৫ সালের জুলাই ও আগস্টেও তাঁদের বৈঠক হয়। এই বৈঠকগুলোর পর হুয়াংয়ের জন্য একের পর এক সুখবর আসে। আগে নিষিদ্ধ থাকা কিছু চিপ চীনে রপ্তানির অনুমতি দেয় ট্রাম্প প্রশাসন। বিনিময়ে ওই বিক্রি থেকে পাওয়া আয়ের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দেওয়ার বিষয়ে এনভিডিয়া সম্মত হয়। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সিদ্ধান্ত বেজিংকে এআই প্রতিযোগিতায় আরও এগিয়ে যাওয়ার সুযোগ দিতে পারে। অর্থাৎ আমেরিকার নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ফলে চীন এমন প্রযুক্তি পেতে পারে, যা দিয়ে অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দেওয়ার সক্ষমতা তৈরি হবে।

এরপর আসে আরও বড় সিদ্ধান্ত। ট্রাম্পের সঙ্গে আরেক দফা বৈঠকের কয়েক দিনের মধ্যেই হুয়াং আরও শক্তিশালী এইচ২০০ চিপ চীনে রপ্তানির অনুমতি আদায় করেন। এবার বিক্রির আয়ের ২৫ শতাংশ মার্কিন সরকারকে দেওয়ার শর্ত যুক্ত হয়। ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। অর্থাৎ একদিকে আমেরিকা চীনের প্রযুক্তিগত উত্থান ঠেকাতে উন্নত চিপের উপর নিষেধাজ্ঞা জারি করছে, অন্যদিকে প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে এনভিডিয়ার প্রধান সিইও সেই নিষেধাজ্ঞা শিথিল করার সুযোগ আদায় করছেন। এর বিনিময়ে মার্কিন সরকারও রাজস্ব পাচ্ছে।

বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওয়াশিংটনে লবিং করা নতুন কিছু নয়। ট্রাম্পের পছন্দের ব্যবসায়ীদের বিশেষ সুযোগ দেওয়ার প্রবণতাও পরিচিত। কিন্তু এখন নতুন যে তথ্য সামনে এসেছে, তা পুরো বিষয়টিকে অন্য মাত্রা দিচ্ছে। কারণ, এই গুরুত্বপূর্ণ দর-কষাকষির সময়ই হুয়াংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন এক মহিলার, যাঁকে মার্কিন গোয়েন্দারা চীনের গুপ্তচর বলে সন্দেহ করছেন।


মেগাস্পিডের তদন্ত থামাতে কি হস্তক্ষেপ করেছিল এনভিডিয়া?

ঘটনাটির আরও একটি বিস্ফোরক দিক সামনে এসেছে নিউ ইয়র্ক টাইমসের নতুন প্রতিবেদনে। ওই প্রতিবেদনে বলা হয়, মেগাস্পিডের বিরুদ্ধে চিপ পাচারের সম্ভাব্য অভিযোগ নিয়ে আমেরিকার বাণিজ্য মন্ত্রকের তদন্ত বন্ধ করাতে এনভিডিয়া প্রভাব খাটিয়েছিল বলে মনে হচ্ছে। এই তৎপরতায় ভূমিকা ছিল ট্রাম্প প্রশাসনের একজন নিয়োগপ্রাপ্ত কর্তার। তিনি এনভিডিয়াকে ওই তদন্তের বিষয়ে যোগাযোগের সুযোগ করে দিয়েছিলেন। অর্থাৎ যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ এড়িয়ে চীনে উন্নত চিপ পাঠানোর সন্দেহ উঠেছিল, সেই প্রতিষ্ঠানের এক সিইওর সঙ্গে এনভিডিয়ার প্রধানের ব্যক্তিগত সম্পর্ক ছিল। একই সময়ে তদন্তের গতিপথ বদলানোর জন্য এনভিডিয়ার পক্ষ থেকে সরকারি পর্যায়ে যোগাযোগের অভিযোগও উঠেছে। এই দুই ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্র প্রমাণিত হয়েছে, এমন দাবি করা যাচ্ছে না। তবে প্রশ্নগুলো এখন একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছে।

মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত কেন থামানো হয়েছিল? এনভিডিয়া কী ধরনের তথ্য বা যুক্তি দিয়েছিল? মার্কিন প্রশাসনের ওই কর্তা কেন প্রতিষ্ঠানটিকে যোগাযোগের সুযোগ দিয়েছিলেন? আর এসব ঘটনার সময় জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের সম্পর্কের প্রকৃতি কী ছিল?

এই প্রশ্নগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি। কিন্তু এগুলো তদন্তের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে।


চীন কী জানতে পেরেছিল?

এখন সবচেয়ে বড় রহস্য, অ্যালিস হুয়াং তাঁর সম্পর্কের সূত্র ধরে কতটা তথ্য সংগ্রহ করতে পেরেছিলেন।

জেনসেন হুয়াং শুধু এনভিডিয়ার প্রধান সিইও নন। এআই নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও নীতিনির্ধারকদের কাছে তিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। কারণ, এআই প্রযুক্তির উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে অনেক দেশেরই এনভিডিয়ার চিপ ও পরিকাঠামোর প্রয়োজন হয়। ফলে বিভিন্ন দেশের এআই নীতি তৈরির সময় হুয়াংয়ের সঙ্গে যোগাযোগ রাখা প্রায় অপরিহার্য হয়ে উঠেছে।

২০২৫ সালে তিনি দক্ষিণ কোরিয়া থেকে সৌদি আরব পর্যন্ত বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। লন্ডনে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও মঞ্চ ভাগ করেছেন। ব্রিটেনের মতো দেশের এআই পরিকল্পনাও বাস্তবায়নের ক্ষেত্রে এনভিডিয়ার প্রযুক্তির উপর নির্ভরশীল। অর্থাৎ হুয়াংয়ের কাছে শুধু নিজের প্রতিষ্ঠানের ব্যবসায়িক তথ্যই ছিল না; বিভিন্ন দেশের এআই পরিকল্পনা, প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ বিনিয়োগের দিকনির্দেশনা সম্পর্কেও তাঁর গুরুত্বপূর্ণ ধারণা থাকার কথা। তাঁর কাছে পৌঁছানোর সুযোগ পেলে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা কী জানতে চাইতে পারে, তা অনুমান করা কঠিন নয়।

আমেরিকার এআই নীতি কীভাবে তৈরি হচ্ছে? ট্রাম্প প্রশাসনের ভিতরে চিপ রপ্তানি নিয়ে কী ধরনের মতবিরোধ রয়েছে? কোন প্রযুক্তি চীনের কাছে বিক্রি করা হতে পারে? কোন নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনা রয়েছে? ওয়াশিংটনের নীতিনির্ধারকদের সঙ্গে হুয়াংয়ের ব্যক্তিগত আলোচনায় কী ধরনের তথ্য উঠে আসে?

আরও গুরুত্বপূর্ণ বিষয়, ট্রাম্পের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা। হুয়াং জানতেন, মার্কিন প্রেসিডেন্ট কী ভাবছেন, কোন বিষয়ে আগ্রহী, কখন অবস্থান বদলাতে পারেন এবং কোন রাজনৈতিক বা অর্থনৈতিক যুক্তিতে সিদ্ধান্ত নিতে পারেন। ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণের ধরন যে প্রায়ই অনিশ্চিত ও আকস্মিক, সেটিও গোয়েন্দা বিশ্লেষণের জন্য মূল্যবান তথ্য হতে পারে। অ্যালিস হুয়াং এসব তথ্য পেয়েছিলেন কিংবা বেজিংয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন—এমন কিছু এখনো প্রমাণিত হয়নি। কিন্তু গোয়েন্দা কর্তাদের সন্দেহের কেন্দ্রে রয়েছে এই সম্ভাবনাই।

এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এআই প্রযুক্তি দিয়ে চীন যতটা সুবিধা পেতে পারে, তার চেয়েও বেশি মূল্যবান হতে পারে সেই প্রযুক্তির নেপথ্যে থাকা মানুষের কাছ থেকে পাওয়া তথ্য। এনভিডিয়ার চিপের ক্ষমতা দিয়ে কম্পিউটারকে শক্তিশালী করা যায়। কিন্তু জেনসেন হুয়াংয়ের মতো একজন মানুষের কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে প্রতিপক্ষের নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

এ কারণেই আমেরিকার জন্য হুয়াংয়ের মানবিক ও রাজনৈতিক যোগাযোগ তাঁর প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সম্পদের মতোই গুরুত্বপূর্ণ।


পরিবার, পরিচালনা পর্ষদ ও ভবিষ্যৎ নেতৃত্বের সংকট

তিন দশক ধরে এনভিডিয়াকে নিজের হাতে গড়ে তুলেছেন ৬৩ বছর বয়সি জেনসেন হুয়াং। তাঁর কালো চামড়ার জ্যাকেট, মঞ্চে সাবলীল উপস্থিতি এবং ভবিষ্যৎ প্রযুক্তি সম্পর্কে দূরদৃষ্টি তাঁকে এআই বিপ্লবের প্রতীকে পরিণত করেছে। এনভিডিয়া অনেকটাই পারিবারিক সাম্রাজ্যে পরিণত হয়েছে। স্ত্রী লরি মিলস হুয়াং পরিবারের ফাউন্ডেশন পরিচালনা করেন। ২০২৪ সালের হিসাবে ওই ফাউন্ডেশনের নিয়ন্ত্রণে ছিল এনভিডিয়ার ছয় কোটির বেশি শেয়ার। তাঁদের দুই সন্তান ম্যাডিসন ও স্পেনসারও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন।

ম্যাডিসন এনভিডিয়ার ফিজিক্যাল এআই প্ল্যাটফর্মের পণ্য ও প্রযুক্তিগত বিপণন বিভাগের শীর্ষ পরিচালক। রন্ধনশিল্প ও বিলাসপণ্যের বিপণন দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়েছিল। স্পেনসার প্রতিষ্ঠানের রোবোটিকস বিভাগের পণ্য পরিচালক। এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে তিনি পরামর্শক ছিলেন এবং তাইওয়ানে একটি ককটেল বারও প্রতিষ্ঠা করেছিলেন।ফলে পরিচালনা পর্ষদের সামনে শুধু একজন প্রধান সিইওর ভবিষ্যৎ নির্ধারণের প্রশ্ন নেই। রয়েছে পরিবারের সঙ্গে প্রতিষ্ঠানের গভীর সম্পর্কের বিষয়টিও। পর্ষদকে সিদ্ধান্ত নিতে হবে সম্পূর্ণ স্বাধীনভাবে, পারিবারিক সম্পর্ক বা ব্যক্তিগত আনুগত্যের বাইরে থেকে।

হুয়াং অবশ্য নিজের পদে থাকার অঙ্গীকার করেছেন। কর্মীদের চিঠিতে তিনি লিখেছেন, সহকর্মী ও কর্মীদের আস্থা আবার অর্জন করতে চান। নিজের স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেছেন, তাঁদের প্রতি সততা ও বিশ্বস্ততা দেখাতে ব্যর্থ হয়েছেন। তবে বিনিয়োগ বিশ্লেষকরা মনে করছেন, তদন্তের উপর তাঁর ভবিষ্যৎ নির্ভর করবে।

ইয়র্কভিল আইভসের বিশ্লেষক ড্যান আইভসের মতে, এই ঘটনা হুয়াংয়ের ভাবমূর্তিতে বড় আঘাত। কংগ্রেসীয় তদন্ত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিচালনা পর্ষদ চাইলে তাঁকে প্রধান নির্বাহীর পদ থেকেও সরিয়ে দিতে পারে। এতে এনভিডিয়ার শেয়ারের উপর দীর্ঘমেয়াদি চাপ তৈরি হতে পারে।

মাহোনি অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান কেন মাহোনি হুয়াংকে অ্যাপলের জন্য স্টিভ জবসের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, হুয়াংকে হারালে এনভিডিয়া টিকে থাকবে, কিন্তু প্রতিষ্ঠানটির কৌশলগত ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। এআই শিল্প কোন দিকে যাচ্ছে, তা আগে থেকে বুঝতে পারার যে ক্ষমতা হুয়াংয়ের রয়েছে, তাঁর উত্তরসূরি সেই দূরদৃষ্টি ধরে রাখতে পারবেন কি না, সেটিই হবে বড় পরীক্ষা।

আমেরিকার অন্য কয়েকটি বড় প্রতিষ্ঠানের সাম্প্রতিক ঘটনাও পরিচালনা পর্ষদকে সতর্ক করে। ২০২৪ সালে অ্যাস্ট্রোনমারের প্রধান সিইও প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগের প্রধানের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ার পর পদত্যাগ করেন। নেসলের প্রধান সিইও লরাঁ ফ্রেক্স অধস্তন এক কর্মীর সঙ্গে সম্পর্কের কারণে চাকরি হারান। কিন্তু এনভিডিয়ার সংকট এসব ঘটনার চেয়ে অনেক বেশি জটিল। এখানে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত গোপনীয়তা ও আন্তর্জাতিক রাজনীতি জড়িয়ে রয়েছে।

তাইপের সেই রেস্তোরাঁর ভিডিওতে একটি হাত আর একটি চুমু হয়তো প্রথমে নিছক ব্যক্তিগত মুহূর্ত বলেই মনে হয়েছিল। কিন্তু তার পিছনে এখন দেখা যাচ্ছে চিপের আন্তর্জাতিক বাজার, আমেরিকার রপ্তানি নিষেধাজ্ঞা, চীনের গোয়েন্দা তৎপরতা, হোয়াইট হাউসের সিদ্ধান্ত এবং কয়েক ট্রিলিয়ন ডলারের প্রযুক্তি সাম্রাজ্যের ভবিষ্যৎ।

এআইয়ের যুগে কম্পিউটারের বুদ্ধিমত্তা যতই বাড়ুক, রাষ্ট্রগুলোর কাছে মানুষের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের মূল্য কমেনি। বরং জেনসেন হুয়াংয়ের ঘটনাটি দেখাচ্ছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রযুক্তির মালিকের কাছ থেকেও সবচেয়ে মূল্যবান সম্পদ হতে পারে তাঁর নিজের জানা তথ্য। এখন সেই তথ্যের কতটা অন্যের হাতে গিয়েছে, সেটিই খুঁজছে আমেরিকা। আর সেই অনুসন্ধানের কেন্দ্রে রয়েছেন এমন একজন মানুষ, যাঁকে এত দিন আমেরিকার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে দেখা হতো।

এআই সাম্রাজ্যের সম্রাট এখন নিজেই তদন্তের কেন্দ্রে। তাঁর ভবিষ্যৎ শুধু এনভিডিয়ার পর্ষদকক্ষে নির্ধারিত হবে না; এর সঙ্গে জড়িয়ে গিয়েছে ওয়াশিংটন ও বেজিংয়ের ক্ষমতার লড়াইও।

 

অলিগার্কদের বিশ্ব, আমেরিকায় শ্রেণি-রাজনীতি

বিশ্বের ক্ষমতার মানচিত্রে নীরবে ঘটে গিয়েছে এক বড় পরিবর্তন। রাষ্ট্র আছে, সরকার আছে, নির্বাচন আছে, রাজনৈতিক দলও আছে। কিন্তু এসবের আড়ালে ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে আরেকটি ক্ষমতাকেন্দ্র। সেখানে গুটিকয় ধনী মানুষের হাতে জমা হচ্ছে বিপুল সম্পদ, রাষ্ট্রের নীতিনির্ধারণে বাড়ছে তাঁদের প্রভাব, এমনকি মানুষের চিন্তা, বিশ্বাস ও রাজনৈতিক পছন্দ নির্ধারণের ক্ষমতাও চলে যাচ্ছে তাঁদের নিয়ন্ত্রণে। রাশিয়া বা আমেরিকা নয়, এই প্রবণতা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে অলিগার্কদের আধিপত্য।

অলিগার্ক বলতে শুধু ধনীদের শাসন বোঝায় না। বরং এমন ব্যক্তিদের বোঝায়, যাঁদের হাতে সম্পদ ও ক্ষমতা একীভূত হয়েছে। তাঁদের রাষ্ট্রপ্রধান হতে হবে, এমন কোনো শর্ত নেই। অন্তত দুই কোটি ডলারের নিট সম্পদের পাশাপাশি সেই সম্পদকে রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক কিংবা সামাজিক ক্ষমতায় রূপান্তরের সামর্থ্য থাকলেই একজনকে এই শ্রেণিতে ফেলা যায়। কারণ, এত সম্পদ থাকলে অন্যের আর্থিক সাহায্যের উপর নির্ভর না করেই নিজের ক্ষমতা তৈরি ও প্রয়োগ করা সম্ভব। এই সংজ্ঞায় বিশ্বের ৫৯ জন রাষ্ট্র ও সরকারপ্রধান অলিগার্ক। বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির আটটির নেতৃত্বে রয়েছেন এমন ব্যক্তি। বিশ্ব অর্থনীতির অর্ধেকেরও বেশি অংশ এমন রাজনৈতিক নেতৃত্বের অধীনে, যাঁদের হাতে সম্পদ ও ক্ষমতা একই সঙ্গে কেন্দ্রীভূত।

আরও তাৎপর্যপূর্ণ হল, এই নেতাদের সম্পদ অর্জনের ইতিহাস। তাঁদের মাত্র ৭ শতাংশ নিজেদের চেষ্টায় সম্পদশালী হয়েছেন। বাকি ৯৩ শতাংশ উত্তরাধিকার কিংবা রাজনৈতিক ও অন্যান্য যোগাযোগ কাজে লাগিয়ে সম্পদের মালিক হয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার রাজনৈতিক যোগাযোগ ব্যক্তিগত সম্পদ অর্জনে সহায়তা করেছে। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের আন্দ্রেই বাবিশ প্রথমে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলে পরে সেই সম্পদকে রাজনৈতিক ক্ষমতায় রূপান্তর করেছেন। পথ আলাদা, কিন্তু সম্পদ ও ক্ষমতার সংমিশ্রণ একই।

এই নতুন শ্রেণির সবচেয়ে বড় শক্তি অবশ্য শুধু রাষ্ট্র পরিচালনা নয়। ক্ষমতার তিনটি স্তর রয়েছে। প্রথমটি— সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যা রাষ্ট্র ও সরকারপ্রধানেরা প্রয়োগ করেন। দ্বিতীয়টি— কোন বিষয়গুলো সমাজ ও রাজনীতিতে আলোচনার কেন্দ্রে থাকবে, তা নির্ধারণ করা। তৃতীয়টি— মানুষের চিন্তা, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করা। আমেরিকার চার্লস কোচ ও রুপার্ট মারডক বহুদিন ধরেই এই ক্ষমতা প্রয়োগ করছেন। কোচের বিপুল সম্পদ রিপাবলিকান রাজনীতিকে শক্তিশালী করেছে। মারডক তাঁর সংবাদমাধ্যমের সাম্রাজ্য দিয়ে জনমত গঠনে প্রভাব বিস্তার করেছেন। কিন্তু প্রযুক্তির উত্থান অলিগার্কদের ক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে। এখন স্যাম অল্টম্যান, ইলন মাস্ক ও ল্যারি পেজের মতো ব্যক্তিরা শুধু ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক নন; তাঁরা মানুষের তথ্যপ্রাপ্তি, যোগাযোগ ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলোর উপরও প্রভাব বিস্তার করছেন।

চ্যাটজিপিটি, এক্স কিংবা গুগল সার্চ এখন আর নিছক প্রযুক্তিপণ্য নয়। কোটি কোটি মানুষ প্রতিদিন এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য খোঁজেন, পৃথিবীকে বোঝেন, মতামত তৈরি করেন। ফলে মানুষ কী দেখবে, কী জানবে, কোন বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করবে এবং শেষ পর্যন্ত কী বিশ্বাস করবে—এসবের উপরও প্রযুক্তি মালিকদের প্রভাব তৈরি হচ্ছে। একজন রাষ্ট্রপ্রধান আইন করতে পারেন, নির্দেশ দিতে পারেন, বলপ্রয়োগ করতে পারেন। কিন্তু একজন প্রযুক্তি অলিগার্ক মানুষের চিন্তার জগতে প্রবেশের পথগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। এই ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়; কোনো কোনো ক্ষেত্রে আরও গভীর।

অলিগার্কদের অবশ্য কোনো অভিন্ন রাজনৈতিক মতাদর্শ নেই। গণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী—দুই ধরনের ব্যবস্থাতেই তাঁদের দেখা যায়। কেউ বামপন্থী, কেউ ডানপন্থী; কেউ সমাজতন্ত্রের কথা বলেন, কেউ পুঁজিবাদের। চীনের জি জিনপিং, নিকারাগুয়ার ড্যানিয়েল ওর্তেগা ও রোসারিও মুরিয়ো, তুরস্কের এরদোগান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কিংবা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প— রাজনৈতিক অবস্থানে তাঁদের মধ্যে বিস্তর পার্থক্য। কিন্তু সম্পদ ও ক্ষমতার কেন্দ্রীভবনের জায়গায় তাঁদের উত্থান একই প্রবণতার অংশ। এই প্রবণতার সবচেয়ে নাটকীয় প্রকাশ ঘটেছে আমেরিকায়। ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা শুধু একজন রাজনীতিকের প্রত্যাবর্তন ছিল না; এটি ছিল প্রযুক্তি দুনিয়ার ধনকুবের, ওয়াল স্ট্রিটের পুঁজিপতি ও রক্ষণশীল রাজনৈতিক শক্তির মধ্যে নতুন এক জোট গড়ার চেষ্টা। সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তারা ভেবেছিলেন, ট্রাম্প তাঁদের সঙ্গে শ্রমজীবী আমেরিকানদের একটি স্থায়ী রাজনৈতিক জোট তৈরি করে দেবেন। তাঁদের লক্ষ্য ছিল এমন এক রাজনৈতিক ব্যবস্থা, যেখানে দেশের এক শতাংশ শীর্ষ ধনী ও ন্যূনতম মজুরিতে কাজ করা শ্রমিক একই শিবিরে থাকবেন। এই জোটের ভিত্তি ছিল একটি কৌশল: শ্রেণিগত বিরোধকে সাংস্কৃতিক বিরোধে পরিণত করা। মানুষের বেতন বাড়ছে না, বাড়িভাড়া মেটানো কঠিন হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে—এসব প্রশ্নকে আড়াল করে সামনে আনা হল অভিবাসন, বর্ণ, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের বিতর্ক। শ্রমিকের মজুরি বাড়ানোর দাবি চাপা দিয়ে বলা হল, অভিবাসীরাই সব সমস্যার কারণ। এমনকি হাইতির অভিবাসীরা পোষা কুকুর-বিড়াল খেয়ে ফেলছে— এমন ভিত্তিহীন অভিযোগও রাজনৈতিক প্রচারের হাতিয়ার হল।

রাজনৈতিক জোটটি ছিল বিচিত্র। একদিকে শ্রমজীবী মানুষ, অন্যদিকে শতকোটিপতি প্রযুক্তি উদ্যোক্তা। লাতিন ও কৃষ্ণাঙ্গ ভোটারদের সঙ্গে একই শিবিরে জায়গা হল বর্ণবাদী মনোভাব পোষণকারীদের। এমনকি যৌন অপরাধী জেফরি এপস্টিনের বিরোধিতাকারীদের সঙ্গে এপস্টিনের ঘনিষ্ঠ ধনীদেরও একই রাজনৈতিক পরিসরে দেখা গেল। অর্থনৈতিক স্বার্থের বিরোধকে সাংস্কৃতিক উত্তেজনায় ঢেকে দেওয়াই ছিল এই রাজনীতির মূল কৌশল। কিন্তু এই কৌশলের একটি দুর্বলতা ছিল। মানুষের দৈনন্দিন জীবনকে চিরকাল রাজনৈতিক প্রচার দিয়ে আড়াল করা যায় না।

আমেরিকার সাধারণ মানুষের সামনে তখন একের পর এক সংকট। পেট্রলের দাম, ডিম থেকে মাংস পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, বাড়িভাড়া, স্বাস্থ্যপরিষেবার ব্যয়— সব মিলিয়ে জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। মানুষ বুঝতে শুরু করেছে, সমস্যাটি শুধু জিনিসপত্রের দাম বাড়ার নয়; সমস্যাটি তাদের আয় ও সম্পদের বণ্টন নিয়েও। অর্থনীতি বাড়ছে, করপোরেট মুনাফা বাড়ছে, প্রযুক্তি উদ্যোক্তাদের সম্পদ ফুলে-ফেঁপে উঠছে। কিন্তু সাধারণ মানুষের জীবনে তার সুফল কোথায়? এই প্রশ্নের রাজনৈতিক ভাষা তৈরি করেছিলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিকে তিনি নির্বাচনী রাজনীতির কেন্দ্রে নিয়ে আসেন। তাঁর বক্তব্য ছিল, শুধু পণ্যের দাম কমালেই হবে না, মানুষের মজুরিও ন্যায্য হতে হবে। অর্থাৎ তিনি জীবনযাত্রার ব্যয়ের সংকটকে আয়বৈষম্যের সঙ্গে যুক্ত করেন। এই বক্তব্যের মধ্য দিয়ে আমেরিকার রাজনীতিতে বহুদিন চাপা পড়ে থাকা শ্রেণির প্রশ্ন আবার সামনে চলে আসে।

কারণ, কয়েক দশক ধরে আমেরিকার অর্থনৈতিক নীতির একটি ধারাবাহিকতা রয়েছে। রোনাল্ড রেগ্যান, বিল ক্লিনটন, জর্জ বুশ ও বারাক ওবামা—দুই দলের শাসনেই করব্যবস্থা ও অর্থনৈতিক নীতি এমনভাবে বদলানো হয়েছে, যাতে শ্রমের আয়ের তুলনায় সম্পদের মালিকানা বেশি সুবিধা পায়। ফলে দেশটির সবচেয়ে ধনী ৪০০টি পরিবার এখন নীচের অর্ধেক মানুষের তুলনায় কম হারে কর দেয়। অর্থনীতিবিদ ফ্রেড ম্যাগডফ ও জন বেলামি ফস্টারের ‘গ্র্যান্ড থেফট ক্যাপিটাল’ বইয়ে দেখানো হয়েছে, ১৯৬০-এর দশকে জাতীয় আয়ের প্রায় ৩০ শতাংশ পেতেন সাধারণ শ্রমিকেরা। এখন তাঁদের অংশ কমে দাঁড়িয়েছে ২০ শতাংশে। এই দীর্ঘ বঞ্চনার দায় শুধু রিপাবলিকানদের নয়, ডেমোক্র্যাটদেরও রয়েছে। ২০১৬ সালে এই ক্ষোভই ট্রাম্পের উত্থানে ভূমিকা রেখেছিল। কিন্তু ক্ষমতায় এসে ট্রাম্প সেই অর্থনৈতিক বৈষম্য দূর করার বদলে নতুনভাবে সম্পদ ও ক্ষমতার কেন্দ্রীভবনকে ত্বরান্বিত করেছেন। যে শ্রমজীবী মানুষের অসন্তোষ তাঁকে ক্ষমতায় এনেছিল, তাঁরাই আবার তাঁর শাসনের অর্থনৈতিক বাস্তবতায় হতাশ হতে শুরু করেছেন।

এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমেরিকার অর্থনীতিতে এক নতুন বৈপরীত্য তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন প্রবৃদ্ধির সাফল্য প্রচার করছে। অথচ হার্ভার্ডের অর্থনীতিবিদ জেসন ফারম্যানের হিসাবে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে আমেরিকার জিডিপি প্রবৃদ্ধির ৯২ শতাংশ এসেছে এআই পরিকাঠামোয় বিনিয়োগ থেকে। অর্থাৎ অর্থনীতির প্রবৃদ্ধির বড় ভরসা এখন এমন একটি প্রযুক্তি, যার মালিকানা ও বিনিয়োগের সুফল কেন্দ্রীভূত রয়েছে অল্প কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে।

বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাপোলোর হিসাবে, আমেরিকার শীর্ষ ৫০০ কোম্পানির মধ্যে মাত্র সাতটি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান ভালো করছে। বাকি ৪৯৩টির আয় ও মুনাফা প্রায় স্থবির। অ্যাপোলোর প্রধান অর্থনীতিবিদ টর্স্টেন স্লকের পর্যবেক্ষণ, বিপুল বিনিয়োগ ও প্রচার সত্ত্বেও এআই এখনো করপোরেট আমেরিকার জন্য প্রত্যাশিত আর্থিক সুফল আনতে পারেনি। কিন্তু স্যাম অল্টম্যান, দারিও আমোদেই ও জেনসেন হুয়াংয়ের মতো উদ্যোক্তাদের হাতে জমা হচ্ছে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ ও সম্পদ। সিলিকন ভ্যালির বাইরে সাধারণ মানুষের ভাগ্যে জুটছে সামান্যই। অথচ এআইয়ের জন্য তৈরি হচ্ছে বিশাল বিশাল ডেটা সেন্টার। এসব কেন্দ্র চালাতে প্রয়োজন বিপুল বিদ্যুৎ ও জল। স্থানীয় পরিবেশ, জমি ও জনজীবনের উপর তৈরি হচ্ছে বাড়তি চাপ। প্রযুক্তির ভবিষ্যৎ নির্মাণের নামে সাধারণ মানুষের ঘাড়ে চাপছে তার খরচ, অথচ মুনাফা যাচ্ছে গুটিকয় প্রতিষ্ঠানের কাছে।

ফলে এবারের নির্বাচনে অনেক এলাকায় সবচেয়ে অপছন্দের প্রার্থী হয়ে উঠেছে ডেটা সেন্টার। যে প্রকল্পকে প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসেবে দেখানো হচ্ছে, স্থানীয় মানুষের কাছে সেটিই হয়ে উঠেছে বিদ্যুৎ, জল ও পরিবেশের উপর বাড়তি চাপের নাম। দ্য ইকোনমিস্টের বিশ্লেষণেও উঠে এসেছে, যেসব ট্রাম্প-সমর্থকের বাড়ির কাছে ডেটা সেন্টার তৈরি হয়েছে, তাঁদের অনেকে রাজনৈতিক অবস্থান বদলেছেন। টেক্সাসে এই সংঘাত সবচেয়ে স্পষ্ট। দীর্ঘদিন রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত এই রাজ্যে ডেটা সেন্টারবিরোধী অবস্থান নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। সেখানে রিপাবলিকান প্রার্থীদের পিছনে ইলন মাস্ক একাই ২৫ কোটি ডলার ব্যয় করেছেন। টেক্সাস তাঁর ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্র। আগামী কয়েক বছরে অঙ্গরাজ্যটি আমেরিকার প্রধান ডেটা সেন্টারকেন্দ্র হয়ে উঠতে পারে। অথচ সেই রাজ্যেই ডেটা সেন্টারবিরোধী অবস্থান নিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো। এটি শুধু একটি নির্বাচনী পরাজয় নয়; অলিগার্কদের রাজনৈতিক কৌশলের জন্যও একটি সতর্কবার্তা। অর্থ দিয়ে রাজনৈতিক প্রচার চালানো যায়, প্রার্থীকে সমর্থন দেওয়া যায়, সংবাদ ও তথ্যপ্রবাহে প্রভাব বিস্তার করা যায়। কিন্তু মানুষের বাড়ির বিদ্যুৎ বিল, জলের সংকট কিংবা মাসের শেষে বাড়িভাড়া দেওয়ার অসহায়ত্বকে চিরকাল আড়াল করা যায় না।

মেইন-এ ট্রয় জ্যাকসন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছেন। মিশিগানে আবদুল এল-সাইয়েদ সবার জন্য সরকারি স্বাস্থ্যবিমার প্রতিশ্রুতি দিয়ে জয় পেয়েছেন। জোহরান মামদানির মতো তাঁরাও বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে বিকল্প রাজনীতির কথা বলেছেন। তাঁদের উত্থান দেখাচ্ছে, সাংস্কৃতিক মেরুকরণের বাইরে এসে শ্রেণি, মজুরি, স্বাস্থ্য পরিষেবা ও জীবনযাত্রার ব্যয়ের প্রশ্ন আবারও আমেরিকার রাজনীতির কেন্দ্রে জায়গা করে নিচ্ছে।

এখানে একটি বড় রাজনৈতিক তাৎপর্য রয়েছে। ট্রাম্প যে জোট তৈরি করতে চেয়েছিলেন, তার ভিত্তি ছিল শ্রমজীবী মানুষের ক্ষোভকে ধনীদের স্বার্থের সঙ্গে যুক্ত করা। কিন্তু সেই জোটের ভিতরেই ছিল মৌলিক স্বার্থের সংঘাত। একদিকে শ্রমিকের প্রয়োজন বেশি মজুরি, সস্তা বিদ্যুৎ, সাশ্রয়ী বাসস্থান ও উন্নত জনসেবা। অন্যদিকে প্রযুক্তি অলিগার্কদের প্রয়োজন করছাড়, সরকারি চুক্তি, নিয়ন্ত্রণ শিথিল করা এবং নিজেদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ। কিছুদিন সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে এই বিরোধ ঢেকে রাখা গেলেও শেষ পর্যন্ত তা প্রকাশ পেয়েছে।

ট্রাম্প একসময় বলেছিলেন, নিউইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে দাঁড়িয়ে কাউকে গুলি করলেও তাঁর ভোট কমবে না। কথাটি ছিল নিজের জনপ্রিয়তা নিয়ে তাঁর অসীম আত্মবিশ্বাসের প্রকাশ। কিন্তু রাজনৈতিক বাস্তবতা দেখাচ্ছে, কোনো নেতার জনপ্রিয়তাই চিরস্থায়ী নয়। মানুষের জীবনযাত্রার সংকট যখন অসহনীয় হয়ে ওঠে, তখন রাজনৈতিক প্রচারের চেয়ে বাস্তব অভিজ্ঞতা বড় হয়ে দাঁড়ায়। তবে আমেরিকার এই রাজনৈতিক প্রতিরোধকে অলিগার্কদের আধিপত্যের অবসান বলে ভাবার কারণ নেই। বরং বিশ্বজুড়ে সম্পদ ও ক্ষমতার কেন্দ্রীভবন আরও গভীর হচ্ছে। প্রযুক্তি মালিকরা রাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করছেন, সরকারি নীতি প্রভাবিত করছেন, মানুষের তথ্যপ্রাপ্তি ও যোগাযোগের পরিসর নিয়ন্ত্রণ করছেন। রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাঁদের বলপ্রয়োগের ক্ষমতার কারণে গুরুত্বপূর্ণ থাকবেন, কিন্তু প্রযুক্তি অলিগার্করা মানুষের চিন্তা ও জনপরিসরের আলোচ্য বিষয় নির্ধারণের নতুন ক্ষমতা প্রয়োগ করবেন। রাষ্ট্রের পক্ষে এই ক্ষমতা নিয়ন্ত্রণ করা ক্রমেই কঠিন হয়ে উঠবে।

এখানেই নতুন বিশ্বব্যবস্থার সবচেয়ে বড় দ্বন্দ্ব। একদিকে মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ, প্রযুক্তি ও রাজনৈতিক প্রভাবের অভূতপূর্ব কেন্দ্রীভবন। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ, বৈষম্যবিরোধী মনোভাব ও শ্রেণিচেতনা। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের চিন্তার জগতে প্রবেশের চেষ্টা, অন্যদিকে সেই প্রযুক্তির মালিকানা ও মুনাফার বণ্টন নিয়ে প্রশ্ন।

অলিগার্কদের কোনো অভিন্ন মতাদর্শ নেই। তাই তাঁদের মোকাবিলার লড়াইও শুধু ডান ও বামের লড়াই নয়। এটি সম্পদ ও শ্রমের, প্রযুক্তির মালিকানা ও সাধারণ মানুষের অধিকারের, তথ্য নিয়ন্ত্রণ ও চিন্তার স্বাধীনতার লড়াই। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইলন মাস্কের উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি এমন এক ভবিষ্যতের ইঙ্গিত, যেখানে রাষ্ট্রের বাইরেও কিছু ব্যক্তি নিজেদের হাতে বিপুল রাজনৈতিক ও সামাজিক ক্ষমতা কেন্দ্রীভূত করতে পারবেন।

বিশ্বের ৫৯ জন অলিগার্ক রাষ্ট্র ও সরকারপ্রধানের পরিসংখ্যান থেকে শুরু করে আমেরিকার ডেটা সেন্টারবিরোধী ভোট— সব ঘটনা একই বাস্তবতার দিকে ইঙ্গিত করছে। ক্ষমতা আর শুধু সংসদ, সরকার কিংবা রাষ্ট্রপতির দপ্তরে সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে পড়েছে করপোরেট বোর্ডরুম, প্রযুক্তি প্ল্যাটফর্ম, সংবাদমাধ্যম, বিনিয়োগ তহবিল ও তথ্যপ্রবাহের নিয়ন্ত্রণকেন্দ্রে।

অলিগার্করা বিশ্বকে নিজেদের মতো করে সাজানোর কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু আমেরিকার শ্রেণি-রাজনীতির প্রত্যাবর্তন দেখিয়েছে, এই আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। এখন প্রশ্ন আর অলিগার্করা বিশ্ব শাসন করবেন কি না, তা নয়। তাঁরা ইতিমধ্যেই বিশ্বরাজনীতির অন্যতম প্রধান ক্ষমতাকেন্দ্র হয়ে উঠেছেন। আসল প্রশ্ন, তাঁদের হাতে গড়ে ওঠা এই নতুন বিশ্বে সাধারণ মানুষের ভূমিকা কী হবে? তাঁরা কি শুধু প্রযুক্তির ব্যবহারকারী, পণ্যের ক্রেতা, রাজনৈতিক প্রচারের লক্ষ্যবস্তু এবং অলিগার্কদের সম্পদ বৃদ্ধির উপকরণ হয়ে থাকবেন? নাকি নিজেদের শ্রম, ভোট ও রাজনৈতিক সংগঠনের শক্তিতে এই ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ জানাবেন?

আগামী দিনের বিশ্বরাজনীতির সবচেয়ে বড় লড়াই সম্ভবত এই প্রশ্নের উত্তর খোঁজার লড়াই।

Sunday, November 8, 2026


এনাফ ইজ এনাফ...

চলতি গ্রীষ্মে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নথি প্রকাশ করেছিলেন। এক ইতিহাসবিদের লেখা সেই নথিতে ট্রাম্পের সঙ্গে তুলনা টানা হয়েছিল নেপোলিয়ন বোনাপার্ট, অ্যাডলফ হিটলারসহ ইতিহাসের আরও কয়েকজন আলোচিত ব্যক্তিত্বের। আজকের পরিস্থিতিতে সেই তুলনা যেন নতুন অর্থ পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট একের পর এক সংঘাতে জড়িয়ে শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক বিপর্যয় নিজেই ডেকে এনেছেন।
মার্কিন মধ্যবর্তী নির্বাচন ছিল রিপাবলিকানদের জন্য এক ভয়াবহ ধাক্কা। শুধু পরাজয় নয়, যেন রাজনৈতিক ভূমিকম্প! একের পর এক আসন হাতছাড়া হয়েছে রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে। কানসাসে ১৯৩২ সালের পর, টেক্সাসে ১৯৮৮ সালের পর এবং সাউথ ক্যারোলিনায় ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো সিনেট আসন জিতেছে ডেমোক্র্যাটরা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাত্র তিনবার মধ্যবর্তী নির্বাচনে একই সঙ্গে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ এক দল থেকে অন্য দলের হাতে গিয়েছিল—১৯৪৬, ১৯৯৪ ও ২০০৬ সালে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি বছর। ফলে কংগ্রেসে এখন ট্রাম্পের একচ্ছত্র নির্বাহী ক্ষমতা প্রয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ডেমোক্র্যাটরা।
নির্বাচনের পর ট্রাম্প দ্রুত মনে করিয়ে দিয়েছেন, তিনি নিজে ব্যালটে ছিলেন না। কিন্তু বাস্তবতা হল, নিজের রাজনৈতিক দুর্বলতার জন্য তিনিই অনেকাংশে দায়ী। গত কয়েক মাস ধরে তিনি ভোটারদের এমনভাবে প্রচার চালিয়েছেন, যেন এই নির্বাচন তাঁর নিজের ভাগ্য নির্ধারণের লড়াই। ফলে নিজের দলের প্রার্থীদের বিপদ বাড়াতে যা যা করা সম্ভব, তার প্রায় সবই করেছেন তিনি।
২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার সময় ট্রাম্পের প্রতিশ্রুতি ছিল— জীবনযাত্রার ব্যয় কমাবেন এবং বিদেশের যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু তাঁর শুল্কনীতি পণ্যের দাম বাড়ানোর চাপ তৈরি করেছে। তার উপর ইরানে সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করেছে, বাড়িয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা।
নির্বাচনী প্রচারেও ট্রাম্পের আচরণ ছিল অদ্ভুত ও বিতর্কিত। দীর্ঘ, এলোমেলো বক্তৃতায় কখনো ওয়াশিংটনের স্থাপত্য প্রকল্প নিয়ে আলোচনা করেছেন, কখনো মুসলিমবিদ্বেষী মন্তব্য করেছেন, আবার কখনো ওহাইওর এক রিপাবলিকান সিনেটরের শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। প্রচারের শেষদিকে লিংকন মেমোরিয়ালের সামনে প্রতিফলন-পুকুরে শ্যাওলার বিরুদ্ধে অভিযানেও নিজের বিজয় ঘোষণা করেছেন তিনি!
ভোটারদের বার্তা ছিল স্পষ্ট—এবার যথেষ্ট হয়েছে। এনাফ ইজ এনাফ...
অ্যাসোসিয়েটেড প্রেসের এক্সিট পোল অনুযায়ী, ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি বিষয় ছিল জীবনযাত্রার ব্যয় এবং সরকারের দুর্নীতি। ট্রাম্প নিজেকে অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের পক্ষে থাকা একজন নেতা হিসেবে তুলে ধরেছিলেন। অথচ তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির অভিযোগ, বিলাসবহুল জীবনযাপন এবং হোয়াইট হাউসে বিশাল বলরুম তৈরির পরিকল্পনা নিয়ে বিতর্ক চলেছে। যখন সাধারণ মানুষ খাবারের খরচ জোগাতেই হিমশিম খাচ্ছেন, তখন প্রেসিডেন্টের এই বিলাসী আয়োজন অনেক ভোটারের কাছেই গ্রহণযোগ্য হয়নি। এমনকি তাঁর একনিষ্ঠ সমর্থকদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে।
এখন প্রশ্ন, বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন ট্রাম্প? এটাই কি তাঁর রাজনৈতিক পতনের সূচনা?
জানুয়ারি থেকে কংগ্রেসে ডেমোক্র্যাটদের হাতে আসবে গুরুত্বপূর্ণ ক্ষমতা। তাঁরা আইন পাসের পথে বাধা দিতে পারবেন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবেন এবং বিচার বিভাগ ও সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ আটকে দিতে পারবেন। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ কিংবা ইলন মাস্কের মতো প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তাদের জন্যও পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠতে পারে। এমনকি ট্রাম্পকে তৃতীয়বারের মতো অভিশংসনের উদ্যোগও নিতে পারে ডেমোক্র্যাটরা।
সব মিলিয়ে ট্রাম্পকে এবার অনেক বেশি রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে। কংগ্রেসের অচলাবস্থায় তাঁর ক্ষমতা সীমিত হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত তাঁর হাতে পড়ে থাকতে পারে শুধু প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা। ফল ঘোষণার রাতেই তিনি সেই ভেটো প্রয়োগের হুমকি দিতে শুরু করেছিলেন। তবে একটা বিষয় মনে রাখা দরকার। প্রথম মেয়াদের প্রথম দুই বছরে কংগ্রেসকে খুব একটা গুরুত্ব দেননি ট্রাম্প। ব্যতিক্রম ছিল তাঁর আলোচিত 'বিগ বিউটিফুল বিল'— কর ও সরকারি ব্যয়সংক্রান্ত বড় আইনটি পাস করানো।
শুল্কনীতি থেকে শুরু করে ভেনেজুয়েলা ও ইরানে সামরিক পদক্ষেপ—অনেক ক্ষেত্রেই তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই নিজের সিদ্ধান্ত কার্যকর করেছেন। ফলে কংগ্রেসে বিরোধীদের নিয়ন্ত্রণ বাড়লেও বিদেশনীতিতে তাঁর একতরফা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থামবে, এমন নিশ্চয়তা নেই। বরং নিজের রাজনৈতিক উত্তরাধিকার গড়তে তিনি বিদেশনীতি ও সামরিক শক্তি ব্যবহারে আরও বেশি মনোযোগী হতে পারেন। বিশ্ববাসীর জন্য সেটিই হতে পারে সবচেয়ে উদ্বেগের বিষয়।
পাশাপাশি ওয়াশিংটনের চেহারা বদলে দেওয়ার পুরোনো স্বপ্নও ছাড়বেন না ট্রাম্প। হোয়াইট হাউসে নতুন বলরুম, বিজয়তোরণ এবং সোনালি সাজসজ্জার মতো প্রকল্পে তিনি ব্যস্ত থাকতে পারেন। কংগ্রেসের কেউ কেউ হয়তো ভাবতে পারেন, অন্য ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় ঘটানোর চেয়ে এসব প্রকল্প নিয়েই প্রেসিডেন্ট ব্যস্ত থাকুন— সেটাই ভালো!
তবে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় বিপদ শুধু ডেমোক্র্যাটদের তদন্ত বা কংগ্রেসের বিরোধিতা নয়। সময়ও তাঁর বিরুদ্ধে কাজ করছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তাঁর উত্তরসূরি হওয়ার দৌড় এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। ট্রাম্পের জন্য বিষয়টি সহজ হবে না। জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু থেকে সরে গিয়ে জেডি ভ্যান্স, মার্কো রুবিও কিংবা অন্য সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীদের আলোচনার কেন্দ্রে উঠে আসা তিনি কতটা মেনে নিতে পারবেন, সেটাই বড় প্রশ্ন। এই পরিবর্তন রিপাবলিকান পার্টি এবং 'মাগা' আন্দোলনের উপর ট্রাম্পের দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাবেও ফাটল ধরাতে পারে। গত এক দশকে তিনি নিজের আদলে দলটিকে গড়ে তুলেছেন। তাই তাঁর বিদায়ের পর দলটি সহজে আগের অবস্থায় ফিরে যাবে, এমনটা ভাবার কারণ নেই।
তবে নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান নেতাদের একাংশ হয়তো বুঝতে শুরু করেছেন, ট্রাম্প এখন অতীতের রাজনীতির প্রতীক হয়ে উঠছেন। তাঁদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে হলে এবার নতুন নেতৃত্বের দিকে তাকাতেই হবে। অবশ্য প্রতিটি নির্বাচনী পালাবদলকে আমেরিকার রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন বলে ধরে নেওয়ার প্রবণতা নতুন নয়। ট্রাম্প দু’বার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরও অনেকেই মনে করেছিলেন, আমেরিকার রাজনীতি চিরতরে বদলে গিয়েছে। অথচ দুইবারের কোনও নির্বাচনেই তিনি জাতীয় পর্যায়ে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পাননি।
২০২০ সালে তাঁর পরাজয়ের পরও অনেকে ভেবেছিলেন, ট্রাম্প-যুগের অবসান ঘটেছে। কিন্তু চার বছর পরই তিনি আবার রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটান। তাই এবারের মধ্যবর্তী নির্বাচনের ফল দেখে এখনই ট্রাম্প-যুগের সমাপ্তি ঘোষণা করাও বুদ্ধিমানের কাজ হবে না। তাঁর দ্বিতীয় মেয়াদের এখনও অর্ধেকের বেশি সময় বাকি। আর ডেমোক্র্যাটদের সঙ্গে সংঘাতে জড়ানোর সুযোগ পেলে ট্রাম্প যে পিছিয়ে আসবেন, এমন সম্ভাবনাও কম।বরং পরাজয়ে ক্ষুব্ধ, ক্ষমতা হারানোর আশঙ্কায় তাড়িত এবং রাজনৈতিকভাবে কোণঠাসা ট্রাম্প আগামী দুই বছরে আরও বেশি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তাঁর সামনে হারানোর কিছু নেই—এমন মনোভাবই তাঁকে আরও বেপরোয়া করে তুলতে পারে।
এদিকে রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পর এবার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। ট্রাম্প প্রকাশ্যে তাঁকে সমর্থন করলেও দলের ভিতরেই অনেকে মনে করছেন, নির্বাচনে হারের দায় তাঁর ঘাড়ে চাপানো হতে পারে।ইরান যুদ্ধকে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন ভোটারদের একাংশ। এমনকি ট্রাম্প নিজেও বিষয়টি স্বীকার করেছেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেন্টাগনের প্রাক্তন অফিসার বলেছেন, ইরান যুদ্ধের মূল দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রকের উপরই বর্তায়। কারণ, বিদেশনীতির জটিল সমস্যা সামরিক পদক্ষেপের মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক রিপাবলিকান নেতার বক্তব্য আরও সরাসরি। তাঁর কথায়, প্রেসিডেন্ট যদি সত্যিই কাউকে এই যুদ্ধের ব্যর্থতার দায় নিতে বলেন, তাহলে সেই ব্যক্তি হওয়া উচিত পিট হেগসেথ। ওই নেতার অভিযোগ, যুদ্ধের সময়সীমা, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে হেগসেথ শুরু থেকেই হয় ভুল তথ্য দিয়েছেন, নয়তো ভুল দাবি করেছেন। দুটোর কোনওটিই গ্রহণযোগ্য নয়।ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, ইরান যুদ্ধ আদৌ প্রয়োজনীয় ছিল কি না। তাঁর বক্তব্য, এই যুদ্ধের কারণেই কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে হয়েছে রিপাবলিকানদের।
এদিকে কেনটাকির রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি ইতিমধ্যে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি অভিযোগ এনেছেন। প্রতিনিধি পরিষদে এ নিয়ে ভোটাভুটির উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। তবে ট্রাম্প এখনও হেগসেথের পাশেই দাঁড়িয়ে আছেন। সাংবাদিকেরা তাঁকে জিজ্ঞাসা করেন, প্রতিরক্ষা সচিবকে সরানোর কথা ভাবছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, 'না, আমার মনে হয় তিনি খুব ভালো কাজ করছেন।'
পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসনও ইউএসএ টুডেকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রক পুরোপুরি হেগসেথের নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ এবং মার্কিন সেনা ও দেশের স্বার্থে কাজ চালিয়ে যাবে। ট্রাম্প নিজেও ইরানে সামরিক অভিযানের অন্যতম প্রবক্তা হিসেবে হেগসেথের ভূমিকার কথা তুলে ধরেছেন। গত ২৩ মার্চ তিনি বলেছিলেন, পিটই প্রথম সামরিক পদক্ষেপের পক্ষে কথা বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ইরানকে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না। কিন্তু হেগসেথের রাজনৈতিক অবস্থান ক্রমেই জটিল হয়ে উঠছে। নিজের দলের মধ্যেও তিনি বিতর্কিত এবং অনেক রিপাবলিকান নেতার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়।
রিপাবলিকান সিনেটর থম টিলিস সিবিএস নিউজকে বলেছেন, হেগসেথকে এবার জবাবদিহির মুখোমুখি হতে হবে। তাঁর সঙ্গে আইনপ্রণেতাদের টানাপোড়েনের কারণে ট্রাম্প প্রশাসনের ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় পরিকল্পনাও কংগ্রেসে বাধার মুখে পড়তে পারে। টিলিসের কথায়, আগামী নির্বাচনের পর খতিয়ে দেখা প্রয়োজন, প্রতিরক্ষা সচিব হিসেবে হেগসেথই কি কংগ্রেসের কাছে প্রতিরক্ষা খাতের বিপুল অর্থ বরাদ্দ আদায়ের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি? কারণ, বর্তমান কংগ্রেসের মেয়াদ শেষ হতে আর মাত্র ৬০ দিন বাকি।
অন্যদিকে ডেমোক্র্যাটরা ক্ষমতা হাতে পাওয়ার পর হেগসেথের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের প্রস্তুতি নিচ্ছেন। পেন্টাগন পরিচালনায় তাঁর ভূমিকা থেকে শুরু করে ইরান যুদ্ধ, শীর্ষ সামরিক অফিসারদের অপসারণ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত— সবকিছুই তদন্তের আওতায় আসতে পারে। ইউক্রেন নীতিতেও তাঁর ভূমিকা খতিয়ে দেখা হতে পারে। লাতিন আমেরিকার জলসীমায় মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌযানের উপর মার্কিন সামরিক হামলাও তদন্তের মুখে পড়তে পারে। ডেমোক্র্যাটদের কেউ কেউ এসব অভিযানকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে দেখছেন।
আগামী বছর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য অ্যাডাম স্মিথের। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, ইরান যুদ্ধ থেকে শুরু করে মার্কিন সশস্ত্র বাহিনীর অরাজনৈতিক চরিত্র ক্ষুণ্ন হওয়ার অভিযোগ—কোনও বিষয়েই ছাড় দেওয়া হবে না। অর্থাৎ, নির্বাচনে হার শুধু রিপাবলিকানদের কংগ্রেসের ক্ষমতা কেড়ে নেয়নি; ট্রাম্প প্রশাসনের ভিতরেও শুরু করে দিয়েছে দায় এড়ানোর লড়াই। এখন দেখার বিষয়, ইরান যুদ্ধের ব্যর্থতার দায় শেষ পর্যন্ত পিট হেগসেথের ঘাড়ে গিয়ে পড়ে, নাকি সেই আগুনের আঁচ পৌঁছে যায় সরাসরি হোয়াইট হাউস পর্যন্ত।

‘জনগণের শক্তিকে অর্থ দিয়ে দমিয়ে রাখা যায় না’

ভারতীয়রা কি কোনও শিক্ষা নিলেন?

ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার ঢেলেছিলেন ইলন মাস্ক। লক্ষ্য ছিল, কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক শক্তি অটুট রাখা। কিন্তু এত বিপুল অর্থ খরচ করেও শেষ পর্যন্ত কার্যত শূন্য হাতে ফিরতে হল বিশ্বের শীর্ষ ধনকুবেরকে। নির্বাচনের ফল বলছে, টাকা দিয়ে নির্বাচনী প্রচার কেনা যায়, কিন্তু ভোটারের সমর্থন নিশ্চিত করা যায় না।
স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী মাস্ক এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানপন্থী বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সুপার প্যাকের মাধ্যমে অন্তত ৪৪৬ মিলিয়ন ডলার ব্যয় করেছেন। ২০২৪ সালের নির্বাচনে তাঁর ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ২৯০ মিলিয়ন ডলার। অর্থাৎ এবার নিজের আগের রেকর্ডও ভেঙেছেন তিনি।
ট্রাম্প প্রশাসনের পক্ষে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে বিশেষ করে গুরুত্বপূর্ণ সিনেট আসনগুলোতে বিপুল অর্থ ঢেলেছিলেন মাস্ক। মাস্কের ‘আমেরিকা প্যাক’ সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছিল যে পাঁচটি সিনেট আসনে রিপাবলিকান প্রার্থীদের জেতাতে, পাঁচটিতেই জয়ী হয়েছেন ডেমোক্র্যাটরা। মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটি টেক্সাসেও পরিস্থিতি তাঁর বিপক্ষে গিয়েছে। সেখানে সিনেট নির্বাচনে রিপাবলিকানরা হেরেছে। গভর্নরের পদও হাতছাড়া হয়েছে। অঙ্গরাজ্যের আইনসভার নিয়ন্ত্রণও হারানোর মুখে পড়েছে রিপাবলিকানরা।
নির্বাচনের আগে মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নিয়মিত আক্রমণ চালিয়েছেন। নির্বাচনী ষড়যন্ত্রতত্ত্বও ছড়িয়েছেন। কিন্তু ফল প্রকাশের রাতে তাঁকে অস্বাভাবিকভাবে নীরব দেখা গিয়েছে। শুধু রসিকতা করে লিখেছেন, ‘মহাকাশে ডেটা সেন্টার তৈরি করাই এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’ বিশ্বের অন্যতম বড় রাজনৈতিক অর্থদাতা মাস্কের এই নীরবতা যেন তাঁর বিপুল বিনিয়োগের ব্যর্থতারই প্রতিচ্ছবি। এখন দেখার কবে এই ধনকুবের পাল্টি খায়...
তবে ক্ষতিটা শুধু ৪৪৬ মিলিয়ন ডলারের নয়। বরং মাস্কের ব্যবসায়িক স্বার্থের জন্য এত দিন যে রাজনৈতিক পরিবেশ সুবিধাজনক ছিল, সেটিও বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সরকারি বিপুল চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তুলনামূলক শিথিল নিয়ন্ত্রণ—এসবই তাঁর ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি করেছিল। এবার কংগ্রেসের পাশাপাশি টেক্সাসের প্রশাসনেও ডেমোক্র্যাটদের প্রভাব বাড়ছে। আর তাঁরা আগেই জানিয়ে দিয়েছেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে। বিশেষ করে মাস্কের ব্যবসায়িক কাজকর্ম খতিয়ে দেখা হতে পারে।
মধ্যবর্তী নির্বাচনে মাস্কের রাজনৈতিক অর্থায়ন অন্তত আটটি রিপাবলিকানপন্থী সুপার প্যাক ও সংগঠনে ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে নিজের প্রতিষ্ঠিত আমেরিকা প্যাকে দিয়েছেন অন্তত ২১৬ মিলিয়ন ডলার। সিনেট লিডারশিপ ফান্ডেও দিয়েছেন ১৬৮ মিলিয়ন ডলার। এই তহবিল টেক্সাসের রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনসহ একাধিক প্রার্থীকে সমর্থন করেছিল। সবচেয়ে বেশি অর্থ ও মনোযোগ দিয়েছিলেন টেক্সাসের সিনেট নির্বাচনকে ঘিরে। সেখানে রিপাবলিকান কেন প্যাক্সটনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাট জেমস টালারিকো। টালারিকোর বিরুদ্ধে প্রচার চালাতে শুধু বিজ্ঞাপন ও প্রচারবার্তাতেই অন্তত ২৮ মিলিয়ন ডলার খরচ করেছে মাস্কের আমেরিকা প্যাক। এক্সে মাস্ক নিজেও টালারিকোকে আক্রমণ করে লিখেছিলেন, ‘টালারিকো তোমাদের সন্তানদের লিঙ্গ পরিবর্তন করাতে চায় এবং সীমান্ত ধ্বংস করতে চায়।’ কিন্তু এত প্রচারের পরও টালারিকো বড় ব্যবধানে জয়ী হন। বিজয় ভাষণে তিনি মাস্কের নাম উল্লেখ করে বলেন, ‘আমরা প্রমাণ করেছি, পৃথিবীর সব টাকা মিলিয়েও টেক্সাসের মানুষের শক্তির সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়।’ এরপর তিনি বার্তা দেন বিশ্বের সব ধনকুবের ও বিপুল সম্পদের মালিকদের উদ্দেশে— জনগণের শক্তিকে অর্থ দিয়ে দমিয়ে রাখা যাবে না।
মিশিগান, মেন, ওহাইও ও আইওয়ার সিনেট নির্বাচনেও একই ছবি দেখা গিয়েছে। মাস্কের আমেরিকা প্যাক রিপাবলিকান প্রার্থীদের পক্ষে কোটি কোটি ডলার ব্যয় করলেও শেষ পর্যন্ত জয় এসেছে ডেমোক্র্যাটদের। প্রচারে ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে আতঙ্ক ছড়ানো, ডেমোক্র্যাটদের উগ্র সমাজতন্ত্রী হিসেবে তুলে ধরা—এসব কৌশলও ভোটারদের মন বদলাতে পারেনি।
তবে মাস্কের অর্থ ব্যর্থ হয়েছে মানেই তার কোনও প্রভাব ছিল না, এমন নয়। তাঁর অর্থায়নে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক প্রচারে কত বিপুল অর্থ খরচ হতে পারে, তারও নতুন নজির তৈরি হয়েছে। একই সঙ্গে রাজনীতিতে অর্থের ক্ষমতার সীমা নিয়েও শুরু হবে নতুন বিতর্ক।
গত বছর ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার সম্ভাবনা তৈরি হতেই আমেরিকার রাজনীতি, করপোরেট দুনিয়া এবং সংবাদমাধ্যমের একাংশ ঘোষণা করেছিল—পুরোনো রাজনৈতিক শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধের দিন শেষ। শুরু হয়েছে নতুন যুগ। ডানপন্থী রাজনীতিই এখন সময়ের দাবি। ফিনান্সিয়াল টাইমসকে এক শীর্ষ ব্যাংকার বলেছিলেন, তিনি যেন মুক্তি পেয়েছেন। এখন আর বিতর্কিত বা অশালীন শব্দ ব্যবহার করলেও সামাজিকভাবে বয়কট হওয়ার ভয় নেই। তাঁর ভাষায়, ‘নতুন ভোরের সূচনা হয়েছে।’ সেই নতুন ভোরে সবচেয়ে বেশি আনন্দিত ছিলেন বিলিয়নেয়াররা।
কারণ, ট্রাম্প তাঁদের সামনে এমন এক রাজনৈতিক সম্ভাবনা তৈরি করেছিলেন, যেখানে প্রযুক্তি সাম্রাজ্যের মালিক, ওয়াল স্ট্রিটের ধনকুবের এবং সাধারণ শ্রমজীবী মানুষ একই রাজনৈতিক পতাকার নীচে দাঁড়াতে পারেন।
ট্রাম্পবাদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল ছিল এই অসম্ভব জোট তৈরি করা। একদিকে ন্যূনতম মজুরিতে কাজ করা শ্রমিক, অন্যদিকে সমাজের এক শতাংশ শীর্ষ ধনী। একদিকে লাতিনো ও কৃষ্ণাঙ্গ ভোটার, অন্যদিকে বর্ণবাদী মনোভাবাপন্ন মানুষ। একদিকে এপস্টিনের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ, অন্যদিকে সেই ক্ষমতাবান অভিজাত মহল, যাদের সঙ্গে জেফরি এপস্টিনের যোগাযোগ ছিল। স্মরণ করা যেতে পারে, ইলন মাস্ক একসময় এপস্টিনকে ই-মেলে লিখেছিলেন, তাঁর দ্বীপে সবচেয়ে জমজমাট পার্টি কোন দিন বা রাতে হবে।
ট্রাম্পের রাজনৈতিক কৌশল ছিল, অর্থনৈতিক বৈষম্য ও শ্রেণিসংঘাতের প্রশ্নকে আড়াল করে সংস্কৃতি, ধর্ম, অভিবাসন ও পরিচয়ের রাজনীতি সামনে নিয়ে আসা। মানুষের বেতন বাড়ছে না? সমস্যা নেই। বরং শোনো, হাইতি থেকে আসা অভিবাসীরা নাকি কুকুর খাচ্ছে! এভাবেই শ্রেণিগত অসন্তোষকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছিল।
সিলিকন ভ্যালি, ওয়াল স্ট্রিট এবং পূর্ব উপকূলের সংবাদমাধ্যমের মালিকদের একাংশ ভেবেছিলেন, ট্রাম্পের উত্থান কেবল রাজনৈতিক পরিবর্তন নয়; এটি আমেরিকার সংস্কৃতিরই স্থায়ী ডানপন্থী মোড়। কিন্তু এবারের নির্বাচন সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছে। ভোটাররা শুধু ট্রাম্পকে প্রত্যাখ্যান করেননি, তাঁরা প্রশ্ন তুলেছেন সেই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধেও, যেখানে অল্প কয়েকজন ধনকুবের বিপুল সম্পদের জোরে দেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চান। ট্রাম্পের নির্বাচনী জয়ের পিছনে যে শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই জোটেই এবার ফাটল দেখা দিয়েছে। পুরোনো শ্রেণির রাজনীতি আবার সামনে চলে এসেছে।
নির্বাচনী বিশ্লেষকেরা যখন বলছেন, সাধারণ আমেরিকানদের নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য এখন ভোটারদের কাছে অন্য সব ইস্যুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তখন আসলে সামনে আসছে শ্রেণিসংঘাতের প্রশ্ন। গাড়িনির্ভর আমেরিকায় পেট্রলের আকাশছোঁয়া দাম, ডিম থেকে মাংস পর্যন্ত নিত্যপণ্যের দামের ওঠানামা, বাড়িভাড়া মেটানোর অসহ্য চাপ—এসবই মানুষের জীবনে বাস্তব সংকট তৈরি করেছে। রাজনৈতিক অভিজাতদের একাংশ এসব সমস্যাকে শুধু ‘অর্থনৈতিক ইস্যু’ কিংবা ‘জীবনযাত্রার ব্যয়’ বলে বর্ণনা করতে পছন্দ করেন। কিন্তু বিষয়টি তার চেয়েও গভীর। প্রশ্ন শুধু জিনিসপত্রের দাম বেশি কি না, প্রশ্ন হল—মানুষের আয় কেন সেই দামের সঙ্গে তাল মেলাতে পারছে না?
নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী মেয়র জোহরান মামদানি গত বছর এই প্রশ্নটিকেই রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রে নিয়ে এসেছিলেন। জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিকে তিনি শুধু নির্বাচনী স্লোগান হিসেবে রাখেননি; এর সঙ্গে যুক্ত করেছিলেন আয়বৈষম্য ও সম্পদের অসম বণ্টনের প্রশ্ন। সাধারণ মানুষের কাছে তাঁর বক্তব্য ছিল সহজ: নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে না পারার কারণ শুধু বাজারে দাম বেশি হওয়া নয়, অনেক ক্ষেত্রে তাঁদের মজুরিও ন্যায্য নয়। এই বক্তব্যই তাঁকে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ২০২৬ সালের শেষভাগে এসে নিউইয়র্কের মেয়র মামদানি এখন আমেরিকার রাজনৈতিক আলোচনায়ও প্রভাবশালী মুখ।
গত কয়েক দশকে রোনাল্ড রেগ্যান, বিল ক্লিনটন, জর্জ বুশ ও বারাক ওবামার আমলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলই করব্যবস্থায় এমন পরিবর্তন এনেছে, যাতে শ্রমের আয় অপেক্ষা সম্পদের মালিকানা বেশি সুবিধা পেয়েছে। এর ফল ভয়াবহ। আমেরিকার সবচেয়ে ধনী ৪০০টি পরিবারের উপর কার্যকর করের হার এখন দেশটির নীচের ৫০ শতাংশ মানুষের তুলনায় কম।
অর্থনীতিবিদ ফ্রেড ম্যাগডফ ও জন বেলামি ফস্টার তাঁদের নতুন বই Grand Theft Capital: What Workers Should Know About the Affordability Crisis-এ দেখিয়েছেন, জাতীয় আয়ের যে অংশ সাধারণ শ্রমিকদের হাতে যায়, তা ১৯৬০-এর দশকে ছিল প্রায় ৩০ শতাংশ। বর্তমানে তা কমে প্রায় ২০ শতাংশে নেমেছে। অর্থাৎ দেশের উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্রমিকদের অবদান থাকলেও সেই সম্পদের ক্রমবর্ধমান অংশ চলে যাচ্ছে মালিক ও বিনিয়োগকারীদের হাতে। এই বৈষম্য শুধু রিপাবলিকানদের তৈরি নয়। ডেমোক্র্যাটরাও কয়েক দশক ধরে এমন অর্থনৈতিক ব্যবস্থার অংশীদার থেকেছে। ২০১৬ সালে এই ক্ষোভই ট্রাম্পের উত্থানের অন্যতম পটভূমি তৈরি করেছিল। কিন্তু ট্রাম্পের অর্থনৈতিক নীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছে সেই বৈষম্যকে আরও প্রকাশ্য ও নির্লজ্জ করে তোলা।
ট্রাম্প আমেরিকাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরতে পছন্দ করেন। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় ভরসা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। হার্ভার্ডের অর্থনীতিবিদ জেসন ফুরম্যানের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে আমেরিকার জিডিপি বৃদ্ধির প্রায় ৯২ শতাংশ এসেছে এআই পরিকাঠামোয় বিনিয়োগের ফলে। কিন্তু এই বৃদ্ধির সুফল পাচ্ছে কারা? অর্থনীতির এই বিপুল অর্জনের বড় অংশ চলে যাচ্ছে অল্প কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীর হাতে। বিশেষ করে পশ্চিম উপকূলের সিলিকন ভ্যালিকেন্দ্রিক প্রযুক্তি সাম্রাজ্যের মালিকেরা এর সবচেয়ে বড় সুবিধাভোগী। অক্টোবরে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যাপোলো জানিয়েছিল, আমেরিকার শীর্ষ ৫০০ কোম্পানির মধ্যে তথাকথিত ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’—সাতটি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান ছাড়া বাকি ৪৯৩টি কোম্পানির আয় ও মুনাফায় উল্লেখযোগ্য বৃদ্ধি নেই। অ্যাপোলোর প্রধান অর্থনীতিবিদ টর্স্টেন স্লোকের বক্তব্য ছিল, এআই নিয়ে বিপুল বিনিয়োগ ও প্রচার সত্ত্বেও আমেরিকার করপোরেট অর্থনীতিতে এই প্রযুক্তি এখনও উল্লেখযোগ্য আর্থিক সুফল এনে দিতে পারেনি। অন্যদিকে স্যাম অল্টম্যান, দারিও আমোদেই, জেনসেন হুয়াংদের মতো প্রযুক্তি উদ্যোক্তাদের হাতে জমা হচ্ছে বিপুল অর্থ ও সম্পদ। সিলিকন ভ্যালির বাইরে সাধারণ মানুষের ভাগে জুটছে সামান্যই। এই কারণেই এবারের নির্বাচনে অনেক জায়গায় ডেটা সেন্টার হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রে। এগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, জল খরচ করে এবং স্থানীয় পরিবেশ ও জনজীবনের উপর চাপ সৃষ্টি করে। অথচ এসব পরিকাঠামোর মূল উদ্দেশ্য এআই প্রযুক্তির জন্য তথ্য প্রক্রিয়াকরণ।
মানুষের মনে প্রশ্ন উঠছে, যে প্রযুক্তি তাঁদের কর্মসংস্থান, পরিবেশ ও জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে, তার লাভ যাচ্ছে কাদের পকেটে? ইকোনমিস্টের একটি বিশ্লেষণেও দেখা গেছে, যেসব ট্রাম্প-সমর্থকের বাড়ির কাছাকাছি ডেটা সেন্টার তৈরি হয়েছে, তাঁদের অনেকেই রাজনৈতিক অবস্থান বদলে বিরোধী শিবিরের দিকে ঝুঁকেছেন। অর্থাৎ সংস্কৃতি যুদ্ধের প্রচার দিয়ে সব অসন্তোষ চাপা রাখা সম্ভব হচ্ছে না।
এই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট ছবি দেখা গিয়েছে টেক্সাসে। যে অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানেই এবার রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাস্কের জন্মস্থান নয়, কিন্তু তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম প্রধান কেন্দ্র এই টেক্সাস। আগামী কয়েক বছরে আমেরিকার ডেটা সেন্টার শিল্পের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে অঙ্গরাজ্যটি। মাত্র দুই বছরের মধ্যে এআই শিল্পের জন্য নতুন কম্পিউটিং ক্ষমতার এক-চতুর্থাংশের বেশি এখান থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে। এমন একটি জায়গায় রিপাবলিকানদের পক্ষে বিপুল অর্থ ঢেলেছিলেন মাস্ক। কিন্তু সেই অর্থের জোরেও ভোটারদের মন জয় করা যায়নি।
জেমস টালারিকো ডেটা সেন্টারবিরোধী অবস্থানকে নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, দেশের আসল লড়াই বাম বনাম ডানের নয়; লড়াই ওপরতলার মানুষ আর নিচুতলার মানুষের মধ্যে। বিজয়ের পর তিনি বলেন, ‘ওপরের তলার মানুষ আমাদের দল, জাতি, লিঙ্গ, ধর্ম ও সংস্কৃতির ভিত্তিতে ভাগ করে রাখে, যাতে আমরা বুঝতে না পারি তারা আমাদের পকেট কাটছে। কিন্তু আজ আমরা তাদের স্পষ্ট বার্তা দিয়েছি—আমাদের জয় করা যাবে না।’ এই বক্তব্যই এবারের নির্বাচনের রাজনৈতিক তাৎপর্যকে সামনে এনেছে।
নির্বাচনে জাতীয় ও আন্তর্জাতিক আলোচনায় উঠে আসা ডেমোক্র্যাট নেতাদের মধ্যে ছিলেন তাঁরাই, যাঁরা অর্থনৈতিক বৈষম্য, করপোরেট ক্ষমতা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সংকটের বিরুদ্ধে সবচেয়ে জোরালো অবস্থান নিয়েছেন।
এই ফলাফল ডেমোক্র্যাটদের সামনে নতুন রাজনৈতিক পথ খুলে দিয়েছে—দুর্নীতিবিরোধী অবস্থান, যুদ্ধবিরোধী রাজনীতি এবং ধনকুবেরদের অস্বাভাবিক রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে লড়াই।
একসময় বিল ও হিলারি ক্লিনটনের ডেমোক্র্যাটিক রাজনীতিতে এসব অবস্থানকে অতিরিক্ত বামপন্থী বলে মনে করা হতো। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেতে যিনি এগিয়ে আসবেন, তাঁর রাজনৈতিক ভাষা সম্ভবত বার্নি স্যান্ডার্সের অনেক কাছাকাছি হবে।
এ মুহূর্তে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো, ক্ষমতায় থেকেও তিনি ক্রমশ রাজনৈতিকভাবে অতীতের মানুষ হয়ে পড়ার ঝুঁকিতে আছেন। কংগ্রেসে বিরোধীদের শক্তি বাড়ছে, নিজের দলের মধ্যেও উত্তরসূরি নিয়ে আলোচনা শুরু হয়েছে, আর ধনকুবেরদের অর্থে তৈরি রাজনৈতিক জোটেও দেখা দিয়েছে ফাটল।
মাস্কের মতো ধনকুবেরেরা বুঝতে পারছেন, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেই সব নির্বাচনে জয় নিশ্চিত নয়। আবার সাধারণ মানুষও বুঝতে শুরু করেছেন, সংস্কৃতি যুদ্ধের আড়ালে তাঁদের প্রকৃত অর্থনৈতিক সমস্যাগুলো চাপা পড়ে যাচ্ছে। তবে এই পরিবর্তনকে ট্রাম্প-যুগের অবসান বলে ধরে নেওয়ারও সুযোগ নেই। ট্রাম্প এখনও ক্ষমতায় আছেন। আগামী দুই বছরে তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখান, সেটিই হবে বড় প্রশ্ন।
একসময় ট্রাম্প বলেছিলেন, নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউয়ের মাঝখানে দাঁড়িয়ে কাউকে গুলি করলেও তিনি ভোটার হারাবেন না। তাঁর ভাষায়, এটি ছিল অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু এবারের নির্বাচন দেখিয়ে দিল, সেই আত্মবিশ্বাসেরও সীমা আছে।
অর্থ, ক্ষমতা, প্রচার আর সংস্কৃতি যুদ্ধ—সবকিছু একসঙ্গে কাজে লাগিয়েও মানুষের পেটের ক্ষুধা, বাড়িভাড়ার চাপ, কম মজুরি এবং বৈষম্যের প্রশ্নকে চিরকাল আড়াল করে রাখা যায় না।
মাস্কের ৪৪৬ মিলিয়ন ডলারের রাজনৈতিক বিনিয়োগ তাই শুধু একজন ধনকুবেরের নির্বাচনী ব্যর্থতার গল্প নয়। এটি আমেরিকার রাজনীতিতে আরও বড় একটি পরিবর্তনের ইঙ্গিত—যেখানে সংস্কৃতি যুদ্ধের চেয়ে রুটি-রুজির প্রশ্ন, ধনকুবেরদের ক্ষমতার চেয়ে সাধারণ মানুষের জীবন এবং রাজনৈতিক স্লোগানের চেয়ে অর্থনৈতিক বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

 

গরিবের ‘ওয়েলফেয়ার কুইন’ খুঁজছেন ট্রাম্প!

আমেরিকার রাজনীতিতে একটা পুরনো গল্প আছে। এক দরিদ্র মহিলার গল্প। যিনি নাকি সরকারি ভাতা পাওয়ার জন্য একের পর এক মিথ্যা পরিচয় ব্যবহার করতেন। কখনও ৮০টি নাম, কখনও ৩০টি ঠিকানা, কখনও পাঁচটি আলাদা ফোন নম্বর। মৃত সেনাদের স্ত্রী পরিচয় দিয়ে তুলতেন সরকারি অনুদান। তাঁর বার্ষিক করমুক্ত আয় নাকি ১ লক্ষ ৫০ হাজার ডলার! এই মহিলার নাম লিন্ডা টেলর। তাঁকে আমেরিকার নাগরিকদের সামনে তুলে ধরেছিলেন তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী রোনাল্ড রেগ্যান। সালটা ১৯৭৬। সেই থেকে মার্কিন রাজনীতিতে জন্ম নেয় এক বহুল প্রচারিত চরিত্র—‘ওয়েলফেয়ার কুইন’। অর্থাৎ সরকারি সাহায্যের সুযোগ নিয়ে রাষ্ট্রের টাকা লুটে খাওয়া এক হতদরিদ্র মহিলা।

গল্পটি শুধু একজন মহিলার অপরাধের কাহিনি ছিল না। এর মধ্যে দিয়ে তৈরি করা হয়েছিল একটি রাজনৈতিক ধারণা— আমেরিকার সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ দরিদ্র মানুষের অসততা। বিশেষ করে অশ্বেতাঙ্গ দরিদ্ররা সরকারি সুযোগ-সুবিধার নামে রাষ্ট্রের সম্পদ লুটছে। অতএব তাদের জন্য বরাদ্দ সরকারি সাহায্য কমাতে হবে। প্রায় অর্ধশতাব্দী পরে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় সেই পুরনো গল্পই যেন নতুন করে ফিরে এসেছে। আবার দরিদ্রদের বিরুদ্ধে সরকারি সাহায্য জালিয়াতির অভিযোগ। আবার খাদ্য ভাতা ও স্বাস্থ্যবিমার মতো সামাজিক সুরক্ষা প্রকল্পে কাটছাঁটের যুক্তি। আবার রাষ্ট্রের টাকা লুটে নেওয়া কিছু ‘অসাধু’ নাগরিককে খুঁজে বের করার অভিযান। কিন্তু এবারের গল্পে একটা বড় পার্থক্য রয়েছে। যাঁরা গরিব মানুষের কয়েক হাজার ডলারের সরকারি সাহায্য নিয়ে এত উদ্বিগ্ন, তাঁদেরই বিরুদ্ধে উঠছে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে ব্যক্তিগত সম্পদ বাড়ানোর অভিযোগ। অভিযোগের কেন্দ্রে স্বয়ং প্রেসিডেন্ট, তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ সহযোগীরা।

প্রশ্ন উঠছে, আমেরিকার আসল দুর্নীতি কোথায়? সরকারি খাদ্য ভাতার সামান্য টাকা জালিয়াতি করে নেওয়া কোনও দরিদ্র পরিবারের মধ্যে, নাকি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অলিন্দে বসে কোটি কোটি ডলারের আর্থিক সুবিধা নেওয়ার ব্যবস্থার মধ্যে?

১৯৭৬ সালে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রচার চালানোর সময় শিকাগোর সাউথ সাইডের বাসিন্দা লিন্ডা টেলরের কাহিনি শোনান রেগ্যান। তাঁর দাবি ছিল, টেলর ভুয়ো তথ্য দিয়ে বিভিন্ন সরকারি সুবিধা তুলতেন। তাঁর বার্ষিক করমুক্ত আয় ছিল ১ লক্ষ ৫০ হাজার ডলার। টেলরের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ছিল। এমনকী তাঁর বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত অপরাধের বাইরেও গুরুতর অপরাধের অভিযোগ উঠেছিল। কিন্তু বাস্তবের সঙ্গে রেগ্যানের প্রচারিত অঙ্কের বিস্তর ফারাক ছিল। The Queen: The Forgotten Life Behind an American Myth বইয়ের লেখক জশ লেভিন জানিয়েছেন, টেলরের বিরুদ্ধে যে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছিল, তার পরিমাণ ছিল মাত্র ৯ হাজার ডলার। অর্থাৎ রেগনের প্রচারে যে বিপুল আয়ের তথ্য তুলে ধরা হয়েছিল, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য পূরণে সেই গল্প যথেষ্ট ভূমিকা নিয়েছিল। টেলরের ব্যক্তিগত অপরাধকে সামনে রেখে রেগ্যান এমন একটি ধারণা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, যেখানে দরিদ্রদের সরকারি সাহায্য পাওয়াটাই সন্দেহের চোখে দেখা শুরু হয়। এর পরের পর্বে সরকারি সামাজিক সুরক্ষা খাতে কাটছাঁটের যুক্তি হিসেবে উঠে আসে সেই একই বক্তব্য। কমানো হয় ওয়েলফেয়ার, খাদ্য ভাতা, মেডিকেড, সরকারি আবাসন এবং কর্মসংস্থান প্রশিক্ষণের মতো প্রকল্পে বরাদ্দ। লিন্ডা টেলর হয়ে ওঠেন একটি রাজনৈতিক প্রতীকে। দরিদ্র মানুষের জন্য রাষ্ট্রের খরচ মানেই যেন করদাতাদের অর্থের অপচয়। আর সেই অপচয় বন্ধ করতে হলে দরিদ্রদের উপর নজরদারি ও সরকারি সাহায্যে কাটছাঁট জরুরি।

ট্রাম্প প্রশাসন এখন অনেকটা সেই রেগন-যুগের রাজনৈতিক কৌশলেই হাঁটছে বলে অভিযোগ উঠেছে। একদিকে সামাজিক সুরক্ষা প্রকল্পে কাটছাঁট, অন্যদিকে সরকারি সাহায্য নিয়ে জালিয়াতির অভিযোগকে সামনে রেখে দরিদ্রদের বিরুদ্ধে প্রচার। সাম্প্রতিকতম উদাহরণ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন দুর্নীতি-বিরোধী টাস্কফোর্সের ঘোষণা। তাদের দাবি, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ থেকে প্রায় ৪ কোটি ডলার জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। ওহাইওতে দাঁড়িয়ে ভ্যান্স বলেন, ‘কিছু মানুষ এই প্রকল্পগুলির সঙ্গে জালিয়াতি করছে। এই ক্ষেত্রে তারা নিজেদের সম্পদ বাড়াতে আক্ষরিক অর্থেই ক্ষুধার্ত শিশুদের মুখের খাবার কেড়ে নিচ্ছে।’ সরকারি অর্থ আত্মসাৎ অবশ্যই অপরাধ। কিন্তু সেই অপরাধের তদন্ত আর গোটা সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে সন্দেহের চোখে দেখা এক বিষয় নয়। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, বিচ্ছিন্ন জালিয়াতির ঘটনাকে সামনে রেখে দরিদ্রদের জন্য রাষ্ট্রের দায়িত্বই সংকুচিত করার চেষ্টা চলছে। এর কিছুদিন আগেই ভ্যান্স আনন্দের সঙ্গে ঘোষণা করেছিলেন, ট্রাম্প প্রশাসন ওবামাকেয়ার-এর আওতায় স্বাস্থ্যবিমা পাওয়া ৭ লক্ষ ৬০ হাজার মানুষের বিমা বাতিল করেছে। কারণ হিসেবে দেখানো হয়েছিল, তাঁদের বিমা পাওয়ার ক্ষেত্রে জালিয়াতি হয়েছে। এখানেই শেষ নয়। সরকারি সাহায্যের সুযোগ নিয়ে যাঁরা প্রতারণা করছেন, তাঁদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প। তাঁর ঘোষণা, কেউ যদি এমন কোনও ব্যক্তির সন্ধান দেন, যার মাধ্যমে সরকার ১০০ কোটি ডলার উদ্ধার করতে পারে, তাহলে তথ্যদাতাকে দেওয়া হবে উদ্ধার হওয়া অর্থের ১ শতাংশ কমিশন।

ট্রাম্প হয়তো মনে করছেন, সরকারি সাহায্য নিয়ে জালিয়াতির বিরুদ্ধে এই অভিযান তাঁকে রাজনৈতিকভাবে সুবিধা দেবে। কিন্তু তাঁর হিসাবের বাইরে একটি বিষয় থেকে যাচ্ছে। সংবাদসংস্থা দ্য গার্ডিয়ান-এর এক সমীক্ষা বলছে, মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে সরকারি দুর্নীতি। সমীক্ষায় ৯০ শতাংশ আমেরিকান বলেছেন, সরকারি দুর্নীতি একটি সমস্যা। আর দুর্নীতি বলতে ভোটাররা কী বোঝাচ্ছেন, সেটাও স্পষ্ট। তাঁদের কাছে সমস্যা হল, নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন জনস্বার্থের চেয়ে নিজেদের এবং তাঁদের অর্থদাতাদের আর্থিক স্বার্থকে বেশি গুরুত্ব দেন। ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে বিপুল আয়ের অভিযোগ ভোটারদের উদ্বেগেরই একটি উদাহরণ। ভ্যান্স অবশ্য প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দাবি, ট্রাম্পের দুর্নীতিতে যুক্ত থাকার কোনও প্রমাণ তিনি খুঁজে পাননি। যুক্তি দিয়েছেন, ট্রাম্প রাজনীতিতে আসার আগেই ধনকুবের ছিলেন। ফলে তাঁর ব্যক্তিগত সম্পদ বাড়ানোর জন্য সরকারি ক্ষমতার অপব্যবহারের প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হল, আগে থেকেই ধনী হওয়া কি সরকারি ক্ষমতার সঙ্গে ব্যক্তিগত ব্যবসার স্বার্থের সংঘাতের অভিযোগকে অগ্রাহ্য করার যথেষ্ট যুক্তি?

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রোসা ডিলরো ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ, তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের আর্থিক সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে একটি বিস্তারিত তালিকা তৈরি করেছেন। সেখানে রয়েছে একাধিক ঘটনা। যেমন— ১. সংযুক্ত আরব আমিরশাহির শাসক পরিবারের সঙ্গে যুক্ত একটি বিনিয়োগ সংস্থা গোপনে ট্রাম্প পরিবারের ক্রিপ্টো সংস্থা ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালে ৫০ কোটি ডলারের অংশীদারিত্ব কেনে বলে অভিযোগ। এর কিছুদিন পর সংযুক্ত আরব আমিরশাহি আমেরিকার অত্যন্ত সুরক্ষিত ও উন্নতমানের এআই চিপ ব্যবহারের সুযোগ পায়। এই দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২. ফৌজদারি মামলার মুখে থাকা ধনীরা ট্রাম্পের রাজনৈতিক সংগঠনগুলিকে অনুদান দিয়ে ক্ষমা বা দণ্ড মকুবের সুযোগ চাইছেন বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক উদাহরণ পুয়ের্তো রিকোর প্রাক্তন গভর্নর ওয়ান্ডা ভাসকেজ গার্সেড এবং তাঁকে ঘুষ দেওয়া ব্যাঙ্কার হুলিও হেরেরার ভেলুতিনি। ভেলুতিনির পরিবারের তরফে ট্রাম্পের প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী আলিনা হাব্বার সঙ্গে ৫ কোটি ডলারের একটি চুক্তি এবং ট্রাম্পের মাগা ইনকর্পোরেটেড সুপার প্যাককে ৩৫ লক্ষ ডলার অনুদান দেওয়ার পর তাঁদের ক্ষমা করা হয় বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। ৩. বিরল খনিজ নিয়ে কাজ করা ভলকান এলিমেন্টস নামে একটি নতুন সংস্থাকে ৬০ কোটি ডলারেরও বেশি ঋণ দিয়েছে পেন্টাগন। তার মাত্র তিন মাস আগে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জুনিয়রের ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা ১৭৮৯ ক্যাপিটাল ওই কোম্পানির অংশীদারিত্ব কিনেছিল। ৪. ড্রোন প্রস্তুতকারক সংস্থা পাওয়ারাসের সঙ্গে যুক্ত রয়েছেন এরিক ও ডোনাল্ড জুনিয়র। সংস্থাটি ইরানের হামলার মুখে থাকা পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলির কাছে ড্রোন প্রতিরোধী প্রযুক্তি বিক্রি করছে। সমালোচকদের প্রশ্ন, যে যুদ্ধে আমেরিকাকে জড়িয়েছেন ট্রাম্প, সেই যুদ্ধের আড়ালে তাঁর পরিবারের ব্যবসায়িক প্রতিরক্ষা সংস্থা লাভবান হয় কীভাবে?

রোনাল্ড রেগন দরিদ্র আমেরিকানদের সরকারি সাহায্য থেকে বঞ্চিত করার পক্ষে রাজনৈতিক যুক্তি তৈরি করেছিলেন লিন্ডা টেলরের কাহিনি দিয়ে। কিন্তু রেগ্যানের বিরুদ্ধে সেই অভিযান থেকে ব্যক্তিগত সম্পদ বাড়ানোর অভিযোগ ওঠেনি। ট্রাম্পের ক্ষেত্রে ছবিটা আলাদা। তাঁর প্রশাসন সরকারি সাহায্য নেওয়া দরিদ্রদের মধ্যে জালিয়াতি খুঁজতে ব্যস্ত। অন্যদিকে, প্রেসিডেন্টের নিজের ক্রিপ্টো ব্যবসা, পরিবারের বিদেশি বাণিজ্য, ধনকুবেরদের সঙ্গে আর্থিক সম্পর্ক এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে ব্যক্তিগত ব্যবসার সম্ভাব্য সংঘাত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। আমেরিকার ভোটারদের প্রশ্ন, সরকারি ক্ষমতা কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য ব্যবহৃত হচ্ছে, নাকি ক্ষমতাসীনদের ব্যক্তিগত সম্পদ বাড়ানোর হাতিয়ার হয়ে উঠছে? দরিদ্র মানুষের কয়েক হাজার ডলারের সরকারি সাহায্য নিয়ে তদন্ত হতেই পারে। অপরাধ প্রমাণিত হলে শাস্তিও হওয়া উচিত। কিন্তু একই মাপকাঠি কি ক্ষমতার শীর্ষে থাকা মানুষদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে?

‘ওয়েলফেয়ার কুইন’-এর গল্প শুনে একসময় আমেরিকার মানুষকে বোঝানো হয়েছিল, দেশের টাকা লুটছে গরিবরা। আজ প্রশ্নটা উল্টো— যাঁরা রাষ্ট্রে ক্ষমতা ভোগ করছেন, তাঁদের আর্থিক দুর্নীতির হিসাব কে রাখবে?