‘জনগণের শক্তিকে অর্থ দিয়ে দমিয়ে রাখা যায় না’
ভারতীয়রা কি কোনও শিক্ষা নিলেন?
ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার ঢেলেছিলেন ইলন মাস্ক। লক্ষ্য ছিল, কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক শক্তি অটুট রাখা। কিন্তু এত বিপুল অর্থ খরচ করেও শেষ পর্যন্ত কার্যত শূন্য হাতে ফিরতে হল বিশ্বের শীর্ষ ধনকুবেরকে। নির্বাচনের ফল বলছে, টাকা দিয়ে নির্বাচনী প্রচার কেনা যায়, কিন্তু ভোটারের সমর্থন নিশ্চিত করা যায় না।
স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী মাস্ক এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানপন্থী বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সুপার প্যাকের মাধ্যমে অন্তত ৪৪৬ মিলিয়ন ডলার ব্যয় করেছেন। ২০২৪ সালের নির্বাচনে তাঁর ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ২৯০ মিলিয়ন ডলার। অর্থাৎ এবার নিজের আগের রেকর্ডও ভেঙেছেন তিনি।
ট্রাম্প প্রশাসনের পক্ষে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে বিশেষ করে গুরুত্বপূর্ণ সিনেট আসনগুলোতে বিপুল অর্থ ঢেলেছিলেন মাস্ক। মাস্কের ‘আমেরিকা প্যাক’ সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছিল যে পাঁচটি সিনেট আসনে রিপাবলিকান প্রার্থীদের জেতাতে, পাঁচটিতেই জয়ী হয়েছেন ডেমোক্র্যাটরা। মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটি টেক্সাসেও পরিস্থিতি তাঁর বিপক্ষে গিয়েছে। সেখানে সিনেট নির্বাচনে রিপাবলিকানরা হেরেছে। গভর্নরের পদও হাতছাড়া হয়েছে। অঙ্গরাজ্যের আইনসভার নিয়ন্ত্রণও হারানোর মুখে পড়েছে রিপাবলিকানরা।
নির্বাচনের আগে মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নিয়মিত আক্রমণ চালিয়েছেন। নির্বাচনী ষড়যন্ত্রতত্ত্বও ছড়িয়েছেন। কিন্তু ফল প্রকাশের রাতে তাঁকে অস্বাভাবিকভাবে নীরব দেখা গিয়েছে। শুধু রসিকতা করে লিখেছেন, ‘মহাকাশে ডেটা সেন্টার তৈরি করাই এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’ বিশ্বের অন্যতম বড় রাজনৈতিক অর্থদাতা মাস্কের এই নীরবতা যেন তাঁর বিপুল বিনিয়োগের ব্যর্থতারই প্রতিচ্ছবি। এখন দেখার কবে এই ধনকুবের পাল্টি খায়...
তবে ক্ষতিটা শুধু ৪৪৬ মিলিয়ন ডলারের নয়। বরং মাস্কের ব্যবসায়িক স্বার্থের জন্য এত দিন যে রাজনৈতিক পরিবেশ সুবিধাজনক ছিল, সেটিও বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সরকারি বিপুল চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তুলনামূলক শিথিল নিয়ন্ত্রণ—এসবই তাঁর ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি করেছিল। এবার কংগ্রেসের পাশাপাশি টেক্সাসের প্রশাসনেও ডেমোক্র্যাটদের প্রভাব বাড়ছে। আর তাঁরা আগেই জানিয়ে দিয়েছেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে। বিশেষ করে মাস্কের ব্যবসায়িক কাজকর্ম খতিয়ে দেখা হতে পারে।
মধ্যবর্তী নির্বাচনে মাস্কের রাজনৈতিক অর্থায়ন অন্তত আটটি রিপাবলিকানপন্থী সুপার প্যাক ও সংগঠনে ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে নিজের প্রতিষ্ঠিত আমেরিকা প্যাকে দিয়েছেন অন্তত ২১৬ মিলিয়ন ডলার। সিনেট লিডারশিপ ফান্ডেও দিয়েছেন ১৬৮ মিলিয়ন ডলার। এই তহবিল টেক্সাসের রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনসহ একাধিক প্রার্থীকে সমর্থন করেছিল। সবচেয়ে বেশি অর্থ ও মনোযোগ দিয়েছিলেন টেক্সাসের সিনেট নির্বাচনকে ঘিরে। সেখানে রিপাবলিকান কেন প্যাক্সটনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাট জেমস টালারিকো। টালারিকোর বিরুদ্ধে প্রচার চালাতে শুধু বিজ্ঞাপন ও প্রচারবার্তাতেই অন্তত ২৮ মিলিয়ন ডলার খরচ করেছে মাস্কের আমেরিকা প্যাক। এক্সে মাস্ক নিজেও টালারিকোকে আক্রমণ করে লিখেছিলেন, ‘টালারিকো তোমাদের সন্তানদের লিঙ্গ পরিবর্তন করাতে চায় এবং সীমান্ত ধ্বংস করতে চায়।’ কিন্তু এত প্রচারের পরও টালারিকো বড় ব্যবধানে জয়ী হন। বিজয় ভাষণে তিনি মাস্কের নাম উল্লেখ করে বলেন, ‘আমরা প্রমাণ করেছি, পৃথিবীর সব টাকা মিলিয়েও টেক্সাসের মানুষের শক্তির সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়।’ এরপর তিনি বার্তা দেন বিশ্বের সব ধনকুবের ও বিপুল সম্পদের মালিকদের উদ্দেশে— জনগণের শক্তিকে অর্থ দিয়ে দমিয়ে রাখা যাবে না।
মিশিগান, মেন, ওহাইও ও আইওয়ার সিনেট নির্বাচনেও একই ছবি দেখা গিয়েছে। মাস্কের আমেরিকা প্যাক রিপাবলিকান প্রার্থীদের পক্ষে কোটি কোটি ডলার ব্যয় করলেও শেষ পর্যন্ত জয় এসেছে ডেমোক্র্যাটদের। প্রচারে ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে আতঙ্ক ছড়ানো, ডেমোক্র্যাটদের উগ্র সমাজতন্ত্রী হিসেবে তুলে ধরা—এসব কৌশলও ভোটারদের মন বদলাতে পারেনি।
তবে মাস্কের অর্থ ব্যর্থ হয়েছে মানেই তার কোনও প্রভাব ছিল না, এমন নয়। তাঁর অর্থায়নে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক প্রচারে কত বিপুল অর্থ খরচ হতে পারে, তারও নতুন নজির তৈরি হয়েছে। একই সঙ্গে রাজনীতিতে অর্থের ক্ষমতার সীমা নিয়েও শুরু হবে নতুন বিতর্ক।
গত বছর ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার সম্ভাবনা তৈরি হতেই আমেরিকার রাজনীতি, করপোরেট দুনিয়া এবং সংবাদমাধ্যমের একাংশ ঘোষণা করেছিল—পুরোনো রাজনৈতিক শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধের দিন শেষ। শুরু হয়েছে নতুন যুগ। ডানপন্থী রাজনীতিই এখন সময়ের দাবি। ফিনান্সিয়াল টাইমসকে এক শীর্ষ ব্যাংকার বলেছিলেন, তিনি যেন মুক্তি পেয়েছেন। এখন আর বিতর্কিত বা অশালীন শব্দ ব্যবহার করলেও সামাজিকভাবে বয়কট হওয়ার ভয় নেই। তাঁর ভাষায়, ‘নতুন ভোরের সূচনা হয়েছে।’ সেই নতুন ভোরে সবচেয়ে বেশি আনন্দিত ছিলেন বিলিয়নেয়াররা।
কারণ, ট্রাম্প তাঁদের সামনে এমন এক রাজনৈতিক সম্ভাবনা তৈরি করেছিলেন, যেখানে প্রযুক্তি সাম্রাজ্যের মালিক, ওয়াল স্ট্রিটের ধনকুবের এবং সাধারণ শ্রমজীবী মানুষ একই রাজনৈতিক পতাকার নীচে দাঁড়াতে পারেন।
ট্রাম্পবাদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল ছিল এই অসম্ভব জোট তৈরি করা। একদিকে ন্যূনতম মজুরিতে কাজ করা শ্রমিক, অন্যদিকে সমাজের এক শতাংশ শীর্ষ ধনী। একদিকে লাতিনো ও কৃষ্ণাঙ্গ ভোটার, অন্যদিকে বর্ণবাদী মনোভাবাপন্ন মানুষ। একদিকে এপস্টিনের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ, অন্যদিকে সেই ক্ষমতাবান অভিজাত মহল, যাদের সঙ্গে জেফরি এপস্টিনের যোগাযোগ ছিল। স্মরণ করা যেতে পারে, ইলন মাস্ক একসময় এপস্টিনকে ই-মেলে লিখেছিলেন, তাঁর দ্বীপে সবচেয়ে জমজমাট পার্টি কোন দিন বা রাতে হবে।
ট্রাম্পের রাজনৈতিক কৌশল ছিল, অর্থনৈতিক বৈষম্য ও শ্রেণিসংঘাতের প্রশ্নকে আড়াল করে সংস্কৃতি, ধর্ম, অভিবাসন ও পরিচয়ের রাজনীতি সামনে নিয়ে আসা। মানুষের বেতন বাড়ছে না? সমস্যা নেই। বরং শোনো, হাইতি থেকে আসা অভিবাসীরা নাকি কুকুর খাচ্ছে! এভাবেই শ্রেণিগত অসন্তোষকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছিল।
সিলিকন ভ্যালি, ওয়াল স্ট্রিট এবং পূর্ব উপকূলের সংবাদমাধ্যমের মালিকদের একাংশ ভেবেছিলেন, ট্রাম্পের উত্থান কেবল রাজনৈতিক পরিবর্তন নয়; এটি আমেরিকার সংস্কৃতিরই স্থায়ী ডানপন্থী মোড়। কিন্তু এবারের নির্বাচন সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছে। ভোটাররা শুধু ট্রাম্পকে প্রত্যাখ্যান করেননি, তাঁরা প্রশ্ন তুলেছেন সেই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধেও, যেখানে অল্প কয়েকজন ধনকুবের বিপুল সম্পদের জোরে দেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চান। ট্রাম্পের নির্বাচনী জয়ের পিছনে যে শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই জোটেই এবার ফাটল দেখা দিয়েছে। পুরোনো শ্রেণির রাজনীতি আবার সামনে চলে এসেছে।
নির্বাচনী বিশ্লেষকেরা যখন বলছেন, সাধারণ আমেরিকানদের নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য এখন ভোটারদের কাছে অন্য সব ইস্যুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তখন আসলে সামনে আসছে শ্রেণিসংঘাতের প্রশ্ন। গাড়িনির্ভর আমেরিকায় পেট্রলের আকাশছোঁয়া দাম, ডিম থেকে মাংস পর্যন্ত নিত্যপণ্যের দামের ওঠানামা, বাড়িভাড়া মেটানোর অসহ্য চাপ—এসবই মানুষের জীবনে বাস্তব সংকট তৈরি করেছে। রাজনৈতিক অভিজাতদের একাংশ এসব সমস্যাকে শুধু ‘অর্থনৈতিক ইস্যু’ কিংবা ‘জীবনযাত্রার ব্যয়’ বলে বর্ণনা করতে পছন্দ করেন। কিন্তু বিষয়টি তার চেয়েও গভীর। প্রশ্ন শুধু জিনিসপত্রের দাম বেশি কি না, প্রশ্ন হল—মানুষের আয় কেন সেই দামের সঙ্গে তাল মেলাতে পারছে না?
নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী মেয়র জোহরান মামদানি গত বছর এই প্রশ্নটিকেই রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রে নিয়ে এসেছিলেন। জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিকে তিনি শুধু নির্বাচনী স্লোগান হিসেবে রাখেননি; এর সঙ্গে যুক্ত করেছিলেন আয়বৈষম্য ও সম্পদের অসম বণ্টনের প্রশ্ন। সাধারণ মানুষের কাছে তাঁর বক্তব্য ছিল সহজ: নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে না পারার কারণ শুধু বাজারে দাম বেশি হওয়া নয়, অনেক ক্ষেত্রে তাঁদের মজুরিও ন্যায্য নয়। এই বক্তব্যই তাঁকে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ২০২৬ সালের শেষভাগে এসে নিউইয়র্কের মেয়র মামদানি এখন আমেরিকার রাজনৈতিক আলোচনায়ও প্রভাবশালী মুখ।
গত কয়েক দশকে রোনাল্ড রেগ্যান, বিল ক্লিনটন, জর্জ বুশ ও বারাক ওবামার আমলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলই করব্যবস্থায় এমন পরিবর্তন এনেছে, যাতে শ্রমের আয় অপেক্ষা সম্পদের মালিকানা বেশি সুবিধা পেয়েছে। এর ফল ভয়াবহ। আমেরিকার সবচেয়ে ধনী ৪০০টি পরিবারের উপর কার্যকর করের হার এখন দেশটির নীচের ৫০ শতাংশ মানুষের তুলনায় কম।
অর্থনীতিবিদ ফ্রেড ম্যাগডফ ও জন বেলামি ফস্টার তাঁদের নতুন বই Grand Theft Capital: What Workers Should Know About the Affordability Crisis-এ দেখিয়েছেন, জাতীয় আয়ের যে অংশ সাধারণ শ্রমিকদের হাতে যায়, তা ১৯৬০-এর দশকে ছিল প্রায় ৩০ শতাংশ। বর্তমানে তা কমে প্রায় ২০ শতাংশে নেমেছে। অর্থাৎ দেশের উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্রমিকদের অবদান থাকলেও সেই সম্পদের ক্রমবর্ধমান অংশ চলে যাচ্ছে মালিক ও বিনিয়োগকারীদের হাতে। এই বৈষম্য শুধু রিপাবলিকানদের তৈরি নয়। ডেমোক্র্যাটরাও কয়েক দশক ধরে এমন অর্থনৈতিক ব্যবস্থার অংশীদার থেকেছে। ২০১৬ সালে এই ক্ষোভই ট্রাম্পের উত্থানের অন্যতম পটভূমি তৈরি করেছিল। কিন্তু ট্রাম্পের অর্থনৈতিক নীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছে সেই বৈষম্যকে আরও প্রকাশ্য ও নির্লজ্জ করে তোলা।
ট্রাম্প আমেরিকাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরতে পছন্দ করেন। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় ভরসা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। হার্ভার্ডের অর্থনীতিবিদ জেসন ফুরম্যানের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে আমেরিকার জিডিপি বৃদ্ধির প্রায় ৯২ শতাংশ এসেছে এআই পরিকাঠামোয় বিনিয়োগের ফলে। কিন্তু এই বৃদ্ধির সুফল পাচ্ছে কারা? অর্থনীতির এই বিপুল অর্জনের বড় অংশ চলে যাচ্ছে অল্প কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীর হাতে। বিশেষ করে পশ্চিম উপকূলের সিলিকন ভ্যালিকেন্দ্রিক প্রযুক্তি সাম্রাজ্যের মালিকেরা এর সবচেয়ে বড় সুবিধাভোগী। অক্টোবরে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যাপোলো জানিয়েছিল, আমেরিকার শীর্ষ ৫০০ কোম্পানির মধ্যে তথাকথিত ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’—সাতটি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান ছাড়া বাকি ৪৯৩টি কোম্পানির আয় ও মুনাফায় উল্লেখযোগ্য বৃদ্ধি নেই। অ্যাপোলোর প্রধান অর্থনীতিবিদ টর্স্টেন স্লোকের বক্তব্য ছিল, এআই নিয়ে বিপুল বিনিয়োগ ও প্রচার সত্ত্বেও আমেরিকার করপোরেট অর্থনীতিতে এই প্রযুক্তি এখনও উল্লেখযোগ্য আর্থিক সুফল এনে দিতে পারেনি। অন্যদিকে স্যাম অল্টম্যান, দারিও আমোদেই, জেনসেন হুয়াংদের মতো প্রযুক্তি উদ্যোক্তাদের হাতে জমা হচ্ছে বিপুল অর্থ ও সম্পদ। সিলিকন ভ্যালির বাইরে সাধারণ মানুষের ভাগে জুটছে সামান্যই। এই কারণেই এবারের নির্বাচনে অনেক জায়গায় ডেটা সেন্টার হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রে। এগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, জল খরচ করে এবং স্থানীয় পরিবেশ ও জনজীবনের উপর চাপ সৃষ্টি করে। অথচ এসব পরিকাঠামোর মূল উদ্দেশ্য এআই প্রযুক্তির জন্য তথ্য প্রক্রিয়াকরণ।
মানুষের মনে প্রশ্ন উঠছে, যে প্রযুক্তি তাঁদের কর্মসংস্থান, পরিবেশ ও জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে, তার লাভ যাচ্ছে কাদের পকেটে? ইকোনমিস্টের একটি বিশ্লেষণেও দেখা গেছে, যেসব ট্রাম্প-সমর্থকের বাড়ির কাছাকাছি ডেটা সেন্টার তৈরি হয়েছে, তাঁদের অনেকেই রাজনৈতিক অবস্থান বদলে বিরোধী শিবিরের দিকে ঝুঁকেছেন। অর্থাৎ সংস্কৃতি যুদ্ধের প্রচার দিয়ে সব অসন্তোষ চাপা রাখা সম্ভব হচ্ছে না।
এই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট ছবি দেখা গিয়েছে টেক্সাসে। যে অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানেই এবার রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাস্কের জন্মস্থান নয়, কিন্তু তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম প্রধান কেন্দ্র এই টেক্সাস। আগামী কয়েক বছরে আমেরিকার ডেটা সেন্টার শিল্পের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে অঙ্গরাজ্যটি। মাত্র দুই বছরের মধ্যে এআই শিল্পের জন্য নতুন কম্পিউটিং ক্ষমতার এক-চতুর্থাংশের বেশি এখান থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে। এমন একটি জায়গায় রিপাবলিকানদের পক্ষে বিপুল অর্থ ঢেলেছিলেন মাস্ক। কিন্তু সেই অর্থের জোরেও ভোটারদের মন জয় করা যায়নি।
জেমস টালারিকো ডেটা সেন্টারবিরোধী অবস্থানকে নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, দেশের আসল লড়াই বাম বনাম ডানের নয়; লড়াই ওপরতলার মানুষ আর নিচুতলার মানুষের মধ্যে। বিজয়ের পর তিনি বলেন, ‘ওপরের তলার মানুষ আমাদের দল, জাতি, লিঙ্গ, ধর্ম ও সংস্কৃতির ভিত্তিতে ভাগ করে রাখে, যাতে আমরা বুঝতে না পারি তারা আমাদের পকেট কাটছে। কিন্তু আজ আমরা তাদের স্পষ্ট বার্তা দিয়েছি—আমাদের জয় করা যাবে না।’ এই বক্তব্যই এবারের নির্বাচনের রাজনৈতিক তাৎপর্যকে সামনে এনেছে।
নির্বাচনে জাতীয় ও আন্তর্জাতিক আলোচনায় উঠে আসা ডেমোক্র্যাট নেতাদের মধ্যে ছিলেন তাঁরাই, যাঁরা অর্থনৈতিক বৈষম্য, করপোরেট ক্ষমতা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সংকটের বিরুদ্ধে সবচেয়ে জোরালো অবস্থান নিয়েছেন।
এই ফলাফল ডেমোক্র্যাটদের সামনে নতুন রাজনৈতিক পথ খুলে দিয়েছে—দুর্নীতিবিরোধী অবস্থান, যুদ্ধবিরোধী রাজনীতি এবং ধনকুবেরদের অস্বাভাবিক রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে লড়াই।
একসময় বিল ও হিলারি ক্লিনটনের ডেমোক্র্যাটিক রাজনীতিতে এসব অবস্থানকে অতিরিক্ত বামপন্থী বলে মনে করা হতো। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেতে যিনি এগিয়ে আসবেন, তাঁর রাজনৈতিক ভাষা সম্ভবত বার্নি স্যান্ডার্সের অনেক কাছাকাছি হবে।
এ মুহূর্তে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো, ক্ষমতায় থেকেও তিনি ক্রমশ রাজনৈতিকভাবে অতীতের মানুষ হয়ে পড়ার ঝুঁকিতে আছেন। কংগ্রেসে বিরোধীদের শক্তি বাড়ছে, নিজের দলের মধ্যেও উত্তরসূরি নিয়ে আলোচনা শুরু হয়েছে, আর ধনকুবেরদের অর্থে তৈরি রাজনৈতিক জোটেও দেখা দিয়েছে ফাটল।
মাস্কের মতো ধনকুবেরেরা বুঝতে পারছেন, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেই সব নির্বাচনে জয় নিশ্চিত নয়। আবার সাধারণ মানুষও বুঝতে শুরু করেছেন, সংস্কৃতি যুদ্ধের আড়ালে তাঁদের প্রকৃত অর্থনৈতিক সমস্যাগুলো চাপা পড়ে যাচ্ছে। তবে এই পরিবর্তনকে ট্রাম্প-যুগের অবসান বলে ধরে নেওয়ারও সুযোগ নেই। ট্রাম্প এখনও ক্ষমতায় আছেন। আগামী দুই বছরে তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখান, সেটিই হবে বড় প্রশ্ন।
একসময় ট্রাম্প বলেছিলেন, নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউয়ের মাঝখানে দাঁড়িয়ে কাউকে গুলি করলেও তিনি ভোটার হারাবেন না। তাঁর ভাষায়, এটি ছিল অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু এবারের নির্বাচন দেখিয়ে দিল, সেই আত্মবিশ্বাসেরও সীমা আছে।
অর্থ, ক্ষমতা, প্রচার আর সংস্কৃতি যুদ্ধ—সবকিছু একসঙ্গে কাজে লাগিয়েও মানুষের পেটের ক্ষুধা, বাড়িভাড়ার চাপ, কম মজুরি এবং বৈষম্যের প্রশ্নকে চিরকাল আড়াল করে রাখা যায় না।
মাস্কের ৪৪৬ মিলিয়ন ডলারের রাজনৈতিক বিনিয়োগ তাই শুধু একজন ধনকুবেরের নির্বাচনী ব্যর্থতার গল্প নয়। এটি আমেরিকার রাজনীতিতে আরও বড় একটি পরিবর্তনের ইঙ্গিত—যেখানে সংস্কৃতি যুদ্ধের চেয়ে রুটি-রুজির প্রশ্ন, ধনকুবেরদের ক্ষমতার চেয়ে সাধারণ মানুষের জীবন এবং রাজনৈতিক স্লোগানের চেয়ে অর্থনৈতিক বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

No comments:
Post a Comment