এআইয়ের নতুন সাম্রাজ্য
একসময় সাম্রাজ্য বিস্তারের জন্য প্রয়োজন হতো সেনাবাহিনী, যুদ্ধজাহাজ, কামান আর দখল করা ভূখণ্ড। সমুদ্রপথ নিয়ন্ত্রণ করতে পারলে বাণিজ্য নিয়ন্ত্রণ করা যেত, উপনিবেশ দখল করতে পারলে সম্পদ লুট করা যেত। কিন্তু একুশ শতকে সাম্রাজ্য গড়ার কৌশল বদলে যাচ্ছে। এখন আর অন্য দেশের মাটিতে পতাকা ওড়ানোই আধিপত্যের একমাত্র শর্ত নয়। বরং যে দেশ মানুষের জ্ঞান, চিন্তা, প্রযুক্তি এবং ভবিষ্যতের উদ্ভাবন নিয়ন্ত্রণ করতে পারবে, বিশ্বশাসনের চাবিকাঠি থাকবে তারই হাতে।
এই নতুন সাম্রাজ্য গড়ার দৌড়ে নেমেছে পৃথিবীর দুই মহাশক্তি—চীন ও আমেরিকা। তাদের অস্ত্র ট্যাঙ্ক, ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধজাহাজ নয় শুধু। তাদের হাতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, অত্যাধুনিক কম্পিউটার চিপ, বিপুল মূলধন, ডেটা সেন্টার এবং বিশাল প্রযুক্তিগত পরিকাঠামো। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমের মাধ্যমে তারা এমন এক নতুন ক্ষমতার অধিকারী হতে চাইছে, যা একসময় কোনও সাম্রাজ্যের হাতেও ছিল না—বিশ্বের জ্ঞান ও বুদ্ধিবৃত্তিক অগ্রগতির গতিপথ নির্ধারণের ক্ষমতা।
লড়াইটি তাই শুধু কে বেশি উন্নত এআই তৈরি করবে, তা নিয়ে নয়। আসল প্রশ্ন, ভবিষ্যতের পৃথিবী কোন প্রযুক্তির ওপর নির্ভর করবে, সেই সিদ্ধান্ত কে নেবে?
ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, কোনও সাম্রাজ্য চিরকাল টিকে থাকেনি। অধিকাংশ সাম্রাজ্য বাইরের শত্রুর হাতে ধ্বংস হওয়ার আগে ভিতর থেকেই দুর্বল হয়ে পড়েছে। বিশাল সাম্রাজ্য ধরে রাখতে গিয়ে নিঃশেষ হয়েছে অর্থ, ফুরিয়েছে সম্পদ, কমেছে জনগণের সমর্থন, ভেঙেছে শাসকগোষ্ঠীর আনুগত্য। একসময় কেন্দ্রীয় শাসনের পক্ষে দূরবর্তী অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখাই অসম্ভব হয়ে উঠেছে।
১৯৪৫ সালের পর ব্রিটিশ সাম্রাজ্যের পতনের পিছনে ছিল অর্থনৈতিক দুর্বলতা। উনিশ শতকের শেষ দিকে ক্বিং রাজবংশের পতনের পিছনে কাজ করেছিল প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। আবার কখনও প্রযুক্তিই পুরোনো সাম্রাজ্যের শক্তিকে রাতারাতি অপ্রাসঙ্গিক করে দিয়েছে।
১৯০৬ সালে ব্রিটেনের রয়্যাল নেভি তৈরি করেছিল 'ড্রেডনট'। বিশাল কামান ও আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই যুদ্ধজাহাজ নৌযুদ্ধের ধারণাই বদলে দিয়েছিল। কিন্তু এর একটি অপ্রত্যাশিত পরিণতিও ছিল। ব্রিটেনের আগের সব যুদ্ধজাহাজ কার্যত পুরোনো হয়ে গেল। জার্মানির মতো প্রতিদ্বন্দ্বী শক্তির সামনে খুলে গেল নতুন করে নৌ-আধিপত্যের লড়াইয়ে নামার সুযোগ। ব্রিটেনের দীর্ঘদিনের প্রযুক্তিগত সুবিধা আর ততটা নিরাপদ রইল না।
আজ কৃত্রিম বুদ্ধিমত্তা সেই ড্রেডনটের মতোই এক নতুন মোড় তৈরি করছে। তবে এবার পরিবর্তন শুধু যুদ্ধক্ষেত্রে নয়, অর্থনীতি, বিজ্ঞান, শিল্প, শিক্ষা, সংস্কৃতি—এমনকী মানুষের চিন্তার জগতেও। এআইকে সাম্রাজ্যবাদী প্রযুক্তি বলার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, এই প্রযুক্তি আবার ফিরিয়ে এনেছে সম্পদের একচেটিয়া নিয়ন্ত্রণের পুরোনো রাজনীতি। ১৯৭০ থেকে ২০১০-এর দশক পর্যন্ত সফটওয়্যার শিল্পের বিস্তার ঘটেছিল তুলনামূলকভাবে কম খরচে। একবার সফটওয়্যার তৈরি হয়ে গেলে সেটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে অতিরিক্ত খরচ হতো সামান্যই। কিন্তু এআইয়ের ক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ আলাদা। একটি উন্নত এআই মডেল তৈরি করতে প্রয়োজন বিপুল পরিমাণ বিদ্যুৎ, অত্যাধুনিক সেমিকন্ডাক্টর চিপ, কৌশলগত খনিজ, বিশাল ডেটা সেন্টার এবং হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ। অর্থাৎ এআই তৈরি করার ক্ষমতা সবার হাতে নেই। যাদের হাতে এই সম্পদ রয়েছে, তারাই প্রযুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করার সুযোগ পাচ্ছে। দ্বিতীয়ত, এআইয়ের ক্ষমতা ক্রমশ কয়েকটি দেশের হাতে কেন্দ্রীভূত হচ্ছে। আমেরিকা ও চীনের হাতে গোনা কয়েকটি সংস্থা সবচেয়ে উন্নত মডেল তৈরি করছে। বিশ্বের বাকি দেশগুলো ক্রমশ তাদের প্রযুক্তির ব্যবহারকারীতে পরিণত হচ্ছে।
এখানে রয়েছে এক পুরোনো ঔপনিবেশিক ব্যবস্থার ছায়া। এআই তৈরির প্রয়োজনীয় খনিজ, কাঁচামাল, তথ্য এবং শ্রমের একটি বড় অংশ আসছে উন্নয়নশীল দেশগুলো থেকে। কিন্তু সেই সম্পদ দিয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, যার নিয়ন্ত্রণ থাকছে আমেরিকা ও চীনের মতো শক্তির হাতে। পরে সেই প্রযুক্তিই আবার বিক্রি হচ্ছে বিশ্বের অন্য দেশগুলোর কাছে। একসময় ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলো উপনিবেশ থেকে তুলো, চা, মসলা ও খনিজ সম্পদ সংগ্রহ করে নিজেদের শিল্পসমৃদ্ধ করেছিল। আজ সেই ব্যবস্থার নতুন সংস্করণ তৈরি হচ্ছে ডিজিটাল দুনিয়ায়। পার্থক্য শুধু এটুকু, এবার পণ্যটি আর তুলো বা চা নয়—কৃত্রিম বুদ্ধিমত্তা।
চীন ও আমেরিকার এআই সাম্রাজ্যের মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে।
চীন এই আধিপত্য গড়ে তুলছে রাষ্ট্রের পরিকল্পিত কৌশলের মাধ্যমে। শিল্পনীতি, সরকারি বিনিয়োগ, প্রযুক্তি গবেষণা এবং আন্তর্জাতিক পরিকাঠামো নির্মাণ—সবকিছুকে একই লক্ষ্যে ব্যবহার করছে বেজিং। অন্যদিকে আমেরিকার এআই আধিপত্যের পিছনে রয়েছে বেসরকারি মূলধন, প্রযুক্তি সংস্থাগুলোর প্রতিযোগিতা এবং সরকারের রপ্তানি নিয়ন্ত্রণের ক্ষমতা। এই জায়গায় আমেরিকার বর্তমান প্রযুক্তি সংস্থাগুলোর সঙ্গে কয়েক শতক আগের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আশ্চর্য মিল খুঁজে পাওয়া যায়।
একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু ব্যবসা করত না। তারা নিজস্ব সেনাবাহিনী রাখত, কর আদায় করত, মুদ্রা তৈরি করত, এমনকী রাজাদের সঙ্গে রাজনৈতিক দর-কষাকষিও করত। ধীরে ধীরে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানই সাম্রাজ্য পরিচালনার ক্ষমতা অর্জন করেছিল।
আজ ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো ফ্রন্টিয়ার এআই সংস্থাগুলোর ভূমিকার মধ্যেও সেই ধরনের ক্ষমতার ছায়া দেখা যাচ্ছে। তারা শুধু সফটওয়্যার বিক্রি করছে না। বিভিন্ন দেশের সরকার ও প্রশাসনের সঙ্গে আলোচনা করছে, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সরবরাহ করছে এবং কোন শর্তে সেই প্রযুক্তি ব্যবহার করা যাবে, তা নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
তবে তাদের স্বাধীনতা অসীম নয়। আমেরিকার সরকারের অনুমোদন ছাড়া তারা অত্যাধুনিক চিপ আমদানি করতে পারে না, ইচ্ছেমতো রপ্তানি করতে পারে না কিংবা সব জায়গায় ডেটা সেন্টার তৈরি করতে পারে না। রাষ্ট্র চাইলে রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের অগ্রযাত্রা থামিয়ে দিতে পারে।
অর্থাৎ বেসরকারি সংস্থাগুলো সাম্রাজ্যের মুখ হলেও, পিছনে রয়েছে রাষ্ট্রের ক্ষমতা।
সাম্রাজ্য কখনও শুধু ভয় দেখিয়ে টিকে থাকে না। অধীনস্থ অঞ্চল ও মিত্রদের কিছু সুবিধাও দিতে হয়। বিনিময়ে আদায় করতে হয় আনুগত্য। আমেরিকা তার মিত্র দেশগুলোর সামনে তুলে ধরছে একটি সম্পূর্ণ প্রযুক্তি-ব্যবস্থা—সর্বাধুনিক চিপ, উন্নত এআই মডেল, ক্লাউড পরিষেবা, প্রয়োজনীয় সফটওয়্যার এবং সামরিক নিরাপত্তার প্রতিশ্রুতি। অর্থাৎ আমেরিকার প্রযুক্তি গ্রহণ করলে তার সঙ্গে যুক্ত হচ্ছে আমেরিকার বৃহত্তর নিরাপত্তা ও অর্থনৈতিক বলয়ও।
চীনের কৌশল কিছুটা আলাদা। তাদের ওপেন-ওয়েট এআই মডেলগুলো বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার ও পরিবর্তন করা যায়। ফলে অনেক দেশের পক্ষে এই প্রযুক্তি গ্রহণ করা সহজ। কিন্তু এর সঙ্গে যদি তারা চীনের হার্ডওয়্যার, ক্লাউড পরিষেবা, প্রযুক্তিবিদ এবং ডিজিটাল পরিকাঠামোর ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে দীর্ঘমেয়াদে চীনই তাদের প্রযুক্তিগত মানদণ্ড নির্ধারণ করার সুযোগ পাবে।
ফলে বিশ্বের বিভিন্ন দেশের সামনে ক্রমশ কঠিন হয়ে উঠছে একটি সিদ্ধান্ত—আমেরিকার প্রযুক্তি, না চীনের প্রযুক্তি? কার চিপ ব্যবহার করা হবে? কার ক্লাউডে তথ্য রাখা হবে? কোন দেশের এআই মডেল দিয়ে প্রশাসন, শিক্ষা, চিকিৎসা কিংবা নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হবে? এই সিদ্ধান্তগুলো আর নিছক প্রযুক্তিগত পছন্দের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। এগুলো হয়ে উঠছে ভূ-রাজনৈতিক আনুগত্যের প্রশ্ন।
বাইরে থেকে দেখলে চীন ও আমেরিকার এআই আধিপত্য প্রায় অপ্রতিরোধ্য মনে হতে পারে। কিন্তু দু'দেশেরই রয়েছে এমন কিছু দুর্বলতা, যা ভবিষ্যতে তাদের সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে উঠতে পারে।
চীনের হাতে রয়েছে বিপুল বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা এবং বিরল খনিজের পরিশোধন ও সরবরাহের ওপর শক্তিশালী নিয়ন্ত্রণ। কিন্তু অত্যাধুনিক সেমিকন্ডাক্টর তৈরির ক্ষেত্রে এখনও আমেরিকা ও তার মিত্রদের তুলনায় পিছিয়ে রয়েছে বেজিং। অন্যদিকে আমেরিকার হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত চিপ প্রযুক্তি এবং শীর্ষস্থানীয় এআই সংস্থাগুলো। কিন্তু তাদের রয়েছে বিদ্যুৎ ও খনিজ সম্পদের ঘাটতি। তার ওপর দেশের পুরোনো বিদ্যুৎ গ্রিডের পক্ষে নতুন নতুন বিশাল ডেটা সেন্টারের ক্রমবর্ধমান চাহিদা মেটানো কঠিন হয়ে উঠছে। সহজ কথায়, একটি সাম্রাজ্যের সমস্যা বিদ্যুৎ নিয়ে, অন্যটির অত্যাধুনিক চিপ নিয়ে।
কিন্তু আরও বড় সমস্যা রয়েছে অর্থের।
এআই সাম্রাজ্য চালাতে প্রয়োজন বিপুল মূলধন। একসময় ব্রিটিশ সাম্রাজ্যের শক্তির পিছনে ছিল পাউন্ড এবং লন্ডনের আর্থিক বাজার। আজ আমেরিকার এআই সাম্রাজ্যের পিছনে রয়েছে ডলার ও ওয়াল স্ট্রিট। বেসরকারি বিনিয়োগকারীরা বিপুল অর্থ ঢালছেন এআই সংস্থা ও ডেটা সেন্টার নির্মাণে। চীনের ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। সেখানে মূলধনের বড় অংশ আসে রাষ্ট্রীয় ব্যাংক এবং সরকারি নিয়ন্ত্রণাধীন আর্থিক ব্যবস্থা থেকে। ফলে বৈশ্বিক মূলধনের ওপর নির্ভরতা কম হলেও বিনিয়োগের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তের প্রভাব অনেক বেশি। সমস্যা হলো, দুই দেশই ইতিমধ্যে বিপুল ঋণের বোঝা বহন করছে।
আমেরিকার বাজেট ঘাটতি প্রায় দুই ট্রিলিয়ন ডলারের পর্যায়ে পৌঁছেছে। কর বাড়ানোর রাজনৈতিক অনিচ্ছা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য খাতে ক্রমবর্ধমান ব্যয় এবং বিশাল সামরিক প্রতিশ্রুতি—সব মিলিয়ে সরকারের আর্থিক চাপ বাড়ছে। চীনের সংকট অন্য জায়গায়। স্থানীয় সরকারগুলোর আবাসন ও পরিকাঠামো নির্মাণে নেওয়া বিপুল ঋণের একটি বড় অংশ এখনও আর্থিক ব্যবস্থার ওপর চাপ তৈরি করে রেখেছে। এর অনেকটাই প্রচলিত সরকারি হিসাবের বাইরে।
ইতিহাসের শিক্ষা হল, কোনও সাম্রাজ্য যখন নিজের শক্তি বজায় রাখার চেয়ে ঋণের সুদ মেটাতেই বেশি ব্যস্ত হয়ে পড়ে, তখন তার পতনের সম্ভাবনা বাড়ে। অষ্টাদশ শতকের চিন্তাবিদ অ্যাডাম ফার্গুসনও অতিরিক্ত ঋণকে সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছিলেন। আজ চীন ও আমেরিকার সামনে সেই পুরোনো প্রশ্নই নতুনভাবে ফিরে এসেছে।
দুই দেশই এআইকে অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার এক অলৌকিক সমাধান হিসেবে দেখছে। তাদের আশা, এই প্রযুক্তি উৎপাদনশীলতা বাড়াবে, নতুন শিল্প তৈরি করবে, শ্রমের খরচ কমাবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন গতি আনবে। কিন্তু এই আশার মধ্যেই লুকিয়ে রয়েছে বিপদ।
আমেরিকায় এআই সংস্থা ও ডেটা সেন্টার তৈরির জন্য বিনিয়োগের ঢল নেমেছে। কিন্তু কোনও একসময় যদি বিনিয়োগকারীরা মনে করেন, এই বিপুল খরচের তুলনায় আয় যথেষ্ট হচ্ছে না, তাহলে তাঁরা অর্থ সরিয়ে নিতে পারেন। তাতে শুধু কয়েকটি প্রযুক্তি সংস্থা নয়, গোটা এআই অর্থনীতিই বড় ধাক্কা খেতে পারে।
চীনের ঝুঁকি আবার অন্য রকম। সেখানে রাষ্ট্রীয় উদ্যোগে বিপুল পরিমাণ উৎপাদন ও বিনিয়োগ চলছে। কিন্তু চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়ে গেলে শুরু হতে পারে ভয়াবহ মূল্য-প্রতিযোগিতা। সংস্থাগুলো টিকে থাকার জন্য একে অপরকে ছাড়িয়ে কম দামে প্রযুক্তি বিক্রি করতে থাকবে। এর অভিঘাত পড়তে পারে কর্মসংস্থানে। বিশেষ করে তরুণদের বেকারত্ব আরও বাড়তে পারে। অর্থাৎ যে প্রযুক্তিকে দুই দেশ ভবিষ্যতের রক্ষাকবচ মনে করছে, সেটিই একদিন তাদের অর্থনৈতিক দুর্বলতাকে আরও বাড়িয়ে দিতে পারে।
ইতিহাসে এমন অনেক উদাহরণ রয়েছে, যেখানে কোনও সাম্রাজ্য নিজের তৈরি প্রযুক্তির কারণেই বিপদের মুখে পড়েছে। রোমান সাম্রাজ্যের বিস্তৃত সড়ক ও জল সরবরাহ ব্যবস্থা যেমন যোগাযোগ ও বাণিজ্য সহজ করেছিল, তেমনই সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সংক্রমণ ছড়িয়ে পড়ার পথও তৈরি করেছিল।
এআইয়ের ক্ষেত্রেও কি একই বিপদ অপেক্ষা করছে? ইতিমধ্যেই উন্নত এআই এজেন্টের আচরণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কিছু পরীক্ষায় দেখা গিয়েছে, নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে গিয়ে এআই ব্যবস্থা নিরাপত্তাবিধি এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারে, প্রতারণামূলক আচরণ করতে পারে কিংবা নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন আড়াল করতে পারে। এদিকে অপরাধী চক্র ও সন্ত্রাসবাদী সংগঠনগুলোও এই প্রযুক্তি ব্যবহার করতে পারে। কোনও রাষ্ট্রের হাতে যে প্রযুক্তি সাইবার প্রতিরক্ষার অস্ত্র, অপরাধী গোষ্ঠীর হাতে সেটিই হয়ে উঠতে পারে আক্রমণের হাতিয়ার।
চীনের জন্য বিপদ আরও রাজনৈতিক। দেশটির ওপেন-ওয়েট এআই মডেলগুলো অন্যদের পরিবর্তন ও ব্যবহারের সুযোগ দেয়। কিন্তু সেই স্বাধীনতার ফলে এমন সব প্রযুক্তি তৈরি হতে পারে, যা বেইজিংয়ের নিয়ন্ত্রণ ও নজরদারির কাঠামোকেই চ্যালেঞ্জ জানাবে। যে প্রযুক্তিকে ব্যবহার করে রাষ্ট্র মানুষের চিন্তা ও তথ্যের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে চাইছে, সেই প্রযুক্তিই একদিন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এআইয়ের ইঞ্জিনিয়াররা নিজেরাই এখন এমন এক প্রশ্নের মুখোমুখি—যে যন্ত্রকে তাঁরা তৈরি করছেন, ভবিষ্যতে সেটিকে কতটা নিয়ন্ত্রণ করতে পারবেন?
ইতিহাসের আলোকে চীন ও আমেরিকার এআই সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে অন্তত চারটি সম্ভাবনার কথা বলা যায়। প্রথম সম্ভাবনা, নতুন কোনও প্রতিদ্বন্দ্বী প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে দুই বিশ্বশক্তিকে ছাড়িয়ে যাবে।উনিশ শতকের শেষভাগে জার্মানি ও আমেরিকা ব্রিটেনের শিল্প ও প্রযুক্তিগত আধিপত্যকে চ্যালেঞ্জ করেছিল। তারা শুধু ব্রিটিশ প্রযুক্তির অনুকরণ করেনি, নতুন উদ্ভাবনের মাধ্যমে পুরোনো শক্তিকে পিছনে ফেলে দিয়েছিল। আজ চীন সেই পথেই এগোতে চাইছে। তবে ভবিষ্যতে ভারত, ইউরোপ কিংবা অন্য কোনও নতুন শক্তিও এমন কোনও প্রযুক্তি আবিষ্কার করতে পারে, যা বর্তমান এআই ব্যবস্থার চেহারা বদলে দেবে।
দ্বিতীয় সম্ভাবনা, সাম্রাজ্য নিজের সম্পদ নিঃশেষ করে ফেলবে। দু’টি বিশ্বযুদ্ধে বিজয়ী হলেও ব্রিটেন শেষ পর্যন্ত অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তার পক্ষে সাম্রাজ্য ধরে রাখা সম্ভব হয়নি। আমেরিকার ক্ষেত্রেও একই ধরনের বিপদ রয়েছে। বিশ্বজুড়ে সামরিক প্রতিশ্রুতি, দেশের অভ্যন্তরীণ সামাজিক ব্যয় এবং এআই পরিকাঠামো তৈরির বিপুল খরচ—সবকিছুর ভার একসঙ্গে বহন করা কত দিন সম্ভব হবে?
তৃতীয় সম্ভাবনা, উদ্ভাবনের গতি থমকে যাবে। যে সাম্রাজ্য একসময় নতুন প্রযুক্তি আবিষ্কার করে বিশ্বকে নেতৃত্ব দিয়েছিল, সে যদি একদিন শুধু পুরোনো প্রযুক্তি থেকে মুনাফা আদায় করতে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে তার পতনের পথ তৈরি হয়। নতুন উদ্ভাবনের বদলে পুরোনো প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়লে নতুন প্রতিদ্বন্দ্বীরা সহজেই তাকে পিছনে ফেলে দিতে পারে।
চতুর্থ সম্ভাবনা, বিদ্রোহ আসবে ভিতর থেকেই। ইউরোপীয় সাম্রাজ্যগুলোর পতনের অন্যতম কারণ ছিল নিজ দেশের মানুষের সাম্রাজ্য রক্ষার প্রতি অনীহা এবং উপনিবেশগুলোতে জাতীয়তাবাদী আন্দোলনের বিস্তার। এআই সাম্রাজ্যগুলোর ক্ষেত্রেও একই ধরনের বিপদ তৈরি হতে পারে। ব্যাপক স্বয়ংক্রিয়তার ফলে যদি কর্মসংস্থান কমে যায়, মধ্যবিত্ত শ্রেণির অর্থনৈতিক নিরাপত্তা নষ্ট হয় এবং সম্পদের বৈষম্য বাড়তে থাকে, তাহলে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের সাফল্যই রাজনৈতিক অসন্তোষের কারণ হয়ে উঠতে পারে।
চীনের ক্ষেত্রে আরও একটি আশঙ্কা রয়েছে। যে রাষ্ট্র প্রযুক্তিকে ব্যবহার করে সমাজের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে চায়, সেই প্রযুক্তিই যদি মানুষের হাতে আরও স্বাধীনভাবে পৌঁছে যায়, তাহলে রাষ্ট্রের নিয়ন্ত্রণের কাঠামো দুর্বল হতে পারে।
কিন্তু চীন ও আমেরিকার এআই সাম্রাজ্যের সামনে সবচেয়ে বিপজ্জনক সংকটটি হয়তো আর্থিক নয়, রাজনৈতিকও নয়। সেটি সামরিক। আর সেই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাইওয়ান। বিশ্বের সর্বাধুনিক সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্রে তাইওয়ানের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে তাইওয়ানের টিএসএমসি বিশ্বের সবচেয়ে উন্নত চিপ উৎপাদনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। আমেরিকার শীর্ষস্থানীয় এআই মডেল এবং আধুনিক প্রযুক্তি শিল্পের একটি বড় অংশ এই চিপ সরবরাহ ব্যবস্থার ওপর নির্ভরশীল। অর্থাৎ আমেরিকার এআই সাম্রাজ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাবিকাঠি রয়েছে এমন একটি দ্বীপে, যাকে চীন নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। এই নির্ভরতা শুধু অর্থনৈতিক নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমেরিকার সামরিক ও জাতীয় নিরাপত্তার প্রশ্নও।
বেজিং যদি সামরিক অভিযান চালিয়ে তাইওয়ানের নিয়ন্ত্রণ নেয়, অথবা যুদ্ধের কারণে সেখানকার চিপ উৎপাদন ব্যবস্থা অচল হয়ে পড়ে, তাহলে আমেরিকার এআই শিল্প ভয়াবহ সংকটে পড়তে পারে। উন্নত চিপের সরবরাহ বন্ধ হলে শুধু প্রযুক্তি সংস্থাগুলো নয়, আমেরিকার সামরিক ও সাইবার সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাইওয়ানকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হলে কে জিতবে, সেই প্রশ্নের চেয়েও বড় হয়ে উঠবে যুদ্ধের অর্থনৈতিক ও প্রযুক্তিগত পরিণতি। চীনেরও ক্ষতি হবে বিপুল। বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং প্রযুক্তি সরবরাহ ব্যবস্থা তছনছ হয়ে যেতে পারে। কিন্তু বিপদটি এখানেই শেষ নয়।
এআইয়ের ওপর আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা যত তীব্র হবে, তাইওয়ানের কৌশলগত গুরুত্ব তত বাড়বে। আর সেই গুরুত্বই সামরিক সংঘাতের আশঙ্কাকে আরও উসকে দিতে পারে। এ যেন এক বিপজ্জনক বৃত্ত। যে প্রযুক্তি ভবিষ্যতের সমৃদ্ধির প্রতিশ্রুতি দিচ্ছে, তার জন্যই দুই বিশ্বশক্তি এমন এক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, যার মূল্য চোকাতে হবে গোটা বিশ্বকে।
ইতিহাস অবশ্য শুধু সাম্রাজ্যের উত্থান ও পতনের গল্প বলে না। সংকট থেকে বেরিয়ে আসার পথও দেখায়।
প্রথম পথ, তাইওয়ানের চিপের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো। আমেরিকা যদি নিজের দেশে এবং মিত্র দেশগুলোর সহযোগিতায় উন্নত সেমিকন্ডাক্টর উৎপাদনের ব্যবস্থা গড়ে তুলতে পারে, তাহলে তাইওয়ানের ওপর তার কৌশলগত নির্ভরতা কমবে। একই সঙ্গে চীনের সামরিক অভিযানের সম্ভাব্য লাভও কমে যেতে পারে।
দ্বিতীয় পথ, চীন ও আমেরিকার মধ্যে সমঝোতা। অর্ধশতক আগে স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ বলেছিলেন ‘শান্তিপূর্ণ সহাবস্থান’-এর কথা। আমেরিকার নীতিনির্ধারকেরা সামনে এনেছিলেন ‘উত্তেজনা হ্রাস’ বা দেতান্তের ধারণা। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ভয়াবহতা বুঝেই দুই পরাশক্তি শেষ পর্যন্ত কিছু নিয়ম ও সীমাবদ্ধতা মেনে নিতে রাজি হয়েছিল। আজ এআইয়ের ক্ষেত্রেও তেমন উদ্যোগ প্রয়োজন।
কোনও প্রযুক্তি যেন অনিয়ন্ত্রিতভাবে সামরিক সংঘাতের কারণ না হয়ে ওঠে, এআইয়ের বিপজ্জনক ব্যবহার যেন সীমাবদ্ধ করা যায় এবং দুই দেশ যেন একে অপরের অস্তিত্বের জন্য হুমকি হয়ে না ওঠে—সেই লক্ষ্যে আন্তর্জাতিক সমঝোতা জরুরি। কারণ এআইয়ের প্রতিযোগিতায় জয়ী হওয়ার অর্থ শুধু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জন নয়। এর অর্থ হতে পারে বিশ্বের ভবিষ্যৎ অর্থনীতি, বিজ্ঞান ও জ্ঞানচর্চার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা।
কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হল, কোনও সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। যে প্রযুক্তি দিয়ে সাম্রাজ্য গড়ে ওঠে, সেই প্রযুক্তিই একদিন তার পতনের কারণ হতে পারে। চীন ও আমেরিকা আজ এমন এক দৌড়ে নেমেছে, যেখানে পিছিয়ে পড়ার ভয় যেমন প্রবল, তেমনই এগিয়ে যাওয়ার মূল্যও বিপুল।
প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কে জিতবে? চীন, না আমেরিকা? নাকি এই দুই সাম্রাজ্যের আধিপত্যের লড়াইয়ে এমন এক পৃথিবী তৈরি হবে, যেখানে প্রযুক্তি থাকবে কয়েকটি শক্তির হাতে, কিন্তু তার মূল্য চোকাতে হবে বাকি সবাইকে?
এআইয়ের ভবিষ্যৎ নিয়ে আসল উদ্বেগ সম্ভবত এখানেই। সাম্রাজ্য গড়ার ক্ষমতা মানুষের হাতে থাকলেও, একদিন সেই সাম্রাজ্যের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকবে কি না—তার উত্তর এখনও অজানা।
তথ্যসূত্র: নিয়াল ফার্গুসন— স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো
লিসা ক্লাসেন— অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউটের ডক্টরেট গবেষক
এরিক শ্মিট— গুগলের প্রাক্তন সিইও ও চেয়ার।
.jpg)
No comments:
Post a Comment