Monday, November 9, 2026

 

অলিগার্কদের বিশ্ব, আমেরিকায় শ্রেণি-রাজনীতি

বিশ্বের ক্ষমতার মানচিত্রে নীরবে ঘটে গিয়েছে এক বড় পরিবর্তন। রাষ্ট্র আছে, সরকার আছে, নির্বাচন আছে, রাজনৈতিক দলও আছে। কিন্তু এসবের আড়ালে ক্রমেই শক্তিশালী হয়ে উঠেছে আরেকটি ক্ষমতাকেন্দ্র। সেখানে গুটিকয় ধনী মানুষের হাতে জমা হচ্ছে বিপুল সম্পদ, রাষ্ট্রের নীতিনির্ধারণে বাড়ছে তাঁদের প্রভাব, এমনকি মানুষের চিন্তা, বিশ্বাস ও রাজনৈতিক পছন্দ নির্ধারণের ক্ষমতাও চলে যাচ্ছে তাঁদের নিয়ন্ত্রণে। রাশিয়া বা আমেরিকা নয়, এই প্রবণতা ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে অলিগার্কদের আধিপত্য।

অলিগার্ক বলতে শুধু ধনীদের শাসন বোঝায় না। বরং এমন ব্যক্তিদের বোঝায়, যাঁদের হাতে সম্পদ ও ক্ষমতা একীভূত হয়েছে। তাঁদের রাষ্ট্রপ্রধান হতে হবে, এমন কোনো শর্ত নেই। অন্তত দুই কোটি ডলারের নিট সম্পদের পাশাপাশি সেই সম্পদকে রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক কিংবা সামাজিক ক্ষমতায় রূপান্তরের সামর্থ্য থাকলেই একজনকে এই শ্রেণিতে ফেলা যায়। কারণ, এত সম্পদ থাকলে অন্যের আর্থিক সাহায্যের উপর নির্ভর না করেই নিজের ক্ষমতা তৈরি ও প্রয়োগ করা সম্ভব। এই সংজ্ঞায় বিশ্বের ৫৯ জন রাষ্ট্র ও সরকারপ্রধান অলিগার্ক। বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির আটটির নেতৃত্বে রয়েছেন এমন ব্যক্তি। বিশ্ব অর্থনীতির অর্ধেকেরও বেশি অংশ এমন রাজনৈতিক নেতৃত্বের অধীনে, যাঁদের হাতে সম্পদ ও ক্ষমতা একই সঙ্গে কেন্দ্রীভূত।

আরও তাৎপর্যপূর্ণ হল, এই নেতাদের সম্পদ অর্জনের ইতিহাস। তাঁদের মাত্র ৭ শতাংশ নিজেদের চেষ্টায় সম্পদশালী হয়েছেন। বাকি ৯৩ শতাংশ উত্তরাধিকার কিংবা রাজনৈতিক ও অন্যান্য যোগাযোগ কাজে লাগিয়ে সম্পদের মালিক হয়েছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার রাজনৈতিক যোগাযোগ ব্যক্তিগত সম্পদ অর্জনে সহায়তা করেছে। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের আন্দ্রেই বাবিশ প্রথমে ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলে পরে সেই সম্পদকে রাজনৈতিক ক্ষমতায় রূপান্তর করেছেন। পথ আলাদা, কিন্তু সম্পদ ও ক্ষমতার সংমিশ্রণ একই।

এই নতুন শ্রেণির সবচেয়ে বড় শক্তি অবশ্য শুধু রাষ্ট্র পরিচালনা নয়। ক্ষমতার তিনটি স্তর রয়েছে। প্রথমটি— সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যা রাষ্ট্র ও সরকারপ্রধানেরা প্রয়োগ করেন। দ্বিতীয়টি— কোন বিষয়গুলো সমাজ ও রাজনীতিতে আলোচনার কেন্দ্রে থাকবে, তা নির্ধারণ করা। তৃতীয়টি— মানুষের চিন্তা, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করা। আমেরিকার চার্লস কোচ ও রুপার্ট মারডক বহুদিন ধরেই এই ক্ষমতা প্রয়োগ করছেন। কোচের বিপুল সম্পদ রিপাবলিকান রাজনীতিকে শক্তিশালী করেছে। মারডক তাঁর সংবাদমাধ্যমের সাম্রাজ্য দিয়ে জনমত গঠনে প্রভাব বিস্তার করেছেন। কিন্তু প্রযুক্তির উত্থান অলিগার্কদের ক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে। এখন স্যাম অল্টম্যান, ইলন মাস্ক ও ল্যারি পেজের মতো ব্যক্তিরা শুধু ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক নন; তাঁরা মানুষের তথ্যপ্রাপ্তি, যোগাযোগ ও জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বারগুলোর উপরও প্রভাব বিস্তার করছেন।

চ্যাটজিপিটি, এক্স কিংবা গুগল সার্চ এখন আর নিছক প্রযুক্তিপণ্য নয়। কোটি কোটি মানুষ প্রতিদিন এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে তথ্য খোঁজেন, পৃথিবীকে বোঝেন, মতামত তৈরি করেন। ফলে মানুষ কী দেখবে, কী জানবে, কোন বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করবে এবং শেষ পর্যন্ত কী বিশ্বাস করবে—এসবের উপরও প্রযুক্তি মালিকদের প্রভাব তৈরি হচ্ছে। একজন রাষ্ট্রপ্রধান আইন করতে পারেন, নির্দেশ দিতে পারেন, বলপ্রয়োগ করতে পারেন। কিন্তু একজন প্রযুক্তি অলিগার্ক মানুষের চিন্তার জগতে প্রবেশের পথগুলো নিয়ন্ত্রণ করতে পারেন। এই ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ে কোনো অংশে কম নয়; কোনো কোনো ক্ষেত্রে আরও গভীর।

অলিগার্কদের অবশ্য কোনো অভিন্ন রাজনৈতিক মতাদর্শ নেই। গণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী—দুই ধরনের ব্যবস্থাতেই তাঁদের দেখা যায়। কেউ বামপন্থী, কেউ ডানপন্থী; কেউ সমাজতন্ত্রের কথা বলেন, কেউ পুঁজিবাদের। চীনের জি জিনপিং, নিকারাগুয়ার ড্যানিয়েল ওর্তেগা ও রোসারিও মুরিয়ো, তুরস্কের এরদোগান, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কিংবা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প— রাজনৈতিক অবস্থানে তাঁদের মধ্যে বিস্তর পার্থক্য। কিন্তু সম্পদ ও ক্ষমতার কেন্দ্রীভবনের জায়গায় তাঁদের উত্থান একই প্রবণতার অংশ। এই প্রবণতার সবচেয়ে নাটকীয় প্রকাশ ঘটেছে আমেরিকায়। ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় ফেরা শুধু একজন রাজনীতিকের প্রত্যাবর্তন ছিল না; এটি ছিল প্রযুক্তি দুনিয়ার ধনকুবের, ওয়াল স্ট্রিটের পুঁজিপতি ও রক্ষণশীল রাজনৈতিক শক্তির মধ্যে নতুন এক জোট গড়ার চেষ্টা। সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তারা ভেবেছিলেন, ট্রাম্প তাঁদের সঙ্গে শ্রমজীবী আমেরিকানদের একটি স্থায়ী রাজনৈতিক জোট তৈরি করে দেবেন। তাঁদের লক্ষ্য ছিল এমন এক রাজনৈতিক ব্যবস্থা, যেখানে দেশের এক শতাংশ শীর্ষ ধনী ও ন্যূনতম মজুরিতে কাজ করা শ্রমিক একই শিবিরে থাকবেন। এই জোটের ভিত্তি ছিল একটি কৌশল: শ্রেণিগত বিরোধকে সাংস্কৃতিক বিরোধে পরিণত করা। মানুষের বেতন বাড়ছে না, বাড়িভাড়া মেটানো কঠিন হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে—এসব প্রশ্নকে আড়াল করে সামনে আনা হল অভিবাসন, বর্ণ, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের বিতর্ক। শ্রমিকের মজুরি বাড়ানোর দাবি চাপা দিয়ে বলা হল, অভিবাসীরাই সব সমস্যার কারণ। এমনকি হাইতির অভিবাসীরা পোষা কুকুর-বিড়াল খেয়ে ফেলছে— এমন ভিত্তিহীন অভিযোগও রাজনৈতিক প্রচারের হাতিয়ার হল।

রাজনৈতিক জোটটি ছিল বিচিত্র। একদিকে শ্রমজীবী মানুষ, অন্যদিকে শতকোটিপতি প্রযুক্তি উদ্যোক্তা। লাতিন ও কৃষ্ণাঙ্গ ভোটারদের সঙ্গে একই শিবিরে জায়গা হল বর্ণবাদী মনোভাব পোষণকারীদের। এমনকি যৌন অপরাধী জেফরি এপস্টিনের বিরোধিতাকারীদের সঙ্গে এপস্টিনের ঘনিষ্ঠ ধনীদেরও একই রাজনৈতিক পরিসরে দেখা গেল। অর্থনৈতিক স্বার্থের বিরোধকে সাংস্কৃতিক উত্তেজনায় ঢেকে দেওয়াই ছিল এই রাজনীতির মূল কৌশল। কিন্তু এই কৌশলের একটি দুর্বলতা ছিল। মানুষের দৈনন্দিন জীবনকে চিরকাল রাজনৈতিক প্রচার দিয়ে আড়াল করা যায় না।

আমেরিকার সাধারণ মানুষের সামনে তখন একের পর এক সংকট। পেট্রলের দাম, ডিম থেকে মাংস পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, বাড়িভাড়া, স্বাস্থ্যপরিষেবার ব্যয়— সব মিলিয়ে জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। মানুষ বুঝতে শুরু করেছে, সমস্যাটি শুধু জিনিসপত্রের দাম বাড়ার নয়; সমস্যাটি তাদের আয় ও সম্পদের বণ্টন নিয়েও। অর্থনীতি বাড়ছে, করপোরেট মুনাফা বাড়ছে, প্রযুক্তি উদ্যোক্তাদের সম্পদ ফুলে-ফেঁপে উঠছে। কিন্তু সাধারণ মানুষের জীবনে তার সুফল কোথায়? এই প্রশ্নের রাজনৈতিক ভাষা তৈরি করেছিলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিকে তিনি নির্বাচনী রাজনীতির কেন্দ্রে নিয়ে আসেন। তাঁর বক্তব্য ছিল, শুধু পণ্যের দাম কমালেই হবে না, মানুষের মজুরিও ন্যায্য হতে হবে। অর্থাৎ তিনি জীবনযাত্রার ব্যয়ের সংকটকে আয়বৈষম্যের সঙ্গে যুক্ত করেন। এই বক্তব্যের মধ্য দিয়ে আমেরিকার রাজনীতিতে বহুদিন চাপা পড়ে থাকা শ্রেণির প্রশ্ন আবার সামনে চলে আসে।

কারণ, কয়েক দশক ধরে আমেরিকার অর্থনৈতিক নীতির একটি ধারাবাহিকতা রয়েছে। রোনাল্ড রেগ্যান, বিল ক্লিনটন, জর্জ বুশ ও বারাক ওবামা—দুই দলের শাসনেই করব্যবস্থা ও অর্থনৈতিক নীতি এমনভাবে বদলানো হয়েছে, যাতে শ্রমের আয়ের তুলনায় সম্পদের মালিকানা বেশি সুবিধা পায়। ফলে দেশটির সবচেয়ে ধনী ৪০০টি পরিবার এখন নীচের অর্ধেক মানুষের তুলনায় কম হারে কর দেয়। অর্থনীতিবিদ ফ্রেড ম্যাগডফ ও জন বেলামি ফস্টারের ‘গ্র্যান্ড থেফট ক্যাপিটাল’ বইয়ে দেখানো হয়েছে, ১৯৬০-এর দশকে জাতীয় আয়ের প্রায় ৩০ শতাংশ পেতেন সাধারণ শ্রমিকেরা। এখন তাঁদের অংশ কমে দাঁড়িয়েছে ২০ শতাংশে। এই দীর্ঘ বঞ্চনার দায় শুধু রিপাবলিকানদের নয়, ডেমোক্র্যাটদেরও রয়েছে। ২০১৬ সালে এই ক্ষোভই ট্রাম্পের উত্থানে ভূমিকা রেখেছিল। কিন্তু ক্ষমতায় এসে ট্রাম্প সেই অর্থনৈতিক বৈষম্য দূর করার বদলে নতুনভাবে সম্পদ ও ক্ষমতার কেন্দ্রীভবনকে ত্বরান্বিত করেছেন। যে শ্রমজীবী মানুষের অসন্তোষ তাঁকে ক্ষমতায় এনেছিল, তাঁরাই আবার তাঁর শাসনের অর্থনৈতিক বাস্তবতায় হতাশ হতে শুরু করেছেন।

এর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা আমেরিকার অর্থনীতিতে এক নতুন বৈপরীত্য তৈরি করেছে। ট্রাম্প প্রশাসন প্রবৃদ্ধির সাফল্য প্রচার করছে। অথচ হার্ভার্ডের অর্থনীতিবিদ জেসন ফারম্যানের হিসাবে, ২০২৫ সালের প্রথম ছয় মাসে আমেরিকার জিডিপি প্রবৃদ্ধির ৯২ শতাংশ এসেছে এআই পরিকাঠামোয় বিনিয়োগ থেকে। অর্থাৎ অর্থনীতির প্রবৃদ্ধির বড় ভরসা এখন এমন একটি প্রযুক্তি, যার মালিকানা ও বিনিয়োগের সুফল কেন্দ্রীভূত রয়েছে অল্প কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে।

বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাপোলোর হিসাবে, আমেরিকার শীর্ষ ৫০০ কোম্পানির মধ্যে মাত্র সাতটি বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান ভালো করছে। বাকি ৪৯৩টির আয় ও মুনাফা প্রায় স্থবির। অ্যাপোলোর প্রধান অর্থনীতিবিদ টর্স্টেন স্লকের পর্যবেক্ষণ, বিপুল বিনিয়োগ ও প্রচার সত্ত্বেও এআই এখনো করপোরেট আমেরিকার জন্য প্রত্যাশিত আর্থিক সুফল আনতে পারেনি। কিন্তু স্যাম অল্টম্যান, দারিও আমোদেই ও জেনসেন হুয়াংয়ের মতো উদ্যোক্তাদের হাতে জমা হচ্ছে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ ও সম্পদ। সিলিকন ভ্যালির বাইরে সাধারণ মানুষের ভাগ্যে জুটছে সামান্যই। অথচ এআইয়ের জন্য তৈরি হচ্ছে বিশাল বিশাল ডেটা সেন্টার। এসব কেন্দ্র চালাতে প্রয়োজন বিপুল বিদ্যুৎ ও জল। স্থানীয় পরিবেশ, জমি ও জনজীবনের উপর তৈরি হচ্ছে বাড়তি চাপ। প্রযুক্তির ভবিষ্যৎ নির্মাণের নামে সাধারণ মানুষের ঘাড়ে চাপছে তার খরচ, অথচ মুনাফা যাচ্ছে গুটিকয় প্রতিষ্ঠানের কাছে।

ফলে এবারের নির্বাচনে অনেক এলাকায় সবচেয়ে অপছন্দের প্রার্থী হয়ে উঠেছে ডেটা সেন্টার। যে প্রকল্পকে প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসেবে দেখানো হচ্ছে, স্থানীয় মানুষের কাছে সেটিই হয়ে উঠেছে বিদ্যুৎ, জল ও পরিবেশের উপর বাড়তি চাপের নাম। দ্য ইকোনমিস্টের বিশ্লেষণেও উঠে এসেছে, যেসব ট্রাম্প-সমর্থকের বাড়ির কাছে ডেটা সেন্টার তৈরি হয়েছে, তাঁদের অনেকে রাজনৈতিক অবস্থান বদলেছেন। টেক্সাসে এই সংঘাত সবচেয়ে স্পষ্ট। দীর্ঘদিন রিপাবলিকানদের ঘাঁটি হিসেবে পরিচিত এই রাজ্যে ডেটা সেন্টারবিরোধী অবস্থান নির্বাচনের গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। সেখানে রিপাবলিকান প্রার্থীদের পিছনে ইলন মাস্ক একাই ২৫ কোটি ডলার ব্যয় করেছেন। টেক্সাস তাঁর ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্র। আগামী কয়েক বছরে অঙ্গরাজ্যটি আমেরিকার প্রধান ডেটা সেন্টারকেন্দ্র হয়ে উঠতে পারে। অথচ সেই রাজ্যেই ডেটা সেন্টারবিরোধী অবস্থান নিয়ে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো। এটি শুধু একটি নির্বাচনী পরাজয় নয়; অলিগার্কদের রাজনৈতিক কৌশলের জন্যও একটি সতর্কবার্তা। অর্থ দিয়ে রাজনৈতিক প্রচার চালানো যায়, প্রার্থীকে সমর্থন দেওয়া যায়, সংবাদ ও তথ্যপ্রবাহে প্রভাব বিস্তার করা যায়। কিন্তু মানুষের বাড়ির বিদ্যুৎ বিল, জলের সংকট কিংবা মাসের শেষে বাড়িভাড়া দেওয়ার অসহায়ত্বকে চিরকাল আড়াল করা যায় না।

মেইন-এ ট্রয় জ্যাকসন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই বিলুপ্ত করার প্রতিশ্রুতি দিয়ে জয়ী হয়েছেন। মিশিগানে আবদুল এল-সাইয়েদ সবার জন্য সরকারি স্বাস্থ্যবিমার প্রতিশ্রুতি দিয়ে জয় পেয়েছেন। জোহরান মামদানির মতো তাঁরাও বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে বিকল্প রাজনীতির কথা বলেছেন। তাঁদের উত্থান দেখাচ্ছে, সাংস্কৃতিক মেরুকরণের বাইরে এসে শ্রেণি, মজুরি, স্বাস্থ্য পরিষেবা ও জীবনযাত্রার ব্যয়ের প্রশ্ন আবারও আমেরিকার রাজনীতির কেন্দ্রে জায়গা করে নিচ্ছে।

এখানে একটি বড় রাজনৈতিক তাৎপর্য রয়েছে। ট্রাম্প যে জোট তৈরি করতে চেয়েছিলেন, তার ভিত্তি ছিল শ্রমজীবী মানুষের ক্ষোভকে ধনীদের স্বার্থের সঙ্গে যুক্ত করা। কিন্তু সেই জোটের ভিতরেই ছিল মৌলিক স্বার্থের সংঘাত। একদিকে শ্রমিকের প্রয়োজন বেশি মজুরি, সস্তা বিদ্যুৎ, সাশ্রয়ী বাসস্থান ও উন্নত জনসেবা। অন্যদিকে প্রযুক্তি অলিগার্কদের প্রয়োজন করছাড়, সরকারি চুক্তি, নিয়ন্ত্রণ শিথিল করা এবং নিজেদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ। কিছুদিন সাংস্কৃতিক যুদ্ধ দিয়ে এই বিরোধ ঢেকে রাখা গেলেও শেষ পর্যন্ত তা প্রকাশ পেয়েছে।

ট্রাম্প একসময় বলেছিলেন, নিউইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে দাঁড়িয়ে কাউকে গুলি করলেও তাঁর ভোট কমবে না। কথাটি ছিল নিজের জনপ্রিয়তা নিয়ে তাঁর অসীম আত্মবিশ্বাসের প্রকাশ। কিন্তু রাজনৈতিক বাস্তবতা দেখাচ্ছে, কোনো নেতার জনপ্রিয়তাই চিরস্থায়ী নয়। মানুষের জীবনযাত্রার সংকট যখন অসহনীয় হয়ে ওঠে, তখন রাজনৈতিক প্রচারের চেয়ে বাস্তব অভিজ্ঞতা বড় হয়ে দাঁড়ায়। তবে আমেরিকার এই রাজনৈতিক প্রতিরোধকে অলিগার্কদের আধিপত্যের অবসান বলে ভাবার কারণ নেই। বরং বিশ্বজুড়ে সম্পদ ও ক্ষমতার কেন্দ্রীভবন আরও গভীর হচ্ছে। প্রযুক্তি মালিকরা রাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করছেন, সরকারি নীতি প্রভাবিত করছেন, মানুষের তথ্যপ্রাপ্তি ও যোগাযোগের পরিসর নিয়ন্ত্রণ করছেন। রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাঁদের বলপ্রয়োগের ক্ষমতার কারণে গুরুত্বপূর্ণ থাকবেন, কিন্তু প্রযুক্তি অলিগার্করা মানুষের চিন্তা ও জনপরিসরের আলোচ্য বিষয় নির্ধারণের নতুন ক্ষমতা প্রয়োগ করবেন। রাষ্ট্রের পক্ষে এই ক্ষমতা নিয়ন্ত্রণ করা ক্রমেই কঠিন হয়ে উঠবে।

এখানেই নতুন বিশ্বব্যবস্থার সবচেয়ে বড় দ্বন্দ্ব। একদিকে মুষ্টিমেয় মানুষের হাতে সম্পদ, প্রযুক্তি ও রাজনৈতিক প্রভাবের অভূতপূর্ব কেন্দ্রীভবন। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকা ক্ষোভ, বৈষম্যবিরোধী মনোভাব ও শ্রেণিচেতনা। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের চিন্তার জগতে প্রবেশের চেষ্টা, অন্যদিকে সেই প্রযুক্তির মালিকানা ও মুনাফার বণ্টন নিয়ে প্রশ্ন।

অলিগার্কদের কোনো অভিন্ন মতাদর্শ নেই। তাই তাঁদের মোকাবিলার লড়াইও শুধু ডান ও বামের লড়াই নয়। এটি সম্পদ ও শ্রমের, প্রযুক্তির মালিকানা ও সাধারণ মানুষের অধিকারের, তথ্য নিয়ন্ত্রণ ও চিন্তার স্বাধীনতার লড়াই। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইলন মাস্কের উত্থান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি এমন এক ভবিষ্যতের ইঙ্গিত, যেখানে রাষ্ট্রের বাইরেও কিছু ব্যক্তি নিজেদের হাতে বিপুল রাজনৈতিক ও সামাজিক ক্ষমতা কেন্দ্রীভূত করতে পারবেন।

বিশ্বের ৫৯ জন অলিগার্ক রাষ্ট্র ও সরকারপ্রধানের পরিসংখ্যান থেকে শুরু করে আমেরিকার ডেটা সেন্টারবিরোধী ভোট— সব ঘটনা একই বাস্তবতার দিকে ইঙ্গিত করছে। ক্ষমতা আর শুধু সংসদ, সরকার কিংবা রাষ্ট্রপতির দপ্তরে সীমাবদ্ধ নেই। তা ছড়িয়ে পড়েছে করপোরেট বোর্ডরুম, প্রযুক্তি প্ল্যাটফর্ম, সংবাদমাধ্যম, বিনিয়োগ তহবিল ও তথ্যপ্রবাহের নিয়ন্ত্রণকেন্দ্রে।

অলিগার্করা বিশ্বকে নিজেদের মতো করে সাজানোর কাজ শুরু করে দিয়েছেন। কিন্তু আমেরিকার শ্রেণি-রাজনীতির প্রত্যাবর্তন দেখিয়েছে, এই আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের সম্ভাবনাও শেষ হয়ে যায়নি। এখন প্রশ্ন আর অলিগার্করা বিশ্ব শাসন করবেন কি না, তা নয়। তাঁরা ইতিমধ্যেই বিশ্বরাজনীতির অন্যতম প্রধান ক্ষমতাকেন্দ্র হয়ে উঠেছেন। আসল প্রশ্ন, তাঁদের হাতে গড়ে ওঠা এই নতুন বিশ্বে সাধারণ মানুষের ভূমিকা কী হবে? তাঁরা কি শুধু প্রযুক্তির ব্যবহারকারী, পণ্যের ক্রেতা, রাজনৈতিক প্রচারের লক্ষ্যবস্তু এবং অলিগার্কদের সম্পদ বৃদ্ধির উপকরণ হয়ে থাকবেন? নাকি নিজেদের শ্রম, ভোট ও রাজনৈতিক সংগঠনের শক্তিতে এই ক্ষমতার কাঠামোকে চ্যালেঞ্জ জানাবেন?

আগামী দিনের বিশ্বরাজনীতির সবচেয়ে বড় লড়াই সম্ভবত এই প্রশ্নের উত্তর খোঁজার লড়াই।

No comments:

Post a Comment