Thursday, November 12, 2026

যুদ্ধের নতুন ফ্রন্টলাইন

 

যুদ্ধের নতুন ফ্রন্টলাইন

এবার নিশানায় সুপারমার্কেটের ফ্রিজ!

ভাবুন, সকালে ঘুম থেকে উঠে বাজারে গেলেন। সুপারমার্কেটের দরজা খুলতেই দেখলেন, সারি সারি ফ্রিজারের ভিতরে রাখা মাছ, মাংস, দুধ, দুগ্ধজাত খাবার সব নষ্ট হতে শুরু করেছে। কোথাও তাপমাত্রা হিমাঙ্কের অনেক ওপরে, কোথাও আবার ফ্রিজারের ভিতর এমন উত্তাপ যে খাবার ঠান্ডা রাখার বদলে রান্না হয়ে যাওয়ার জোগাড়। অথচ বিদ্যুৎ রয়েছে, যন্ত্রপাতিও সচল। কোথাও কোনও যান্ত্রিক ত্রুটি নেই। সমস্যা অন্য জায়গায়। হাজার হাজার মাইল দূরে বসে কেউ একজন কম্পিউটারের কয়েকটি নির্দেশ দিয়ে বদলে দিয়েছে ফ্রিজারের তাপমাত্রা। এটি কোনও সায়েন্স ফিকশন সিনেমার দৃশ্য নয়। ইউরোপের সুপারমার্কেটগুলোতে সাম্প্রতিক সাইবার হামলার পর এমনই এক উদ্বেগজনক বাস্তবতার মুখোমুখি হয়েছেন খুচরো ব্যবসায়ীরা।

এবার নিশানায় কোনও সামরিক ঘাঁটি নয়, সরকারি মন্ত্রক নয়, এমনকী বিদ্যুৎকেন্দ্র বা বিমানবন্দরও নয়। লক্ষ্যবস্তু একটি অতি সাধারণ জিনিস—খাবার ঠান্ডা রাখার ফ্রিজ! কয়েক সপ্তাহের ব্যবধানে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও সুইডেনের একাধিক শীর্ষ খুচরো বিক্রেতা সংস্থা জানায়, তাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার পর ফ্রিজিং সিস্টেমে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। সুইডেনের একটি দোকানে ফ্রিজারের তাপমাত্রা এমন জায়গায় পৌঁছেছিল, যা খাদ্য সংরক্ষণের চেয়ে রান্নার তাপমাত্রার সঙ্গেই বেশি সামঞ্জস্যপূর্ণ!

প্রথমে ঘটনাগুলোকে বিচ্ছিন্ন প্রযুক্তিগত বিপত্তি বলে মনে হতে পারে। কিন্তু একটু গভীরে তাকালেই বোঝা যায়, এর মধ্যে লুকিয়ে রয়েছে সাইবার যুদ্ধের এক নতুন কৌশল। যুদ্ধের লক্ষ্যবস্তু আর শুধু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরিকাঠামো নয়। এখন নিশানায় এমন সব সাধারণ প্রযুক্তি, যেগুলোর উপর নির্ভর করে প্রতিদিনের জীবন সচল থাকে।

বহু বছর ধরে সরকারগুলো সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে বিদ্যুৎ গ্রিড, বিমানবন্দর, আর্থিক ব্যবস্থা, টেলিযোগাযোগ নেটওয়ার্ক এবং সামরিক পরিকাঠামোর নিরাপত্তা জোরদার করেছে। ধারণাটা ছিল পরিষ্কার— কোনও শত্রু রাষ্ট্র সাইবার আক্রমণ চালালে তার প্রধান লক্ষ্য হবে দেশের গুরুত্বপূর্ণ পরিকাঠামো অচল করে দেওয়া। বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। বিমান চলাচল থমকে যাবে। ব্যাংকের লেনদেন বিপর্যস্ত হবে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম স্তব্ধ হয়ে যাবে। কিন্তু আধুনিক সাইবার যুদ্ধের মানচিত্র যে এত দিনে বদলে গিয়েছে, ইউরোপের সুপারমার্কেটের ফ্রিজগুলো যেন তারই প্রথম সতর্কবার্তা।

কারণ আধুনিক সমাজের আরেকটি পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের চোখের আড়ালে। সেখানে রয়েছে স্বয়ংক্রিয় গুদাম, ডিজিটাল ইনভেন্টরি নেটওয়ার্ক, লজিস্টিকস সফটওয়্যার, কোল্ড-চেইন স্টোরেজ এবং খাদ্য উৎপাদক থেকে ক্রেতার হাতে পণ্য পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত অসংখ্য প্রযুক্তি। এগুলো বিদ্যুৎ উৎপাদন করে না, যুদ্ধবিমান ওড়ায় না, ব্যাংকের লেনদেনও পরিচালনা করে না। কিন্তু এগুলোর কোনও একটি অচল হয়ে গেলে তার অভিঘাত পৌঁছে যেতে পারে কয়েক কোটি মানুষের দৈনন্দিন জীবনে।

একটি ফ্রিজার আসলে এখন আর নিছক একটি যন্ত্র নয়। সেটি যুক্ত থাকে সফটওয়্যার প্ল্যাটফর্ম, দূরবর্তী নজরদারি নেটওয়ার্ক, পূর্বাভাসমূলক রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং ক্লাউড-ভিত্তিক পরিচালন ব্যবস্থার সঙ্গে। দূরে বসেই কর্মীরা তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন, যন্ত্রের অবস্থা পরীক্ষা করতে পারেন, সম্ভাব্য ত্রুটি সম্পর্কে আগাম সতর্কবার্তা পেতে পারেন। ব্যবসার দিক থেকে এটি অসাধারণ অগ্রগতি। কিন্তু নিরাপত্তার দিক থেকে? এখানেই লুকিয়ে রয়েছে বিপদ। যে প্রযুক্তি দিয়ে কয়েক হাজার ফ্রিজারের তাপমাত্রা একসঙ্গে নিয়ন্ত্রণ করা যায়, সেই প্রযুক্তির কোনও দুর্বলতা খুঁজে পেলে আক্রমণকারীও একইভাবে বহু যন্ত্রের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ পেতে পারে।

আগে একটি ফ্রিজার বন্ধ হতো বিদ্যুতের গোলমালে, কম্প্রেসরের ত্রুটিতে কিংবা যান্ত্রিক সমস্যায়। এখন সেটি বন্ধ করে দেওয়া সম্ভব দূরবর্তী কোনও সাইবার অনুপ্রবেশের মাধ্যমে। আক্রমণকারীকে দোকানে ঢুকতে হচ্ছে না, কর্মীদের চোখ এড়িয়ে যেতে হচ্ছে না, এমনকী ঘটনাস্থলের কাছাকাছিও থাকতে হচ্ছে না। একটি কম্পিউটার, একটি দুর্বল সফটওয়্যার এবং সঠিক সময়ে দেওয়া কয়েকটি নির্দেশ— ব্যস, যথেষ্ট!

প্রথমে নষ্ট হবে খাবার। তারপর সেই খাবার সরিয়ে নতুন পণ্য আনতে হবে। গুদামের হিসাব বদলাতে হবে। পরিবহণের সময়সূচি নতুন করে তৈরি করতে হবে। সরবরাহকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে। বাড়বে বিমার খরচ। উৎপাদক থেকে খুচরো বিক্রেতা—পুরো সরবরাহব্যবস্থায় তৈরি হবে অস্থিরতা। একটি দোকানের সমস্যা হয়তো সাময়িক। কিন্তু একই ধরনের হামলা যদি একাধিক শহর বা দেশের বহু প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে, তখন তা আর কোনও দোকানের সমস্যা থাকে না। তা হয়ে ওঠে অর্থনৈতিক বিপর্যয়ের সূচনা। এখানে আক্রমণকারীর উদ্দেশ্য শুধু খাবার নষ্ট করা নয়। বরং এমন এক পরিস্থিতি তৈরি করা, যেখানে মানুষ বাজারে গিয়ে প্রয়োজনীয় খাবার পাচ্ছে না, ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন, পণ্যের দাম বাড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে অনিশ্চয়তা।

একটি শহরকে অন্ধকারে ডুবিয়ে না দিয়েও তাকে অস্থির করে তোলা সম্ভব। বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটানোর প্রয়োজন নেই। বিমানবন্দর বন্ধ করারও দরকার নেই। মানুষের খাবারের জোগান নিয়ে অনিশ্চয়তা তৈরি করতে পারলেই সমাজের ভিতরে চাপ বাড়তে শুরু করবে। এটাই আধুনিক সাইবার যুদ্ধের বিপজ্জনক দিক।

প্রথাগত যুদ্ধে প্রতিপক্ষের সামরিক শক্তি, অস্ত্রভাণ্ডার কিংবা অর্থনৈতিক সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করা হয়। কিন্তু আধুনিক সাইবার সংঘাতের লক্ষ্য ক্রমশ আরও সূক্ষ্ম হয়ে উঠছে। লক্ষ্য শুধু কোনও ব্যবস্থা অচল করা নয়, সেই ব্যবস্থার ওপর মানুষের বিশ্বাস নষ্ট করা। মানুষ যদি ভাবতে শুরু করে যে সুপারমার্কেটের ফ্রিজ নিরাপদ নয়, ব্যাংকের নেটওয়ার্কে ভরসা করা যায় না, হাসপাতালের প্রযুক্তি যে কোনও মুহূর্তে বিকল হতে পারে, কিংবা খাদ্য সরবরাহ ব্যবস্থা যে কোনও দিন ভেঙে পড়তে পারে— তাহলে সেই অবিশ্বাস নিজেই এক ধরনের অস্ত্র হয়ে উঠবে। কারণ আধুনিক অর্থনীতি শুধু পণ্য, অর্থ কিংবা পরিকাঠামোর ওপর দাঁড়িয়ে নেই। দাঁড়িয়ে রয়েছে আস্থার ওপরও। মানুষ বিশ্বাস করে প্রয়োজনের সময় খাবার পাওয়া যাবে, বিদ্যুৎ থাকবে, ব্যাংকে টাকা থাকবে, হাসপাতাল কাজ করবে। এই বিশ্বাসের ভিত নড়ে গেলে তার অভিঘাত ছড়িয়ে পড়ে গোটা সমাজে।

একটি ফ্রিজার কোনও সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। কিন্তু হাজার হাজার ফ্রিজার, গুদাম, পরিবহণ ব্যবস্থা এবং সরবরাহ নেটওয়ার্কে ছড়িয়ে থাকা দুর্বলতাগুলো একসঙ্গে কাজে লাগানো গেলে পরিস্থিতি অন্য রকম হতে পারে। এখানেই বিপদের আসল জায়গা।

উনিশ শতকে শিল্পপ্রধান অর্থনীতির প্রাণ ছিল রেলপথ। বিশ শতকে তেল ও বিদ্যুৎ হয়ে উঠেছিল রাষ্ট্রের চালিকাশক্তি। একুশ শতকে সেই জায়গা ক্রমশ দখল করেছে সফটওয়্যার। এখন একটি দেশের অর্থনীতি থেকে দৈনন্দিন জীবন—সবকিছুই কোনও না কোনওভাবে ডিজিটাল ব্যবস্থার উপর নির্ভরশীল। ডিজিটাল প্রযুক্তি কাজের গতি বাড়িয়েছে, খরচ কমিয়েছে, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ করেছে। কিন্তু দক্ষতা আর স্থিতিস্থাপকতা এক জিনিস নয়। যে ব্যবস্থা যত বেশি স্বয়ংক্রিয় এবং পরস্পরের সঙ্গে যুক্ত, তার একটি অংশে সমস্যা দেখা দিলে অন্য অংশগুলিও তত দ্রুত বিপর্যস্ত হতে পারে।

একটি শতভাগ দক্ষ ব্যবস্থা অনেক সময় ভীষণ ভঙ্গুর হয়। কারণ সেখানে বিকল্প ব্যবস্থা, অতিরিক্ত মজুত কিংবা মানুষের হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার সুযোগ ক্রমশ কমে আসে। এখানেই ফিরে আসে জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ অর্থনীতিবিদ ই এফ শুমেকারের কথা। অর্ধশতকেরও বেশি আগে তাঁর বিখ্যাত বই Small Is Beautiful-এ তিনি প্রশ্ন তুলেছিলেন প্রযুক্তির অন্ধ দৌড় নিয়ে। তাঁর বক্তব্য ছিল, প্রযুক্তির শ্রেষ্ঠত্ব তার জটিলতায় নয়, মানুষের প্রয়োজন মেটানোর উপযোগিতায়। আজ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সেই প্রশ্ন আরও জরুরি হয়ে উঠেছে।

এআই নিয়ে আলোচনা হলেই সামনে আসে স্বয়ংক্রিয় অস্ত্র, অতি বুদ্ধিমান যন্ত্র, গণহারে কর্মসংস্থান হারানো কিংবা মানবসভ্যতার অস্তিত্বের সংকটের মতো নাটকীয় আশঙ্কা। অথচ হয়তো আরও তাৎক্ষণিক বিপদটি লুকিয়ে রয়েছে আমাদের প্রতিদিনের ব্যবহৃত প্রযুক্তির মধ্যে। আমরা প্রতিটি যন্ত্রকে আরও স্মার্ট করছি। প্রতিটি ব্যবস্থাকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করছি। উৎপাদন থেকে সংরক্ষণ, পরিবহণ থেকে বিপণন—সবকিছুতেই ঢুকিয়ে দিচ্ছি অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু এই প্রশ্নটি খুব কমই করছি—প্রযুক্তি যত উন্নত হচ্ছে, আমাদের জীবন কি ততটাই নিরাপদ হচ্ছে?

সমস্যা এআই নয়। সমস্যা প্রযুক্তির ওপর অন্ধ নির্ভরতা। কোনও ব্যবস্থা কতটা বুদ্ধিমান, সেটাই যদি তার সাফল্যের একমাত্র মাপকাঠি হয়, তাহলে তার দুর্বলতা কোথায়, বিকল্প ব্যবস্থা কী, বিপর্যয়ের সময় মানুষ কীভাবে নিয়ন্ত্রণ ফিরে পাবে—এই জরুরি প্রশ্নগুলো আড়ালে চলে যায়। ইউরোপের সুপারমার্কেটের ফ্রিজগুলো তাই একটি বড় সতর্কবার্তা।

প্রশ্নটা শুধু এই নয়, হ্যাকাররা কীভাবে একটি ফ্রিজারের তাপমাত্রা বদলে দিল। প্রশ্ন আরও গভীর—আমরা এমন এক পৃথিবী তৈরি করলাম কেন, যেখানে একটি ফ্রিজও এখন সাইবার যুদ্ধের কৌশলগত লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে? যুদ্ধের পরবর্তী ফ্রন্টলাইন হয়তো কোনও সীমান্তে নয়। কোনও যুদ্ধজাহাজের সামনে নয়। কোনও ক্ষেপণাস্ত্র ঘাঁটির আশপাশেও নয়। সেটি লুকিয়ে থাকতে পারে আপনার পাড়ার সুপারমার্কেটে। খাবার রাখার ফ্রিজে। গুদামের স্বয়ংক্রিয় দরজায়। পণ্য পরিবহণের সফটওয়্যারে। আর সবচেয়ে ভয়ংকর ব্যাপার, এই যুদ্ধ শুরু হয়ে গেলে প্রথমে হয়তো কেউ বুঝতেই পারবেন না যে যুদ্ধ চলছে।

সকালে দোকানে গিয়ে শুধু দেখবেন, ফ্রিজের ভিতরের সব খাবার নষ্ট হয়ে গিয়েছে!

No comments:

Post a Comment