Thursday, October 29, 2026

অর্থনীতির আসল চালিকাশক্তি: মানুষের ভয়, প্রত্যাশা, আস্থা

একজন মানুষের পকেটে টাকা আছে। তবু তিনি বাজারে যাচ্ছেন না। নতুন জামা কিনছেন না, ছুটি কাটানোর পরিকল্পনা বাতিল করছেন, এমনকি পুরোনো স্কুটারটিও সারাচ্ছেন না। কেন? তিনি জেনে গিয়েছেন, তাঁর চাকরিটা হয়তো আগামী মাসে থাকবে না। অন্যদিকে, আর একজনের বেতন আগামী মাসে বাড়বে বলে খবর এসেছে। বেতন এখনও বাড়েনি, টাকা এখনও ব্যাঙ্কে ঢোকেনি। তবু তিনি নতুন ফোন কেনার কথা ভাবছেন, পরিবারের জন্য বাড়তি খরচ করছেন। কারণ, তাঁর মনে ভবিষ্যৎ নিয়ে ভয় নয়, প্রত্যাশা কাজ করছে। দু’জনের পকেটের অঙ্ক আলাদা হতে পারে। কিন্তু আসল তফাতটা টাকার অঙ্কে নয়, আগামীকাল সম্পর্কে তাঁদের ধারণায়। অর্থনীতির গতিপথ অনেক সময় ঠিক করে দেয় সেই আগামীকাল, যা এখনও আসেইনি। এই সহজ অথচ গুরুত্বপূর্ণ সত্যকে নতুন করে সামনে এনেছে অর্থনীতিতে নোবেলজয়ী রবার্ট হল ও মাইকেল উডফোর্ডের গবেষণা।

মানুষের প্রত্যাশা কীভাবে আজকের খরচ, সঞ্চয়, বিনিয়োগ এবং বাজারের গতিপথ বদলে দেয়, আধুনিক অর্থনীতির আলোচনায় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি শুনতে অর্থনীতির বইয়ের কঠিন তত্ত্ব বলে মনে হতে পারে। কিন্তু এর প্রভাব পড়ে আমাদের রান্নাঘরে, বাজারের থলিতে, ব্যাঙ্কের ঋণে, এমনকি চাকরি থাকবে কি না— সেই দুশ্চিন্তাতেও। আর ভারতের মতো দেশে, যেখানে কোটি কোটি মানুষ প্রতিদিন আয় ও খরচের হিসাব মেলাতে লড়াই করেন, সেখানে এই প্রশ্ন আরও জরুরি।

একসময় অর্থনীতির একটি জনপ্রিয় ধারণা ছিল, বাজারকে নিজের নিয়মে চলতে দিলে সে নিজেই ভারসাম্য খুঁজে নেবে। অষ্টাদশ শতকের অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের সঙ্গে এই ধারণার নাম জড়িয়ে আছে। ক্রেতা নিজের স্বার্থ দেখবেন, বিক্রেতা নিজের লাভের কথা ভাববেন, আর তাঁদের পারস্পরিক লেনদেনের মধ্য দিয়েই বাজারের ব্যবস্থা তৈরি হবে।

কিন্তু ইতিহাস সব সময় তত্ত্বের কথা শোনে না। ১৯২৯ সালে আমেরিকায় শুরু হল ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়। শেয়ারবাজারে ধস নামল। ব্যবসা বন্ধ হতে লাগল। লক্ষ লক্ষ মানুষ কাজ হারালেন। মানুষের আয় কমল, কেনাকাটা কমল, ব্যবসায়ীদের বিক্রিও কমে গেল। ব্যবসা বাঁচাতে আরও কর্মী ছাঁটাই হলেন। আবার কমল মানুষের আয়। একটি ভয় কীভাবে আর একটি ভয়কে জন্ম দেয়, তার যেন এক ভয়ংকর উদাহরণ হয়ে উঠল সেই মহামন্দা।

তখন অর্থনীতিবিদ জন মেনার্ড কেইন্‌স বললেন, বাজারের উপর সব দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। মানুষ যখন খরচ করতে ভয় পাচ্ছেন, ব্যবসায়ীরা যখন বিনিয়োগ করতে চাইছেন না, তখন সরকারকেই এগিয়ে আসতে হবে। সরকারি ব্যয় বাড়াতে হবে, প্রয়োজনমতো কর কমাতে হবে, অর্থনীতিতে চাহিদা ফিরিয়ে আনতে হবে। যুক্তিটা সহজ। মানুষের হাতে টাকা থাকলে তাঁরা কিনবেন। মানুষ কিনলে ব্যবসায়ীদের বিক্রি বাড়বে। বিক্রি বাড়লে উৎপাদন বাড়তে পারে, নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। অর্থনীতির চাকা আবার ঘুরতে শুরু করবে।

কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। সত্তরের দশকে বিশ্ব অর্থনীতির সামনে দেখা দিল আর এক বিপদ—‘স্ট্যাগফ্লেশন’। একদিকে জিনিসের দাম বাড়ছে, অন্যদিকে অর্থনৈতিক বৃদ্ধি ধীর হয়ে যাচ্ছে, বাড়ছে বেকারত্বও। বিশেষ করে ১৯৭৩ সালের তেলসংকট দেখিয়ে দিল, উৎপাদনের খরচ বেড়ে গেলেও মূল্যবৃদ্ধি হতে পারে। মানুষ কম কিনছেন বলেই যে দাম কমবে, তার কোনও নিশ্চয়তা নেই। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে। পরিবহন খরচ বাড়লে খাবার থেকে পোশাক—বহু পণ্যের দাম বাড়তে পারে। তখন শুধু সুদের হার কমানো বা বাড়ানো দিয়ে সব সমস্যার সমাধান করা যায় না। অর্থনীতির সামনে তখন আরও বড় প্রশ্ন এসে দাঁড়াল: মানুষের সিদ্ধান্ত, ভয়, আশা এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণাকে বাদ দিয়ে কি অর্থনীতিকে সত্যিই বোঝা সম্ভব?

ভবিষ্যৎ খারাপ হবে— এই ভয় কখনও কখনও ভবিষ্যৎকে সত্যিই আরও খারাপ করে তোলে। ধরুন একটি সাধারণ ভারতীয় পরিবারের কথা। মাসে আয় ত্রিশ হাজার টাকা। বাড়িভাড়া, চাল-ডাল, রান্নার গ্যাস, সন্তানের পড়াশোনা, যাতায়াত এবং ওষুধের খরচ মেটাতে মাসের শেষ দিকে হাতে বিশেষ কিছু থাকে না। একদিন পরিবারের উপার্জনকারী শুনলেন, তাঁর কর্মস্থলে ছাঁটাই হতে পারে। খবরটি এখনও নিশ্চিত নয়। তাঁর বেতনও কমেনি। তবুও পরের দিন থেকেই হিসাব বদলে গেল। নতুন জামা কেনা বন্ধ। বাইরে খাওয়া বন্ধ। বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল। হাতে যা আছে, তার যতটা সম্ভব সঞ্চয় করে রাখতে হবে। এ বার ভাবুন, এমন সিদ্ধান্ত যদি একটি পরিবার নয়, লক্ষ লক্ষ পরিবার নেয়?

দোকানে ক্রেতা কমবে। বিক্রি কমলে দোকানদার কম পণ্য কিনবেন। পাইকারের বিক্রি কমবে। কারখানায় উৎপাদন কমতে পারে। উৎপাদন কমলে আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি হবে। একটি পরিবারের ভয় তখন আর শুধু সেই পরিবারের মধ্যে আটকে থাকে না। তা ছড়িয়ে পড়ে বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এখানেই অর্থনীতির আসল নাটক। কোনও বড় বিপর্যয় ঘটার আগেই বিপর্যয়ের আশঙ্কা মানুষের আচরণ বদলে দিতে পারে। আর বহু মানুষের সেই বদলে যাওয়া আচরণ মিলেই কখনও কখনও সংকটকে আরও গভীর করে তোলে।

বাজারের আর একটি দৃশ্য আরও পরিচিত। খবর ছড়িয়েছে, আগামী সপ্তাহে পেঁয়াজের দাম বাড়বে। কেউ প্রয়োজনের চেয়ে বেশি পেঁয়াজ কিনে রাখছেন। কেউ চাল-ডাল মজুত করছেন। ব্যবসায়ীরাও ভাবছেন, এই সুযোগে দাম বাড়ানো ভালো। ফলে দাম বাড়ার আশঙ্কা থেকেই বাজারে বাড়তি চাপ তৈরি হতে পারে। অবশ্য সব মূল্যবৃদ্ধির কারণ মানুষের প্রত্যাশা নয়। ফসল নষ্ট হলে, আমদানির খরচ বাড়লে, পরিবহনে সমস্যা হলে কিংবা সরবরাহ কমে গেলে দাম বাস্তব কারণেও বাড়ে। কিন্তু ভবিষ্যতে দাম বাড়বে— এই বিশ্বাস কখনও সেই চাপকে আরও বাড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে সরকারের ভূমিকা কী হওয়া উচিত? শুধু ঘোষণা করলেই হবে না, কেন দাম বাড়ছে, সেটাও নিরপেক্ষভাবে বুঝতে হবে। জনগণকে জানাতে হবে।

মানুষের প্রতিদিনের অভিজ্ঞতা আর সরকারি বক্তব্যের মধ্যে ব্যবধান বাড়তে থাকলে বিশ্বাস কমে যায়। আর একবার বিশ্বাস নষ্ট হলে তা ফিরিয়ে আনা সহজ নয়। আজ সরকার বলছে, অর্থনীতি ভালো চলছে। কাল বলছে, পরিস্থিতি সামলাতে আরও সময় লাগবে। একদিকে নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি, অন্যদিকে চাকরির বাজার নিয়ে উদ্বেগ। একদিকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান, অন্যদিকে অনিয়মের অভিযোগে নীরবতা। এই বৈপরীত্য মানুষের মনে প্রশ্ন তোলে। নিয়ম কি সত্যিই সবার জন্য সমান? বিনিয়োগ করলে নিয়মের নিশ্চয়তা পাওয়া যাবে তো? আজ যে নীতি রয়েছে, কালও কি তা থাকবে? ব্যবসায়ীর কাছে এই প্রশ্নগুলি নিছক রাজনৈতিক বিতর্ক নয়। এগুলি তাঁর লাভ-ক্ষতির হিসাবের অংশ। তিনি যদি মনে করেন, আগামীকাল নিয়ম বদলে যেতে পারে, তাহলে আজই বিনিয়োগ থেকে পিছিয়ে আসতে পারেন। আর বিনিয়োগ না হলে কর্মসংস্থান বাড়ানোর পথও সংকুচিত হয়। রাজনীতির বিশ্বাসযোগ্যতা তাই শুধু ভোটের বিষয় নয়। তা দেশের অর্থনীতিরও প্রশ্ন।

একটি দেশের সরকার মানুষের কাছে আস্থা চাইতেই পারে। কিন্তু সেই আস্থা তৈরি হবে কীভাবে? শুধু বক্তৃতায়? বিজ্ঞাপনে? বড় বড় প্রতিশ্রুতিতে? না। আস্থা তৈরি হয় কাজে। সরকারকে জানাতে হবে, মূল্যবৃদ্ধি কেন হচ্ছে এবং তা কমাতে কী করা হচ্ছে। কোনও সিদ্ধান্ত ভুল হলে তা স্বীকার করতে হবে। দুর্নীতির অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্ত করতে হবে। একই সঙ্গে নীতির ধারাবাহিকতাও জরুরি। ব্যবসায়ীরা যেন বুঝতে পারেন, কর, ঋণ, আমদানি এবং বিদ্যুৎ-গ্যাসের নিয়ম কীভাবে কাজ করবে। পরিস্থিতি বদলালে নীতিও বদলাতে পারে। কিন্তু কেন বদলানো হচ্ছে, তার স্পষ্ট ব্যাখ্যা থাকা দরকার। যে ব্যবস্থায় প্রশ্ন করা যায় না, ভুল ধরিয়ে দেওয়া যায় না, সেখানে অন্ধ আনুগত্য তৈরি হতে পারে। কিন্তু সুস্থ অর্থনীতির জন্য দরকার যুক্তিসংগত আস্থা— যে আস্থা প্রমাণ, স্বচ্ছতা এবং জবাবদিহির উপর দাঁড়িয়ে থাকে।

ভারতের অর্থনীতির সামনে তাই প্রশ্নটা শুধু কতটা বৃদ্ধি হল, কত টাকা বিনিয়োগ এল কিংবা মূল্যস্ফীতি কত শতাংশ— সেখানেই শেষ নয়। প্রশ্ন হল, সেই বৃদ্ধির সুফল মানুষের জীবনে কতটা পৌঁছচ্ছে? নতুন কাজ তৈরি হচ্ছে কি? পরিবারের আয় কি নিয়মিত বাড়ছে? নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনা কি আরও কঠিন হয়ে উঠছে? ব্যবসায়ীরা কি আগামী কয়েক বছরের পরিকল্পনা করতে পারছেন? সাধারণ মানুষ কি বিশ্বাস করছেন, আজ পরিশ্রম করলে আগামীকাল তার ফল পাবেন? সবচেয়ে বড় কথা, মানুষকে শুধু আশাবাদী হতে বললে চলবে না। আশাবাদী হওয়ার মতো বাস্তব কারণও তৈরি করতে হবে।

কারণ, যে শ্রমিক জানেন না আগামী মাসে কাজ থাকবে কি না, যে ছোট ব্যবসায়ী জানেন না আগামীকাল তাঁর খরচ কত বাড়বে, যে পরিবার জানে না অসুস্থ হলে চিকিৎসার টাকা কোথা থেকে আসবে— তাঁদের কাছে ভবিষ্যতের আশ্বাসের চেয়ে বর্তমানের নিশ্চয়তা অনেক বেশি জরুরি। অর্থনীতি তখনই এগোয়, যখন মানুষ শুধু আজকের হিসাব মেলান না, আগামীকালের জন্যও পরিকল্পনা করতে পারেন।

আর যে দেশের মানুষ আগামীকালকে বিশ্বাস করতে পারেন না, সেই দেশের অর্থনীতির সামনে সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই যায়— বৃদ্ধির পরিসংখ্যান বাড়ছে ঠিকই, কিন্তু মানুষ কি সত্যিই ভবিষ্যতের দিকে এগোতে সাহস পাচ্ছেন?


Saturday, October 17, 2026

আগুনের মুখে বই...

 


আগুনের মুখে বই...

ফ্যাসিবাদ, সেন্সরশিপ ও স্মৃতি মুছে ফেলার রাজনীতি

একটি বই পোড়ানো মানে কেবল কিছু কাগজ পুড়িয়ে ফেলা নয়। তার সঙ্গে পুড়ে যেতে পারে কোনও মানুষের চিন্তা, কোনও সমাজের স্মৃতি, কোনও জাতির আত্মসমালোচনার ক্ষমতা। ইতিহাসে যখনই কোনও কর্তৃত্ববাদী শাসন নিজের মতাদর্শকে একমাত্র সত্য বলে প্রতিষ্ঠা করতে চেয়েছে, তখনই তার অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে জ্ঞান, সাহিত্য, শিল্প ও স্বাধীন চিন্তার জগৎ। কখনও রাষ্ট্রের নির্দেশে, কখনও উন্মত্ত জনতার হাতে, কখনও আবার সংগঠিত রাজনৈতিক আন্দোলনের উদ্যোগে বইয়ের উপর নেমে এসেছে আগুন। সেই আগুনের শিখায় দেখা যায় ফ্যাসিবাদের এক পরিচিত মুখ— যে মুখ শুধু বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে চায় না, মানুষের কল্পনা করার স্বাধীনতাকেও নিয়ন্ত্রণ করতে চায়।

বই পোড়ানোর ইতিহাস অবশ্য ফ্যাসিবাদের জন্মের বহু আগের। প্রাচীন পৃথিবী থেকে ধর্মীয় সংঘাত, সাম্রাজ্য বিস্তার, ঔপনিবেশিক শাসন এবং রাজনৈতিক দমন-পীড়নের নানা পর্বে বই ও পাণ্ডুলিপি ধ্বংস করা হয়েছে। কিন্তু আধুনিক ফ্যাসিবাদ বই পোড়ানোকে যে রাজনৈতিক অর্থ দিয়েছে, তার বিশেষত্ব হল— এটি কেবল কোনও একটি বইয়ের বিরুদ্ধে প্রতিবাদ নয়; বরং কোন জ্ঞান গ্রহণযোগ্য, কোন ইতিহাস স্মরণীয়, কোন মানুষ সমাজের অংশ এবং কোন চিন্তার অস্তিত্বের অধিকার থাকবে, তা নির্ধারণ করার চেষ্টা। অর্থাৎ বই পোড়ানো হয়ে ওঠে একটি বৃহত্তর সাংস্কৃতিক শুদ্ধিকরণ প্রকল্পের দৃশ্যমান প্রতীক।

বার্লিনের আগুন: নাৎসি জার্মানির সাংস্কৃতিক শুদ্ধি

১৯৩৩ সালের ১০ মে। বার্লিনের অপের্নপ্লাৎসে (বর্তমান বেবেলপ্লাৎস) রাতের অন্ধকারে জ্বলে উঠেছিল বিশাল অগ্নিকুণ্ড। আগুনে নিক্ষেপ করা হয়েছিল হাজার হাজার বই। জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় শহরে ছাত্রদের নেতৃত্বে আয়োজিত হয়েছিল এমন বই পোড়ানোর অনুষ্ঠান। এর পিছনে ছিল নাৎসি ছাত্র সংগঠন, আর তার রাজনৈতিক আবহ তৈরি করেছিল সদ্য ক্ষমতায় আসা অ্যাডলফ হিটলারের সরকার।

যে বইগুলি পোড়ানো হয়েছিল, সেগুলি কোনও একটি নির্দিষ্ট বিষয় বা লেখকের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইহুদি লেখক, সমাজতন্ত্রী, কমিউনিস্ট, শান্তিবাদী, উদারপন্থী এবং নাৎসি মতাদর্শের বিরোধী বহু লেখকের রচনা এই আক্রমণের লক্ষ্য হয়েছিল। হাইনরিখ হাইনে, কার্ল মার্ক্স, সিগমুন্ড ফ্রয়েড, এরিখ মারিয়া রেমার্ক এবং বহু বিশিষ্ট লেখক ও চিন্তকের বই নাৎসি সাংস্কৃতিক রাজনীতির আওতায় নিষিদ্ধ বা ধ্বংসের শিকার হয়। প্রায় একশো বছর আগে হাইনে লিখেছিলেন, ভাবার্থে, যেখানে বই পোড়ানো হয়, সেখানে শেষ পর্যন্ত মানুষও পোড়ানো হতে পারে। কথাটি তাঁর নাটক Almansor-এ বলা হয়েছিল ঊনবিংশ শতাব্দীতে, অন্য এক ঐতিহাসিক প্রেক্ষাপটে। ১৯৩৩ সালের জার্মানিতে সেই সতর্কবাণী যেন ভয়াবহ বাস্তবতার পূর্বাভাস হয়ে উঠেছিল।

নাৎসিদের কাছে বই পোড়ানো ছিল একটি প্রতীকী ঘোষণা: জার্মান সংস্কৃতি কেমন হবে, তার সিদ্ধান্ত নেবে রাষ্ট্রসমর্থিত মতাদর্শ। যে সাহিত্য মানুষের স্বাধীনতা, যৌনতা, শ্রেণিবৈষম্য, যুদ্ধবিরোধিতা কিংবা জাতিগত সমতার কথা বলে, তাকে তারা ‘অজার্মান’ বলে চিহ্নিত করেছিল। এই ভাষার মধ্যেই লুকিয়ে ছিল বিপজ্জনক একটি ধারণা— রাষ্ট্রের নির্ধারিত পরিচয়ের বাইরে থাকা মানুষ ও চিন্তা যেন জাতির শরীরে অনুপ্রবেশ করা কোনও দূষণ।

কিন্তু বই পোড়ানোর আগেই শুরু হয়েছিল লেখকদের সামাজিকভাবে বিচ্ছিন্ন করা, প্রকাশনা নিয়ন্ত্রণ, গ্রন্থাগার থেকে বই সরিয়ে দেওয়া এবং বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে নাৎসিকরণের প্রক্রিয়া। পরবর্তী সময়ে ইহুদি ও অন্যান্য নিপীড়িত জনগোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস, নির্বাসন, বন্দিশিবির এবং গণহত্যার সঙ্গে এই সাংস্কৃতিক নিপীড়নের সম্পর্ক আরও স্পষ্ট হয়ে ওঠে। বইয়ের আগুন এবং মানুষের উপর নেমে আসা আগুন এক ঘটনা নয়; কিন্তু উভয়ের পিছনে কাজ করেছিল মানুষকে তার স্বতন্ত্র অস্তিত্ব থেকে বঞ্চিত করার এক ভয়াবহ রাজনীতি।

মুসোলিনির ইতালি: আগুনের চেয়ে কার্যকর নীরবতা

ফ্যাসিবাদের ইতিহাসে বই পোড়ানোর সবচেয়ে পরিচিত দৃশ্য জার্মানির হলেও, ইতালিতে বেনিতো মুসোলিনির শাসন দেখিয়েছিল— প্রতিটি বইকে আগুনে পুড়িয়ে ফেলতে হয় না; অনেক সময় বইয়ের কণ্ঠস্বর কেড়ে নেওয়াই যথেষ্ট। ১৯২২ সালে ক্ষমতায় আসার পর মুসোলিনি ধীরে ধীরে ইতালির রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে ফ্যাসিবাদী রাষ্ট্রের অধীনস্থ করে তোলেন। সংবাদমাধ্যমের উপর নিয়ন্ত্রণ, প্রকাশনার ক্ষেত্রে হস্তক্ষেপ, লেখকদের উপর চাপ এবং বিরোধী মতাদর্শের প্রচার সীমিত করার মধ্য দিয়ে সাহিত্য ও জ্ঞানচর্চার পরিসর সংকুচিত হতে থাকে। ১৯২০-এর দশকের শেষ ভাগ থেকে শুরু হওয়া বই-নিয়ন্ত্রণের ব্যবস্থা ত্রিশের দশকে আরও কঠোর হয়।

ইতালির অভিজ্ঞতা তাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনে: ফ্যাসিবাদ কি শুধুই প্রকাশ্য হিংসার মাধ্যমে সংস্কৃতিকে ধ্বংস করে, নাকি সংস্কৃতির ভিতরেই নিজের অনুগত এক ব্যবস্থা তৈরি করে? মুসোলিনির ইতালিতে দ্বিতীয় প্রক্রিয়াটিও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখক কী লিখবেন, প্রকাশক কী ছাপবেন, সংবাদপত্র কোন খবরকে গুরুত্ব দেবে, স্কুলে কোন ইতিহাস পড়ানো হবে— এই সমস্ত সিদ্ধান্তের উপর রাষ্ট্রের প্রভাব বাড়তে থাকে। এখানে বই পোড়ানোর সংস্কৃতি আরও গভীর অর্থ পায়। কারণ বইয়ের শারীরিক অস্তিত্ব অক্ষুণ্ণ রেখেও তার বক্তব্যকে নিষ্ক্রিয় করা যায়। কোনও লেখককে প্রকাশের সুযোগ না দেওয়া, কোনও বইকে পাঠকের নাগালের বাইরে সরিয়ে রাখা কিংবা একটি নির্দিষ্ট মতাদর্শের বইকে সর্বত্র প্রচার করে বিকল্প চিন্তাকে কোণঠাসা করা— এসবও সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার উপায়। ফ্যাসিবাদ কেবল বিরোধী বইকে ভয় পায় না। সে এমন এক সমাজ চায়, যেখানে মানুষ বিরোধী বইয়ের প্রয়োজনীয়তাই অনুভব করবে না; যেখানে রাষ্ট্রের ভাষাই মানুষের নিজের ভাষা হয়ে উঠবে।

স্পেন: গৃহযুদ্ধ, ফ্রাঙ্কোর শাসন ও ইতিহাসের উপর কর্তৃত্ব

১৯৩৬ থেকে ১৯৩৯ সালের স্পেনের গৃহযুদ্ধ শুধু ভূখণ্ড ও রাজনৈতিক ক্ষমতার লড়াই ছিল না; তা ছিল স্পেনের ভবিষ্যৎ পরিচয় নিয়েও সংঘর্ষ। জেনারেল ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী বাহিনীর বিজয়ের পর প্রতিষ্ঠিত স্বৈরশাসনে সেন্সরশিপ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক নিয়ন্ত্রণ দীর্ঘস্থায়ী রূপ নেয়। এখানে একটি ঐতিহাসিক পার্থক্য মনে রাখা জরুরি: ফ্রাঙ্কোর শাসনকে প্রায়ই ইউরোপীয় ফ্যাসিবাদের সঙ্গে সম্পর্কিত বৃহত্তর কর্তৃত্ববাদী ডানপন্থী ঐতিহ্যের মধ্যে আলোচনা করা হয়, যদিও তার রাজনৈতিক কাঠামো নাৎসি জার্মানি বা মুসোলিনির ইতালির মতো ছিল না। তবু বিরোধী মতাদর্শকে দমন করা, শিক্ষাব্যবস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের পছন্দসই জাতীয় ইতিহাসকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ সাদৃশ্য ছিল।

স্পেনের এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, কোনও শাসন বইয়ের প্রতিটি কপি ধ্বংস না করেও একটি সমাজের স্মৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে। কিছু ঘটনা আলোচনার বাইরে চলে যায়, কিছু লেখক পাঠ্যক্রম থেকে হারিয়ে যান, কিছু রাজনৈতিক অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছয় না। তখন সেন্সরশিপ আর কেবল প্রকাশনার সমস্যা থাকে না; তা হয়ে ওঠে ইতিহাসের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ন্ত্রণের পদ্ধতি। কোনও জাতি তার অতীতের সব অধ্যায় নিয়ে স্বাধীনভাবে আলোচনা করতে না পারলে, সেই জাতির বর্তমানও অসম্পূর্ণ হয়ে পড়ে। কারণ ইতিহাসকে প্রশ্ন করার অধিকার হারালে ক্ষমতাকে প্রশ্ন করার ভাষাও দুর্বল হয়ে যায়।

চিলি ও আর্জেন্তিনা: স্বৈরশাসনের আগুনে নিষিদ্ধ জ্ঞান

ইউরোপের বাইরে লাতিন আমেরিকাতেও বই ধ্বংস ও সাংস্কৃতিক নিপীড়নের ইতিহাস রয়েছে। তবে এই দেশগুলির ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের পার্থক্য স্পষ্ট রাখা প্রয়োজন। চিলিতে অগুস্তো পিনোশে এবং আর্জেন্তিনায় ১৯৭৬–১৯৮৩ সালের সামরিক শাসন ছিল কর্তৃত্ববাদী সামরিক শাসন। তাদের প্রত্যেককে সরাসরি ইউরোপীয় ফ্যাসিবাদের সমতুল্য বলা ঐতিহাসিকভাবে যথাযথ নয়। কিন্তু বই নিষিদ্ধ করা, বিকল্প রাজনৈতিক চিন্তা দমন এবং রাষ্ট্রের নির্ধারিত আদর্শের বাইরে থাকা মানুষকে শত্রু হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রে এই শাসনগুলির সঙ্গে ফ্যাসিবাদী সাংস্কৃতিক রাজনীতির উল্লেখযোগ্য মিল পাওয়া যায়।

১৯৭৩ সালের সামরিক অভ্যুত্থানের পর চিলিতে সেন্সরশিপ ও রাজনৈতিক দমন-পীড়ন তীব্র হয়ে ওঠে। বামপন্থী, মার্কসবাদী এবং শাসনবিরোধী বলে বিবেচিত সাহিত্য ও প্রকাশনা সন্দেহের চোখে দেখা হতো। বইয়ের বিষয়বস্তুকে রাজনৈতিক আনুগত্যের মাপকাঠি করে তোলার ফলে পাঠাগার, প্রকাশনা এবং স্বাধীন জ্ঞানচর্চার পরিসর ক্ষতিগ্রস্ত হয়। আর্জেন্তিনার সামরিক শাসনে বই পোড়ানোর ঘটনা আরও প্রত্যক্ষভাবে নথিবদ্ধ রয়েছে। ১৯৮০ সালে সারান্দি এলাকায় Centro Editor de América Latina প্রকাশনা সংস্থার বই ধ্বংসের একটি ঐতিহাসিক আলোকচিত্র আর্জেন্তিনার জাতীয় স্মৃতি-সংরক্ষণাগারভিত্তিক নথিতে সংরক্ষিত আছে। সংশ্লিষ্ট নথিতে প্রায় ১৫ লক্ষ বই পোড়ানোর কথা উল্লেখ করা হয়েছে।

এই বিপুল সংখ্যক বই ধ্বংসের তাৎপর্য শুধু পরিসংখ্যানে নয়। বইয়ের মধ্যে ছিল এমন চিন্তা, সাহিত্য ও জ্ঞানের সম্ভাবনা, যা শাসকের নির্ধারিত রাজনৈতিক সীমার বাইরে যেতে পারত। ফলে বইয়ের উপর আক্রমণ আসলে পাঠকের স্বাধীন বিচারবুদ্ধির উপরও আক্রমণ। যে রাষ্ট্র নিজের নাগরিককে স্বাধীনভাবে পড়তে দিতে ভয় পায়, সে রাষ্ট্রের কাছে বই হয়ে ওঠে একটি সম্ভাব্য রাজনৈতিক প্রতিপক্ষ। কারণ একটি বই পাঠককে এমন প্রশ্ন শেখাতে পারে, যা রাষ্ট্রের প্রচারযন্ত্রের কাছে কোনও উত্তর নেই।

বই পোড়ানো থেকে বই নিষিদ্ধ করা: একই রাজনীতির ভিন্ন মুখ

বই পোড়ানোর দৃশ্য যতটা নাটকীয়, বই নিষিদ্ধ করার প্রক্রিয়া অনেক সময় ততটাই নীরব। আগুনের ছবি সংবাদপত্রে ছাপা হয়, ইতিহাসের পাতায় থেকে যায়। কিন্তু একটি বই যখন গ্রন্থাগার থেকে সরিয়ে দেওয়া হয়, কোনও প্রকাশক যখন ভয়ে একটি পাণ্ডুলিপি ছাপেন না, কিংবা কোনও শিক্ষক যখন নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে সাহস পান না, তখন সেই দমন-পীড়নের ছবি সব সময় দৃশ্যমান হয় না। এই দুই পদ্ধতির মধ্যে পার্থক্য থাকলেও তাদের লক্ষ্য কখনও কখনও এক— চিন্তার স্বাধীন পরিসর সংকুচিত করা। বইয়ের বিরুদ্ধে আক্রমণ শুধু লেখকের বিরুদ্ধে আক্রমণ নয়, পাঠকের নিজের সিদ্ধান্তে পৌঁছনোর অধিকারকেও প্রশ্নের মুখে ফেলে।

তবে এখানে একটি সতর্কতা প্রয়োজন। প্রতিটি বই নিষিদ্ধ করা, প্রতিটি গ্রন্থাগার থেকে বই সরানো কিংবা প্রতিটি বই পোড়ানোর ঘটনাকে ফ্যাসিবাদ বলা যায় না। বিভিন্ন সমাজে ধর্মীয়, রাজনৈতিক, নৈতিক কিংবা নিরাপত্তাসংক্রান্ত নানা যুক্তিতে বই নিষিদ্ধ হয়েছে। কোনও নির্দিষ্ট বইয়ের বিষয়ে আপত্তি থাকলেই তা স্বয়ংক্রিয়ভাবে ফ্যাসিবাদের প্রমাণ নয়। বরং দেখতে হবে, এই পদক্ষেপের মাধ্যমে কোনও শাসক বা সংগঠন কি বিরোধী মতকে নিশ্চিহ্ন করতে চাইছে, কোনও জনগোষ্ঠীকে সমাজের শত্রু হিসেবে চিহ্নিত করছে, অথবা স্বাধীন জ্ঞানচর্চার উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে।

বই পোড়ানোর রাজনীতিকে বুঝতে হলে তাই আগুনের দিকে তাকানোর পাশাপাশি দেখতে হবে, কে আগুন জ্বালাচ্ছে, কেন জ্বালাচ্ছে এবং সেই আগুনের পরে কোন চিন্তাটি সমাজে অবশিষ্ট রাখার চেষ্টা করা হচ্ছে।

আগুনের বিরুদ্ধে বই: প্রতিরোধের ইতিহাস

বই পোড়ানোর ইতিহাসের আর একটি দিক আছে। বই ধ্বংস করার চেষ্টা যেমন ক্ষমতার প্রকাশ, তেমনই বইকে রক্ষা করা হয়ে উঠতে পারে প্রতিরোধের কাজ। ১৯৩৩ সালের নাৎসি বই পোড়ানোর পর আমেরিকায় বহু লেখক, সংবাদপত্র ও সংগঠন প্রতিবাদ জানিয়েছিল। লেখিকা হেলেন কেলার জার্মান ছাত্রদের উদ্দেশে খোলা চিঠিতে স্বাধীন চিন্তার পক্ষে অবস্থান নেন। তাঁর বইও নাৎসিদের আক্রমণের লক্ষ্য হয়েছিল। একই দিনে নিউ ইয়র্কে হাজার হাজার মানুষ জার্মানির ঘটনাবলির প্রতিবাদে সমাবেশ ও মিছিলে অংশ নেন।

প্রতিরোধের অর্থ শুধু নিষিদ্ধ বই লুকিয়ে রাখা নয়। তার অর্থ বইকে আবার পাঠকের কাছে ফিরিয়ে আনা, হারিয়ে যাওয়া লেখকের নাম পুনরুদ্ধার করা, মুছে দেওয়া ইতিহাসের দলিল সংরক্ষণ করা এবং পরবর্তী প্রজন্মকে জানানো— কেন কোনও একটি বই একসময় এত ভয় তৈরি করেছিল। এই কারণেই স্বৈরশাসনের অবসানের পরেও বই ও প্রকাশনার ইতিহাস পুনরুদ্ধার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। স্পেনের ফ্রাঙ্কো-পরবর্তী সমাজে সেন্সরশিপের প্রভাব নিয়ে গবেষণায় দেখা গিয়েছে, অতীতে সম্পাদিত বা পরিবর্তিত পাঠ পরবর্তী সময়েও প্রকাশনা ও সাহিত্যচর্চাকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ নিষেধাজ্ঞা উঠে গেলেই তার সমস্ত ক্ষত মুছে যায় না।

একটি ধ্বংস হওয়া বই পুনরায় ছাপা সম্ভব হতে পারে। কিন্তু যে প্রজন্ম বইটি পড়ার সুযোগ পায়নি, যে পাঠক কোনও লেখকের নামই জানতে পারেনি, কিংবা যে সমাজ কোনও ঐতিহাসিক বিতর্কের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হারিয়েছে, তাদের কাছে সেই ক্ষতি পৌঁছে দিতে সময় লাগে। বইয়ের দহন তাই শুধু বর্তমানের উপর আঘাত নয়; ভবিষ্যতের জ্ঞানচর্চার উপরও তার দীর্ঘ ছায়া পড়ে।

বইকে ভয় পায় যে ক্ষমতা

ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনের বই পোড়ানোর সংস্কৃতি শেষ পর্যন্ত একটি মৌলিক দ্বন্দ্বের কথা বলে। একদিকে রয়েছে এমন ক্ষমতা, যা সমাজকে একটি নির্দিষ্ট পরিচয়, একটি নির্দিষ্ট ইতিহাস এবং একটি নির্দিষ্ট সত্যের মধ্যে আটকে রাখতে চায়। অন্যদিকে রয়েছে বই— যা মানুষকে একাধিক সত্যের মুখোমুখি দাঁড় করাতে পারে, প্রতিষ্ঠিত ধারণাকে প্রশ্ন করতে শেখায়, অপরের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করে এবং নিজের বিশ্বাসকে নতুন করে যাচাই করার সুযোগ দেয়। বইয়ের শক্তি এই নয় যে প্রতিটি বই সত্য কথা বলে। বইয়ে ভুল থাকতে পারে, ঘৃণা ছড়ানোর বক্তব্য থাকতে পারে, ইতিহাসের বিকৃতি থাকতে পারে। কিন্তু তার মোকাবিলা করার পথও আছে— যুক্তি, গবেষণা, সমালোচনা, পাল্টা লেখা এবং মুক্ত আলোচনা। বইয়ের বক্তব্যের উত্তর বইকে আগুনে ফেলে দেওয়া নয়। বরং তার বক্তব্যকে পরীক্ষা করার মতো একটি স্বাধীন সমাজ গড়ে তোলা। নাৎসি জার্মানির অগ্নিকুণ্ড থেকে আর্জেন্তিনার ধ্বংস হওয়া প্রকাশনা, চিলির নিষিদ্ধ বই থেকে ফ্যাসিস্ট ইতালির নিয়ন্ত্রিত সাহিত্য— বিভিন্ন দেশের অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা যখন চিন্তার উপর একচেটিয়া অধিকার দাবি করে, তখন বইয়ের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতারই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

একটি বই পুড়িয়ে তার কাগজ ধ্বংস করা যায়। তার প্রচ্ছদ, মলাট, ছাপা অক্ষর— সবই ছাই হয়ে যেতে পারে। কিন্তু সেই বই যে প্রশ্নটি তুলেছিল, তা সব সময় পুড়িয়ে ফেলা যায় না। কখনও সেই প্রশ্ন অন্য কোনও বইয়ে ফিরে আসে, কখনও কোনও পাঠকের স্মৃতিতে, কখনও আবার পরবর্তী প্রজন্মের নতুন অনুসন্ধানে।

যে শাসক বই পোড়ায়, সে আসলে শুধু অতীতকে ধ্বংস করতে চায় না; ভবিষ্যৎ কী পড়বে, কী জানবে এবং কী প্রশ্ন করবে, সেই অধিকারটিও নিজের হাতে তুলে নিতে চায়। আর বইকে বাঁচিয়ে রাখার সংগ্রাম তাই শেষ পর্যন্ত মানুষের স্বাধীনভাবে চিন্তা করার অধিকারকে বাঁচিয়ে রাখার সংগ্রাম।


তথ্যসূত্র ও আরও পাঠ

United States Holocaust Memorial Museum — Nazi Book Burnings: ১৯৩৩ সালের জার্মানির বই পোড়ানোর ইতিহাস ও রাজনৈতিক তাৎপর্য।

University of Toronto Press — Censorship and Literature in Fascist Italy: মুসোলিনির ইতালিতে সাহিত্য ও প্রকাশনার উপর নিয়ন্ত্রণ।

Biblioteca Nacional de Chile — La crisis dramática en la primera etapa del periodo militar: চিলির সামরিক শাসনে সাংস্কৃতিক নিয়ন্ত্রণের ইতিহাস।

আর্জেন্তিনার নিষিদ্ধ বইয়ের সংগ্রহ — Biblioteca de Libros Prohibidos: নিষিদ্ধ ও ধ্বংস হওয়া বইয়ের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ।


Friday, October 16, 2026

 

ক্লেপ্টোক্রেসির ছায়া: ক্ষমতা যখন লুণ্ঠনের যন্ত্র

একটা খাম। ভিতরে মোটা টাকার বান্ডিল। একজন নেতা এবং একজন ব্যবসায়ী। আর দরজা বন্ধ করে একটা চুক্তিতে সই। দুর্নীতির গল্প বলতে আমাদের চোখের সামনে সাধারণত এই ছবিটাই ভেসে ওঠে। এখন সেই দুর্নীতিরও ধরন বদলে গিয়েছে। দুর্নীতির সমস্যা হয়ে উঠেছে আরও জটিল, ভয়ঙ্কর, সর্বগ্রাসী।

প্রশ্নটা অন্য জায়গায়— দুর্নীতি-দমনের আইনটা কার হাতে? আর সেই আইন যদি ক্ষমতাবানদের হাতেই চলে যায়, তখন দুর্নীতি কি শুধু ‘ঘুষের খাম’ থাকে? নাকি দুর্নীতির ভয়ংকরতম রূপ হল— ক্ষমতা ব্যবহার করে ঠিক করে দেওয়া, কে আইনের আওতায় থাকবে আর কে থাকবে না? তাহলে সমস্যাটা আর একজন দুর্নীতিবাজ নয়। সমস্যাটা গোটা সিস্টেম। আর সেই সিস্টেমের দিকে তাকালেই দেখা যায় এক ভয়ংকর ছবি!

২০২৬ সালে ১৮২টি দেশ নিয়ে প্রকাশিত হয়েছিল ‘বিশ্ব দুর্নীতি সূচক’ (করাপশন পারসেপশন্‌স ইনডেক্স বা সিপিআই)। যেখানে স্পষ্ট হয়ে গিয়েছে, বিশ্বের অধিকাংশ দেশেই সরকারি দুর্নীতি এখনও গুরুতর সমস্যা। নজর কাড়ে একটি সংখ্যা— ৬৪। আমেরিকার স্কোর। যে স্কেলে ১০০ মানে অত্যন্ত স্বচ্ছ এবং ০ মানে চরম দুর্নীতিগ্রস্ত, সেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতন্ত্রের দেশের মান দাঁড়িয়েছে ৬৪। যে দেশ কয়েক দশক ধরে বিশ্বজুড়ে দুর্নীতিবিরোধী লড়াইয়ের অন্যতম প্রধান চালিকাশক্তি, তার নিজের অবস্থানই এখন প্রশ্নের মুখে। আমেরিকা তার সর্বকালের সবচেয়ে খারাপ অবস্থানে নেমে এসেছে। কেন? উত্তর খুঁজতে গেলে পৌঁছতে হয় ক্ষমতার কেন্দ্রে। দুর্নীতির নতুন সাম্রাজ্যে!

অর্থপাচার রুখতে আইন। ঘুষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। অবৈধ সম্পদের উপর নজরদারি। নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থার উপর প্রভাব। গত কয়েক দশকে এই অস্ত্রগুলির বড় অংশই ছিল ওয়াশিংটনের হাতে। সেখানে একটি সিদ্ধান্তের অভিঘাত পৌঁছে যেত পৃথিবীর অন্য প্রান্তের ব্যাংকেও। যুক্তিটা সহজ— যে দেশ অর্থের পথ নিয়ন্ত্রণ করে, সে দুর্নীতির পথও আটকে দিতে পারে। কিন্তু সেই ক্ষমতাই যদি রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ ওঠে?

সংবাদসংস্থা রয়টার্স-এর এক সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৯ শতাংশ আমেরিকান মনে করেন— ট্রাম্পের ব্যবসায়িক স্বার্থ মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে প্রভাবিত করছে। অধিকাংশ আমেরিকান আজ মনে করেন, দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প অন্যায়ভাবে লাভবান হয়েছেন। গত বছর তাঁর পরিবারের ক্রিপ্টোকারেন্সি উদ্যোগগুলি থেকে ১.৪ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন, যার মধ্যে রয়েছে ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়াল এবং ট্রাম্প মিম কয়েন। এই ডিজিটাল সম্পদগুলির তিনি প্রকাশ্যে সমর্থন করেছেন। এর পাশাপাশি ট্রাম্প পরিবারের ক্রিপ্টো-সংক্রান্ত ব্যবসা, বিদেশি হোটেল, গল্ফ কোর্স ও রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে বিভিন্ন বিদেশি বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠেছে। এখানে প্রশ্নটা আর শুধু ট্রাম্প কত টাকা উপার্জন করছেন, তা নয়। প্রশ্ন হচ্ছে— প্রেসিডেন্টের ক্ষমতা আর ব্যক্তিগত ব্যবসার মধ্যে সীমারেখাটা কোথায়? রাজনৈতিক নেতাদের এই সমস্যা এখন গোটা দুনিয়াজুড়েই!

আজ দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা কাঠামোগত ভাবেই আত্ম-সংশোধনে অক্ষম। মুনাফা ও ক্ষমতা টিকিয়ে রাখতে, সক্রিয়ভাবে অবৈধতা ও আরও দুর্নীতিকে প্রশ্রয় দিতে হয়। অভিজাত থেকে তৃণমূল স্তর পর্যন্ত এই দুর্নীতির চক্র স্বয়ংক্রিয়। কে ক্ষমতায় এল বা কে ক্ষমতাচ্যুত হল, তাতে কিছু আসে-যায় না। রাজনৈতিক দল ক্ষমতায় আসে, যায়। রয়ে যায় নেতা, পুঁজিপতি, আমলা, অপরাধী ও প্রভাবশালী মাতব্বরদের নিয়ে গঠিত আঁতাঁত— নিজেদের মধ্যে যারা ভাগ করে নেয় মুনাফা ও ক্ষমতা।

রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় ক্লেপ্টোক্রেসি অথবা চৌর্যতন্ত্র আজ শুধু একটি শাসনব্যবস্থার নাম নয়; এটি এক ধরনের রাজনৈতিক অর্থনীতির কাঠামো। যেখানে রাষ্ট্র স্বয়ং একটি সংগঠিত লুটের ব্যবস্থায় পরিণত হয়। গ্রিক শব্দ Kleptes (চোর) এবং Kratos (শাসন) থেকে উদ্ভূত এই ধারণা আমাদের সামনে এক নির্মম বাস্তবতা তুলে ধরে— ক্ষমতা যখন জনকল্যাণের পরিবর্তে ব্যক্তিস্বার্থে ব্যবহৃত হয়, রাষ্ট্র তখন আর নাগরিকদের রক্ষাকবচ থাকে না, বরং হয়ে ওঠে শোষণের প্রধান মাধ্যম। এক কথায়, চোরের শাসনই ক্লেপ্টোক্রেসি।

প্রথমত, ক্লেপ্টোক্রেসির মূল ভিত্তি জবাবদিহিতার অনুপস্থিতি। এখানে বিচার বিভাগ, গণমাধ্যম এবং অন্যান্য তদারকি প্রতিষ্ঠানকে সচেতনভাবে দুর্বল করে দেওয়া হয়। ফলে ক্ষমতাসীনরা নির্বিঘ্নে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করতে পারে। এই প্রক্রিয়াটি সাধারণ দুর্নীতির চেয়েও বেশি গভীর ও প্রাতিষ্ঠানিক। এটি একটি systemic corruption, যেখানে দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শাসনব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ।

দ্বিতীয়ত, এই শাসনব্যবস্থা প্রায়ই একনায়কতন্ত্র বা অলিগার্কির সঙ্গে যুক্ত থাকে। ক্ষমতা গুটিকয়েক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়, যারা নিজেদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। এখানে রাষ্ট্রের নীতিনির্ধারণী প্রক্রিয়াও প্রভাবিত হয় একটি সীমিত গোষ্ঠীর অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ দ্বারা। ফলে গণতন্ত্রের যে মৌলিক চেতনা, তথা জনগণের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব, সেটা প্রায় বিলুপ্ত হয়ে যায়।

তৃতীয়ত, ক্লেপ্টোক্রেসির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল capital flight বা পুঁজি পাচার। লুণ্ঠিত অর্থ দেশের ভিতরে বিনিয়োগ না হয়ে বিদেশি ব্যাংক বা অফশোর অ্যাকাউন্টে জমা হয়। এর ফলে দেশের অর্থনীতি দ্বিমুখী সংকটে পড়ে। একদিকে রাষ্ট্রীয় সম্পদ হ্রাস পায়, অন্যদিকে অভ্যন্তরীণ বিনিয়োগের সুযোগ কমে যায়। দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে এবং বৈষম্যকে চরম পর্যায়ে নিয়ে যায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ক্লেপ্টোক্রেসি কোনো বিমূর্ত ধারণা নয়; এটি বহু দেশের বাস্তব অভিজ্ঞতা।

ক্লেপ্টোক্রেসির ইতিহাসকে শুধু বিচ্ছিন্ন দুর্নীতি, ঘুষ বা অনিয়মের সমষ্টি হিসেবে দেখা যথেষ্ট নয়। বরং এটিকে এমন একটি সম্ভাব্য ক্ষমতা–সম্পদ সম্পর্কের কাঠামোর পুনরাবৃত্ত চক্র হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে, যেখানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠীর উত্থান, প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের দুর্বলতা এবং পুঁজি পাচারের মতো প্রক্রিয়া পারস্পরিকভাবে একে অপরকে শক্তিশালী করতে পারে। অর্থাৎ, দুর্নীতি যেখানে নির্দিষ্ট ক্ষমতার অপব্যবহার বা অনিয়মকে বোঝায়, ক্লেপ্টোক্রেসি সেখানে সেই ক্ষমতার অপব্যবহার কীভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর সঙ্গে দীর্ঘমেয়াদে যুক্ত হয়ে সম্পদ আহরণের একটি পদ্ধতিতে পরিণত হতে পারে, সেই বৃহত্তর প্রশ্নটি সামনে আনে।

বৃহৎ প্রকল্প থেকে স্থানীয় জবরদখল, সব অবৈধতাই দুর্নীতিলব্ধ আয়ের সম্ভাব্য উৎস। অবৈধ পুঁজি, মস্তান, নেতা ও ঠিকাদারদের আঁতাঁত নিয়ন্ত্রণ করে ভোট, মুনাফা ও ক্ষমতার কলকব্জা। এই প্রাতিষ্ঠানিক লুম্পেনতন্ত্র এতই প্রতাপশালী যে, দুর্নীতি হয়ে ওঠে অতি স্বাভাবিক। দল, প্রার্থী আসে যায়, পুলিশে বদলি হয়, আমলা অবসর নেন— কিন্তু ক্ষমতার দুর্নীতিগ্রস্ত কাঠামো চিরস্থায়ী। দুর্নীতিতে কোটি কোটি টাকা চুরি হতে পারে। কিন্তু তার চেয়েও বড় ক্ষতি হয়— বিশ্বাসের। মানুষ যখন দেখে একজনের বিরুদ্ধে আইন কঠোর, অন্যজনের বিরুদ্ধে নরম; একজনকে শাস্তি দেওয়া হচ্ছে, অন্যজনকে রক্ষা করা হচ্ছে— তখন প্রশ্ন জাগে, আইন কি সত্যিই সকলের জন্য? এই প্রশ্নই ধীরে ধীরে সন্দেহে বদলায়। সন্দেহ বদলায় অবিশ্বাসে। আর একদিন মানুষ মেনে নেয়— আইন এমনই। শক্তিশালীর জন্য একরকম, দুর্বলদের জন্য অন্যরকম।

সেখানেই বিপদ। কারণ দুর্নীতি যখন কোনও ব্যক্তির অপরাধ, তাকে ধরা যায়। কিন্তু দুর্নীতি যখন সিস্টেমের ভিতরে ঢুকে পড়ে, তখন তাকে আর আলাদা করে চেনা যায় না। সে থাকে আদালতে। ব্যাংকে। রাজনীতিতে। আন্তর্জাতিক চুক্তিতে। ক্ষমতার অদৃশ্য করিডরে। আর সবচেয়ে ভয়ংকর মুহূর্তটি আসে তখনই— যখন দুর্নীতি আর আইনের বাইরে থাকে না। দুর্নীতি ঢুকে পড়ে আইনের ভিতরেই। তখন প্রশ্নটা আর শুধু কে দুর্নীতিবাজ— তা নয়! প্রশ্নটা হয়ে যায়— কে আইন তৈরি করছে? কার জন্য তৈরি করছে? কার বিরুদ্ধে প্রয়োগ করছে? আর কাকে ছাড় দিচ্ছে?

কারণ রাষ্ট্রের পতন সবসময় যুদ্ধ দিয়ে শুরু হয় না। কখনও কখনও শুরু হয় আরও নীরবে— যেদিন মানুষ বিশ্বাস করা বন্ধ করে যে আইন সকলের জন্য সমান। দুর্নীতি যখন নীতির বিরুদ্ধে অপরাধ, তখন তার বিরুদ্ধে লড়াই করা যায়। কিন্তু দুর্নীতি যখন নীতিকেই নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন যুদ্ধটা আর বাইরে থাকে না। যুদ্ধ ঢুকে পড়ে রাষ্ট্রের ভিতরে। আদালতে। সংসদে। ব্যাংকে। কূটনীতিতে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানে। আর শেষ পর্যন্ত মানুষের বিশ্বাসে।

আমাদের রাজনৈতিক প্রাঙ্গণে মূল লক্ষ্য ভোটে জেতা, মুনাফা লোটা। লুটেরার শাসন আমাদের সয়ে গিয়েছে। ভোটারদের হাতে রাজনৈতিক দল পরিবর্তন বা অপসারণের নামমাত্র অধিকার থাকলেও, তাঁরা দুর্নীতির প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙে দিতে অক্ষম। জমি, বন, খনি, সম্পদে একচেটিয়া অধিকার ও নিয়ন্ত্রণ যে গোষ্ঠীর— সেই নেতা, বানিয়া, বাহুবলী, অফিসার ও দাদা-দিদিদের জোটই লভ্যাংশ ভাগ বা ভোগ করে। নির্বাচনী ফল যা-ই হোক, এই আঁতাত অপরাজেয়। আর ইতিহাসের সবচেয়ে ভয়ংকর মুহূর্ত হয়তো তখনই আসে, যখন মানুষ দুর্নীতিকে আর অপরাধ বলে মনে করে না। যখন মানুষ ধরে নেয়— এটাই নিয়ম। কারণ সেই মুহূর্তে দুর্নীতি আর রাষ্ট্রের শত্রু থাকে না। দুর্নীতি নিজেই রাষ্ট্রের কাঠামোর অংশ হয়ে যায়!

ভারতও এর বাইরে নয়। স্পষ্ট প্রমাণ— বিশ্ব দুর্নীতি সূচক। যেখানে ১৮২টি দেশের মধ্যে ভারতের স্থান ৯১তম। ভুটানের থেকেও খারাপ!

 

 

মোদি-রাজত্বে সবচেয়ে বড় সঙ্কট?

সঙ্কট সামলাতে জানেন নরেন্দ্র মোদি। প্রতিকূল পরিস্থিতিকে কীভাবে নিজের পক্ষে কাজে লাগাতে হয়, তার প্রমাণ রেখেছেন বারেবারে।

২০০১ সালে গুজরাতের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে আজ প্রধানমন্ত্রী— গত ২৫ বছরে একের পর এক রাজনৈতিক ঝড়ের মুখে পড়েছেন। কখনও গুজরাত দাঙ্গা, কখনও অমিত শাহের গ্রেপ্তারি, কখনও নোটবন্দি, কখনও কোভিডের বিপর্যয়, কখনও কৃষক আন্দোলন। প্রতিবারই বিরোধীদের আক্রমণ সামলে ফিরে এসেছেন। কখনও রাজনৈতিক ক্ষতি মেরামত করে, কখনও আরও শক্তিশালী হয়ে। কিন্তু এবারের সঙ্কট অন্য রকম!

এই সঙ্কট শুধু মোদির জনপ্রিয়তা, সরকারের ব্যর্থতা কিংবা বিরোধীদের রাজনৈতিক কৌশল নিয়ে নয়। প্রশ্ন উঠছে সেই প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নিয়ে, যার উপর দাঁড়িয়ে ভারতীয় গণতন্ত্রের সবচেয়ে মৌলিক অধিকার— ভোট! ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্ক নিছক একজন সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে অভিযোগের তালিকা নয়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হলে তার অভিঘাত কোনও একটি নির্বাচন বা কোনও একটি রাজনৈতিক দলের মধ্যে আটকে থাকে না। আঘাত লাগে গোটা গণতান্ত্রিক ব্যবস্থার উপর। এখানেই মোদি সরকারের অস্বস্তির কারণ।

প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর সামনে বিপদ কম আসেনি। নোটবন্দির সিদ্ধান্তে অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। জিএসটি চালু করাও সহজ ছিল না। উরি ও পুলওয়ামা হামলার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০১৯ সালের নির্বাচনের আগে জাতীয়তাবাদ ও পাকিস্তানকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার তীব্র হয়। শেষ পর্যন্ত বিজেপি ২০১৪ সালের চেয়েও বেশি আসন পেয়ে ক্ষমতায় ফেরে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। সরকার গড়তে জোটসঙ্গীদের উপর নির্ভর করতে হয়। তবু পরবর্তী সময়ে জোট সরকার পরিচালনা এবং নিজের নেতৃত্বের কর্তৃত্ব বজায় রাখার ক্ষেত্রে মোদি এমন কোনও প্রকাশ্য দুর্বলতা দেখাননি, যাতে তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়।

আসলে মোদি সরকারের রাজনৈতিক কৌশলের একটি পরিচিত দিক হল— বিতর্কের কেন্দ্রে না থেকে সময়কে নিজের পক্ষে কাজে লাগানো। তীব্র সমালোচনা কিছুদিন চলুক, সংবাদমাধ্যমে নতুন ঘটনা আসুক, বিরোধীদের মনোযোগ অন্য দিকে ঘুরুক— তারপর ধীরে ধীরে পুরনো বিতর্কের তীব্রতা কমে যাবে। এই কৌশল অতীতে বহুবার কার্যকর হয়েছে। গুজরাত দাঙ্গার পর রাজনৈতিক প্রত্যাবর্তন, নোটবন্দির ধাক্কা সামলে নির্বাচনী সাফল্য, কৃষক আন্দোলনের পরে তিন কৃষি আইন প্রত্যাহার— প্রতিটি ক্ষেত্রের বাস্তবতা অবশ্য আলাদা। কিন্তু মোদির কৌশল ছিল পরিস্থিতি বুঝে পিছিয়ে আসা, আক্রমণাত্মক হওয়া অথবা নতুন রাজনৈতিক বয়ান তৈরি করা। এত দিন পর্যন্ত তাঁর রাজনৈতিক সাফল্যের মূল রহস্য ছিল এটাই।

এত দিন বিরোধীরা অভিযোগ তুললে সরকার সহজেই বলতে পারত, এসব রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিরোধীরা ক্ষমতায় ফিরতে চায়, তাই নির্বাচন কমিশনকে আক্রমণ করছে। কিন্তু অভিযোগের সূত্র যখন নির্বাচন কমিশনের অন্দরেও পৌঁছয়, তখন সেই যুক্তি দিয়ে সব প্রশ্ন থামিয়ে দেওয়া কঠিন। এবার প্রশ্ন শুধু নির্বাচন কমিশনের বিরুদ্ধে নয়। প্রশ্ন উঠছে, এই কমিশনকে এমন অবস্থায় নিয়ে যাওয়ার রাজনৈতিক দায় কার?

নির্বাচন কমিশনের কাজ সরকারকে স্বস্তি দেওয়া নয়। বিরোধীদের খুশি রাখাও নয়। তার কাজ— ক্ষমতাসীন দলসহ প্রতিটি রাজনৈতিক শক্তির জন্য সমান ময়দান নিশ্চিত করা। এই নিরপেক্ষতা শুধু কমিশন ঘোষণা করলে চলে না, তার কাজকর্মেও প্রমাণ থাকতে হয়। কিন্তু কমিশনার নিয়োগের পদ্ধতি বদল, নিয়োগের নির্বাচকমণ্ডলী থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া এবং সেখানে সরকারের আর এক প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে। সমালোচকদের আশঙ্কা, এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় সরকারের প্রভাব বেড়েছে। ফলে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে— যে প্রতিষ্ঠানের সরকারের উপর নজর রাখার কথা, সেই প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রভাব কতটা থাকা উচিত?

ভোটার তালিকা নির্ভুল রাখা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। ভুয়ো নাম বাদ দেওয়া, মৃত ভোটারের নাম সরানো কিংবা যোগ্য ভোটারদের তালিকায় অন্তর্ভুক্ত করা— এসব কাজে আপত্তির কারণ নেই। বরং স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা অবাধ নির্বাচনের পূর্বশর্ত। কিন্তু সেই কাজের পদ্ধতি যদি বিপুল সংখ্যক মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে, যদি বৈধ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা দেখা দেয়, যদি নোটিস ও শুনানির প্রক্রিয়া মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে, তা হলে কমিশনকে আরও বেশি স্বচ্ছ হওয়া উচিত। একজন প্রকৃত ভোটারের কাছে ভোটাধিকার কেবল কাগজে লেখা কোনও অধিকার নয়। এটি নাগরিক হিসেবে তাঁর অস্তিত্বের স্বীকৃতি। তালিকায় নাম না থাকলে সেই অধিকার প্রয়োগের সুযোগই হারিয়ে যেতে পারে। তাই ভোটার তালিকা সংশোধনের নামে একজন যোগ্য নাগরিকও যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা কমিশনের দায়িত্ব। প্রশ্ন হল, এই বিশাল কর্মযজ্ঞে ভুলের সম্ভাবনা কতটা, সেই ভুল শনাক্ত ও সংশোধনের ব্যবস্থা কী এবং সাধারণ মানুষ কত সহজে নিজেদের অধিকার রক্ষা করতে পারবেন? কমিশন যদি এই প্রশ্নগুলির স্পষ্ট উত্তর দিত, বিতর্ক অনেকটাই মিটে যেত। কিন্তু নীরবতা সন্দেহ বাড়িয়েছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন কমিশনারদের আইনি সুরক্ষা নিয়ে বিতর্ক। তাঁদের সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে দেওয়া সুরক্ষার পরিধি কতটা বিস্তৃত, তা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের যুক্তি, এই ধরনের সুরক্ষার উদ্দেশ্য হওয়া উচিত কমিশনারদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া, যাতে রাজনৈতিক চাপ বা প্রতিশোধের ভয় তাঁদের সিদ্ধান্তকে প্রভাবিত না করে। কিন্তু সেই সুরক্ষা যদি জবাবদিহি এড়ানোর ঢাল হয়ে ওঠে, তা হলে তার অপব্যবহারের আশঙ্কাও থেকে যায়। প্রশ্ন তাই একটাই— সুরক্ষা কাকে দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে এবং সেই সুরক্ষার সীমা কোথায়? এই প্রশ্নগুলির জবাব দেওয়া সরকারের দায়িত্ব। কারণ, নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে সন্দেহ তৈরি হলে শুধু একটি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় না, গোটা নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের আস্থাও নড়ে যায়।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের পুনরাবৃত্তি করে লাভ নেই। আসল প্রশ্ন, এরপর কী হবে? জ্ঞানেশ কি নিজে থেকে পদত্যাগ করবেন? তেমন কোনও লক্ষণ নেই। তিনি হয়তো মনে করেন, পদত্যাগ করলে বিরোধীদের অভিযোগই সত্য বলে প্রমাণিত হবে। আবার সরকারও তাঁকে সরাতে চাইবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ, জ্ঞানেশকে সরানোর সিদ্ধান্তের রাজনৈতিক অর্থ হবে অনেক বড়। সরকার তাঁকে সরালে বিরোধীরা বলতে পারে, তাদের অভিযোগের চাপে প্রধানমন্ত্রীকে শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের মুখে সরকার নিজের পছন্দের ব্যক্তিকেও আর রক্ষা করতে পারছে না। অন্য দিকে, তাঁকে পদে রেখে দিলে বিতর্ক আরও বাড়তে পারে। প্রতিটি নির্বাচন, প্রতিটি ভোটার তালিকা সংশোধন, প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে জ্ঞানেশের নাম জড়িয়ে যাবে। তখন কোনও ফলাফল নিয়ে প্রশ্ন উঠলেই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নতুন করে আলোচনায় আসবে।

এই বিতর্কে বিজেপি সরাসরি কতটা নির্বাচনী ক্ষতির মুখে পড়বে, তা এখনই নিশ্চিত করে বলা যায় না। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ যত বাড়বে, নির্বাচনের ফল নিয়ে রাজনৈতিক সংঘাতের আশঙ্কাও তত বাড়বে। নরেন্দ্র মোদি গত ২৫ বছরে বহু রাজনৈতিক ঝড় সামলেছেন। কিন্তু ক্ষমতায় থাকা আর প্রতিষ্ঠানগুলির উপর মানুষের বিশ্বাস ধরে রাখা এক জিনিস নয়। এই কারণেই জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্ককে শুধু মোদি-বিরোধী রাজনীতির আর একটি অধ্যায় হিসেবে দেখা ভুল হবে। আসল প্রশ্ন, একজন ব্যক্তি বা একটি দলের চেয়েও বড় ভারতের নির্বাচন ব্যবস্থা কি এমন আস্থা ধরে রাখতে পারছে, যাতে পরাজিত দলও ফল মেনে নিতে পারে এবং বিজয়ী দলও নিজের জয়কে প্রশ্নাতীত বলে দাবি না করে?

বহুবার মোদি রাজনৈতিক লড়াইকে ‘দেশপ্রেম বনাম দেশবিরোধিতা’, ‘জাতীয়তাবাদ বনাম বিচ্ছিন্নতাবাদ’ কিংবা ‘ভারত বনাম পাকিস্তান’—এই ধরনের দ্বন্দ্বের কাঠামোয় তুলে ধরেছেন। এতে মূল রাজনৈতিক প্রশ্ন থেকে মানুষের মনোযোগ সরিয়ে পরিচয় ও আবেগের প্রশ্নকে সামনে আনা সম্ভব হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে সেই কৌশল কতটা কার্যকর হবে? এই রাজনৈতিক লড়াইয়ে প্রশ্ন শুধু কে সরকার চালাবে, তা নয়। প্রশ্ন হল, মানুষ কি বিশ্বাস করবেন যে তাঁদের ভোটের মূল্য রয়েছে? তাঁরা কি মনে করবেন, তাঁদের ভোটের ভিত্তিতেই সরকার তৈরি হচ্ছে? আর সেই বিশ্বাস রক্ষা করার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির উপর তাঁরা আস্থা রাখতে পারবেন?

যে নাগরিক জানতে চাইছেন তাঁর নাম ভোটার তালিকায় থাকবে কি না, তাঁকে বিদেশি ষড়যন্ত্রের কথা বলে কতটা আশ্বস্ত করা যাবে? যে তরুণ জানতে চাইছেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি স্বাধীনভাবে কাজ করছে কি না, তাঁর প্রশ্নের উত্তর কি শুধু দেশপ্রেমের বক্তৃতা দিয়ে দেওয়া সম্ভব? এটাই মোদি সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ। সম্ভবত এটাই তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম বড় পরীক্ষা। আর এই পরীক্ষার ফল শুধু জ্ঞানেশ কুমারের ভবিষ্যৎ নির্ধারণ করবে না। তার সঙ্গে জড়িয়ে থাকবে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা, ২০২৭ সালের উত্তরপ্রদেশ নির্বাচন এবং ২০২৯ সালের লোকসভা ভোটের আগে মোদি সরকারের রাজনৈতিক ভবিষ্যৎও।

গণতন্ত্রের সঙ্কট শুরু হয় তখনই, যখন মানুষ ভোট দেওয়ার অধিকার প্রয়োগের আগেই নির্বাচনী ব্যবস্থার উপর বিশ্বাস হারাতে শুরু করে!

 

Friday, October 9, 2026

 

অর্থ, যৌনতা, ক্ষমতার বৃত্তে

অর্থ, যৌনতা, গোপন খবর, পৃথিবীর এলিটদের অদ্ভুত সঙ্গমস্থল ছিল জেফ্রি এপস্টিন। তার বিচরণ ছিল ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিন্টন, ইলন মাস্ক, বিল গেটস, গুগলের প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন, ট্রাম্পের পরামর্শদাতা স্টিভ ব্যানন, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, ব্রিটেনের রাজপুত্র অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর, ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বারাক, চিন্তাবিদ নোয়াম চমস্কি, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক, কোটিপতিদের আঙিনায়। তার ইমেলের নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শিল্পপতি অনিল আম্বানির নামও উঠেছে। কে ইনি? জেফ্রি এপস্টিন। নাবালিকাদের দেহব্যবসায় নামানোর অভিযোগে ২০০৬ সালে সে প্রথমবার আমেরিকার ফ্লোরিডায় গ্রেপ্তার হয়। ২০০৮ সালে দোষ স্বীকার করে ১৮ মাসের জেল হয়। কিন্তু ১৩ মাস যেতে না যেতেই সে বিতর্কিত ধারায় ‘কাজের জন্য’ ছাড়া পেয়ে যায়। সে এমনই ক্ষমতাবান ছিল যে, সপ্তাহে ছ’দিন ১২-১৬ ঘন্টার জন্য নিজের অফিসে গিয়ে কাজ করার অনুমতি পেয়েছিল। ২০০৯ সালে পাকাপাকিভাবে মুক্ত হয়। পরে আবার ২০১৯ সালে তাকে গ্রেপ্তার করা হয় একই অভিযোগে। কিন্তু সেবছরে জেলের মধ্যেই এপস্টিনের অস্বাভাবিক মৃত্যু হয়। বিভিন্ন দেশে এই নাবালিকা পাচার ও ধর্ষণকাণ্ডের মতো জঘন্য অপরাধের আসামী এপস্টিনের সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।

এপস্টিন ছিল বিশ্বের ক্ষমতাবানদের ‘ব্রোকার’। এক ক্ষমতাবানের সঙ্গে অন্য ক্ষমতাবানকে মিলিয়ে দেওয়া, এক ক্ষমতাবানকে অন্য ক্ষমতাবানের সঙ্গে যোগাযোগ করিয়ে সুযোগসুবিধার ব্যবস্থা করে দেওয়াই ছিল তার কাজ। তুমি আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করছি। তুমি আমার মুনাফা দেখো, আমি তোমার মুনাফা দেখব। এই নেটওয়ার্ক থেকে এপস্টিনের যে আর্থিক লাভ হতো তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাংকার এপস্টিন, ক্ষমতাবানদের টাকা এদিক ওদিক বিনিয়োগ করেও মুনাফা এনে দিত। তার ভাগও পেত। আর যেসব ক্ষমতবান এপস্টিনকে আগলে রেখেছিলেন, তাঁরা এখন দায়িত্ব এড়াচ্ছেন। এর সবচেয়ে বড় প্রমাণ— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একজন ছিলেন নিউ ইয়র্কের কুখ্যাত ধনকুবের, যাঁর নাম শুনলে আজও কেঁপে ওঠে উচ্চবিত্ত মহল। আরেকজন ওই সময়ের হোটেল ও ক্যাসিনো সাম্রাজ্যের নির্মাতা, এখন বিশ্বের সবচেয়ে আলোচিত প্রেসিডেন্ট। জেফ্রি এপস্টিন ও ডোনাল্ড ট্রাম্প— দু’জনের বন্ধুত্ব আজ আর গোপন নেই। নগ্ন চিত্র আঁকা জন্মদিনের চিঠি, পার্টিতে হাস্যোজ্জ্বল দৃশ্য, ব্যক্তিগত জেট ভ্রমণ— সব মিলিয়ে তাঁদের বন্ধুত্ব যেন হলিউডি স্ক্রিপ্ট! তবে গল্পটা এখানেই থেমে নেই। এখন ট্রাম্প বলছেন, সব দু’জনের বন্ধুত্বের শুরু কোথায় আর ফাটল ধরল কখন—সব মিলিয়ে এখন এই সম্পর্ক মার্কিন রাজনীতির সবচেয়ে আলোচিত এক বিতর্ক। এপস্টিন ফাইলের নথি আমাদের দেখিয়ে দিচ্ছে, কীভাবে এই পুঁজিবাদী ব্যবস্থায় নিজের মুনাফাই শেষ কথা। যেখানে ক্ষমতাবানরা কীভাবে ক্ষমতার অপব্যবহার করে। কীভাবে একজন যৌন অপরাধীকে দশকের পর দশক রক্ষা করে। যখন সেই তথ্য জনসমক্ষে আসে, তখন তারা ক্ষমতার দম্ভেই সেই সব তথ্যকে হয় অস্বীকার করে অথবা তদন্ত এড়িয়ে যায়। এরা এক সমান্তরাল অর্থনীতি চালায়। জনতার চোখের আড়ালে। আর এপস্টিনরা বহাল তবিয়তে থাকে, শুধুই ক্ষমতার বৃত্তে থাকার দৌলতে। এই বই সেই এপস্টিন মামলা নিয়েই। এই বই কোনো গল্পের বই নয়, সাংবাদিকতার চোখে দেখা একটা আস্ত ফাইল।

এপস্টিন ফাইলস ।। মৃণালকান্তি দাস ।। বাংলা শপিজেন ।। ৩৭০ টাকা

বাংলা শপিজেন বিপণি
ব্লক - ৪, স্টল নং - ১০
কলেজ স্কোয়ার, কলকাতা - ৭৩
(প্যারামাউন্ট-এর বিপরীতে)

#কলেজ_স্ট্রিটে পাওয়া যাচ্ছে👇
১) বাংলা শপিজেন বিপণি,(কলেজ স্কোয়্যার, প্যারামাউন্টের বিপরীতে - 6290168573/9433096674)
২) দেজ পাবলিশিং
৩) অরণ্যমন
৪) দে বুক স্টোর (দীপুদা)
৫) আদি দে বুক স্টোর (তপনদা)
৬) দাস বুক স্টল
৭) খোয়াই বিপণী
৮) জানকী বুক ডিপো
৯) বই বন্ধু
১০) ইবুক লিস্ট
১১) সুপ্রকাশ
১২) প্ল্যাটফর্ম
১) রিড বেঙ্গলি বুকস
৪২এ, সর্দার শঙ্কর রোড, কলকাতা-২৯,
চারুচন্দ্র কলেজের পিছনদিকে
১) Bangla Shopizen (9433096674)
২) প্রিয় গ্রন্থদীপ (9875442189)
৩) বুকলুক (8017544015)
৪) ব‌ইভূত (6291190071)
৫) কলকাতা বুকশেল্ফ
(9735124904)
৬) ব‌ই প্রিয় (7980631770)
৭) ব‌ই কুটির (9836843677)
৮) কেতাবি বইওয়ালা (8981575992)
৯) বইপাড়া (7595905955)
১০) বইহাট (8637052074)
১১) ইবুক লিস্ট ( 8777280337)
১২) চক্রবর্তী এন্ড সন্স ( 6290381169)
১৩) ডোর স্টেপ (7596993978)
১৪) স্মেল অফ বুকস (9535399044)
১৫) ব‌ই সুখ (7998233822)
৩) khoai.in
৪) boighar.in
৬) boitoi.in
৭) boichitro.in
১০) booktook.in