সোনিয়া গান্ধীর এক অন্য জীবন
ইতালির এক সাধারণ পরিবার থেকে এসে জড়িয়ে পড়েছিলেন ভারতের সবচেয়ে ক্ষমতাধর রাজনৈতিক পরিবারের সঙ্গে। একে একে হারিয়েছেন শাশুড়ি ইন্দিরা গান্ধী এবং স্বামী রাজীব গান্ধীকে—দু’জনেই নিহত হয়েছেন নৃশংস রাজনৈতিক হত্যাকাণ্ডে। ব্যক্তিগত শোকের অতল অন্ধকার থেকে উঠে এসে শেষ পর্যন্ত তাঁকেই ধরতে হয়েছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের হাল। অথচ ক্ষমতার শীর্ষে পৌঁছেও প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। গার্ডিয়ানের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হ্যানা এলিস-পিটারসনকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনিয়া ফিরে দেখলেন তাঁর অনিচ্ছার রাজনীতি, নরেন্দ্র মোদির দমনমূলক শাসনব্যবস্থা এবং সেই তরুণ প্রজন্মকে, যাদের আন্দোলনে তিনি খুঁজে পাচ্ছেন ভবিষ্যতের আশার আলো।
আধুনিক ভারতের ইতিহাসের বহু বিস্ফোরক মুহূর্তের সাক্ষী তিনি। ক্ষমতার উত্থান-পতন, রক্তাক্ত রাজনৈতিক অধ্যায়, ব্যক্তিগত বিপর্যয়—সবই তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। অথচ নিজের গল্প বলতে গিয়ে সোনিয়া গান্ধী যেন বারবার পিছিয়ে যান। নিজের জীবনকে অসাধারণ বলে স্বীকার করতে তাঁর অস্বস্তি। ‘ওহ, আমার মনে হয় না, একে কোনও অসামান্য বা অসাধারণ গল্প বলা যায়,’ বলেন তিনি। কথাগুলো বলতে বলতে খানিক নড়েচড়ে বসেন। যেন নিজের জীবনের বিস্ময়কর ঘটনাপ্রবাহের সঙ্গে নিজেকেই মেলাতে পারছেন না। কিন্তু তাঁর জীবনের দিকে তাকালে সেই বিনয়ী মূল্যায়ন মেনে নেওয়া কঠিন।
উত্তর ইতালির এক ছোট শহরের কর্মজীবী পরিবারে জন্ম। সেখান থেকে হাজার হাজার মাইল দূরের এক অচেনা দেশ। তারপর ভারতের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী পরিবারের অন্দরমহল। আর শেষ পর্যন্ত সেই পরিবারের উত্তরাধিকার, সেই দেশের ক্ষমতার রাজনীতির কেন্দ্রে পৌঁছে যাওয়া। পথটি শুধু দীর্ঘ নয়, রক্তাক্তও।
১৯৮৪ সালের ৩১ অক্টোবর। দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবন। সেদিন নিজের শাশুড়ি, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে দেখেছিলেন সোনিয়া। রক্তাক্ত দেহটি আঁকড়ে ধরেছিলেন তিনি। মুহূর্তের মধ্যে বদলে গিয়েছিল তাঁর পৃথিবী। ইন্দিরার মৃত্যুর পর প্রধানমন্ত্রী হলেন রাজীব গান্ধী। সোনিয়া হয়ে উঠলেন ভারতের ‘ফার্স্ট লেডি’। কিন্তু সেই ক্ষমতার আবরণও তাঁকে রক্ষা করতে পারেনি। ১৯৯১ সালে এক আত্মঘাতী হামলায় নিহত হলেন রাজীব। আবারও ছিন্নভিন্ন হয়ে গেল তাঁর ব্যক্তিগত জীবন। রাজনীতির প্রতি যে নারীর জন্মগত অনীহা, শেষ পর্যন্ত তাকেই কাঁধে তুলে নিতে হল বিভক্ত কংগ্রেসের দায়িত্ব। দলের অস্তিত্ব যখন বিপন্ন, তখন সোনিয়াকে ঘিরেই তৈরি হল নতুন রাজনৈতিক সমীকরণ।
২০০৪ সালে কংগ্রেসকে নির্বাচনী বিজয়ের পথে নেতৃত্ব দিলেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও এল। কিন্তু সেই সুযোগকে প্রত্যাখ্যান করলেন নাটকীয়ভাবে। ভারতের ক্ষমতার ইতিহাসে বিরল এক মুহূর্ত—ক্ষমতার দরজায় দাঁড়িয়ে নিজেই সরে গেলেন সোনিয়া। দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। কংগ্রেস যখন ক্ষমতায়, তখনও; আবার যখন ক্রমশ দুর্বল বিরোধী শক্তিতে পরিণত হয়েছে, তখনও। ২০১৭ সালে সভাপতির পদ ছেড়ে দেন। উত্তরসূরি হন তাঁর ছেলে রাহুল গান্ধী।
কিন্তু এই রাজনৈতিক জীবনের শুরু কোথায়? কোনও রাজনৈতিক মঞ্চে নয়। কোনও নির্বাচনী প্রচারে নয়। বরং ষাটের দশকের কেমব্রিজে, এক গ্রিক রেস্তোরাঁয়।
সোনিয়া তখন মাত্র ১৮। ভাষা শেখার জন্য ইংল্যান্ডে এসেছেন। একদিন রেস্তোরাঁয় চোখে পড়ল এক তরুণকে। উজ্জ্বল চোখ, সুপুরুষ চেহারা। সেই প্রথম দেখা। সেই প্রথম প্রেম। তাঁর জানা ছিল না, এই তরুণই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন। তাঁর জানা ছিল না, এই প্রেম তাঁকে নিয়ে যাবে এমন এক পরিবারের অন্দরমহলে, যার নামের সঙ্গে জড়িয়ে আছে স্বাধীন ভারতের ইতিহাস। ‘ওটা ছিল প্রথম দেখাতেই প্রেম,’ স্মৃতিচারণা করেন সোনিয়া। ‘তারপর আর অন্য কোনও কিছুরই গুরুত্ব ছিল না। প্রথমত, ও ছিল অসম্ভব সুপুরুষ। কিন্তু আমার মনে হয়, ওর চোখ দুটোই বলে দিত, ও ভিতর থেকে ঠিক কেমন ছিল, ওর অন্তরাত্মাটা কেমন ছিল। ও ছিল ভীষণ ভালোবাসায় ভরা, পরম মমতাময় এবং যত্নশীল। আমি আমার স্বপ্নের পুরুষ হিসেবে যা কিছু ভাবতে পারতাম, তার সবই ছিল ওর মধ্যে।’
প্রেমের সেই দিনগুলোতে রাজীবের পরিচয়ের রাজনৈতিক তাৎপর্য তাঁর কাছে ছিল প্রায় অজানা। পরে জানতে পারলেন, রাজীবের নানা জওহরলাল নেহরু—স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। মা ইন্দিরা গান্ধী—১৯৬৬ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া এক ঐতিহাসিক ব্যক্তিত্ব।
এক ইতালীয় তরুণীর কাছে ভারত তখনও ছিল অচেনা এক ভূখণ্ড। অথচ সেই দেশই একদিন তাঁর জীবনের সবচেয়ে বড় শোকের সাক্ষী হবে, আবার তাঁকেই ঠেলে দেবে ক্ষমতার কেন্দ্রে। আজকের সোনিয়া গান্ধী কি ফিরে তাকিয়ে সেই তরুণীকে চিনতে পারেন? সেই মেয়েটিকে, যে প্রেমে মগ্ন হয়ে নিজের দেশ, পরিবার, পরিচিত জীবন ছেড়ে পাড়ি দিয়েছিল এক অজানা ভবিষ্যতের দিকে? প্রশ্ন শুনে মৃদু স্বরে উত্তর দেন তিনি, ‘না, খুব একটা পারি না।’ তারপর একটু থেমে যোগ করেন, ‘জীবনে অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু বদলে গিয়েছে।’ সেই সংক্ষিপ্ত বাক্যের মধ্যে যেন লুকিয়ে আছে এক জীবনের দীর্ঘ ইতিহাস—প্রেম, রক্ত, শোক, ক্ষমতা এবং এমন এক নিয়তি, যা থেকে পালানোর কোনও পথ ছিল না।
ক্ষমতার অলিন্দে এক নিঃসঙ্গ নারী
দিল্লির এক ঐতিহ্যবাহী, বিশাল শ্বেতশুভ্র বাংলো। গত ৩৬ বছর ধরে এই বাড়িই সোনিয়া গান্ধীর ঠিকানা। বাড়িটির প্রতিটি দেওয়াল যেন বহন করে চলেছে আধুনিক ভারতের রাজনীতির একের পর এক রক্তাক্ত অধ্যায়। ১৯৯১ সালে এই বাড়িতেই খবর এসেছিল— শ্রীলঙ্কার তামিল বিচ্ছিন্নতাবাদীদের আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন তাঁর স্বামী রাজীব গান্ধী। যে মানুষটির হাত ধরে ইতালি থেকে ভারতে এসেছিলেন, সেই মানুষটিই আর ফিরবেন না। মুহূর্তে থমকে গিয়েছিল তাঁর ব্যক্তিগত পৃথিবী।
সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটির ভূমিকা বদলেছে। একসময় এটি ছিল শোকাহত এক নারীর আশ্রয়। পরে সোনিয়া যখন কংগ্রেসের নেতৃত্বের ব্যাটন তুলে নিলেন, তখন এই বাংলোই হয়ে উঠল দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলের প্রধান স্নায়ুকেন্দ্র। এখান থেকেই তৈরি হয়েছে নির্বাচনী কৌশল, নির্ধারিত হয়েছে রাজনৈতিক ভবিষ্যৎ, নেওয়া হয়েছে ক্ষমতার অলিন্দে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
সোনিয়ার পড়ার ঘরে ঢুকলে মনে হয়, অতীত যেন এখনও এই বাড়ি ছেড়ে যায়নি। দেওয়ালে জওহরলাল নেহরুর তৈলচিত্র। রাজীব গান্ধীর জীবনের নানা মুহূর্তের ছবি। ইন্দিরা গান্ধীর ভাস্কর্য ও প্রতিকৃতি। অন্য এক দৃশ্যমান স্থানে মহাত্মা গান্ধীর ছবি। কংগ্রেসের ইতিহাস, উত্তরাধিকার এবং রাজনৈতিক আদর্শের চার প্রধান মুখ যেন নীরবে ঘিরে রেখেছেন ঘরটিকে। মেঝে থেকে প্রায় ছাদ ছুঁয়ে ওঠা কাঠের বুকশেলফে সারি সারি বই। ভারী সোনালি মলাটে বাঁধানো হাজার হাজার গ্রন্থ। ঘরের মাঝখানে বিশাল মিটিং টেবিল—যেখানে একসময় কত রাজনৈতিক সিদ্ধান্তের জন্ম হয়েছে, তার হিসাব রাখা কঠিন। কিন্তু এই রাজনৈতিক গাম্ভীর্যের মধ্যেও রয়েছে সোনিয়ার নিজস্ব রুচির ছাপ। কারুকার্যময় কার্পেট, নকশাদার পর্দা, এখানে-সেখানে সাজিয়ে রাখা পুরনো দিনের দুর্লভ সামগ্রী। ইতিহাসের ভার আর ব্যক্তিগত নান্দনিকতা পাশাপাশি বসবাস করছে এই ঘরে।
গাঢ় নীল শাড়ি, মেরুন ব্লাউজ। নিখুঁতভাবে সাজানো ধূসর চুলে কালো হেডব্যান্ড। সোনিয়া গান্ধীকে দেখে মনে হয়, তিনি যেন ভারতীয় রাজনীতির এক প্রবীণ অভিভাবক—দীর্ঘ অভিজ্ঞতা, সংযম আর নীরব কর্তৃত্বের প্রতিমূর্তি। অথচ তাঁর ইংরেজি উচ্চারণে মৃদু ইতালীয় টান, কথা বলার সময় হাতের পরিচিত ইতালীয় ভঙ্গি মনে করিয়ে দেয়, তাঁর জীবনের প্রথম অধ্যায়টি লেখা হয়েছিল ভারতের বহু দূরে।
গার্ডিয়ানের দক্ষিণ এশিয়ার প্রতিনিধি হ্যানা এলিস-পিটারসনকে দেওয়া সাক্ষাৎকারের শুরুতেই সোনিয়া অকপটে স্বীকার করেন, এই বৈঠক নিয়ে তিনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন। গত এক দশকে কোনও সাক্ষাৎকার দেননি তিনি। জনজীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত থেকেও ব্যক্তিগত জীবনকে বরাবরই রেখেছেন আড়ালে। তাঁর কাছে প্রকাশ্য জীবন আর ব্যক্তিগত জীবন—দু’টি আলাদা জগৎ।
এবার সেই আড়াল কিছুটা সরাতে রাজি হয়েছেন একটি বিশেষ কারণে। প্রকাশিত হয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত আত্মজীবনী Belonging: A Journey of Love (হারপারকলিন্স)। এটি নিছক কোনও রাজনৈতিক স্মৃতিকথা নয়। বরং প্রেম, পরিবার, হারানো মানুষ, শোক এবং নিজের অস্তিত্ব খুঁজে পাওয়ার এক গভীর ব্যক্তিগত বিবরণ। এতটাই ব্যক্তিগত যে মানসিক ভরসার জন্য সাক্ষাৎকারে মেয়েকে, কংগ্রেসের অন্যতম শীর্ষ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও পাশে রেখেছেন তিনি। ভারতের মূলধারার সংবাদমাধ্যমে সোনিয়া গান্ধীর যে প্রতিচ্ছবি বারবার ফুটে উঠেছে, তার সঙ্গে এই সাক্ষাৎকারের মানুষটির যথেষ্ট ফারাক। তাঁকে প্রায়ই কঠোর, দূরত্ব বজায় রাখা, এমনকী আত্মকেন্দ্রিক নেত্রী হিসেবেও তুলে ধরা হয়েছে। অথচ সামনাসামনি সোনিয়াকে দেখা গেল অনেক বেশি উষ্ণ, অমায়িক। কথার মাঝখানে কখনও আবেগপ্রবণ হচ্ছেন, কখনও হারিয়ে ফেলছেন কথার খেই। নিজের জীবনের এতটা উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও তাঁর মধ্যে দ্বিধা রয়েছে।
বইটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম কী লিখবে, কীভাবে আক্রমণ করবে, তা নিয়েও চিন্তিত তিনি। কিন্তু এত দিন ধরে তাঁকে ঘিরে যে অসংখ্য গল্প, গুজব আর অদ্ভুত কল্পকাহিনি তৈরি হয়েছে, তার পর এবার সত্যিটা সামনে আসা জরুরি বলে মনে করেন। তাঁর কথায়, ‘আমাকে নিয়ে এত বাজে ও অদ্ভুত সব খবর লেখা হয়েছে যে এবার প্রকৃত সত্যটা জানা মানুষের কাছে বরং স্বস্তির কারণ হবে।’ সাংবাদিকদের প্রতি এই সংশয় অবশ্য অকারণ নয়। সোনিয়ার অভিযোগ, নরেন্দ্র মোদির শাসনকালে ভারতের মূলধারার সংবাদমাধ্যমের একাংশ ক্রমশ সরকারের বয়ানের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিরোধীদের বক্তব্যের জায়গা সংকুচিত হয়েছে। বিশেষ করে কংগ্রেস এবং গান্ধী পরিবারকে ঘিরে ব্যক্তিগত আক্রমণ যেন সংবাদমাধ্যমের একাংশের নিয়মিত চর্চায় পরিণত হয়েছে।
মোদির সমালোচনা করতে গিয়ে সোনিয়া কোনও রাখঢাক করেননি। তাঁর চোখে, বর্তমান শাসনব্যবস্থা শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, বদলে দিতে চাইছে ভারতের রাষ্ট্রীয় চরিত্রকেই। মোদিকে তিনি এমন এক ‘কর্তৃত্ববাদী শক্তি’র প্রতিনিধি হিসেবে দেখেন, যাঁর রাজনৈতিক লক্ষ্য দেশের মূল প্রকৃতিকে বদলে দেওয়া। তাঁর অভিযোগ, বিজেপি পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ভিত দুর্বল করে দিচ্ছে। এখানেই রয়েছে দুই রাজনৈতিক দর্শনের সংঘাত। একদিকে কংগ্রেসের দীর্ঘদিনের বহুত্ববাদী ও ধর্মনিরপেক্ষ ভারতের ধারণা, অন্যদিকে মোদির হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি। সোনিয়ার মতে, এই পরিবর্তনের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সংখ্যালঘুদের, বিশেষত দেশের প্রায় ২০ কোটি মুসলিমকে। ‘একটি সম্পূর্ণ ভিন্ন ভারত দেখার পর আজকের এই অবস্থা দেখা অত্যন্ত যন্ত্রণাদায়ক,’ বলেন তিনি।
তারপর সংসদের প্রসঙ্গ তোলেন। একসময় সংসদে সরকার ও বিরোধীদের মধ্যে মতবিনিময় হতো। মতপার্থক্য থাকলেও আলোচনা চলত, পরামর্শ নেওয়া হতো। এখন সেই পরিসর ক্রমশ সংকুচিত। ‘সংসদে আমাদের কোনও বিতর্ক করতে দেওয়া হয় না। অতীতে অন্তত সরকার ও বিরোধী দলের মধ্যে বৈঠক হতো, আলোচনা হতো, পরামর্শ নেওয়া হতো। কিন্তু এখন বিরোধী দলের কোনও অস্তিত্ব বা মূল্যই যেন নেই।’ মোদির ক্ষমতায় আসার পর থেকে তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন। এমনকী একই ঘরে উপস্থিত থাকলেও মোদি তাঁর সঙ্গে সরাসরি চোখাচোখি এড়িয়ে চলেন বলে অভিযোগ সোনিয়ার। অথচ একসময় ভারতীয় রাজনীতিতে রাজনৈতিক বিরোধিতা মানেই ব্যক্তিগত শত্রুতা ছিল না। ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতাদের মধ্যে অন্তত ন্যূনতম সৌজন্য বজায় থাকত। এখন সেই রাজনৈতিক সংস্কৃতির জায়গায় এসেছে সংঘাত। বিজেপির বহুচর্চিত রাজনৈতিক স্লোগান—‘কংগ্রেসমুক্ত ভারত’। সোনিয়ার মতে, সেই লক্ষ্য পূরণের রাজনৈতিক অভিযানে গান্ধী পরিবারকেও নিশানা করা হচ্ছে। তাঁর এবং সন্তান রাহুল ও প্রিয়াঙ্কার বিরুদ্ধে একের পর এক ব্যক্তিগত আক্রমণ, মামলা এবং রাজনৈতিক চাপ তৈরি করা হচ্ছে।
সাক্ষাৎকারের মাঝখানেই বেজে ওঠে সোনিয়ার ফোন। ওপারে ছেলে রাহুল গান্ধী। কিছুক্ষণ কথাবার্তার পর জানা যায়, ২০১৮ সালে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের হওয়া একটি মানহানির মামলা থেকে আদালত রাহুলকে অব্যাহতি দিয়েছে। খবরটি শুনে সোনিয়ার প্রতিক্রিয়ায় জমে থাকা ক্ষোভ বেরিয়ে আসে। ‘ওরা মারাত্মক প্রতিহিংসাপরায়ণ ও হিংস্র। মনে হয় ওদের বুকে কোনও হৃদয় নেই।’ বিরোধীদের বিরুদ্ধে মামলা, সমালোচকদের নিশানা করা এবং ভিন্নমতের কণ্ঠরোধের এই প্রবণতাকে তিনি আখ্যা দেন ‘ভয়ের পরিবেশ’ হিসেবে।
সেই ভয় শুধু রাজনৈতিক পরিসরে আটকে নেই। এবার তার আঁচ এসে পড়েছে তাঁর আত্মজীবনীতেও। বইটি ভারতে প্রকাশ করার কথা ছিল পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়ার। কিন্তু পাণ্ডুলিপি জমা দেওয়ার পর প্রকাশকের তরফে দীর্ঘ নীরবতা। সোনিয়ার দাবি, সরকারের সমালোচনামূলক অংশগুলি নিয়ে প্রকাশনা সংস্থা অস্বস্তিতে ছিল। কিছু জায়গায় সম্পাদনা বা কাটছাঁটের প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে রাজি হননি সোনিয়া। তারপর যা ঘটল, তা আরও তাৎপর্যপূর্ণ। বই প্রকাশের নির্ধারিত তারিখের মাত্র এক সপ্তাহ আগে পেঙ্গুইন চুক্তি বাতিল করে। সোনিয়ার আত্মজীবনী শেষ পর্যন্ত অন্য প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হবে। পেঙ্গুইন অবশ্য তাদের বিবৃতিতে চুক্তি বাতিলের বিষয়টি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, সোনিয়া সম্পাদনায় রাজি না হওয়ায় বই প্রকাশ স্থগিত করা হয়েছে—এই দাবি সঠিক নয়। কিন্তু প্রকাশনা সংস্থার বক্তব্য যাই হোক, ঘটনাটি সোনিয়ার কাছে একটি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতারই অংশ। বই প্রকাশ ঘিরে এই টানাপোড়েন তাঁকে হতাশ করেছে, কিন্তু বিস্মিত করেনি। কারণ, তাঁর মতে, দেশে ভিন্নমত প্রকাশের পরিসর যে ক্রমশ সংকুচিত হচ্ছে, তার নমুনা তিনি আগেও দেখেছেন।
সাক্ষাৎকারের কয়েক দিন আগেই ঘটেছে আরেকটি ঘটনা। রাজনৈতিক বিক্ষোভের ওপর তোলা তাঁর ২৬ বছর বয়সি নাতির কয়েক ডজন আলোকচিত্র দিল্লির একটি প্রদর্শনী থেকে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছিল বলে জানা যায়। একটি আত্মজীবনী। কিছু ছবি। কয়েকটি রাজনৈতিক স্মৃতি। আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু সোনিয়ার চোখে এগুলির মধ্যে একটি যোগসূত্র রয়েছে—কোন কথা বলা যাবে, কোন ছবি দেখানো যাবে, কোন স্মৃতি প্রকাশ্যে আসতে পারবে, তার ওপর ক্রমশ তৈরি হচ্ছে অদৃশ্য নিয়ন্ত্রণ।
যে নারী একদিন নিজের ইচ্ছার বিরুদ্ধে ভারতের ক্ষমতার রাজনীতির কেন্দ্রে এসে দাঁড়িয়েছিলেন, আজ তাঁর লড়াই যেন অন্য এক জায়গায়—নিজের জীবনের গল্পটি নিজের ভাষায় বলার অধিকারটুকু ধরে রাখা।
ইন্দিরার ছায়া, রাজীবের প্রেম এবং মৃত্যুর অপেক্ষা
ভারতের চরম পুরুষতান্ত্রিক রাজনৈতিক সমাজে একজন নারী হিসেবে ক্ষমতার কেন্দ্রে টিকে থাকার লড়াই কতটা কঠিন, আর সেই লড়াইয়ের শেষ প্রান্তে একাকিত্ব কতটা গভীর হতে পারে— সোনিয়া গান্ধী তা দেখেছেন খুব কাছ থেকে। প্রথমে শাশুড়ি ইন্দিরা গান্ধীর জীবনে, পরে নিজের রাজনৈতিক জীবনে। ক্ষমতার শীর্ষে থাকা মানুষদের চারপাশে অসংখ্য লোকের ভিড় থাকে, কিন্তু সংকটের মুহূর্তে তাঁরা কতটা একা— সেই অভিজ্ঞতা সোনিয়ার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে।
১৯৬৮ সালে প্রথম ভারতে আসেন সোনিয়া। রাজীবের সঙ্গে বিয়ে করে শুরু হয় তাঁদের নতুন সংসার। ঠিকানা দিল্লির এক পুরোনো ঔপনিবেশিক বাংলো। একই ছাদের নীচে থাকতেন ইন্দিরা গান্ধীও। তখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম মেয়াদের দু’বছর পার করেছেন। স্বামী ফিরোজ গান্ধী কয়েক বছর আগেই মারা গিয়েছেন। বাইরে থেকে দেখলে ইন্দিরা ছিলেন আপসহীন, কঠোর, দৃঢ়চেতা এক রাজনৈতিক ব্যক্তিত্ব। সংবাদমাধ্যমের ভাষায়, ‘লৌহমানবী’। সেই প্রভাবশালী শাশুড়ির সামনে প্রথম দিকে সোনিয়া যে কিছুটা ভীত থাকতেন, তা তিনি নিজেই স্বীকার করেছেন। কিন্তু বাড়ির ভিতরের ইন্দিরা ছিলেন অন্য মানুষ। রাজনীতির কঠিন আবরণ সরিয়ে রাখলে তাঁর মধ্যে ছিল এক সংবেদনশীল, উদ্বিগ্ন, কখনও কখনও ভীত মায়ের অস্তিত্ব। একদিন সোনিয়ার কাছে নিজের মনের কথা খুলে বলেছিলেন তিনি। প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর কতটা ভয় পেয়েছিলেন, কতটা অনিশ্চয়তায় ভুগেছিলেন, জানিয়েছিলেন সেই অভিজ্ঞতা। সোনিয়ার কথায়, ‘সংবাদমাধ্যমে তাঁকে সব সময় কঠোর বা রূঢ় হিসেবে তুলে ধরা হতো। কিন্তু ঘরের ভিতরে তিনি আর পাঁচটা সাধারণ মায়ের মতোই ছিলেন।’
যদিও সেই কোমলতার আড়ালে থাকা রাজনৈতিক ক্রোধ সব সময় চাপা থাকত না। ইন্দিরার বিখ্যাত মেজাজের আঁচ কখনও কখনও এসে পড়ত পরিবারের সদস্যদের ওপরেও। সোনিয়ার আত্মজীবনীতে এমন একটি পারিবারিক নৈশভোজের বর্ণনা রয়েছে, যেখানে প্রচণ্ড রেগে গিয়ে নিজের থালা ছুড়ে মেরেছিলেন ইন্দিরা।
রাজনীতির ময়দানেও তাঁকে ঘিরে ছিল নিরন্তর সংঘাত। বিরোধী শিবিরের আক্রমণ, ডানপন্থী গোষ্ঠীগুলির বিরোধিতা, এমনকী নিজের দলের প্রবীণ নেতাদের একাংশের শত্রুতাও তাঁকে সামলাতে হয়েছে। সোনিয়া দেখেছেন, কীভাবে দিনরাত কাজ করতে করতে, অবিরাম চাপ ও আক্রমণের মধ্যে ইন্দিরা ক্রমশ এক নিঃসঙ্গ মানুষ হয়ে উঠছিলেন। ‘আমি দেখেছি, তিনি দিনরাত কাজ করতেন। ক্রমাগত চাপে থাকতেন, আক্রমণের শিকার হতেন। একজন সাধারণ মানুষের মতোই এসবের প্রভাব তাঁর ওপর পড়ত। আর নিশ্চিতভাবেই, ওই পদে একধরনের চরম একাকিত্ব আছে। তাঁর অনেক বন্ধু ছিল, অনেক আগ্রহের বিষয় ছিল। কিন্তু এটি বড়ই একাকী জীবনের পথ।’
তখনও সোনিয়ার নিজের জীবন ছিল অন্য রকম। রাজনীতির উত্তাপ থেকে অনেক দূরে, রাজীবের ভালোবাসায় ঘেরা এক নিশ্চিন্ত সংসার। দু’জনের প্রেম এতটাই গভীর ছিল যে তৎকালীন ভারতীয় সমাজের প্রচলিত শালীনতার ধারণাকে প্রায়ই অগ্রাহ্য করতেন তাঁরা। প্রকাশ্যেই পরস্পরের প্রতি ভালোবাসা দেখাতেন। কখনও এমনভাবে যে দুই সন্তানও লজ্জায় পড়ে যেত। সোনিয়ার কথায়, ‘এই মানুষটির জন্য আমি সবকিছু করতে প্রস্তুত ছিলাম। এমনকী নিজের ইতালীয় পরিচয়টুকু হারিয়ে ফেলতে হলেও।’
রাজীব তখন বাণিজ্যিক বিমানের পাইলট। তাঁর রাজনৈতিক কোনও উচ্চাকাঙ্ক্ষা ছিল না। শাশুড়ির সঙ্গে সম্পর্ক যত সহজ হয়েছে, সোনিয়াও তত বেশি করে ভারতীয় সংসারের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। পুরোনো বাংলোটিকে সাজিয়েছেন নিজের ইতালীয় রুচিতে। শিখেছেন কাশ্মীরি রান্না। একসময় ইতালির পরিচিত রান্নার উপকরণ না পাওয়ার জন্য যে মন খারাপ হতো, সেটাও ধীরে ধীরে কমে এসেছে। একবার গর্ভপাতের গভীর বেদনা পেরিয়ে জন্ম নিল দুই সন্তান—রাহুল ও প্রিয়াঙ্কা। নাতি-নাতনিকে নিয়ে ইন্দিরার আনন্দের সীমা ছিল না। তাঁদের ঘিরেই যেন পরিবারের অন্য এক জগৎ তৈরি হয়েছিল। বাইরে প্রধানমন্ত্রী, ভিতরে স্নেহময়ী ঠাকুমা। কিন্তু ইতিহাস কারও ব্যক্তিগত সুখের জন্য অপেক্ষা করে না।
১৯৭৫ সাল। ভারত তখন রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং ক্রমবর্ধমান গণবিক্ষোভের মুখে। বিরোধীরা ইন্দিরা সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করেছে। এই পরিস্থিতিতে এমন এক সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী, যার অভিঘাত ভারতীয় গণতন্ত্রকে আজও তাড়া করে বেড়ায়। দেশে জারি হল জরুরি অবস্থা। সংবিধানের স্বাভাবিক কার্যকারিতা ও নাগরিক স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত হল। সংবাদমাধ্যমের ওপর নেমে এল সেন্সরশিপ। বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হল, অনেককে বিনা বিচারে বন্দি রাখা হল। রাজনৈতিক বিরোধিতার কণ্ঠরোধ করতে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যাপক ব্যবহার শুরু হল। প্রায় দু’বছর ধরে চলা সেই অধ্যায় ভারতের গণতান্ত্রিক ইতিহাসের অন্যতম বিতর্কিত পর্ব হয়ে রইল। আজও কংগ্রেসকে আক্রমণ করতে বিজেপি নিয়মিত সেই জরুরি অবস্থার প্রসঙ্গ ফিরিয়ে আনে। সোনিয়ার আত্মজীবনীতে উঠে এসেছে, এই সিদ্ধান্ত নিয়ে গান্ধী পরিবারও তখন কার্যত দুই শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল।
রাজীব ছিলেন জরুরি অবস্থার বিরোধী। মাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, অন্তত পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা উচিত। কিন্তু ইন্দিরার ছোট ছেলে সঞ্জয় গান্ধী ছিলেন সম্পূর্ণ বিপরীত অবস্থানে। তাঁর আশঙ্কা, বিরোধীরা সুযোগ পেলে ইন্দিরাকে রাজনৈতিকভাবে ধ্বংস করে দেবে। এক পারিবারিক নৈশভোজে উত্তেজিত হয়ে তিনি চিৎকার করে বলেছিলেন, ‘ওদের এখনই থামাতে হবে।’ মায়ের উপর সঞ্জয়ের প্রভাব তখন রাজনৈতিক মহলে প্রবল বিতর্কের বিষয়। পরিবারের মধ্যেও তা তৈরি করেছিল তিক্ততা। রাজীব যুক্তি দিয়ে মাকে সিদ্ধান্ত বদলানোর অনুরোধ করেছিলেন। কিন্তু ইন্দিরা শোনেননি। সোনিয়া তাঁর বইতে লিখেছেন, ‘সঞ্জয়কে নিয়ন্ত্রণে রাখতে পারলে হয়তো পরবর্তী অনেক বড় ক্ষতি এড়ানো যেত।’ আজ এত বছর পর জরুরি অবস্থা নিয়ে সোনিয়ার বক্তব্যে কোনও অস্পষ্টতা নেই। তিনি স্বীকার করেন, ইন্দিরার সেই সিদ্ধান্ত ভুল ছিল। তবে তাঁর বিশ্বাস, পরবর্তী সময়ে ইন্দিরা নিজেও সেই ভুলের ভার অনুভব করেছিলেন। ‘আমার সব সময় মনে হয়েছে, শ্রীমতী গান্ধী আপাদমস্তক একজন গণতান্ত্রিক মানুষ ছিলেন। আমি জানি, অনেকেই এটা শুনলে হাসবেন। কিন্তু আমি বিশ্বাস করি, জরুরি অবস্থার দিনগুলোয় তিনি মোটেও স্বস্তিতে ছিলেন না। এটা তাঁর মনকে সব সময় ভারাক্রান্ত করে রেখেছিল।’
জরুরি অবস্থার পর নির্বাচনে পরাজয়, আবার ক্ষমতায় প্রত্যাবর্তন—ইন্দিরার রাজনৈতিক জীবনে উত্থান-পতনের পালা চলতে থাকে। এর মধ্যেই বিমান দুর্ঘটনায় সঞ্জয়ের মৃত্যু। পরিবারের সেই শূন্যতা পূরণ করতে রাজীবকে শেষ পর্যন্ত রাজনীতিতে আসতে রাজি করানো হয়। যে মানুষটি রাজনীতির বাইরে নিজের সংসার নিয়ে থাকতে চেয়েছিলেন, তাঁকেই এবার পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার বহন করতে হবে। কিন্তু ১৯৮৪ সালে তাঁদের জীবনে নেমে এল মৃত্যুর ছায়া। পাঞ্জাবে শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তখন ভয়াবহ রূপ নিয়েছে। স্বাধীন খালিস্তান রাষ্ট্রের দাবিতে সশস্ত্র তৎপরতা বাড়ছে। অমৃতসরের স্বর্ণমন্দিরে আশ্রয় নিয়েছে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের একটি অংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্দিরা গান্ধী নির্দেশ দিলেন সামরিক অভিযান চালানোর। শুরু হল অপারেশন ব্লু স্টার। ভারতীয় সেনাবাহিনীর অভিযানে স্বর্ণমন্দিরের প্রাঙ্গণ ভারী অস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়। প্রাণ হারান সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী এবং বহু সাধারণ মানুষ ও পুণ্যার্থী। শিখ সম্প্রদায়ের কাছে এই অভিযান ছিল গভীর ধর্মীয় ও মানসিক আঘাত। ইন্দিরার বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ল দেশজুড়ে।
সোনিয়ার স্মৃতিতে রয়ে গিয়েছে অভিযানের পরের একটি দৃশ্য। স্বর্ণমন্দিরের ক্ষয়ক্ষতির ছবি যখন ইন্দিরার সামনে আনা হয়েছিল, তিনি নীরবে কেঁদে ফেলেছিলেন। কিন্তু সেই কান্না পরিস্থিতির ভয়াবহতা কমাতে পারেনি। ইন্দিরার কাছে আসতে শুরু করল একের পর এক মৃত্যুর হুমকি। নিজের পরিণতি সম্পর্কে তিনি যে সচেতন ছিলেন, তা পরিবারের সদস্যদের কথাবার্তাতেই স্পষ্ট হয়ে উঠেছিল। সোনিয়ার কথায়, ‘তিনি আমাদের বলে দিয়েছিলেন, তাঁর মৃত্যু হলে আমাদের কী করতে হবে। অর্থাৎ তিনি আগেই বুঝতে পেরেছিলেন।’
মৃত্যুর জন্য যেন নিজেকে প্রস্তুত করছিলেন ইন্দিরা। নাতি রাহুলকে বলেছিলেন সাহসী হতে, কান্না করা চলবে না। সেই বছরের গ্রীষ্মে নাতি-নাতনিকে নিয়ে কাশ্মীরে তাঁদের পৈতৃক বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোনিয়ার মনে হয়েছিল, সেটি নিছক ছুটি কাটানো নয়, বরং পরিবারের কাছ থেকে একপ্রকার বিদায় নেওয়া। নিরাপত্তারক্ষীদের নিয়ে উদ্বেগও ছিল। শিখ নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল ইন্দিরাকে। কিন্তু তিনি তাতে রাজি হননি। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই হয়ে উঠল প্রাণঘাতী।
৩১ অক্টোবর, ১৯৮৪। দিল্লির সকাল। সোনিয়া তখন বাড়িতেই। হঠাৎ শুনতে পেলেন আতশবাজির মতো কয়েকটি বিকট শব্দ। প্রথমে বুঝতে পারেননি কী ঘটেছে। শব্দের উৎসের দিকে ছুটে গিয়ে পৌঁছলেন ইন্দিরার কার্যালয়ে। সামনের দৃশ্যটি যেন দুঃস্বপ্ন। মেঝেতে পড়ে আছেন ইন্দিরা। রক্তে ভেসে যাচ্ছে শরীর। একের পর এক বুলেটে ক্ষতবিক্ষত। তাঁরই নিরাপত্তার দায়িত্বে থাকা দুই শিখ দেহরক্ষী স্বর্ণমন্দির অভিযানের প্রতিশোধ নিতে তাঁকে গুলি করেছে। সোনিয়া ছুটে গেলেন শাশুড়ির কাছে। তাঁকে গাড়িতে তোলা হল। রক্তাক্ত শরীরটি আঁকড়ে ধরে হাসপাতালের দিকে ছুটলেন তিনি। বারবার কথা বলার চেষ্টা করলেন। কিন্তু কোনও উত্তর নেই। ‘চারদিকে শুধু রক্ত ছিল। আমি বুঝতে পারছিলাম, তিনি আমার কোনও কথার উত্তর দিচ্ছেন না। মনে হচ্ছিল, তিনি আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন।’ এত বছর পরেও সেই স্মৃতি উচ্চারণ করতে গিয়ে সোনিয়ার কণ্ঠ ক্ষীণ হয়ে আসে। যে দৃশ্য একবার চোখে দেখেছেন, তা যেন সময়ের কোনও নিয়ম মানে না। কয়েক দশক পেরিয়েও সেই সকালের দূরত্ব তাঁর কাছে কয়েক মুহূর্তের বেশি নয়।
‘বাড়ি থেকে হাসপাতালের সেই গাড়ি চালানোর প্রতিটি মুহূর্ত ছিল তীব্র যন্ত্রণাদায়ক। রাস্তায় খুব বেশি গাড়ি ছিল না, কিন্তু সময় যেন কাটতেই চাইছিল না। আমি এটাও বুঝে গিয়েছিলাম, তিনি যেহেতু কথা বলছেন না, সব হয়তো শেষ হয়ে গিয়েছে।’ এই ঘটনা নিয়ে তিনি সাধারণত কথা বলেন না। স্মৃতির কিছু দরজা আজও বন্ধ। সোনিয়ার কথায়, ‘আমি কখনওই এটা নিয়ে কথা বলি না। কেবল কেউ যদি খুব করে জানতে চায়, তখন অনেক কষ্টে দু-একটি কথা বলি।’ হাসপাতালে পৌঁছনোর পর ইন্দিরাকে মৃত ঘোষণা করা হল। কিন্তু পরিবারের শোক পালনেরও সময় নেই। হাসপাতালেই তখন রাজীব এসে সোনিয়াকে জানালেন, তাঁকে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে বলা হয়েছে।
যে রাজীবকে সোনিয়া সারাজীবন রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছেন, যে মানুষটির সঙ্গে একটি সাধারণ সংসারের স্বপ্ন দেখেছিলেন, এবার তাকেই প্রবেশ করতে হবে দেশের সবচেয়ে কঠিন রাজনৈতিক দায়িত্বে। সোনিয়ার কাছে সেই মুহূর্তের অনুভূতি ছিল যেন ‘বুকে এক ছুরি বিঁধে গেল’।
ইন্দিরার মৃত্যু তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। গভীর মানসিক আঘাত ও অবসাদে দিন কাটছিল তাঁর। নিজের ভাষায়, তিনি যেন ‘ভূতের মতো’ বেঁচে ছিলেন। কিন্তু রাজীবের শোকের অবকাশ ছিল না। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই তাঁকে সামলাতে হল ইন্দিরা হত্যার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ শিখবিরোধী দাঙ্গা। দিল্লি-সহ বিভিন্ন জায়গায় শিখদের উপর সংগঠিত হামলা, হত্যা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। সেই হিংসা থামাতে তাঁর সরকারের ভূমিকা নিয়ে পরবর্তী সময়ে তীব্র সমালোচনা হয়েছে।
রাজীব নিজের শোক কাউকে বুঝতে দিতেন না। কিন্তু সোনিয়া জানতেন, ভিতরে ভিতরে তিনি কতটা ভেঙে পড়েছেন। ‘রাজীব কখনও তাঁর ভিতরের কান্না কাউকে দেখতে দেয়নি। আমি মায়ের পড়ার ঘরে তাঁর প্রিয় চেয়ারটিতে রাজীবকে বসে চোখের জল ফেলতে দেখেছি। কিন্তু জনসমক্ষে ও মনে করত, ওকে কষ্ট গোপন রাখতেই হবে।’
এবার তাঁদের বাড়িটিও বদলে গেল। যে বাড়িতে একসময় সন্তানদের হাসি, পারিবারিক নৈশভোজ আর সাধারণ সংসারের উষ্ণতা ছিল, সেটি পরিণত হল কার্যত দুর্গে। চারদিকে নিরাপত্তারক্ষী। এমনকী রাহুল ও প্রিয়াঙ্কার শোবার ঘরের কাছেও মোতায়েন করা হল কমান্ডো। সন্তানদের স্কুল থেকে ছাড়িয়ে নেওয়া হল। স্বাভাবিক শৈশবের অবাধ চলাফেরা মুহূর্তে শেষ হয়ে গেল। মৃত্যুর আশঙ্কা আর তাঁদের বাড়ির বাইরের কোনও বিষয় রইল না। ঢুকে পড়ল প্রতিদিনের জীবনে, প্রতিটি ঘরে, প্রতিটি অপেক্ষায়।
রাজীব কোনও সফর থেকে ফিরতে সামান্য দেরি করলেই আতঙ্কে কেঁপে উঠতেন সোনিয়া। অন্যদিকে রাজীব চাইতেন, সোনিয়া যেন সব সময় তাঁর কাছাকাছি থাকেন। দু’জনেই জানতেন, তাঁদের পরিবারকে ঘিরে বিপদের আশঙ্কা বাস্তব। সোনিয়ার কথায়, ‘মৃত্যুর আতঙ্ক খুব বাস্তব ছিল। আমার মনে সব সময় একটাই চিন্তা কাজ করত—এরপর ওকেই মেরে ফেলা হবে।’ সেই আশঙ্কা শেষ পর্যন্ত সত্যি হয়েছিল।
১৯৯১ সালে রাজীব গান্ধীও নিহত হলেন আত্মঘাতী বিস্ফোরণে। আবারও একটি হত্যাকাণ্ড কেড়ে নিল সোনিয়ার জীবনের সবচেয়ে কাছের মানুষটিকে। যে নারী একদিন ভালোবাসার টানে ইতালি ছেড়ে ভারতে এসেছিলেন, তাঁর জীবনে ভারত ক্রমশ হয়ে উঠল শোকের এক দীর্ঘ ভূগোল। প্রথমে শাশুড়ি, তারপর স্বামী। দু’জনের মৃত্যুর সাক্ষী হয়ে রইল একই বাড়ি, একই পরিবার, একই ইতিহাস। আর সেই ইতিহাসের ভিতরেই ধীরে ধীরে জন্ম নিল অন্য এক সোনিয়া গান্ধী। রাজনীতিকে যিনি কখনও নিজের পছন্দের জীবন বলে ভাবেননি, শেষ পর্যন্ত সেই রাজনীতিরই ভার কাঁধে তুলে নিতে হয়েছিল তাঁকে।
শোকের অতল থেকে রাজনীতির ময়দানে
রাজীব গান্ধীর মৃত্যুর পর কীভাবে দিন কেটেছিল তাঁর? প্রশ্নটি উঠতেই ঘরের পরিবেশ বদলে যায়। কথার মাঝখানে নেমে আসে দীর্ঘ নীরবতা। ১৯৯১ সালে নির্বাচনী প্রচারে গিয়ে শ্রীলঙ্কার তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিই-র এক আত্মঘাতী হামলাকারীর বিস্ফোরণে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছিল রাজীবের জীবন। যে মানুষটির হাত ধরে ইতালি ছেড়ে ভারতে এসেছিলেন সোনিয়া, সেই মানুষটিই তাঁকে দুই সন্তানকে নিয়ে একা ফেলে চলে গিয়েছিলেন। আজও রাজীবকে সন্তানদের মতোই ‘পাপা’ বলে ডাকেন সোনিয়া। পাশে বসে থাকা মেয়ে প্রিয়াঙ্কা এবার মায়ের কথায় যোগ দেন। অত্যন্ত মমতায় মনে করিয়ে দেন সেই ভয়াবহ দিনগুলোর কথা। রাজীবের মৃত্যুর পর সোনিয়া কীভাবে নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে নিয়েছিলেন, কীভাবে দিনের পর দিন অন্ধকার ঘরে একা বসে মোৎসার্টের রেকিয়েম শুনতেন, আর গভীর শোকে ডুবে থাকতেন।
মায়ের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘তুমি বাবার উপর খুব রেগে ছিলে। কাঁদতে কাঁদতে প্রায়ই চিৎকার করে বলতে, ও আমাকে এভাবে একা ফেলে রেখে কীভাবে চলে গেল? কেন চলে গেল?’ সোনিয়া কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর ধীরে ধীরে অতীতের একটি কথা মনে করেন। ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর থেকেই তাঁদের মনে হয়েছিল, পরিবারের উপর মৃত্যুর ছায়া নেমে এসেছে। রাজীব ও সোনিয়া ভাবতেন, তাঁরা যেহেতু সব সময় একসঙ্গে থাকেন, কোনও বিপদ এলে হয়তো দু’জনের সঙ্গেই ঘটবে। এমনকী নিজেদের শেষকৃত্য কীভাবে হবে, তা নিয়েও লিখে রেখেছিলেন কিছু নির্দেশ।
রাজীবের মৃত্যুর পর সোনিয়ার বোন তাঁকে ইতালিতে ফিরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেছিলেন। কিন্তু সোনিয়া রাজি হননি। তাঁর কাছে ভারত তখন আর স্বামীর দেশ নয়, নিজের দেশও। ‘ভারতই ছিল আমার বাড়ি। আমার সন্তানদের বাড়ি।’ চার বছর আগে মায়ের মৃত্যুর সময় শেষবারের মতো ইতালিতে গিয়েছিলেন তিনি। তারপর আর ফিরে তাকাননি নিজের জন্মভূমির দিকে। কিন্তু রাজীবের হত্যাকাণ্ডের পরও তাঁর মনে একটি প্রশ্ন রয়ে গিয়েছে— এই হত্যার পিছনে কি শুধু এলটিটিই-র পরিকল্পনাই ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে আরও গভীর কোনও ষড়যন্ত্র?
পরবর্তী সময়ে সোনিয়া জানতে পারেন, হত্যাকাণ্ডের আগে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির কাছে তামিল টাইগার্সের সম্ভাব্য হামলা নিয়ে সতর্কবার্তা পৌঁছেছিল। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের সামরিক হস্তক্ষেপে ক্ষুব্ধ ছিল এলটিটিই। অথচ নতুন সরকারের আমলে রাজীবের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছিল বলে তাঁর অভিযোগ। সোনিয়ার বিশ্বাস, রাজীব হত্যার নেপথ্যের সমস্ত তথ্য আজও প্রকাশ্যে আসেনি। তাঁর অভিযোগ, নরেন্দ্র মোদি সরকার এই হত্যাকাণ্ডের তদন্তে গঠিত সর্বশেষ কমিশনের কাজ বন্ধ করে দিয়েছে। ‘আমার মনে হয় না, আমরা আর কখনও সেই চূড়ান্ত সত্য জানতে পারব।’ কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলেন তিনি। যেন এই প্রশ্নের উত্তর না পাওয়াও তাঁর জীবনের আরেকটি দীর্ঘস্থায়ী ক্ষত।
যখন সোনিয়ার ব্যক্তিগত পৃথিবী তছনছ হয়ে যাচ্ছে, তখন ভারতের রাজনৈতিক মানচিত্রেও ঘটছে এক বড় পরিবর্তন। উত্তর ভারতে ক্রমশ শক্তি সঞ্চয় করছে হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি। অযোধ্যার বাবরি মসজিদকে ঘিরে দীর্ঘদিনের বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, মসজিদটি তৈরি হয়েছিল একটি প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের উপর। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। বিজেপি নেতাদের উপস্থিতিতে করসেবকদের বিশাল জমায়েত। মুহূর্তের মধ্যে উন্মত্ত জনতা ভেঙে গুঁড়িয়ে দিল শতাব্দীপ্রাচীন বাবরি মসজিদ। টেলিভিশনের পর্দায় মসজিদের পতন দেখছিলেন সোনিয়া। দৃশ্যটি দেখে তিনি ডুকরে কেঁদে উঠেছিলেন। সেদিনই যেন তাঁর কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল, ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতারা যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের অস্তিত্বই আজ গভীর সংকটে। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং তাঁদের সমসাময়িক নেতাদের কল্পিত ভারত—যেখানে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে নাগরিকের পরিচয়—সেই ভারতকে বাঁচিয়ে রাখার লড়াই যে সহজ হবে না, সোনিয়া তা বুঝতে পেরেছিলেন। তবে বিজেপির উত্থানের সমস্ত দায় বিরোধীদের উপর চাপিয়ে দিতে রাজি নন তিনি। কংগ্রেসের ব্যর্থতাও স্বীকার করেন। ‘আমার মনে হয়, আমরা অনেক বিষয়েই অতিরিক্ত নিশ্চিন্ত ছিলাম। একধরনের গা-ছাড়া মনোভাব কাজ করছিল।’ এই আত্মসমালোচনা গুরুত্বপূর্ণ। কারণ, যে রাজনৈতিক শক্তি একসময় ভারতের জাতীয় রাজনীতির প্রায় সমার্থক ছিল, তারই সাংগঠনিক দুর্বলতা ও রাজনৈতিক আত্মতুষ্টি ক্রমশ অন্য শক্তির উত্থানের জায়গা তৈরি করেছিল।
২০২৪ সালে অযোধ্যার সেই বিতর্কিত জমিতে নির্মিত রামমন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে ঘটনাটিকে তুলে ধরা হয়। বাবরি মসজিদ ধ্বংস থেকে রামমন্দির উদ্বোধন— এই দীর্ঘ রাজনৈতিক যাত্রাপথ ভারতের ধর্মনিরপেক্ষ রাজনীতির সামনে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। সোনিয়ার কাছে এই পরিবর্তন শুধু একটি রাজনৈতিক দলের উত্থান নয়। এটি সেই ভারতের চরিত্র বদলে যাওয়ার আশঙ্কা, যে ভারতকে তিনি একদিন নিজের দেশ হিসেবে গ্রহণ করেছিলেন।
নিজের আত্মজীবনীতে রাজনীতি সম্পর্কে সোনিয়ার মূল্যায়ন বেশ কঠোর। তাঁর চোখে, রাজনীতি এমন এক বিপজ্জনক জগৎ, যার চালিকাশক্তি লোভ, উচ্চাকাঙ্ক্ষা এবং ভণ্ডামি। অথচ নিয়তির পরিহাস, যে রাজনীতিকে তিনি বরাবর এড়িয়ে চলতে চেয়েছেন, শেষ পর্যন্ত সেই রাজনীতিরই নেতৃত্ব নিতে হল তাঁকে।
১৯৯৮ সালে কংগ্রেস তখন গভীর সংকটে। দল ভাঙনের মুখে, নেতৃত্ব দুর্বল, সাংগঠনিক ভিত নড়বড়ে। এই পরিস্থিতিতে সোনিয়াকে দলের সভাপতির দায়িত্ব নিতে অনুরোধ করা হয়। তাঁর সিদ্ধান্তের পিছনে ছিল স্বামীর রাজনৈতিক উত্তরাধিকারের প্রতি এক ধরনের দায়বদ্ধতা। রাজীবের মৃত্যুর পর যে রাজনৈতিক পরিবারকে তিনি ধরে রেখেছিলেন, এবার সেই পরিবারের রাজনৈতিক ঐতিহ্য রক্ষার দায়িত্বও এসে পড়ল তাঁর কাঁধে। কিন্তু এই লড়াইয়ের জন্য তাঁকে নিজের ভিতরের বহু বাধা অতিক্রম করতে হয়েছিল। স্বভাবগত সংকোচ, জনসমক্ষে কথা বলার অস্বস্তি, রাজনৈতিক আক্রমণের মুখে নিজেকে সামলে রাখা—সবই শিখতে হয়েছে। তার উপর হিন্দি ছিল তাঁর তৃতীয় ভাষা। সেই ভাষাতেই তাঁকে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে তর্ক করতে হয়েছে, সভায় বক্তব্য রাখতে হয়েছে, নির্বাচনী প্রচার চালাতে হয়েছে। তবু সোনিয়া বারবার একটি কথা স্পষ্ট করেছেন—ক্ষমতা তাঁর লক্ষ্য ছিল না।
২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বে জয়ের পর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু সেই পদ গ্রহণ না করে সরে দাঁড়ান তিনি। ভারতীয় রাজনীতির ইতিহাসে ঘটনাটি আজও ব্যতিক্রমী। সোনিয়ার বক্তব্য, ‘আমার মনের মধ্যে একেবারে পরিষ্কার ছিল যে আমি প্রধানমন্ত্রী হব না। এটা আসলে আমার ব্যক্তিত্বের সঙ্গে মেলে না।’
কংগ্রেসের দৈনন্দিন নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আগে পর্যন্ত নিজের জন্য খুব একটা সময় বের করতে পারেননি তিনি। রাজনৈতিক সফরে গাড়িতে বসে ইতিহাস ও আত্মজীবনী পড়তেন। সংগীত ছিল তাঁর নির্ভরতার জায়গা—বিশেষ করে ভারতীয় ধ্রুপদি সংগীত এবং ইউরোপীয় অপেরা। শিল্পকলার প্রতি আগ্রহও হারাননি। আর্ট রেস্টোরেশন নিয়ে পড়াশোনা করার সুবাদে সুযোগ পেলেই শিল্পপ্রদর্শনীতে ঘুরে আসতেন। আজ অবশ্য রাজনীতির দৈনন্দিন কোলাহল থেকে অনেকটাই দূরে সোনিয়া। মেয়ের কাছ থেকে দলের খবর পান, মাঝেমধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দেন। কিন্তু তাঁর দিনের বড় অংশ এখন কাটে অনেক সাধারণ কিছু নিয়ে। নিজের ছোট সবজিবাগানের পরিচর্যা, সন্তানদের সঙ্গে সময় কাটানো, দুই নাতি-নাতনির সঙ্গে গল্প—এই নিয়েই তাঁর ব্যক্তিগত জগৎ। গান্ধী পরিবার বরাবরই কুকুরপ্রেমী। প্রিয়াঙ্কার একসময় সাতটি গোল্ডেন রিট্রিভার ছিল। সোনিয়ার সঙ্গী এখন ছেলে রাহুলের উপহার দেওয়া জ্যাক রাসেল প্রজাতির দু’টি কুকুর—‘নুড়ি’ ও ‘লাপো’। তাদের নিয়েই সময় কাটাতে ভালোবাসেন তিনি।
তবে এই আপাত নিরিবিলি জীবনের চারপাশে এখনও রয়েছে কঠোর নিরাপত্তার প্রাচীর। বাংলোর বাইরে সশস্ত্র পুলিশ পাহারা। মূল ফটক পেরিয়ে ভিতরে ঢোকার আগেই আমাদের গাড়িতে চলে নিখুঁত তল্লাশি। কয়েক দশক ধরে ক্ষমতা, রাজনৈতিক সংঘাত ও হত্যার আশঙ্কার মধ্যে কাটানো একজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতার সীমা কতটা সংকীর্ণ হয়ে এসেছে, তা এই নিরাপত্তাব্যবস্থাই মনে করিয়ে দেয়।
একসময় সোনিয়া গান্ধীকে মনে করা হতো কংগ্রেসের পুনর্জাগরণের প্রধান কারিগর। তাঁর নেতৃত্বে ২০০৪ সালে ক্ষমতায় ফিরেছিল দল। পরবর্তী দশ বছর কেন্দ্রে সরকার চালিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। কিন্তু সেই সরকারের শেষ পর্ব ছিল দুর্নীতির একের পর এক অভিযোগে জর্জরিত। ২০১৪ সালে ক্ষমতা হারানোর পর থেকে কংগ্রেসের রাজনৈতিক পতন আর থামেনি। সোনিয়া অবশ্য অভিযোগগুলির সবটাই মেনে নিতে রাজি নন। তাঁর আত্মপক্ষ সমর্থন, ‘অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে প্রায় প্রতিটি ক্ষেত্রেই মন্ত্রীরা পদত্যাগ করেছিলেন।’
মায়ের কাছ থেকে দলের দায়িত্ব নেওয়ার পর রাহুল গান্ধী একের পর এক নির্বাচনী পরাজয়ের মুখোমুখি হয়েছেন। ২০১৪, ২০১৯ এবং ২০২৪—তিনটি লোকসভা নির্বাচনেই বিজেপির কাছে হেরেছে কংগ্রেস। যদিও ২০২৪ সালে দলটির আসনসংখ্যা বেড়েছিল এবং বিরোধী জোটের অবস্থানও আগের তুলনায় শক্তিশালী হয়েছিল, তবু জাতীয় রাজনীতিতে বিজেপির আধিপত্য অস্বীকার করার উপায় নেই। কংগ্রেস এখন হাতে গোনা কয়েকটি রাজ্যে ক্ষমতায়। অন্যদিকে হিন্দুত্ববাদী রাজনীতি দেশের নির্বাচনী রাজনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
এর পাশাপাশি কংগ্রেসের আরেকটি দীর্ঘস্থায়ী সমস্যা—গান্ধী পরিবারের উপর দলের নির্ভরতা। বিরোধীদের অভিযোগ, একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়েও কংগ্রেস পরিবারতন্ত্রের বৃত্ত ভাঙতে পারেনি। দলের নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং রাজনৈতিক ভবিষ্যৎ এখনও একটি পরিবারের চারপাশে আবর্তিত। এই প্রশ্ন তুলতেই সোনিয়া কিছুটা বিরক্ত হন। ‘এই প্রশ্ন আপনার দলকে করা উচিত,’ সংক্ষিপ্ত উত্তর তাঁর। পরিবারতন্ত্রের বিতর্ক এড়িয়ে গিয়ে বলেন, ‘আমরা সবাই নির্বাচনে লড়াই করি। কখনও জিতি, কখনও হারি। আমরা সবাই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি।’
কিন্তু পরপর তিনটি লোকসভা নির্বাচনে পরাজয়ের পরও গান্ধী পরিবারের নেতৃত্বাধীন কংগ্রেস বিজেপির কার্যকর বিকল্প হয়ে উঠতে পারবে কি না, সেই প্রশ্ন থেকেই যায়। সোনিয়া অবশ্য এ বিষয়ে আত্মবিশ্বাসী। তাঁর উত্তর—হ্যাঁ, কংগ্রেস এখনও পারে। তবে দেশের রাজনৈতিক বাস্তবতায় সেই আত্মবিশ্বাসের সঙ্গে সাধারণ মানুষের সংশয়েরও যথেষ্ট ব্যবধান রয়েছে।
সাক্ষাৎকারের সময় ভারতের রাজনীতি এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নরেন্দ্র মোদির দীর্ঘ শাসন, বিরোধীদের কোণঠাসা অবস্থা এবং প্রতিবাদের পরিসর সংকুচিত হওয়ার অভিযোগের মধ্যেই রাস্তায় নামতে শুরু করেছে নতুন প্রজন্ম। জেন-জি বা তরুণ প্রজন্মের বিক্ষোভে আবার সামনে এসেছে সরকারের নীতি, নাগরিক অধিকার এবং রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার নিয়ে প্রশ্ন। সাম্প্রতিক সপ্তাহগুলিতে কঠোর পুলিশি ব্যবস্থা ও রাষ্ট্রীয় বলপ্রয়োগের মুখেও তরুণদের প্রতিবাদ থামেনি। এই আন্দোলন বিজেপির রাজনৈতিক আধিপত্যে কতটা প্রভাব ফেলবে, তা এখনই বলা সম্ভব নয়। ‘ককরোচ আন্দোলন’ নামে পরিচিত প্রতিবাদী উদ্যোগটিও বিরোধী রাজনৈতিক জোটের সঙ্গে নিজেদের দূরত্ব বজায় রেখেছে। তবু সোনিয়া এই তরুণদের মধ্যেই দেখতে পাচ্ছেন নতুন সম্ভাবনা।
‘আমাকে যা আশাবাদী করে, তা হলো তরুণেরা ভয় না পেয়ে প্রতিবাদে এগিয়ে আসছে। অসীম মানসিক শক্তি নিয়ে তারা সরকারের ভুল নীতিগুলির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আমার মনে হয়, এটি এক বিরাট গুণগত পরিবর্তন।’ কংগ্রেসও সাম্প্রতিক সময়ে আগের তুলনায় কিছুটা সক্রিয় হয়েছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে রাহুল ও প্রিয়াঙ্কার পুলিশের হাতে হেনস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজপথের আন্দোলনে তাঁদের উপস্থিতি দলীয় কর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা তৈরি করেছে। একসময় যে মা নিজের সন্তানদের রাজনীতি থেকে দূরে রাখতে চেয়েছিলেন, আজ তিনিই তাঁদের রাজপথে দেখতে চান। সোনিয়ার কথায়, ‘ওরা যে মাঠে আছে, তা খুব ভালো। আগের যেকোনও সময়ের চেয়ে এখন ওদের উপস্থিতি বেশি প্রয়োজন।’ কথাগুলি বলতে গিয়ে তাঁর মধ্যে যেন এক অন্য দৃঢ়তা ফুটে ওঠে।
ইতালি থেকে আসা সেই তরুণী কখনও ভাবেননি, তাঁকে ভারতের রাজনীতির এতটা পথ পাড়ি দিতে হবে। প্রেমের জন্য দেশ ছেড়েছিলেন, তারপর একে একে হারিয়েছেন শাশুড়ি ও স্বামীকে। রাজনীতিতে এসেছেন অনিচ্ছায়, থেকেছেন দীর্ঘ লড়াইয়ের মধ্যে। ক্ষমতার শীর্ষে পৌঁছেও প্রধানমন্ত্রী হননি। আজ বয়সের ভারে দৈনন্দিন রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন।
কিন্তু তাঁর রাজনৈতিক উত্তরাধিকার এখনও শেষ হয়ে যায়নি। সন্তানদের হাত ধরে সেই লড়াই নতুন প্রজন্মের সামনে এগিয়ে চলেছে। যে নারী একদিন রাজনীতির হাত থেকে নিজের পরিবারকে বাঁচাতে চেয়েছিলেন, আজ তিনিই বিশ্বাস করেন—রাজনীতির ময়দান ছেড়ে দিলে লড়াইটা আরও কঠিন হয়ে উঠবে।
সোনিয়া গান্ধীর জীবনের সবচেয়ে বড় পরিহাস বোধহয় এটাই: যে রাজনীতি থেকে পালাতে চেয়েছিলেন সারাজীবন, শেষ পর্যন্ত সেই রাজনীতিই হয়ে উঠেছে তাঁর পরিচয়, তাঁর উত্তরাধিকার এবং তাঁর অসমাপ্ত লড়াই...
https://www.theguardian.com/world/2026/nov/07/interview-sonia-gandhi-rajiv-gandhi-assassination-memoir-extract
.jpg)

.jpg)
No comments:
Post a Comment