Sunday, November 8, 2026


এনাফ ইজ এনাফ...

চলতি গ্রীষ্মে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নথি প্রকাশ করেছিলেন। এক ইতিহাসবিদের লেখা সেই নথিতে ট্রাম্পের সঙ্গে তুলনা টানা হয়েছিল নেপোলিয়ন বোনাপার্ট, অ্যাডলফ হিটলারসহ ইতিহাসের আরও কয়েকজন আলোচিত ব্যক্তিত্বের। আজকের পরিস্থিতিতে সেই তুলনা যেন নতুন অর্থ পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট একের পর এক সংঘাতে জড়িয়ে শেষ পর্যন্ত নিজের রাজনৈতিক বিপর্যয় নিজেই ডেকে এনেছেন।
মার্কিন মধ্যবর্তী নির্বাচন ছিল রিপাবলিকানদের জন্য এক ভয়াবহ ধাক্কা। শুধু পরাজয় নয়, যেন রাজনৈতিক ভূমিকম্প! একের পর এক আসন হাতছাড়া হয়েছে রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতে। কানসাসে ১৯৩২ সালের পর, টেক্সাসে ১৯৮৮ সালের পর এবং সাউথ ক্যারোলিনায় ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো সিনেট আসন জিতেছে ডেমোক্র্যাটরা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মাত্র তিনবার মধ্যবর্তী নির্বাচনে একই সঙ্গে প্রতিনিধি পরিষদ ও সিনেটের নিয়ন্ত্রণ এক দল থেকে অন্য দলের হাতে গিয়েছিল—১৯৪৬, ১৯৯৪ ও ২০০৬ সালে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি বছর। ফলে কংগ্রেসে এখন ট্রাম্পের একচ্ছত্র নির্বাহী ক্ষমতা প্রয়োগের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ডেমোক্র্যাটরা।
নির্বাচনের পর ট্রাম্প দ্রুত মনে করিয়ে দিয়েছেন, তিনি নিজে ব্যালটে ছিলেন না। কিন্তু বাস্তবতা হল, নিজের রাজনৈতিক দুর্বলতার জন্য তিনিই অনেকাংশে দায়ী। গত কয়েক মাস ধরে তিনি ভোটারদের এমনভাবে প্রচার চালিয়েছেন, যেন এই নির্বাচন তাঁর নিজের ভাগ্য নির্ধারণের লড়াই। ফলে নিজের দলের প্রার্থীদের বিপদ বাড়াতে যা যা করা সম্ভব, তার প্রায় সবই করেছেন তিনি।
২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার সময় ট্রাম্পের প্রতিশ্রুতি ছিল— জীবনযাত্রার ব্যয় কমাবেন এবং বিদেশের যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু তাঁর শুল্কনীতি পণ্যের দাম বাড়ানোর চাপ তৈরি করেছে। তার উপর ইরানে সামরিক অভিযান পরিস্থিতিকে আরও জটিল করেছে, বাড়িয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা।
নির্বাচনী প্রচারেও ট্রাম্পের আচরণ ছিল অদ্ভুত ও বিতর্কিত। দীর্ঘ, এলোমেলো বক্তৃতায় কখনো ওয়াশিংটনের স্থাপত্য প্রকল্প নিয়ে আলোচনা করেছেন, কখনো মুসলিমবিদ্বেষী মন্তব্য করেছেন, আবার কখনো ওহাইওর এক রিপাবলিকান সিনেটরের শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। প্রচারের শেষদিকে লিংকন মেমোরিয়ালের সামনে প্রতিফলন-পুকুরে শ্যাওলার বিরুদ্ধে অভিযানেও নিজের বিজয় ঘোষণা করেছেন তিনি!
ভোটারদের বার্তা ছিল স্পষ্ট—এবার যথেষ্ট হয়েছে। এনাফ ইজ এনাফ...
অ্যাসোসিয়েটেড প্রেসের এক্সিট পোল অনুযায়ী, ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি বিষয় ছিল জীবনযাত্রার ব্যয় এবং সরকারের দুর্নীতি। ট্রাম্প নিজেকে অর্থনৈতিকভাবে সাধারণ মানুষের পক্ষে থাকা একজন নেতা হিসেবে তুলে ধরেছিলেন। অথচ তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির অভিযোগ, বিলাসবহুল জীবনযাপন এবং হোয়াইট হাউসে বিশাল বলরুম তৈরির পরিকল্পনা নিয়ে বিতর্ক চলেছে। যখন সাধারণ মানুষ খাবারের খরচ জোগাতেই হিমশিম খাচ্ছেন, তখন প্রেসিডেন্টের এই বিলাসী আয়োজন অনেক ভোটারের কাছেই গ্রহণযোগ্য হয়নি। এমনকি তাঁর একনিষ্ঠ সমর্থকদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে।
এখন প্রশ্ন, বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন ট্রাম্প? এটাই কি তাঁর রাজনৈতিক পতনের সূচনা?
জানুয়ারি থেকে কংগ্রেসে ডেমোক্র্যাটদের হাতে আসবে গুরুত্বপূর্ণ ক্ষমতা। তাঁরা আইন পাসের পথে বাধা দিতে পারবেন, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারবেন এবং বিচার বিভাগ ও সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ আটকে দিতে পারবেন। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ কিংবা ইলন মাস্কের মতো প্রভাবশালী প্রযুক্তি উদ্যোক্তাদের জন্যও পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠতে পারে। এমনকি ট্রাম্পকে তৃতীয়বারের মতো অভিশংসনের উদ্যোগও নিতে পারে ডেমোক্র্যাটরা।
সব মিলিয়ে ট্রাম্পকে এবার অনেক বেশি রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে। কংগ্রেসের অচলাবস্থায় তাঁর ক্ষমতা সীমিত হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত তাঁর হাতে পড়ে থাকতে পারে শুধু প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা। ফল ঘোষণার রাতেই তিনি সেই ভেটো প্রয়োগের হুমকি দিতে শুরু করেছিলেন। তবে একটা বিষয় মনে রাখা দরকার। প্রথম মেয়াদের প্রথম দুই বছরে কংগ্রেসকে খুব একটা গুরুত্ব দেননি ট্রাম্প। ব্যতিক্রম ছিল তাঁর আলোচিত 'বিগ বিউটিফুল বিল'— কর ও সরকারি ব্যয়সংক্রান্ত বড় আইনটি পাস করানো।
শুল্কনীতি থেকে শুরু করে ভেনেজুয়েলা ও ইরানে সামরিক পদক্ষেপ—অনেক ক্ষেত্রেই তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই নিজের সিদ্ধান্ত কার্যকর করেছেন। ফলে কংগ্রেসে বিরোধীদের নিয়ন্ত্রণ বাড়লেও বিদেশনীতিতে তাঁর একতরফা সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থামবে, এমন নিশ্চয়তা নেই। বরং নিজের রাজনৈতিক উত্তরাধিকার গড়তে তিনি বিদেশনীতি ও সামরিক শক্তি ব্যবহারে আরও বেশি মনোযোগী হতে পারেন। বিশ্ববাসীর জন্য সেটিই হতে পারে সবচেয়ে উদ্বেগের বিষয়।
পাশাপাশি ওয়াশিংটনের চেহারা বদলে দেওয়ার পুরোনো স্বপ্নও ছাড়বেন না ট্রাম্প। হোয়াইট হাউসে নতুন বলরুম, বিজয়তোরণ এবং সোনালি সাজসজ্জার মতো প্রকল্পে তিনি ব্যস্ত থাকতে পারেন। কংগ্রেসের কেউ কেউ হয়তো ভাবতে পারেন, অন্য ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয় ঘটানোর চেয়ে এসব প্রকল্প নিয়েই প্রেসিডেন্ট ব্যস্ত থাকুন— সেটাই ভালো!
তবে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় বিপদ শুধু ডেমোক্র্যাটদের তদন্ত বা কংগ্রেসের বিরোধিতা নয়। সময়ও তাঁর বিরুদ্ধে কাজ করছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তাঁর উত্তরসূরি হওয়ার দৌড় এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। ট্রাম্পের জন্য বিষয়টি সহজ হবে না। জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু থেকে সরে গিয়ে জেডি ভ্যান্স, মার্কো রুবিও কিংবা অন্য সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীদের আলোচনার কেন্দ্রে উঠে আসা তিনি কতটা মেনে নিতে পারবেন, সেটাই বড় প্রশ্ন। এই পরিবর্তন রিপাবলিকান পার্টি এবং 'মাগা' আন্দোলনের উপর ট্রাম্পের দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাবেও ফাটল ধরাতে পারে। গত এক দশকে তিনি নিজের আদলে দলটিকে গড়ে তুলেছেন। তাই তাঁর বিদায়ের পর দলটি সহজে আগের অবস্থায় ফিরে যাবে, এমনটা ভাবার কারণ নেই।
তবে নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান নেতাদের একাংশ হয়তো বুঝতে শুরু করেছেন, ট্রাম্প এখন অতীতের রাজনীতির প্রতীক হয়ে উঠছেন। তাঁদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে হলে এবার নতুন নেতৃত্বের দিকে তাকাতেই হবে। অবশ্য প্রতিটি নির্বাচনী পালাবদলকে আমেরিকার রাজনীতিতে যুগান্তকারী পরিবর্তন বলে ধরে নেওয়ার প্রবণতা নতুন নয়। ট্রাম্প দু’বার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরও অনেকেই মনে করেছিলেন, আমেরিকার রাজনীতি চিরতরে বদলে গিয়েছে। অথচ দুইবারের কোনও নির্বাচনেই তিনি জাতীয় পর্যায়ে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পাননি।
২০২০ সালে তাঁর পরাজয়ের পরও অনেকে ভেবেছিলেন, ট্রাম্প-যুগের অবসান ঘটেছে। কিন্তু চার বছর পরই তিনি আবার রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটান। তাই এবারের মধ্যবর্তী নির্বাচনের ফল দেখে এখনই ট্রাম্প-যুগের সমাপ্তি ঘোষণা করাও বুদ্ধিমানের কাজ হবে না। তাঁর দ্বিতীয় মেয়াদের এখনও অর্ধেকের বেশি সময় বাকি। আর ডেমোক্র্যাটদের সঙ্গে সংঘাতে জড়ানোর সুযোগ পেলে ট্রাম্প যে পিছিয়ে আসবেন, এমন সম্ভাবনাও কম।বরং পরাজয়ে ক্ষুব্ধ, ক্ষমতা হারানোর আশঙ্কায় তাড়িত এবং রাজনৈতিকভাবে কোণঠাসা ট্রাম্প আগামী দুই বছরে আরও বেশি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তাঁর সামনে হারানোর কিছু নেই—এমন মনোভাবই তাঁকে আরও বেপরোয়া করে তুলতে পারে।
এদিকে রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পর এবার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। ট্রাম্প প্রকাশ্যে তাঁকে সমর্থন করলেও দলের ভিতরেই অনেকে মনে করছেন, নির্বাচনে হারের দায় তাঁর ঘাড়ে চাপানো হতে পারে।ইরান যুদ্ধকে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখছেন ভোটারদের একাংশ। এমনকি ট্রাম্প নিজেও বিষয়টি স্বীকার করেছেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পেন্টাগনের প্রাক্তন অফিসার বলেছেন, ইরান যুদ্ধের মূল দায়িত্ব প্রতিরক্ষা মন্ত্রকের উপরই বর্তায়। কারণ, বিদেশনীতির জটিল সমস্যা সামরিক পদক্ষেপের মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন।
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক রিপাবলিকান নেতার বক্তব্য আরও সরাসরি। তাঁর কথায়, প্রেসিডেন্ট যদি সত্যিই কাউকে এই যুদ্ধের ব্যর্থতার দায় নিতে বলেন, তাহলে সেই ব্যক্তি হওয়া উচিত পিট হেগসেথ। ওই নেতার অভিযোগ, যুদ্ধের সময়সীমা, লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে হেগসেথ শুরু থেকেই হয় ভুল তথ্য দিয়েছেন, নয়তো ভুল দাবি করেছেন। দুটোর কোনওটিই গ্রহণযোগ্য নয়।ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন, ইরান যুদ্ধ আদৌ প্রয়োজনীয় ছিল কি না। তাঁর বক্তব্য, এই যুদ্ধের কারণেই কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে হয়েছে রিপাবলিকানদের।
এদিকে কেনটাকির রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি ইতিমধ্যে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের আটটি অভিযোগ এনেছেন। প্রতিনিধি পরিষদে এ নিয়ে ভোটাভুটির উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। তবে ট্রাম্প এখনও হেগসেথের পাশেই দাঁড়িয়ে আছেন। সাংবাদিকেরা তাঁকে জিজ্ঞাসা করেন, প্রতিরক্ষা সচিবকে সরানোর কথা ভাবছেন কি না। জবাবে ট্রাম্প বলেন, 'না, আমার মনে হয় তিনি খুব ভালো কাজ করছেন।'
পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসনও ইউএসএ টুডেকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রক পুরোপুরি হেগসেথের নেতৃত্বের প্রতি ঐক্যবদ্ধ এবং মার্কিন সেনা ও দেশের স্বার্থে কাজ চালিয়ে যাবে। ট্রাম্প নিজেও ইরানে সামরিক অভিযানের অন্যতম প্রবক্তা হিসেবে হেগসেথের ভূমিকার কথা তুলে ধরেছেন। গত ২৩ মার্চ তিনি বলেছিলেন, পিটই প্রথম সামরিক পদক্ষেপের পক্ষে কথা বলেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ইরানকে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না। কিন্তু হেগসেথের রাজনৈতিক অবস্থান ক্রমেই জটিল হয়ে উঠছে। নিজের দলের মধ্যেও তিনি বিতর্কিত এবং অনেক রিপাবলিকান নেতার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়।
রিপাবলিকান সিনেটর থম টিলিস সিবিএস নিউজকে বলেছেন, হেগসেথকে এবার জবাবদিহির মুখোমুখি হতে হবে। তাঁর সঙ্গে আইনপ্রণেতাদের টানাপোড়েনের কারণে ট্রাম্প প্রশাসনের ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় পরিকল্পনাও কংগ্রেসে বাধার মুখে পড়তে পারে। টিলিসের কথায়, আগামী নির্বাচনের পর খতিয়ে দেখা প্রয়োজন, প্রতিরক্ষা সচিব হিসেবে হেগসেথই কি কংগ্রেসের কাছে প্রতিরক্ষা খাতের বিপুল অর্থ বরাদ্দ আদায়ের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি? কারণ, বর্তমান কংগ্রেসের মেয়াদ শেষ হতে আর মাত্র ৬০ দিন বাকি।
অন্যদিকে ডেমোক্র্যাটরা ক্ষমতা হাতে পাওয়ার পর হেগসেথের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের প্রস্তুতি নিচ্ছেন। পেন্টাগন পরিচালনায় তাঁর ভূমিকা থেকে শুরু করে ইরান যুদ্ধ, শীর্ষ সামরিক অফিসারদের অপসারণ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত— সবকিছুই তদন্তের আওতায় আসতে পারে। ইউক্রেন নীতিতেও তাঁর ভূমিকা খতিয়ে দেখা হতে পারে। লাতিন আমেরিকার জলসীমায় মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌযানের উপর মার্কিন সামরিক হামলাও তদন্তের মুখে পড়তে পারে। ডেমোক্র্যাটদের কেউ কেউ এসব অভিযানকে সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে দেখছেন।
আগামী বছর প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য অ্যাডাম স্মিথের। তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, ইরান যুদ্ধ থেকে শুরু করে মার্কিন সশস্ত্র বাহিনীর অরাজনৈতিক চরিত্র ক্ষুণ্ন হওয়ার অভিযোগ—কোনও বিষয়েই ছাড় দেওয়া হবে না। অর্থাৎ, নির্বাচনে হার শুধু রিপাবলিকানদের কংগ্রেসের ক্ষমতা কেড়ে নেয়নি; ট্রাম্প প্রশাসনের ভিতরেও শুরু করে দিয়েছে দায় এড়ানোর লড়াই। এখন দেখার বিষয়, ইরান যুদ্ধের ব্যর্থতার দায় শেষ পর্যন্ত পিট হেগসেথের ঘাড়ে গিয়ে পড়ে, নাকি সেই আগুনের আঁচ পৌঁছে যায় সরাসরি হোয়াইট হাউস পর্যন্ত।

No comments:

Post a Comment