পর্নোগ্রাফির
অন্ধকার সাম্রাজ্য!
যে শিল্পের হাত ধরে বদলে গেল ইন্টারনেট
ইন্টারনেটের
ইতিহাসে সাধারণত যাঁদের নাম উচ্চারিত হয়, তাঁরা হলেন সিলিকন ভ্যালির
প্রযুক্তি-উদ্যোক্তা,
ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী আর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম
নির্মাতারা। কিন্তু এই ইতিহাসের আড়ালে রয়েছে আরেকটি জগৎ— এমন এক শিল্প, যার
ব্যবসার কেন্দ্রে মানুষের গোপন আকাঙ্ক্ষা, ব্যক্তিগত দুর্বলতা আর যৌন কৌতূহল।
সেই শিল্পই ধীরে ধীরে শিখেছিল, কীভাবে মানুষের মনোযোগকে পণ্যে পরিণত করতে হয়। কীভাবে
একবারের দর্শককে নিয়মিত গ্রাহকে বদলে ফেলতে হয়। আর কীভাবে মানুষের ব্যক্তিগত
পছন্দ-অপছন্দের তথ্য থেকে তৈরি করা যায় বিপুল সম্পদের সাম্রাজ্য।
ফিন্যান্সিয়াল
টাইমসের সাংবাদিক প্যাট্রিসিয়া নিলসনের ছয় বছরের অনুসন্ধান সেই অন্ধকার ইতিহাসের
দরজা খুলে দিয়েছে। তাঁর বই Guilty Pleasures: How the Logic of Porn Shaped the Internet শুধু
পর্নোগ্রাফি শিল্পের আর্থিক উত্থান-পতনের কাহিনি নয়। এটি আসলে আধুনিক ইন্টারনেটের
জন্মের আড়ালে লুকিয়ে থাকা এক বিকল্প ইতিহাস। বিবিসির ‘দ্য গ্লোবাল স্টোরি’
অনুষ্ঠানে সঞ্চালক ট্রিস্টান রেডমন্ডকে নিলসন জানিয়েছেন, কীভাবে
পর্নোগ্রাফি শিল্পের ব্যবসায়িক কৌশল পরে ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যম, অনলাইন
কেনাকাটা, সামাজিক
যোগাযোগমাধ্যম, কনটেন্ট
নির্মাতাদের প্ল্যাটফর্ম,
এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার জগৎ পর্যন্ত। এই গল্পে আছে এক তরুণ জার্মান
কম্পিউটার প্রোগ্রামার,
ওয়াল স্ট্রিটের প্রভাবশালী বিনিয়োগকারী, এক রহস্যময় অস্ট্রীয় ব্যাংকার, করের
স্বর্গে লুকিয়ে রাখা মালিকানা এবং কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্যের ব্যবসা। আছে
এমন এক সাম্রাজ্যের কাহিনি,
যার প্রকৃত মালিক কে,
তা জানতেই লেগে গিয়েছিল বছরের পর বছর।
নিলসনের
অনুসন্ধানের সূত্রপাত ২০১৯ সালে। ব্রিটেন তখন প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে বয়স যাচাই
বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে। সেই সূত্র ধরে তিনি খোঁজ নিতে শুরু করেন
মাইন্ডগিকের। বিশ্বের সবচেয়ে বড় কয়েকটি প্রাপ্তবয়স্কদের ভিডিও প্ল্যাটফর্মের মালিক
এই প্রতিষ্ঠান। কিন্তু যতই খোঁজ নিতে থাকেন, ততই রহস্য ঘনীভূত হয়। প্রতিষ্ঠানটির
মালিক কে? কোথা
থেকে আসে তার বিপুল অর্থ?
কে নিয়ন্ত্রণ করেন এই ব্যবসা? আর কোটি কোটি মানুষের ব্যক্তিগত অভ্যাস থেকে আয় করা অর্থ
শেষ পর্যন্ত কার পকেটে যায়? প্রকাশ্যে
উত্তর প্রায় কিছুই নেই।
এই
অস্বচ্ছতার মধ্যেই নিলসন আবিষ্কার করেন কয়েক হাজার কোটি ডলারের এক শিল্পের আর্থিক
জাল। যার সঙ্গে জড়িয়ে রয়েছে ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগকারী, প্রভাবশালী
আর্থিক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের তহবিল। তাঁর অনুসন্ধান অনুযায়ী, বিশ্বের
মোট ইন্টারনেট ব্যবহারের আনুমানিক ১০ শতাংশের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত ছিল এই
শিল্প।
কিন্তু
সবচেয়ে বড় রহস্য ছিল অন্য জায়গায়। পর্নোগ্রাফি শিল্প শুধু ইন্টারনেটের সুযোগ
নেয়নি। ইন্টারনেটকে কীভাবে ব্যবহার করে মানুষের মনোযোগ, তথ্য এবং
ব্যক্তিগত আকাঙ্ক্ষা থেকে অর্থ উপার্জন করতে হয়, তার পরীক্ষাগারও হয়ে উঠেছিল এই
শিল্প। ইন্টারনেটের আগে এই শিল্পের কেন্দ্র ছিল ক্যালিফোর্নিয়ার সান ফার্নান্দো
ভ্যালি। ১৯৭০, ১৯৮০
এবং নব্বইয়ের দশকের গোড়ায় এখানে তৈরি হতো প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র। শিল্পের
লোকজন জায়গাটিকে ঠাট্টা করে বলতেন ‘সিলিকন ভ্যালি’। অবশ্য এই সিলিকন কম্পিউটার
চিপের সিলিকন নয়। তখনকার প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্রে সিলিকনের স্তন-প্রতিস্থাপন
জনপ্রিয় হয়ে উঠেছিল। সেই থেকেই নামের উৎপত্তি। তখনকার শিল্পটি ছিল অনেকটাই হলিউডের
সমান্তরাল এক চলচ্চিত্রজগৎ। ছিল স্বাধীন স্টুডিও, পরিচালক, প্রযোজক, ক্যামেরাকর্মী, অভিনয়শিল্পী
এবং পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র তৈরির আয়োজন। ষাটের দশকের শেষের যৌন বিপ্লবের পর
‘পর্নোচিক’ নামে একটি সাংস্কৃতিক প্রবণতাও তৈরি হয়েছিল। প্রাপ্তবয়স্কদের চলচ্চিত্র
তখন শুধু গোপনে দেখার বিষয় ছিল না; কিছু মহলে তা আধুনিক সংস্কৃতির অংশ
হিসেবেও বিবেচিত হচ্ছিল।
কিন্তু এই
ব্যবসার আসল বিপ্লব ঘটল প্রযুক্তির হাত ধরে। ভিএইচএস ক্যাসেট ও পরে ডিভিডি মানুষের
দেখার অভ্যাস বদলে দিল। সিনেমা হলে যাওয়ার প্রয়োজন রইল না। দোকান থেকে ক্যাসেট
ভাড়া করে কিংবা কিনে ঘরের দরজা বন্ধ করেই দেখা সম্ভব হল। হোটেলের ঘরে টেলিভিশনের
পর্দাতেও শুরু হল টাকা দিয়ে চলচ্চিত্র দেখার ব্যবস্থা। যে ব্যবসা এতদিন নির্দিষ্ট
স্টুডিও, সিনেমা
হল এবং প্রকাশ্য বাজারের ওপর নির্ভরশীল ছিল, তা ঢুকে পড়ল মানুষের ব্যক্তিগত
পরিসরে। আর সেই ব্যক্তিগত পরিসরই হয়ে উঠল বিপুল অর্থের নতুন বাজার।
একবিংশ
শতাব্দীর শুরুতে দ্রুতগতির ইন্টারনেট ছড়িয়ে পড়তেই বদলে গেল পুরো খেলার নিয়ম। ভিডিও
দোকানের প্রয়োজন নেই। ক্যাসেট কেনার দরকার নেই। টাকা দিয়ে ডিভিডি ভাড়া করারও
প্রয়োজন নেই। কম্পিউটারের পর্দায় কয়েকটি ক্লিক করলেই পাওয়া যাচ্ছে অসংখ্য ভিডিও। নতুন
ওয়েবসাইটগুলোতে পুরোনো স্টুডিওর তৈরি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কিংবা তার অংশবিশেষ
অনুমতি ছাড়াই তুলে দেওয়া হতে লাগল। দর্শক বাড়তে থাকল। অথচ সেই দর্শকের কাছ থেকে
সরাসরি টাকা পাচ্ছিল না ছবির মূল নির্মাতারা। পুরোনো স্টুডিওগুলো কপিরাইট লঙ্ঘনের
অভিযোগ তুলে ভিডিও সরানোর নোটিশ পাঠাতে শুরু করল। কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়।
এই নতুন ওয়েবসাইটগুলোর প্রকৃত মালিক কে, তাদের অর্থের উৎস কোথায়, কে তাদের
পরিচালনা করছে— কিছুই সহজে জানা যাচ্ছিল না।
বিনা
মূল্যের ভিডিওর সঙ্গে পাল্লা দিতে গিয়ে একের পর এক পুরোনো প্রযোজনা প্রতিষ্ঠানের
আয় কমতে লাগল। কিছু প্রতিষ্ঠান বন্ধও হয়ে গেল। তখনই আবির্ভাব এক তরুণ জার্মান
কম্পিউটার প্রোগ্রামারের। নাম ফ্যাবিয়ান থাইলমান। তাঁর বয়স ত্রিশও পেরোয়নি। কিন্তু
তিনি বুঝে গিয়েছিলেন,
এই নতুন বাজারে সবচেয়ে বড় সম্পদ চলচ্চিত্র নয়। সবচেয়ে বড় সম্পদ দর্শক। আরও
নির্দিষ্ট করে বললে,
দর্শকের আচরণ। কেউ কী খুঁজছেন? কোন ভিডিওতে ক্লিক করছেন? কতক্ষণ
দেখছেন? কোন
লিংক ধরে অন্য ওয়েবসাইটে চলে যাচ্ছেন? এই প্রশ্নগুলোর উত্তর যাঁর হাতে
থাকবে, ভবিষ্যতের
ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণও থাকবে তাঁর হাতে।
থাইলমান
চলচ্চিত্র নির্মাণ দিয়ে ব্যবসা শুরু করেননি। তিনি তৈরি করেছিলেন অ্যাফিলিয়েট
মার্কেটিং সফটওয়্যার। এই সফটওয়্যারের সাহায্যে ওয়েবসাইটের মালিকরা বুঝতে পারতেন, তাঁদের
দর্শক কোথায় ক্লিক করছেন এবং এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে কীভাবে চলে যাচ্ছেন।
শুনতে সাধারণ প্রযুক্তি। কিন্তু এর মধ্যেই লুকিয়ে ছিল বিপুল অর্থ উপার্জনের
সম্ভাবনা। থাইলমান এই সফটওয়্যার বিভিন্ন প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে ব্যবহার করতে
শুরু করেন। ফলে দর্শকদের আচরণ সম্পর্কে বিপুল তথ্য তাঁর হাতে আসতে থাকে। এই তথ্যই
পরে হয়ে ওঠে তাঁর ব্যবসার মূলধন। তিনি গড়ে তুললেন ম্যানউইন। একের পর এক ভিডিও সাইট
এবং প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম কিনে নিতে শুরু করল প্রতিষ্ঠানটি।
ব্যবসার
কৌশল ছিল অভিনব। প্রথমে পুরোনো চলচ্চিত্র নির্মাতা স্টুডিওগুলোকে বলা হতো, তাদের ছবির
১০ মিনিটের অংশ ম্যানউইনের ওয়েবসাইটে বিনা মূল্যে তুলে দিতে। দর্শকরা সেই অংশ
দেখতেন। তারপর তাঁদের সামনে আসত একটি লিংক। সেটিতে ক্লিক করলে তাঁরা চলে যেতেন মূল
স্টুডিওর ওয়েবসাইটে। সেখানে পুরো ছবি দেখতে কিংবা সাবস্ক্রিপশন কিনতে টাকা দিতে
হতো। দর্শককে পাঠানোর বিনিময়ে কমিশন পেত ম্যানউইন। কোনও কোনও ক্ষেত্রে স্টুডিওর
সাবস্ক্রিপশন থেকে আসা আয়ের অর্ধেক পর্যন্ত চলে যেত তাদের হাতে। অর্থাৎ ছবি তৈরি
করছে অন্য কেউ, খরচ
করছে অন্য কেউ, অথচ
দর্শককে কোথায় পাঠানো হবে এবং সেই যাত্রাপথ থেকে কত টাকা আয় হবে, তার
নিয়ন্ত্রণ চলে যাচ্ছে থাইলমানের হাতে। প্রথমে স্টুডিওগুলো আপত্তি জানিয়েছিল।
কপিরাইট লঙ্ঘনের অভিযোগও উঠেছিল। কিন্তু দ্রুত বুঝতে পারল, অনলাইন
উপস্থিতি ছাড়া নতুন বাজারে টিকে থাকা কঠিন। শেষ পর্যন্ত অনেকেই ম্যানউইনের শর্ত
মেনে নিতে বাধ্য হয়। এভাবেই কনটেন্টের মালিকানা আর দর্শকের উপর নিয়ন্ত্রণ— দু’টি
আলাদা ব্যবসায় পরিণত হল। আর থাইলমানের হাতে জমা হতে লাগল সেই ব্যবসার সবচেয়ে
মূল্যবান সম্পদ: ব্যবহারকারীর তথ্য।
প্রতিদ্বন্দ্বী
প্রতিষ্ঠান কিনতে বিপুল অর্থের প্রয়োজন। থাইলমানের সেই অর্থ কোথা থেকে আসছিল, তা নিয়ে
নানা গুজব ছিল। কেউ কেউ মনে করতেন, এর পিছনে রয়েছে সংঘবদ্ধ অপরাধচক্র। কিন্তু
প্যাট্রিসিয়া নিলসনের অনুসন্ধান অন্য ছবি তুলে ধরে। থাইলমানের ব্যবসায় অর্থ
জুগিয়েছিল ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী। দু’জন আর্থিক মধ্যস্থতাকারীর মাধ্যমে তিনি
বড় বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে পৌঁছেছিলেন। সেখানে তাঁর যুক্তি ছিল অত্যন্ত হিসেবি।
পর্নোগ্রাফি শব্দটি সরিয়ে রেখে তিনি বিনিয়োগকারীদের বোঝান, এটি আসলে
কনটেন্টের ব্যবসা নয়। এটি মানুষের মনোযোগের ব্যবসা। ইন্টারনেটে মানুষের যাতায়াত, পছন্দ এবং
আচরণকে কাজে লাগিয়ে আয় করার ব্যবসা। এই যুক্তি কাজ করেছিল। জে পি মরগান, ফরট্রেস
ইনভেস্টমেন্ট গ্রুপ এবং কর্নেল ইউনিভার্সিটির তহবিলের মতো প্রতিষ্ঠানের অর্থ
ম্যানউইনের ব্যবসায় পৌঁছায়।
এখানেই
গল্পের একটি গুরুত্বপূর্ণ বাঁক। যে শিল্পকে সমাজের মূলধারা থেকে দূরে রাখা হতো, সেই
শিল্পের ব্যবসায়িক মডেলকে আর্থিকভাবে গ্রহণযোগ্য করে তুলেছিল বিশ্বের অন্যতম
প্রভাবশালী বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো। পরে এই বিনিয়োগের খবর প্রকাশ্যে এলে কিছু
ঋণদাতা জনসমালোচনা এড়াতে নীরবে নিজেদের ঋণের অংশ বিক্রি করে দেয়। টাকার সম্পর্ক
রয়ে গেল। কিন্তু পরিচয় সামনে আসুক, তা চাইছিলেন না অনেকেই।
২০১২ সাল।
লাস ভেগাসে প্রাপ্তবয়স্কদের বিনোদনশিল্পের একটি বড় সম্মেলন। শিল্পের অনেকে যাকে
বলেন এই দুনিয়ার ‘অস্কার’। সেখানে মূল বক্তা হিসেবে হাজির হলেন ফ্যাবিয়ান থাইলমান।
পুরোনো স্টুডিও মালিকদের সামনে এটাই ছিল তাঁর প্রথম বড় প্রকাশ্য উপস্থিতি। কিন্তু
তাঁকে স্বাগত জানাতে তৈরি ছিলেন না উপস্থিতিরা। ক্ষুব্ধ মানুষের ভিড়ে অনুষ্ঠান
শুরু হতে আধ ঘণ্টা দেরি হয়। থাইলমান যখন ধূসর হুডি পরে মঞ্চে উঠলেন, সামনের
সারির কয়েকজন ডার্থ ভেডারের বিখ্যাত থিম মিউজিক ‘ইম্পেরিয়াল মার্চ’ গুনগুন করতে
শুরু করলেন। তাঁর পোশাক মনে করিয়ে দিচ্ছিল মার্ক জুকেরবার্গের কথা। প্রযুক্তির
ভাষায় কথা বলা এক তরুণ,
যিনি পুরোনো ব্যবসার নিয়ম ভেঙে নতুন সাম্রাজ্য গড়ে তুলেছেন।
থাইলমান
অবশ্য বিচলিত হলেন না। তিনি জানালেন, তাঁর ব্যবসা অপরাধচক্রের অর্থে চলছে
না। এর পিছনে রয়েছে ওয়াল স্ট্রিটের ঋণ। আর তাঁর প্রতিষ্ঠানের বিস্তার কোনও
অস্বাভাবিক ঘটনা নয়;
এটি প্রযুক্তির কারণে অর্থনীতির স্বাভাবিক রূপান্তর। উপস্থিত অনেকেই বিশ্বাস
করেননি। কিন্তু থাইলমানের বক্তব্যের মধ্যে ছিল ভবিষ্যতের ইন্টারনেট ব্যবসার এক
গুরুত্বপূর্ণ সূত্র। কনটেন্ট কে তৈরি করছে, সেটাই সব নয়। কে দর্শককে নিয়ন্ত্রণ
করছে, কে
তাঁর মনোযোগ ধরে রাখতে পারছে, কে তাঁর পরবর্তী ক্লিকটি অনুমান করতে পারছে— আসল ক্ষমতা তার
হাতে। এই যুক্তিই পরে মূলধারার প্রযুক্তি দুনিয়ার ব্যবসায়িক দর্শনে জায়গা করে নেয়।
২০১৩ সালে
কর ফাঁকির অভিযোগে জার্মান কর্তৃপক্ষ ফ্যাবিয়ান থাইলমানকে গ্রেপ্তার করে। আইনি
জটিলতা ও জনসমালোচনা এড়াতে ম্যানউইনের ঋণদাতারা তাঁকে পরিচালনার দায়িত্ব থেকে
সরিয়ে দেয়। থাইলমান প্রকাশ্যে জানান, তিনি প্রতিষ্ঠানটি বিক্রি করছেন।
ক্রেতা হিসেবে সামনে আসেন দুই সিইও—ফেরাস আন্তুন ও ডেভিড টিলো। তাঁদের সঙ্গে ছিলেন
আরও একজন অজ্ঞাতপরিচয় বেসরকারি বিনিয়োগকারী। প্রতিষ্ঠানের নতুন নাম হয় মাইন্ডগিক।
কিন্তু
মালিকানা বদলের পর রহস্য কমল না। বরং আরও ঘনীভূত হল। প্রতিষ্ঠানের কর্তারা
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেন। জনসংযোগ বিভাগ এমন সিইওদের নামেও
বিবৃতি পাঠাতে শুরু করেছিল,
যাঁদের বাস্তব অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠেছিল বলে নিলসনের অনুসন্ধানে দাবি করা
হয়েছে। এদিকে ব্যবসার আর্থিক কাঠামোও হয়ে উঠেছিল জটিল। বিভিন্ন দেশে আলাদা আলাদা
প্রতিষ্ঠান, এক
দেশে মেধাস্বত্ব, অন্য
দেশে পরিচালন সংস্থা,
আরেক দেশে অর্থের লেনদেন।
একটি বড়
ভিডিও প্ল্যাটফর্মের নাম এবং সফটওয়্যারের মতো মেধাস্বত্ব রাখা হয়েছিল
লুক্সেমবার্গের একটি প্রতিষ্ঠানের নামে। অন্য দেশে থাকা পরিচালন সংস্থাগুলো সেই
মেধাস্বত্ব ব্যবহারের জন্য লুক্সেমবার্গের প্রতিষ্ঠানটিকে বিপুল অর্থ দিত। ফলে যে
দেশে ব্যবসা চলছে, সেখানে
লাভ কম দেখানো সম্ভব হচ্ছিল। আর মেধাস্বত্বের মালিকানা যেখানে, সেখানে জমা
হচ্ছিল অর্থের বড় অংশ। মাইন্ডগিকের মালিকানা ছিল ওই মেধাস্বত্ব প্রতিষ্ঠানের
এক-তৃতীয়াংশ। বাকি দুই-তৃতীয়াংশের মালিক কে, তা কেউ জানত না। এমনকি প্রযুক্তি
সাংবাদিকদের কাছেও সেই পরিচয় ছিল অধরা।
২০১৯ থেকে
২০২০ সালের মধ্যে নিলসনের কাছে আর্থিক খাতের এক সূত্র খবর দেন, মাইন্ডগিকের
একজন গোপন মালিক রয়েছেন। তাঁর নাম বার্নার্ড বার্গামার। কিন্তু সেটি আসল নাম ছিল
না। দীর্ঘ অনুসন্ধানের পর সামনে আসে প্রকৃত পরিচয়— বার্ন্ড বার্গমাইর। অস্ট্রিয়ার গোল্ডম্যান
স্যাকসের প্রাক্তন বিনিয়োগ ব্যাংকার। অবসরের পর ভিয়েনায় ব্যক্তিগত আর্থিক পরামর্শক
হিসেবে জীবন কাটাচ্ছিলেন।
কীভাবে
তিনি এই ব্যবসায় এলেন? প্রযুক্তি
দুনিয়ার কয়েকজন উদ্যোক্তা একটি প্রাপ্তবয়স্কদের ভিডিও প্ল্যাটফর্ম বিক্রি করতে
চাইছিলেন। তাঁদের একজন দ্রুত নিজের অংশ বিক্রি করতে আগ্রহী ছিলেন। বার্গমাইর
প্রথমে ব্যবসার সম্ভাবনা যাচাই করতে এগিয়ে আসেন। কিন্তু পরে শুধু মধ্যস্থতাকারী
হয়ে থাকেননি। পুরো প্রতিষ্ঠানই কিনে নেন। মজার বিষয়, প্রাপ্তবয়স্কদের কনটেন্ট তৈরি কিংবা
ইন্টারনেট প্ল্যাটফর্ম চালানোর কোনও অভিজ্ঞতাই তাঁর ছিল না।
তিনি
শিল্পের পুরোনো ব্যবসায়ীদের দুপুরের খাবারে ডাকতেন। তাঁদের সঙ্গে কথা বলতেন। বুঝতে
চাইতেন, কীভাবে
এই বাজার চলে, কোথায়
টাকা আসে, কার
হাতে নিয়ন্ত্রণ। এরপর ধীরে ধীরে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণমূলক মালিকানা গড়ে
তোলেন।
একদিকে
বিশ্বের নানা প্রান্তের কোটি কোটি মানুষ তাঁর নিয়ন্ত্রিত প্ল্যাটফর্মে নিজেদের
ব্যক্তিগত পছন্দের ছাপ রেখে যাচ্ছেন। অন্যদিকে সেই সাম্রাজ্যের প্রকৃত মালিক নিজের
পরিচয় আড়ালে রেখে চলেছেন। এখানেই নিলসনের অনুসন্ধানে উঠে আসে এক অদ্ভুত বৈপরীত্য।
যাঁদের ছবি
ও ভিডিও এই ব্যবসার মূল উপকরণ, সেই অভিনয়শিল্পীদের ব্যক্তিগত গোপনীয়তা প্রায়ই রক্ষা করা
যায়নি। তাঁদের কনটেন্ট একবার ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা পুরোপুরি মুছে ফেলা কঠিন।
অথচ যাঁরা সেই কনটেন্ট থেকে বিপুল অর্থ উপার্জন করেছেন, তাঁদের
পরিচয় বছরের পর বছর গোপন থেকেছে। একদিকে যাঁদের ছবি গোটা পৃথিবী দেখছে, তাঁদের
পরিচয় ও জীবন বিপন্ন। অন্যদিকে যাঁদের হাতে ব্যবসার নিয়ন্ত্রণ, তাঁদের
পরিচয়ই অজানা।
মাইন্ডগিকের
সাম্রাজ্য যখন আরও বড় হচ্ছে, তখন বদলে যাচ্ছিল ইন্টারনেটের বিজ্ঞাপনের বাজারও। ২০১০-এর
দশকের মাঝামাঝি দুটি পরিবর্তন বড় ধাক্কা দেয়। প্রথমত, বিজ্ঞাপন
বন্ধ করার সফটওয়্যার বা অ্যাড-ব্লকারের ব্যবহার বাড়তে থাকে। ফলে ব্যানার বিজ্ঞাপন
থেকে আয় কমে যায়।
দ্বিতীয়ত, ডেস্কটপ
কম্পিউটারের জায়গা নিতে শুরু করে স্মার্টফোন। ছোট পর্দায় আগের মতো ব্যানার
বিজ্ঞাপন দেখিয়ে লাভ করা কঠিন হয়ে পড়ে। তখন প্ল্যাটফর্মগুলো বুঝতে পারে, শুধু
বিজ্ঞাপন দেখিয়ে আর যথেষ্ট আয় করা যাবে না। ব্যবহারকারীর কাছ থেকে আরও মূল্যবান
কিছু সংগ্রহ করতে হবে। সেটি হল তাঁর ব্যক্তিগত আচরণের তথ্য। নিলসন এই
ব্যবস্থাকে তুলনা করেছেন এক পাশে দেখা যায় এমন আয়নার সঙ্গে। ব্যবহারকারীর
মনে হচ্ছে, তিনি
একা। নিজের ঘরে বসে গোপনে ভিডিও দেখছেন। তাঁর দেখা বা খোঁজাখুঁজির বিষয় কেউ জানছে
না। কিন্তু
পর্দার অন্য পাশে বসে রয়েছে এক বিশাল তথ্য সংগ্রহের ব্যবস্থা। কী লিখে
খুঁজছেন? কোন
ভিডিওতে ক্লিক করছেন?
কতক্ষণ দেখছেন?
কোথায় থামছেন? কোন
অংশ বারবার দেখছেন?
কোন লিংক এড়িয়ে যাচ্ছেন? প্রতিটি আচরণই তথ্য।
এই তথ্যের
মূল্য শুধু সেই ওয়েবসাইটের কাছে নয়। তৃতীয় পক্ষের তথ্য ব্যবসায়ীরাও এই তথ্য সংগ্রহ
করে ব্যবহারকারীদের আলাদা আলাদা পরিচিতি তৈরি করতে পারেন। সেই পরিচিতি ব্যবহার করা
যায় বিজ্ঞাপন, বিপণন
এবং ভোক্তার আচরণ বিশ্লেষণে। এখানেই ব্যক্তিগত গোপনীয়তা আর
ব্যবসায়িক মুনাফার সংঘাত সবচেয়ে তীব্র হয়ে ওঠে।
ব্যবহারকারী
ভাবছেন, তিনি
শুধু একটি ভিডিও দেখছেন। অথচ তাঁর সেই দেখার অভ্যাসই হয়ে উঠছে অন্য কারও কাছে
বিক্রিযোগ্য সম্পদ। আর তথ্য সুরক্ষার প্রতিশ্রুতি যে সব সময় রক্ষা করা যায়নি, তার
প্রমাণও রয়েছে। বড় ভিডিও প্ল্যাটফর্মে তথ্য ফাঁসের ঘটনায় ব্যবহারকারীদের ই-মেল
ঠিকানার সঙ্গে তাঁদের অনুসন্ধানের বিষয় এবং যৌন পছন্দের তথ্যও যুক্ত হয়ে গিয়েছিল। অর্থাৎ
যেটি ছিল একান্ত ব্যক্তিগত,
সেটিই মুহূর্তে পরিণত হয়েছিল বিপজ্জনক ডিজিটাল পরিচয়ে।
এই তথ্য
সংগ্রহের আরেকটি ফল ছিল আরও গুরুত্বপূর্ণ। আগে চলচ্চিত্র নির্মাতারা নিজেদের
অভিজ্ঞতা, ধারণা
এবং বাজার সম্পর্কে অনুমানের ভিত্তিতে ঠিক করতেন, কী ধরনের কনটেন্ট তৈরি করবেন।
কিন্তু নতুন ব্যবস্থায় সিদ্ধান্ত নেওয়ার জন্য সামনে হাজির হল ব্যবহারকারীদের
আচরণের বিপুল তথ্য। মানুষ কী দেখছেন, কোন বিষয় বেশি খুঁজছেন, কোথায় বেশি
সময় কাটাচ্ছেন—এসব বিশ্লেষণ করে ঠিক হতে লাগল পরবর্তী কনটেন্টের ধরন। নিলসন এই
পদ্ধতির নাম দিয়েছেন ‘ডেটা-লেড ক্রিয়েটিভিটি’। অর্থাৎ
সৃজনশীলতার সিদ্ধান্তও এখন তথ্যের নির্দেশে নেওয়া হচ্ছে। দর্শকের পছন্দ শুধু
কনটেন্টের জনপ্রিয়তা নির্ধারণ করছে না, কী তৈরি হবে, সেটিও
নির্ধারণ করছে।
মাইন্ডগিক ছিল এই পদ্ধতির প্রথম দিকের ব্যবহারকারীদের অন্যতম।
কিন্তু এই
কৌশল আর প্রাপ্তবয়স্কদের ভিডিওর মধ্যে আটকে থাকেনি। অ্যামাজন
কোন পণ্য আপনার সামনে তুলে ধরবে, স্পটিফাই কোন গান শোনার পরামর্শ দেবে, অ্যাপল কোন
কনটেন্ট দেখাবে— সব ক্ষেত্রেই ব্যবহারকারীর পূর্ববর্তী আচরণ বিশ্লেষণ করে
সুপারিশব্যবস্থা তৈরি হতে থাকে। সংবাদমাধ্যমও সামাজিক
যোগাযোগমাধ্যমে খবর ও ভিডিও ছড়িয়ে পাঠক টানতে শুরু করে। পরে সেই পাঠককে নিজস্ব
সাবস্ক্রিপশন পরিষেবায় নিয়ে যাওয়ার চেষ্টা চলে। কনটেন্ট
নির্মাতাদের সাবস্ক্রিপশন প্ল্যাটফর্মেও অন্য নির্মাতার লিংক প্রচার করে কমিশন
আয়ের ব্যবস্থা তৈরি হয়। একসময় যে কৌশল দিয়ে প্রাপ্তবয়স্কদের ভিডিও সাইট দর্শককে এক
ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে পাঠিয়ে অর্থ উপার্জন করত, সেই কৌশলই
হয়ে ওঠে মূলধারার ইন্টারনেট ব্যবসার পরিচিত মডেল।
প্রশ্ন হল,
ইন্টারনেট কি মানুষের গোপন আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে?
প্যাট্রিসিয়া
নিলসনের অনুসন্ধানের সবচেয়ে অস্বস্তিকর দিক এখানেই। ইন্টারনেটকে আমরা প্রায়ই
স্বাধীন তথ্যপ্রবাহের এক বিশাল জগৎ হিসেবে দেখি। সেখানে ব্যবহারকারী নিজের
পছন্দমতো তথ্য খুঁজবেন,
ভিডিও দেখবেন, কেনাকাটা
করবেন, গান
শুনবেন। প্রযুক্তি তাঁকে সেই স্বাধীনতা দেবে। কিন্তু এই স্বাধীনতার আড়ালে গড়ে
উঠেছে এমন এক অর্থনীতি,
যেখানে ব্যবহারকারীর প্রতিটি পছন্দ, প্রতিটি ক্লিক, প্রতিটি
মুহূর্তের মনোযোগ ব্যবসার উপাদান। এই অর্থনীতি রাতারাতি তৈরি হয়নি। এর অনেক কৌশল
পরীক্ষিত হয়েছিল এমন এক শিল্পে, যাকে মূলধারার সমাজ দীর্ঘদিন আড়ালে রাখতে চেয়েছে।
সেই শিল্প
শিখেছিল, কীভাবে
বিনা মূল্যের কনটেন্ট দিয়ে দর্শক টানতে হয়। কীভাবে দর্শককে অন্য ওয়েবসাইটে পাঠিয়ে
কমিশন আদায় করতে হয়। কীভাবে ব্যক্তিগত আচরণের তথ্য সংগ্রহ করে পরবর্তী কনটেন্ট
তৈরি করতে হয়। কীভাবে ব্যবহারকারীর মনোযোগকে ধরে রেখে তাকে নিয়মিত গ্রাহকে পরিণত
করতে হয়।
পরে একই
যুক্তি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটের প্রায় প্রতিটি বড় ব্যবসায়।
এই ইতিহাসে
সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্যোক্তারা আছেন। আছেন ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারীরা।
আছেন গোপন মালিকানা আর করের জটিল কাঠামোর কারিগরেরা। কিন্তু তাঁদের পাশাপাশি আছেন
কোটি কোটি সাধারণ ব্যবহারকারী, যাঁরা হয়তো জানেনই না, তাঁদের প্রতিটি ক্লিকের পিছনে কত বড়
ব্যবসা দাঁড়িয়ে রয়েছে। ইন্টারনেটের ইতিহাস তাই শুধু কম্পিউটার, কোডিং আর
প্রযুক্তিগত উদ্ভাবনের ইতিহাস নয়। এটি মানুষের মনোযোগ দখলের ইতিহাসও। আর সেই
ইতিহাসের একটি বড় অধ্যায় লেখা হয়েছিল এমন এক শিল্পে, যার কথা বলতে সমাজ দীর্ঘদিন
অস্বস্তি বোধ করেছে।
প্রশ্নটা
তাই শুধু এই নয় যে পর্নোগ্রাফি শিল্প কীভাবে ইন্টারনেটকে বদলে দিয়েছিল। আরও বড়
প্রশ্ন হল, আজ
আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, তার কতটা এখনও আমাদের নিয়ন্ত্রণে? আর কতটা
নিয়ন্ত্রণ করছে আমাদেরই ব্যক্তিগত পছন্দ, দুর্বলতা ও গোপন আকাঙ্ক্ষা থেকে
তৈরি হওয়া এক অদৃশ্য ব্যবসায়িক যন্ত্র?
বিনা
মূল্যের ভিডিওর সাম্রাজ্য তৈরি হওয়ার পর পর্নোগ্রাফি শিল্পে আবারও বদল এল। এবার
ব্যবসার কেন্দ্রে আর শুধু বিপুল ভিডিওভাণ্ডার নয়, উঠে এল ব্যক্তিগত যোগাযোগ। দর্শককে
শুধু ভিডিও দেখালেই চলবে না, তাঁকে এমন অনুভূতিও দিতে হবে যে পর্দার ওপারে কেউ একজন
বিশেষভাবে তাঁর জন্য অপেক্ষা করছেন। এই নতুন ব্যবসার পরিচিত উদাহরণ
সাবস্ক্রিপশনভিত্তিক নির্মাতা প্ল্যাটফর্ম। এর নকশায় জুড়ে দেওয়া হল দুটো পুরোনো
ধারণা— নব্বইয়ের দশকের ক্যাম সাইট এবং আধুনিক সামাজিক যোগাযোগমাধ্যম। ক্যাম সাইটে
অভিনয়শিল্পীরা ওয়েবক্যামের সামনে বসে সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলতেন। দর্শক টাকা
দিয়ে সেই যোগাযোগের অংশ হতে পারতেন। নতুন প্ল্যাটফর্মগুলো সেই ধারণাকে আরও বিস্তৃত
করল। সেখানে শুধু সরাসরি ভিডিও নয়, রয়েছে ছবি, ভিডিওর ফিড, ব্যক্তিগত
বার্তা এবং ব্যবহারকারীর অনুরোধে তৈরি বিশেষ কনটেন্ট। অর্থাৎ দর্শক আর নিছক দর্শক
নন। তিনি এখন সম্ভাব্য গ্রাহক, কথোপকথনের অংশীদার এবং ব্যক্তিগত কনটেন্টের ক্রেতা। কেউ
মাসিক চাঁদা দিয়ে নির্মাতার ব্যক্তিগত ফিডে প্রবেশ করছেন। কেউ আলাদা টাকা দিয়ে
বার্তা পাঠাচ্ছেন। কেউ টিপস দিচ্ছেন। আবার কেউ নিজের পছন্দমতো ছবি বা ভিডিও তৈরি
করার অনুরোধ জানাচ্ছেন।
বিনা
মূল্যের ভিডিও সাইটের ব্যবসা যেখানে দাঁড়িয়ে ছিল বিজ্ঞাপন, অন্য সাইটে
দর্শক পাঠানোর কমিশন এবং ব্যবহারকারীর তথ্যের উপর, সেখানে নতুন প্ল্যাটফর্মের মূলধন
হয়ে উঠল ব্যক্তিগত ঘনিষ্ঠতার অনুভূতি। ব্যবসার অঙ্কটিও আকর্ষণীয়। কনটেন্ট নির্মাতা
সাধারণত নিট আয়ের ৮০ শতাংশ পান, প্ল্যাটফর্ম রাখে ২০ শতাংশ। কোনও নির্মাতা নতুন কাউকে
প্ল্যাটফর্মে নিয়ে এলে নতুন নির্মাতার প্রথম বছরের আয়ের ৫ শতাংশ পর্যন্ত কমিশন
পাওয়ার সুযোগও থাকে। এ যেন এক নতুন ধরনের ডিজিটাল অর্থনীতি—যেখানে প্রত্যেকে নিজের
দর্শক তৈরি করছেন, নিজের
পরিচিতি বিক্রি করছেন,
এমনকি নিজের সঙ্গে দর্শকের সম্পর্ককেও আয়ের উৎসে পরিণত করছেন।
নিলসনের
অনুসন্ধানে উঠে এসেছে,
এই অর্থনীতির পথিকৃৎ আসলে যৌনকর্মী ও ক্যাম পারফরমাররা। ইনস্টাগ্রাম কিংবা
ইউটিউবে সাধারণ কনটেন্ট নির্মাতারা জনপ্রিয় হওয়ার অনেক আগেই তাঁরা অনলাইনে নিজেদের
পরিচিতি তৈরি করতে শিখেছিলেন। বুঝেছিলেন, শুধু কনটেন্ট দিলেই হবে না, দর্শকের
মনোযোগ ধরে রাখতে হবে। দর্শককে এমন অনুভূতি দিতে হবে, যেন তিনি
ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া কেউ নন, বরং নির্মাতার কাছে বিশেষ একজন। এই কৌশলেরই মনস্তাত্ত্বিক
নাম ‘প্যারাসোশ্যাল ইন্টিমেসি’।
সম্পর্কটি
আসলে একতরফা। দর্শক মনে করেন, পর্দার ওপারের মানুষটি তাঁকে চেনেন, তাঁর কথা
মনে রাখেন, তাঁর
প্রতি আলাদা আগ্রহ দেখান। বাস্তবে সেই ঘনিষ্ঠতা হয়তো ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং
পরিকল্পিত যোগাযোগের অংশ। কিন্তু অনুভূতিটা দর্শকের কাছে সত্যি। আর সেই অনুভূতিকেই
টাকায় বদলে দেয় প্ল্যাটফর্ম। একটি ব্যক্তিগত বার্তা, একটি বিশেষ ছবি, একটি নাম
ধরে সম্বোধন—সবই হয়ে উঠতে পারে আয়ের নতুন পথ। আগে যেখানে দর্শক অর্থ দিতেন ভিডিও
দেখার জন্য, এখন
তিনি অর্থ দিচ্ছেন নিজের কাছে বিশেষ হয়ে ওঠার অনুভূতির জন্য।
এই ব্যবসার
পরবর্তী গন্তব্য কোথায়?
প্যাট্রিসিয়া নিলসনের মতে, উত্তরটি খুঁজতে খুব বেশি দূরে যেতে হবে না। সেটি এখন আমাদের
স্মার্টফোনের পর্দায়— কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট। একসময় ক্যাম সাইটে মানুষ
ওয়েবক্যামের সামনে বসে থাকা কারও সঙ্গে কথা বলতেন। পরে সাবস্ক্রিপশন প্ল্যাটফর্মে
ব্যক্তিগত বার্তা ও বিশেষ কনটেন্টের মাধ্যমে তৈরি হল ঘনিষ্ঠতার অনুভূতি। এখন সেই
জায়গায় আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
আধুনিক
চ্যাটবট ব্যবহারকারীর কথা শোনে, তাঁর বক্তব্যের সঙ্গে একমত হতে পারে, তাঁর
কল্পনাকে সমর্থন করতে পারে। এমনকী এমন অনুভূতিও তৈরি করতে পারে যে, পৃথিবীতে
অন্তত একজন আছে, যে
সব সময় তাঁর কথা শুনতে প্রস্তুত। কোনও বিরক্তি নেই, কোনও প্রত্যাখ্যান নেই, কোনও
ব্যস্ততার অজুহাত নেই। ব্যবহারকারী যখনই ফিরে আসবেন, চ্যাটবট আবার কথোপকথন শুরু করতে
পারে। কিছু ব্যবহারকারী এই কথোপকথনের মধ্যেই আবেগের সম্পর্ক তৈরি করেন। কারও কাছে
চ্যাটবট হয়ে ওঠে বন্ধু,
কারও কাছে প্রেমিক বা প্রেমিকা, আবার কারও কাছে যৌন কল্পনার সঙ্গী।
কিন্তু এই
সম্পর্কের পিছনেও রয়েছে ব্যবসার হিসাব। ব্যবহারকারী যত বেশি কথা বলবেন, প্ল্যাটফর্মে
তত বেশি সময় কাটাবেন। কথোপকথনের মধ্য দিয়ে তাঁর পছন্দ, ভয়, আকাঙ্ক্ষা, একাকিত্ব
এবং ব্যক্তিগত অভ্যাস সম্পর্কে তথ্য জমা হতে পারে। সেই তথ্য কাজে লাগিয়ে তাঁকে আরও
বেশি সময় প্ল্যাটফর্মে আটকে রাখার চেষ্টা করা সম্ভব। নিলসনের মতে, এখানে
পর্নোগ্রাফি শিল্পের পুরোনো কৌশলেরই নতুন রূপ দেখা যাচ্ছে। একসময় দর্শককে ভিডিওর
সামনে আটকে রাখা ছিল লক্ষ্য। পরে তাঁকে ব্যক্তিগত বার্তার মাধ্যমে ধরে রাখা হল।
এখন কৃত্রিম বুদ্ধিমত্তা সেই কাজ করছে কথোপকথনের মাধ্যমে। পার্থক্য শুধু
প্রযুক্তিতে। ব্যবসার যুক্তি প্রায় একই।
আধুনিক
ইন্টারনেটের এই ব্যবসায়িক দর্শন বোঝাতে নিলসন ব্যবহার করেছেন একটি তীব্র ও
অস্বস্তিকর শব্দবন্ধ—‘মাস্টারবেটরি বিজনেস মডেল’। শব্দটি ইচ্ছাকৃতভাবেই
প্ররোচনামূলক। এর মাধ্যমে তিনি এমন এক ডিজিটাল অভিজ্ঞতার কথা বলেছেন, যেখানে
মানুষ একা পর্দার সামনে বসে নিজের তাৎক্ষণিক চাহিদা পূরণ করছেন। আর সেই অভিজ্ঞতাকে
ঘিরেই তৈরি হচ্ছে মুনাফার ব্যবস্থা।
ভাবুন, একজন মানুষ
স্মার্টফোন হাতে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ক্রল করছেন। একটির পর একটি ছবি, ভিডিও, খবর তাঁর
সামনে আসছে। প্রতিটি নতুন কনটেন্ট তাঁকে আরও কিছুক্ষণ আটকে রাখছে। তিনি ভাবছেন, নিজের
ইচ্ছাতেই দেখছেন। কিন্তু কী দেখবেন, কখন দেখবেন, পরের
মুহূর্তে কোন কনটেন্ট তাঁর সামনে আসবে—তার অনেকটাই নির্ধারণ করছে অ্যালগরিদম। অন্য
একজন কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবটের সঙ্গে কথা বলছেন। তাঁর মনে হচ্ছে, কেউ তাঁকে
বুঝতে পারছে। তাঁর কথা শুনছে। তাঁর প্রতি মনোযোগ দিচ্ছে। কিন্তু কথোপকথনের অন্য
প্রান্তে কোনও মানুষ নেই। রয়েছে একটি সফটওয়্যার, যার সঙ্গে তাঁর যোগাযোগ
প্ল্যাটফর্মের ব্যবসার অংশ।
আরেকজন
প্রাপ্তবয়স্কদের ভিডিও দেখছেন। একের পর এক ভিডিওর সুপারিশ তাঁকে পরের ভিডিওতে নিয়ে
যাচ্ছে।
তিনটি
অভিজ্ঞতা আলাদা। কিন্তু নিলসনের বিশ্লেষণে এদের মধ্যে একটি মিল রয়েছে— তাৎক্ষণিক
তৃপ্তির প্রতিশ্রুতি,
ব্যক্তিগত চাহিদাকে কেন্দ্র করে কনটেন্ট সাজানো এবং ব্যবহারকারীকে যতক্ষণ
সম্ভব পর্দার সামনে ধরে রাখা।
এখানে
মানুষের একাকিত্বও পণ্যে পরিণত হয়। তাঁর কৌতূহল, আকাঙ্ক্ষা, মনোযোগ, এমনকি
স্বীকৃতি পাওয়ার ইচ্ছাও হয়ে ওঠে ব্যবসার উপকরণ। এই ব্যবস্থায় ব্যবহারকারী ভাবেন, তিনি নিজের
পছন্দমতো ইন্টারনেট ব্যবহার করছেন। কিন্তু তাঁর পছন্দের ভিতর দিয়েই প্ল্যাটফর্ম
তৈরি করছে মুনাফার রাস্তা।
নিলসনের
অনুসন্ধানের সবচেয়ে বড় তাৎপর্য এখানেই: পর্নোগ্রাফি শিল্পের ইতিহাস আসলে শুধু যৌন
কনটেন্টের ব্যবসার ইতিহাস নয়। এটি এমন এক ডিজিটাল অর্থনীতির ইতিহাস, যেখানে
মানুষের মনোযোগের সঙ্গে ক্রমশ জুড়ে যাচ্ছে তাঁর একাকিত্ব, ব্যক্তিগত
আকাঙ্ক্ষা এবং ঘনিষ্ঠতার প্রয়োজন। একসময় এই ব্যবসার লক্ষ্য ছিল মানুষকে ভিডিও
দেখানো। তারপর লক্ষ্য হল তাঁকে গ্রাহকে পরিণত করা। এখন লক্ষ্য আরও গভীর—মানুষকে
এমন এক ডিজিটাল সম্পর্কে জড়িয়ে রাখা, যেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজনই
যেন তিনি অনুভব না করেন।
আর এই
সাম্রাজ্যের সবচেয়ে বড় সাফল্য হয়তো এটাই: মানুষ পর্দার সামনে একা বসে আছেন, অথচ তাঁর
সেই একাকিত্ব থেকেই কোথাও তৈরি হচ্ছে বিপুল ব্যবসা।


No comments:
Post a Comment