Sunday, November 8, 2026

‘জনগণের শক্তিকে অর্থ দিয়ে দমিয়ে রাখা যায় না’

ভারতীয়রা কি কোনও শিক্ষা নিলেন?

ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে প্রায় ৪৫০ মিলিয়ন ডলার ঢেলেছিলেন ইলন মাস্ক। লক্ষ্য ছিল, কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক শক্তি অটুট রাখা। কিন্তু এত বিপুল অর্থ খরচ করেও শেষ পর্যন্ত কার্যত শূন্য হাতে ফিরতে হল বিশ্বের শীর্ষ ধনকুবেরকে। নির্বাচনের ফল বলছে, টাকা দিয়ে নির্বাচনী প্রচার কেনা যায়, কিন্তু ভোটারের সমর্থন নিশ্চিত করা যায় না।
স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী মাস্ক এবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানপন্থী বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সুপার প্যাকের মাধ্যমে অন্তত ৪৪৬ মিলিয়ন ডলার ব্যয় করেছেন। ২০২৪ সালের নির্বাচনে তাঁর ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ২৯০ মিলিয়ন ডলার। অর্থাৎ এবার নিজের আগের রেকর্ডও ভেঙেছেন তিনি।
ট্রাম্প প্রশাসনের পক্ষে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে বিশেষ করে গুরুত্বপূর্ণ সিনেট আসনগুলোতে বিপুল অর্থ ঢেলেছিলেন মাস্ক। মাস্কের ‘আমেরিকা প্যাক’ সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছিল যে পাঁচটি সিনেট আসনে রিপাবলিকান প্রার্থীদের জেতাতে, পাঁচটিতেই জয়ী হয়েছেন ডেমোক্র্যাটরা। মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটি টেক্সাসেও পরিস্থিতি তাঁর বিপক্ষে গিয়েছে। সেখানে সিনেট নির্বাচনে রিপাবলিকানরা হেরেছে। গভর্নরের পদও হাতছাড়া হয়েছে। অঙ্গরাজ্যের আইনসভার নিয়ন্ত্রণও হারানোর মুখে পড়েছে রিপাবলিকানরা।
নির্বাচনের আগে মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নিয়মিত আক্রমণ চালিয়েছেন। নির্বাচনী ষড়যন্ত্রতত্ত্বও ছড়িয়েছেন। কিন্তু ফল প্রকাশের রাতে তাঁকে অস্বাভাবিকভাবে নীরব দেখা গিয়েছে। শুধু রসিকতা করে লিখেছেন, ‘মহাকাশে ডেটা সেন্টার তৈরি করাই এখন বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।’ বিশ্বের অন্যতম বড় রাজনৈতিক অর্থদাতা মাস্কের এই নীরবতা যেন তাঁর বিপুল বিনিয়োগের ব্যর্থতারই প্রতিচ্ছবি। এখন দেখার কবে এই ধনকুবের পাল্টি খায়...
তবে ক্ষতিটা শুধু ৪৪৬ মিলিয়ন ডলারের নয়। বরং মাস্কের ব্যবসায়িক স্বার্থের জন্য এত দিন যে রাজনৈতিক পরিবেশ সুবিধাজনক ছিল, সেটিও বদলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সরকারি বিপুল চুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তুলনামূলক শিথিল নিয়ন্ত্রণ—এসবই তাঁর ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ সুবিধা তৈরি করেছিল। এবার কংগ্রেসের পাশাপাশি টেক্সাসের প্রশাসনেও ডেমোক্র্যাটদের প্রভাব বাড়ছে। আর তাঁরা আগেই জানিয়ে দিয়েছেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে। বিশেষ করে মাস্কের ব্যবসায়িক কাজকর্ম খতিয়ে দেখা হতে পারে।
মধ্যবর্তী নির্বাচনে মাস্কের রাজনৈতিক অর্থায়ন অন্তত আটটি রিপাবলিকানপন্থী সুপার প্যাক ও সংগঠনে ছড়িয়ে পড়েছিল। এর মধ্যে নিজের প্রতিষ্ঠিত আমেরিকা প্যাকে দিয়েছেন অন্তত ২১৬ মিলিয়ন ডলার। সিনেট লিডারশিপ ফান্ডেও দিয়েছেন ১৬৮ মিলিয়ন ডলার। এই তহবিল টেক্সাসের রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনসহ একাধিক প্রার্থীকে সমর্থন করেছিল। সবচেয়ে বেশি অর্থ ও মনোযোগ দিয়েছিলেন টেক্সাসের সিনেট নির্বাচনকে ঘিরে। সেখানে রিপাবলিকান কেন প্যাক্সটনের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাট জেমস টালারিকো। টালারিকোর বিরুদ্ধে প্রচার চালাতে শুধু বিজ্ঞাপন ও প্রচারবার্তাতেই অন্তত ২৮ মিলিয়ন ডলার খরচ করেছে মাস্কের আমেরিকা প্যাক। এক্সে মাস্ক নিজেও টালারিকোকে আক্রমণ করে লিখেছিলেন, ‘টালারিকো তোমাদের সন্তানদের লিঙ্গ পরিবর্তন করাতে চায় এবং সীমান্ত ধ্বংস করতে চায়।’ কিন্তু এত প্রচারের পরও টালারিকো বড় ব্যবধানে জয়ী হন। বিজয় ভাষণে তিনি মাস্কের নাম উল্লেখ করে বলেন, ‘আমরা প্রমাণ করেছি, পৃথিবীর সব টাকা মিলিয়েও টেক্সাসের মানুষের শক্তির সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়।’ এরপর তিনি বার্তা দেন বিশ্বের সব ধনকুবের ও বিপুল সম্পদের মালিকদের উদ্দেশে— জনগণের শক্তিকে অর্থ দিয়ে দমিয়ে রাখা যাবে না।
মিশিগান, মেন, ওহাইও ও আইওয়ার সিনেট নির্বাচনেও একই ছবি দেখা গিয়েছে। মাস্কের আমেরিকা প্যাক রিপাবলিকান প্রার্থীদের পক্ষে কোটি কোটি ডলার ব্যয় করলেও শেষ পর্যন্ত জয় এসেছে ডেমোক্র্যাটদের। প্রচারে ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে আতঙ্ক ছড়ানো, ডেমোক্র্যাটদের উগ্র সমাজতন্ত্রী হিসেবে তুলে ধরা—এসব কৌশলও ভোটারদের মন বদলাতে পারেনি।
তবে মাস্কের অর্থ ব্যর্থ হয়েছে মানেই তার কোনও প্রভাব ছিল না, এমন নয়। তাঁর অর্থায়নে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাজনৈতিক প্রচারে কত বিপুল অর্থ খরচ হতে পারে, তারও নতুন নজির তৈরি হয়েছে। একই সঙ্গে রাজনীতিতে অর্থের ক্ষমতার সীমা নিয়েও শুরু হবে নতুন বিতর্ক।
গত বছর ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার সম্ভাবনা তৈরি হতেই আমেরিকার রাজনীতি, করপোরেট দুনিয়া এবং সংবাদমাধ্যমের একাংশ ঘোষণা করেছিল—পুরোনো রাজনৈতিক শিষ্টাচার ও সামাজিক মূল্যবোধের দিন শেষ। শুরু হয়েছে নতুন যুগ। ডানপন্থী রাজনীতিই এখন সময়ের দাবি। ফিনান্সিয়াল টাইমসকে এক শীর্ষ ব্যাংকার বলেছিলেন, তিনি যেন মুক্তি পেয়েছেন। এখন আর বিতর্কিত বা অশালীন শব্দ ব্যবহার করলেও সামাজিকভাবে বয়কট হওয়ার ভয় নেই। তাঁর ভাষায়, ‘নতুন ভোরের সূচনা হয়েছে।’ সেই নতুন ভোরে সবচেয়ে বেশি আনন্দিত ছিলেন বিলিয়নেয়াররা।
কারণ, ট্রাম্প তাঁদের সামনে এমন এক রাজনৈতিক সম্ভাবনা তৈরি করেছিলেন, যেখানে প্রযুক্তি সাম্রাজ্যের মালিক, ওয়াল স্ট্রিটের ধনকুবের এবং সাধারণ শ্রমজীবী মানুষ একই রাজনৈতিক পতাকার নীচে দাঁড়াতে পারেন।
ট্রাম্পবাদের সবচেয়ে বড় রাজনৈতিক কৌশল ছিল এই অসম্ভব জোট তৈরি করা। একদিকে ন্যূনতম মজুরিতে কাজ করা শ্রমিক, অন্যদিকে সমাজের এক শতাংশ শীর্ষ ধনী। একদিকে লাতিনো ও কৃষ্ণাঙ্গ ভোটার, অন্যদিকে বর্ণবাদী মনোভাবাপন্ন মানুষ। একদিকে এপস্টিনের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ, অন্যদিকে সেই ক্ষমতাবান অভিজাত মহল, যাদের সঙ্গে জেফরি এপস্টিনের যোগাযোগ ছিল। স্মরণ করা যেতে পারে, ইলন মাস্ক একসময় এপস্টিনকে ই-মেলে লিখেছিলেন, তাঁর দ্বীপে সবচেয়ে জমজমাট পার্টি কোন দিন বা রাতে হবে।
ট্রাম্পের রাজনৈতিক কৌশল ছিল, অর্থনৈতিক বৈষম্য ও শ্রেণিসংঘাতের প্রশ্নকে আড়াল করে সংস্কৃতি, ধর্ম, অভিবাসন ও পরিচয়ের রাজনীতি সামনে নিয়ে আসা। মানুষের বেতন বাড়ছে না? সমস্যা নেই। বরং শোনো, হাইতি থেকে আসা অভিবাসীরা নাকি কুকুর খাচ্ছে! এভাবেই শ্রেণিগত অসন্তোষকে অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছিল।
সিলিকন ভ্যালি, ওয়াল স্ট্রিট এবং পূর্ব উপকূলের সংবাদমাধ্যমের মালিকদের একাংশ ভেবেছিলেন, ট্রাম্পের উত্থান কেবল রাজনৈতিক পরিবর্তন নয়; এটি আমেরিকার সংস্কৃতিরই স্থায়ী ডানপন্থী মোড়। কিন্তু এবারের নির্বাচন সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছে। ভোটাররা শুধু ট্রাম্পকে প্রত্যাখ্যান করেননি, তাঁরা প্রশ্ন তুলেছেন সেই রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধেও, যেখানে অল্প কয়েকজন ধনকুবের বিপুল সম্পদের জোরে দেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করতে চান। ট্রাম্পের নির্বাচনী জয়ের পিছনে যে শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই জোটেই এবার ফাটল দেখা দিয়েছে। পুরোনো শ্রেণির রাজনীতি আবার সামনে চলে এসেছে।
নির্বাচনী বিশ্লেষকেরা যখন বলছেন, সাধারণ আমেরিকানদের নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার সামর্থ্য এখন ভোটারদের কাছে অন্য সব ইস্যুর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তখন আসলে সামনে আসছে শ্রেণিসংঘাতের প্রশ্ন। গাড়িনির্ভর আমেরিকায় পেট্রলের আকাশছোঁয়া দাম, ডিম থেকে মাংস পর্যন্ত নিত্যপণ্যের দামের ওঠানামা, বাড়িভাড়া মেটানোর অসহ্য চাপ—এসবই মানুষের জীবনে বাস্তব সংকট তৈরি করেছে। রাজনৈতিক অভিজাতদের একাংশ এসব সমস্যাকে শুধু ‘অর্থনৈতিক ইস্যু’ কিংবা ‘জীবনযাত্রার ব্যয়’ বলে বর্ণনা করতে পছন্দ করেন। কিন্তু বিষয়টি তার চেয়েও গভীর। প্রশ্ন শুধু জিনিসপত্রের দাম বেশি কি না, প্রশ্ন হল—মানুষের আয় কেন সেই দামের সঙ্গে তাল মেলাতে পারছে না?
নিউ ইয়র্কের ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী মেয়র জোহরান মামদানি গত বছর এই প্রশ্নটিকেই রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রে নিয়ে এসেছিলেন। জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিকে তিনি শুধু নির্বাচনী স্লোগান হিসেবে রাখেননি; এর সঙ্গে যুক্ত করেছিলেন আয়বৈষম্য ও সম্পদের অসম বণ্টনের প্রশ্ন। সাধারণ মানুষের কাছে তাঁর বক্তব্য ছিল সহজ: নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে না পারার কারণ শুধু বাজারে দাম বেশি হওয়া নয়, অনেক ক্ষেত্রে তাঁদের মজুরিও ন্যায্য নয়। এই বক্তব্যই তাঁকে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ২০২৬ সালের শেষভাগে এসে নিউইয়র্কের মেয়র মামদানি এখন আমেরিকার রাজনৈতিক আলোচনায়ও প্রভাবশালী মুখ।
গত কয়েক দশকে রোনাল্ড রেগ্যান, বিল ক্লিনটন, জর্জ বুশ ও বারাক ওবামার আমলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলই করব্যবস্থায় এমন পরিবর্তন এনেছে, যাতে শ্রমের আয় অপেক্ষা সম্পদের মালিকানা বেশি সুবিধা পেয়েছে। এর ফল ভয়াবহ। আমেরিকার সবচেয়ে ধনী ৪০০টি পরিবারের উপর কার্যকর করের হার এখন দেশটির নীচের ৫০ শতাংশ মানুষের তুলনায় কম।
অর্থনীতিবিদ ফ্রেড ম্যাগডফ ও জন বেলামি ফস্টার তাঁদের নতুন বই Grand Theft Capital: What Workers Should Know About the Affordability Crisis-এ দেখিয়েছেন, জাতীয় আয়ের যে অংশ সাধারণ শ্রমিকদের হাতে যায়, তা ১৯৬০-এর দশকে ছিল প্রায় ৩০ শতাংশ। বর্তমানে তা কমে প্রায় ২০ শতাংশে নেমেছে। অর্থাৎ দেশের উৎপাদন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে শ্রমিকদের অবদান থাকলেও সেই সম্পদের ক্রমবর্ধমান অংশ চলে যাচ্ছে মালিক ও বিনিয়োগকারীদের হাতে। এই বৈষম্য শুধু রিপাবলিকানদের তৈরি নয়। ডেমোক্র্যাটরাও কয়েক দশক ধরে এমন অর্থনৈতিক ব্যবস্থার অংশীদার থেকেছে। ২০১৬ সালে এই ক্ষোভই ট্রাম্পের উত্থানের অন্যতম পটভূমি তৈরি করেছিল। কিন্তু ট্রাম্পের অর্থনৈতিক নীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হয়ে উঠেছে সেই বৈষম্যকে আরও প্রকাশ্য ও নির্লজ্জ করে তোলা।
ট্রাম্প আমেরিকাকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরতে পছন্দ করেন। এই অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় ভরসা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। হার্ভার্ডের অর্থনীতিবিদ জেসন ফুরম্যানের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে আমেরিকার জিডিপি বৃদ্ধির প্রায় ৯২ শতাংশ এসেছে এআই পরিকাঠামোয় বিনিয়োগের ফলে। কিন্তু এই বৃদ্ধির সুফল পাচ্ছে কারা? অর্থনীতির এই বিপুল অর্জনের বড় অংশ চলে যাচ্ছে অল্প কয়েকজন প্রযুক্তি উদ্যোক্তা ও বিনিয়োগকারীর হাতে। বিশেষ করে পশ্চিম উপকূলের সিলিকন ভ্যালিকেন্দ্রিক প্রযুক্তি সাম্রাজ্যের মালিকেরা এর সবচেয়ে বড় সুবিধাভোগী। অক্টোবরে বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান অ্যাপোলো জানিয়েছিল, আমেরিকার শীর্ষ ৫০০ কোম্পানির মধ্যে তথাকথিত ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’—সাতটি বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান ছাড়া বাকি ৪৯৩টি কোম্পানির আয় ও মুনাফায় উল্লেখযোগ্য বৃদ্ধি নেই। অ্যাপোলোর প্রধান অর্থনীতিবিদ টর্স্টেন স্লোকের বক্তব্য ছিল, এআই নিয়ে বিপুল বিনিয়োগ ও প্রচার সত্ত্বেও আমেরিকার করপোরেট অর্থনীতিতে এই প্রযুক্তি এখনও উল্লেখযোগ্য আর্থিক সুফল এনে দিতে পারেনি। অন্যদিকে স্যাম অল্টম্যান, দারিও আমোদেই, জেনসেন হুয়াংদের মতো প্রযুক্তি উদ্যোক্তাদের হাতে জমা হচ্ছে বিপুল অর্থ ও সম্পদ। সিলিকন ভ্যালির বাইরে সাধারণ মানুষের ভাগে জুটছে সামান্যই। এই কারণেই এবারের নির্বাচনে অনেক জায়গায় ডেটা সেন্টার হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রে। এগুলো বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, জল খরচ করে এবং স্থানীয় পরিবেশ ও জনজীবনের উপর চাপ সৃষ্টি করে। অথচ এসব পরিকাঠামোর মূল উদ্দেশ্য এআই প্রযুক্তির জন্য তথ্য প্রক্রিয়াকরণ।
মানুষের মনে প্রশ্ন উঠছে, যে প্রযুক্তি তাঁদের কর্মসংস্থান, পরিবেশ ও জীবনযাত্রার ওপর প্রভাব ফেলছে, তার লাভ যাচ্ছে কাদের পকেটে? ইকোনমিস্টের একটি বিশ্লেষণেও দেখা গেছে, যেসব ট্রাম্প-সমর্থকের বাড়ির কাছাকাছি ডেটা সেন্টার তৈরি হয়েছে, তাঁদের অনেকেই রাজনৈতিক অবস্থান বদলে বিরোধী শিবিরের দিকে ঝুঁকেছেন। অর্থাৎ সংস্কৃতি যুদ্ধের প্রচার দিয়ে সব অসন্তোষ চাপা রাখা সম্ভব হচ্ছে না।
এই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট ছবি দেখা গিয়েছে টেক্সাসে। যে অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানেই এবার রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাস্কের জন্মস্থান নয়, কিন্তু তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের অন্যতম প্রধান কেন্দ্র এই টেক্সাস। আগামী কয়েক বছরে আমেরিকার ডেটা সেন্টার শিল্পের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে অঙ্গরাজ্যটি। মাত্র দুই বছরের মধ্যে এআই শিল্পের জন্য নতুন কম্পিউটিং ক্ষমতার এক-চতুর্থাংশের বেশি এখান থেকে আসবে বলে ধারণা করা হচ্ছে। এমন একটি জায়গায় রিপাবলিকানদের পক্ষে বিপুল অর্থ ঢেলেছিলেন মাস্ক। কিন্তু সেই অর্থের জোরেও ভোটারদের মন জয় করা যায়নি।
জেমস টালারিকো ডেটা সেন্টারবিরোধী অবস্থানকে নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান বিষয় করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, দেশের আসল লড়াই বাম বনাম ডানের নয়; লড়াই ওপরতলার মানুষ আর নিচুতলার মানুষের মধ্যে। বিজয়ের পর তিনি বলেন, ‘ওপরের তলার মানুষ আমাদের দল, জাতি, লিঙ্গ, ধর্ম ও সংস্কৃতির ভিত্তিতে ভাগ করে রাখে, যাতে আমরা বুঝতে না পারি তারা আমাদের পকেট কাটছে। কিন্তু আজ আমরা তাদের স্পষ্ট বার্তা দিয়েছি—আমাদের জয় করা যাবে না।’ এই বক্তব্যই এবারের নির্বাচনের রাজনৈতিক তাৎপর্যকে সামনে এনেছে।
নির্বাচনে জাতীয় ও আন্তর্জাতিক আলোচনায় উঠে আসা ডেমোক্র্যাট নেতাদের মধ্যে ছিলেন তাঁরাই, যাঁরা অর্থনৈতিক বৈষম্য, করপোরেট ক্ষমতা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার সংকটের বিরুদ্ধে সবচেয়ে জোরালো অবস্থান নিয়েছেন।
এই ফলাফল ডেমোক্র্যাটদের সামনে নতুন রাজনৈতিক পথ খুলে দিয়েছে—দুর্নীতিবিরোধী অবস্থান, যুদ্ধবিরোধী রাজনীতি এবং ধনকুবেরদের অস্বাভাবিক রাজনৈতিক ক্ষমতার বিরুদ্ধে লড়াই।
একসময় বিল ও হিলারি ক্লিনটনের ডেমোক্র্যাটিক রাজনীতিতে এসব অবস্থানকে অতিরিক্ত বামপন্থী বলে মনে করা হতো। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন পেতে যিনি এগিয়ে আসবেন, তাঁর রাজনৈতিক ভাষা সম্ভবত বার্নি স্যান্ডার্সের অনেক কাছাকাছি হবে।
এ মুহূর্তে ট্রাম্পের জন্য সবচেয়ে বড় ধাক্কা হলো, ক্ষমতায় থেকেও তিনি ক্রমশ রাজনৈতিকভাবে অতীতের মানুষ হয়ে পড়ার ঝুঁকিতে আছেন। কংগ্রেসে বিরোধীদের শক্তি বাড়ছে, নিজের দলের মধ্যেও উত্তরসূরি নিয়ে আলোচনা শুরু হয়েছে, আর ধনকুবেরদের অর্থে তৈরি রাজনৈতিক জোটেও দেখা দিয়েছে ফাটল।
মাস্কের মতো ধনকুবেরেরা বুঝতে পারছেন, ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেই সব নির্বাচনে জয় নিশ্চিত নয়। আবার সাধারণ মানুষও বুঝতে শুরু করেছেন, সংস্কৃতি যুদ্ধের আড়ালে তাঁদের প্রকৃত অর্থনৈতিক সমস্যাগুলো চাপা পড়ে যাচ্ছে। তবে এই পরিবর্তনকে ট্রাম্প-যুগের অবসান বলে ধরে নেওয়ারও সুযোগ নেই। ট্রাম্প এখনও ক্ষমতায় আছেন। আগামী দুই বছরে তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখান, সেটিই হবে বড় প্রশ্ন।
একসময় ট্রাম্প বলেছিলেন, নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউয়ের মাঝখানে দাঁড়িয়ে কাউকে গুলি করলেও তিনি ভোটার হারাবেন না। তাঁর ভাষায়, এটি ছিল অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু এবারের নির্বাচন দেখিয়ে দিল, সেই আত্মবিশ্বাসেরও সীমা আছে।
অর্থ, ক্ষমতা, প্রচার আর সংস্কৃতি যুদ্ধ—সবকিছু একসঙ্গে কাজে লাগিয়েও মানুষের পেটের ক্ষুধা, বাড়িভাড়ার চাপ, কম মজুরি এবং বৈষম্যের প্রশ্নকে চিরকাল আড়াল করে রাখা যায় না।
মাস্কের ৪৪৬ মিলিয়ন ডলারের রাজনৈতিক বিনিয়োগ তাই শুধু একজন ধনকুবেরের নির্বাচনী ব্যর্থতার গল্প নয়। এটি আমেরিকার রাজনীতিতে আরও বড় একটি পরিবর্তনের ইঙ্গিত—যেখানে সংস্কৃতি যুদ্ধের চেয়ে রুটি-রুজির প্রশ্ন, ধনকুবেরদের ক্ষমতার চেয়ে সাধারণ মানুষের জীবন এবং রাজনৈতিক স্লোগানের চেয়ে অর্থনৈতিক বাস্তবতা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

 

গরিবের ‘ওয়েলফেয়ার কুইন’ খুঁজছেন ট্রাম্প!

আমেরিকার রাজনীতিতে একটা পুরনো গল্প আছে। এক দরিদ্র মহিলার গল্প। যিনি নাকি সরকারি ভাতা পাওয়ার জন্য একের পর এক মিথ্যা পরিচয় ব্যবহার করতেন। কখনও ৮০টি নাম, কখনও ৩০টি ঠিকানা, কখনও পাঁচটি আলাদা ফোন নম্বর। মৃত সেনাদের স্ত্রী পরিচয় দিয়ে তুলতেন সরকারি অনুদান। তাঁর বার্ষিক করমুক্ত আয় নাকি ১ লক্ষ ৫০ হাজার ডলার! এই মহিলার নাম লিন্ডা টেলর। তাঁকে আমেরিকার নাগরিকদের সামনে তুলে ধরেছিলেন তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী রোনাল্ড রেগ্যান। সালটা ১৯৭৬। সেই থেকে মার্কিন রাজনীতিতে জন্ম নেয় এক বহুল প্রচারিত চরিত্র—‘ওয়েলফেয়ার কুইন’। অর্থাৎ সরকারি সাহায্যের সুযোগ নিয়ে রাষ্ট্রের টাকা লুটে খাওয়া এক হতদরিদ্র মহিলা।

গল্পটি শুধু একজন মহিলার অপরাধের কাহিনি ছিল না। এর মধ্যে দিয়ে তৈরি করা হয়েছিল একটি রাজনৈতিক ধারণা— আমেরিকার সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ দরিদ্র মানুষের অসততা। বিশেষ করে অশ্বেতাঙ্গ দরিদ্ররা সরকারি সুযোগ-সুবিধার নামে রাষ্ট্রের সম্পদ লুটছে। অতএব তাদের জন্য বরাদ্দ সরকারি সাহায্য কমাতে হবে। প্রায় অর্ধশতাব্দী পরে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় সেই পুরনো গল্পই যেন নতুন করে ফিরে এসেছে। আবার দরিদ্রদের বিরুদ্ধে সরকারি সাহায্য জালিয়াতির অভিযোগ। আবার খাদ্য ভাতা ও স্বাস্থ্যবিমার মতো সামাজিক সুরক্ষা প্রকল্পে কাটছাঁটের যুক্তি। আবার রাষ্ট্রের টাকা লুটে নেওয়া কিছু ‘অসাধু’ নাগরিককে খুঁজে বের করার অভিযান। কিন্তু এবারের গল্পে একটা বড় পার্থক্য রয়েছে। যাঁরা গরিব মানুষের কয়েক হাজার ডলারের সরকারি সাহায্য নিয়ে এত উদ্বিগ্ন, তাঁদেরই বিরুদ্ধে উঠছে সরকারি ক্ষমতাকে ব্যবহার করে ব্যক্তিগত সম্পদ বাড়ানোর অভিযোগ। অভিযোগের কেন্দ্রে স্বয়ং প্রেসিডেন্ট, তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ সহযোগীরা।

প্রশ্ন উঠছে, আমেরিকার আসল দুর্নীতি কোথায়? সরকারি খাদ্য ভাতার সামান্য টাকা জালিয়াতি করে নেওয়া কোনও দরিদ্র পরিবারের মধ্যে, নাকি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অলিন্দে বসে কোটি কোটি ডলারের আর্থিক সুবিধা নেওয়ার ব্যবস্থার মধ্যে?

১৯৭৬ সালে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রচার চালানোর সময় শিকাগোর সাউথ সাইডের বাসিন্দা লিন্ডা টেলরের কাহিনি শোনান রেগ্যান। তাঁর দাবি ছিল, টেলর ভুয়ো তথ্য দিয়ে বিভিন্ন সরকারি সুবিধা তুলতেন। তাঁর বার্ষিক করমুক্ত আয় ছিল ১ লক্ষ ৫০ হাজার ডলার। টেলরের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ছিল। এমনকী তাঁর বিরুদ্ধে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত অপরাধের বাইরেও গুরুতর অপরাধের অভিযোগ উঠেছিল। কিন্তু বাস্তবের সঙ্গে রেগ্যানের প্রচারিত অঙ্কের বিস্তর ফারাক ছিল। The Queen: The Forgotten Life Behind an American Myth বইয়ের লেখক জশ লেভিন জানিয়েছেন, টেলরের বিরুদ্ধে যে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছিল, তার পরিমাণ ছিল মাত্র ৯ হাজার ডলার। অর্থাৎ রেগনের প্রচারে যে বিপুল আয়ের তথ্য তুলে ধরা হয়েছিল, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য পূরণে সেই গল্প যথেষ্ট ভূমিকা নিয়েছিল। টেলরের ব্যক্তিগত অপরাধকে সামনে রেখে রেগ্যান এমন একটি ধারণা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, যেখানে দরিদ্রদের সরকারি সাহায্য পাওয়াটাই সন্দেহের চোখে দেখা শুরু হয়। এর পরের পর্বে সরকারি সামাজিক সুরক্ষা খাতে কাটছাঁটের যুক্তি হিসেবে উঠে আসে সেই একই বক্তব্য। কমানো হয় ওয়েলফেয়ার, খাদ্য ভাতা, মেডিকেড, সরকারি আবাসন এবং কর্মসংস্থান প্রশিক্ষণের মতো প্রকল্পে বরাদ্দ। লিন্ডা টেলর হয়ে ওঠেন একটি রাজনৈতিক প্রতীকে। দরিদ্র মানুষের জন্য রাষ্ট্রের খরচ মানেই যেন করদাতাদের অর্থের অপচয়। আর সেই অপচয় বন্ধ করতে হলে দরিদ্রদের উপর নজরদারি ও সরকারি সাহায্যে কাটছাঁট জরুরি।

ট্রাম্প প্রশাসন এখন অনেকটা সেই রেগন-যুগের রাজনৈতিক কৌশলেই হাঁটছে বলে অভিযোগ উঠেছে। একদিকে সামাজিক সুরক্ষা প্রকল্পে কাটছাঁট, অন্যদিকে সরকারি সাহায্য নিয়ে জালিয়াতির অভিযোগকে সামনে রেখে দরিদ্রদের বিরুদ্ধে প্রচার। সাম্প্রতিকতম উদাহরণ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন দুর্নীতি-বিরোধী টাস্কফোর্সের ঘোষণা। তাদের দাবি, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ থেকে প্রায় ৪ কোটি ডলার জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। ওহাইওতে দাঁড়িয়ে ভ্যান্স বলেন, ‘কিছু মানুষ এই প্রকল্পগুলির সঙ্গে জালিয়াতি করছে। এই ক্ষেত্রে তারা নিজেদের সম্পদ বাড়াতে আক্ষরিক অর্থেই ক্ষুধার্ত শিশুদের মুখের খাবার কেড়ে নিচ্ছে।’ সরকারি অর্থ আত্মসাৎ অবশ্যই অপরাধ। কিন্তু সেই অপরাধের তদন্ত আর গোটা সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে সন্দেহের চোখে দেখা এক বিষয় নয়। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, বিচ্ছিন্ন জালিয়াতির ঘটনাকে সামনে রেখে দরিদ্রদের জন্য রাষ্ট্রের দায়িত্বই সংকুচিত করার চেষ্টা চলছে। এর কিছুদিন আগেই ভ্যান্স আনন্দের সঙ্গে ঘোষণা করেছিলেন, ট্রাম্প প্রশাসন ওবামাকেয়ার-এর আওতায় স্বাস্থ্যবিমা পাওয়া ৭ লক্ষ ৬০ হাজার মানুষের বিমা বাতিল করেছে। কারণ হিসেবে দেখানো হয়েছিল, তাঁদের বিমা পাওয়ার ক্ষেত্রে জালিয়াতি হয়েছে। এখানেই শেষ নয়। সরকারি সাহায্যের সুযোগ নিয়ে যাঁরা প্রতারণা করছেন, তাঁদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়ার প্রস্তাবও দিয়েছেন ট্রাম্প। তাঁর ঘোষণা, কেউ যদি এমন কোনও ব্যক্তির সন্ধান দেন, যার মাধ্যমে সরকার ১০০ কোটি ডলার উদ্ধার করতে পারে, তাহলে তথ্যদাতাকে দেওয়া হবে উদ্ধার হওয়া অর্থের ১ শতাংশ কমিশন।

ট্রাম্প হয়তো মনে করছেন, সরকারি সাহায্য নিয়ে জালিয়াতির বিরুদ্ধে এই অভিযান তাঁকে রাজনৈতিকভাবে সুবিধা দেবে। কিন্তু তাঁর হিসাবের বাইরে একটি বিষয় থেকে যাচ্ছে। সংবাদসংস্থা দ্য গার্ডিয়ান-এর এক সমীক্ষা বলছে, মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে সরকারি দুর্নীতি। সমীক্ষায় ৯০ শতাংশ আমেরিকান বলেছেন, সরকারি দুর্নীতি একটি সমস্যা। আর দুর্নীতি বলতে ভোটাররা কী বোঝাচ্ছেন, সেটাও স্পষ্ট। তাঁদের কাছে সমস্যা হল, নির্বাচিত জনপ্রতিনিধিরা যখন জনস্বার্থের চেয়ে নিজেদের এবং তাঁদের অর্থদাতাদের আর্থিক স্বার্থকে বেশি গুরুত্ব দেন। ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে বিপুল আয়ের অভিযোগ ভোটারদের উদ্বেগেরই একটি উদাহরণ। ভ্যান্স অবশ্য প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দাবি, ট্রাম্পের দুর্নীতিতে যুক্ত থাকার কোনও প্রমাণ তিনি খুঁজে পাননি। যুক্তি দিয়েছেন, ট্রাম্প রাজনীতিতে আসার আগেই ধনকুবের ছিলেন। ফলে তাঁর ব্যক্তিগত সম্পদ বাড়ানোর জন্য সরকারি ক্ষমতার অপব্যবহারের প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হল, আগে থেকেই ধনী হওয়া কি সরকারি ক্ষমতার সঙ্গে ব্যক্তিগত ব্যবসার স্বার্থের সংঘাতের অভিযোগকে অগ্রাহ্য করার যথেষ্ট যুক্তি?

ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য রোসা ডিলরো ট্রাম্পের ব্যক্তিগত সম্পদ, তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের আর্থিক সুবিধা পাওয়ার অভিযোগ নিয়ে একটি বিস্তারিত তালিকা তৈরি করেছেন। সেখানে রয়েছে একাধিক ঘটনা। যেমন— ১. সংযুক্ত আরব আমিরশাহির শাসক পরিবারের সঙ্গে যুক্ত একটি বিনিয়োগ সংস্থা গোপনে ট্রাম্প পরিবারের ক্রিপ্টো সংস্থা ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালে ৫০ কোটি ডলারের অংশীদারিত্ব কেনে বলে অভিযোগ। এর কিছুদিন পর সংযুক্ত আরব আমিরশাহি আমেরিকার অত্যন্ত সুরক্ষিত ও উন্নতমানের এআই চিপ ব্যবহারের সুযোগ পায়। এই দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ২. ফৌজদারি মামলার মুখে থাকা ধনীরা ট্রাম্পের রাজনৈতিক সংগঠনগুলিকে অনুদান দিয়ে ক্ষমা বা দণ্ড মকুবের সুযোগ চাইছেন বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক উদাহরণ পুয়ের্তো রিকোর প্রাক্তন গভর্নর ওয়ান্ডা ভাসকেজ গার্সেড এবং তাঁকে ঘুষ দেওয়া ব্যাঙ্কার হুলিও হেরেরার ভেলুতিনি। ভেলুতিনির পরিবারের তরফে ট্রাম্পের প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী আলিনা হাব্বার সঙ্গে ৫ কোটি ডলারের একটি চুক্তি এবং ট্রাম্পের মাগা ইনকর্পোরেটেড সুপার প্যাককে ৩৫ লক্ষ ডলার অনুদান দেওয়ার পর তাঁদের ক্ষমা করা হয় বলে প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে। ৩. বিরল খনিজ নিয়ে কাজ করা ভলকান এলিমেন্টস নামে একটি নতুন সংস্থাকে ৬০ কোটি ডলারেরও বেশি ঋণ দিয়েছে পেন্টাগন। তার মাত্র তিন মাস আগে ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড জুনিয়রের ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা ১৭৮৯ ক্যাপিটাল ওই কোম্পানির অংশীদারিত্ব কিনেছিল। ৪. ড্রোন প্রস্তুতকারক সংস্থা পাওয়ারাসের সঙ্গে যুক্ত রয়েছেন এরিক ও ডোনাল্ড জুনিয়র। সংস্থাটি ইরানের হামলার মুখে থাকা পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র দেশগুলির কাছে ড্রোন প্রতিরোধী প্রযুক্তি বিক্রি করছে। সমালোচকদের প্রশ্ন, যে যুদ্ধে আমেরিকাকে জড়িয়েছেন ট্রাম্প, সেই যুদ্ধের আড়ালে তাঁর পরিবারের ব্যবসায়িক প্রতিরক্ষা সংস্থা লাভবান হয় কীভাবে?

রোনাল্ড রেগন দরিদ্র আমেরিকানদের সরকারি সাহায্য থেকে বঞ্চিত করার পক্ষে রাজনৈতিক যুক্তি তৈরি করেছিলেন লিন্ডা টেলরের কাহিনি দিয়ে। কিন্তু রেগ্যানের বিরুদ্ধে সেই অভিযান থেকে ব্যক্তিগত সম্পদ বাড়ানোর অভিযোগ ওঠেনি। ট্রাম্পের ক্ষেত্রে ছবিটা আলাদা। তাঁর প্রশাসন সরকারি সাহায্য নেওয়া দরিদ্রদের মধ্যে জালিয়াতি খুঁজতে ব্যস্ত। অন্যদিকে, প্রেসিডেন্টের নিজের ক্রিপ্টো ব্যবসা, পরিবারের বিদেশি বাণিজ্য, ধনকুবেরদের সঙ্গে আর্থিক সম্পর্ক এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে ব্যক্তিগত ব্যবসার সম্ভাব্য সংঘাত নিয়ে একের পর এক প্রশ্ন উঠছে। আমেরিকার ভোটারদের প্রশ্ন, সরকারি ক্ষমতা কি শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নতির জন্য ব্যবহৃত হচ্ছে, নাকি ক্ষমতাসীনদের ব্যক্তিগত সম্পদ বাড়ানোর হাতিয়ার হয়ে উঠছে? দরিদ্র মানুষের কয়েক হাজার ডলারের সরকারি সাহায্য নিয়ে তদন্ত হতেই পারে। অপরাধ প্রমাণিত হলে শাস্তিও হওয়া উচিত। কিন্তু একই মাপকাঠি কি ক্ষমতার শীর্ষে থাকা মানুষদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে?

‘ওয়েলফেয়ার কুইন’-এর গল্প শুনে একসময় আমেরিকার মানুষকে বোঝানো হয়েছিল, দেশের টাকা লুটছে গরিবরা। আজ প্রশ্নটা উল্টো— যাঁরা রাষ্ট্রে ক্ষমতা ভোগ করছেন, তাঁদের আর্থিক দুর্নীতির হিসাব কে রাখবে?

অন্ধকারে ক্ষমতার খেলা!

‘যেকোনো লবি বা প্রভাবশালী গোষ্ঠী হলো রাতের ফোটা ফুলের মতো। অন্ধকারে তারা বেড়ে ওঠে, কিন্তু আলোর মুখ দেখলেই ম্লান হয়ে যায়।’ কথাগুলো বলেছিলেন আমেরিকান ইজরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি—আইপ্যাকের বিদেশনীতিবিষয়ক প্রাক্তন পরিচালক স্টিভ রোজেন।
কথাটির মধ্যে ছিল ক্ষমতার রাজনীতির এক নির্মম সত্য। পর্দার আড়ালে থেকে প্রভাব বিস্তার করা সহজ। কিন্তু একবার জনসমক্ষে সবকিছু প্রকাশ হয়ে গেলে সেই প্রভাব ধরে রাখা কঠিন। অথচ মজার ব্যাপার হলো, এই সত্য জানা সত্ত্বেও আইপ্যাক নিজেই একদিন অন্ধকার ছেড়ে প্রকাশ্য রাজনৈতিক লড়াইয়ে নামার সিদ্ধান্ত নেয়। তারপর যা ঘটল, তা ছিল রীতিমতো নাটকীয়।
যে সংগঠন কয়েক দশক ধরে আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তার করে এসেছে, যে সংগঠনের সমর্থন পেতে রাজনীতিকরা একসময় মরিয়া থাকতেন, সেই আইপ্যাককেই এখন নিজের পরিচয় নিয়ে অস্বস্তিতে পড়তে হচ্ছে। পরিস্থিতি এমন হয়েছে যে, তাদের সমর্থন পাওয়াটাও কোনো কোনো প্রার্থীর জন্য রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।
কীভাবে এমন হল?
একসময় আইপ্যাকের কাজের ধরন ছিল বেশ কৌশলী। তারা সরাসরি নির্বাচনে কোনো প্রার্থীকে টাকা দিত না। প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের পক্ষও নিত না। বরং নিজেদের একটি প্রভাবশালী অ্যাডভোকেসি বা স্বার্থসংশ্লিষ্ট সংগঠন হিসেবে তুলে ধরত। তাদের মূল লক্ষ্য ছিল আমেরিকার কংগ্রেসে ইজরায়েলের স্বার্থ রক্ষা করা। এ জন্য তারা একটি বিশেষ কৌশল অনুসরণ করত। কংগ্রেসের প্রত্যেক সদস্য ইজরায়েলের পক্ষে কতটা কাজ করছেন, তা নিয়ে তৈরি করত একধরনের মূল্যায়নপত্র বা ‘রিপোর্ট কার্ড’। এরপর অন্য ইজরায়েলপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো সেই মূল্যায়ন দেখে ঠিক করত, কোন প্রার্থীকে নির্বাচনে আর্থিক সহায়তা দেওয়া হবে। অর্থাৎ আইপ্যাক নিজে সরাসরি নির্বাচনী অর্থের খেলায় নামত না, কিন্তু পর্দার আড়ালে সেই খেলার গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখত।
এখানে তাদের আরও একটি সুবিধা ছিল। অলাভজনক সংস্থা হিসেবে রেজিস্ট্রেশন থাকায় তারা নিজেদের আমেরিকার ইজরায়েলপন্থী নাগরিকদের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে পারত। ফলে বিদেশি সরকারের প্রতিনিধি হিসেবে নিবন্ধিত হওয়ার আইনি বাধ্যবাধকতা এড়িয়ে চলার সুযোগ পেত। তাদের সহযোগী সংস্থা আমেরিকান ইজরায়েল এডুকেশন ফান্ডও ছিল এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষাবিষয়ক সংস্থা হিসেবে নিবন্ধিত এই প্রতিষ্ঠান কংগ্রেস সদস্যদের জন্য ইজরায়েলে বিনা খরচে ভ্রমণের ব্যবস্থা করত। নাম দেওয়া হতো ‘শিক্ষা সফর’। এভাবেই বছরের পর বছর ধরে গড়ে উঠেছিল প্রভাবের এক শক্তিশালী নেটওয়ার্ক। ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই শিবিরেই ছিল তাদের যোগাযোগ। আমেরিকার রাজনীতিতে এমন ধারণাও প্রচলিত ছিল যে, ইজরায়েলের প্রশ্নে দুই দলের নেতারা সহজেই একমত হতে পারেন।
কিন্তু সময় বদলাতে শুরু করল।
যে প্রশ্ন একসময় তোলা যেত না, সেটাই হয়ে উঠল নির্বাচনের ইস্যু
পরিবর্তনের পিছনে ছিল একাধিক কারণ। পশ্চিম তীর ও গাজায় প্যালেস্তিনীয়দের দুর্দশা নিয়ে আমেরিকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ছিল। বিশেষ করে ডেমোক্র্যাটদের তরুণ ভোটার ও উদারপন্থীদের মধ্যে ইজরায়েলের নীতির বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে। ধীরে ধীরে ডেমোক্র্যাট প্রার্থীরা এমন একটি প্রশ্ন তুলতে শুরু করেন, যা কয়েক বছর আগেও প্রায় অকল্পনীয় ছিল। ইজরায়েলকে প্রতি বছর দেওয়া ৩.৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা কি কোনো শর্ত ছাড়াই দেওয়া উচিত?
সংবাদসংস্থা মিডল ইস্ট আই-এর রাজনৈতিক বিশ্লেষক মিচেল প্লিটনিক লিখছেন, আমেরিকার নিজস্ব আইনেই বিদেশি সামরিক সহায়তার ক্ষেত্রে কিছু শর্ত ও বিধিনিষেধ রয়েছে। অথচ একসময় সেই আইন মেনে চলার কথা বলাটুকুও রাজনৈতিকভাবে বিতর্কিত হয়ে উঠত। এখানেই বোঝা যায়, আইপ্যাকের প্রভাব কতটা গভীরে পৌঁছে গিয়েছিল। কিন্তু পরিস্থিতি বদলাচ্ছিল। আর সেই পরিবর্তন ঠেকাতে আইপ্যাক এমন এক সিদ্ধান্ত নিল, যা শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই বিপজ্জনক হয়ে উঠল।
২০২১ সালের ডিসেম্বরে আইপ্যাক দুটি রাজনৈতিক অ্যাকশন কমিটি বা প্যাক গঠন করে সরাসরি নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করে। প্রথমটি ছিল আইপ্যাক-প্যাক। এই সংস্থার মাধ্যমে তারা সরাসরি পছন্দের প্রার্থীদের নির্বাচনী তহবিলে অর্থ দিতে পারত। দ্বিতীয়টি ছিল ইউনাইটেড ফর ডেমোক্রেসি প্রজেক্ট বা ইউডিপি। এটি একটি সুপার প্যাক। এর বিশেষ ক্ষমতা হলো, কোনো প্রার্থীর নির্বাচনী তহবিলে সরাসরি অর্থ না দিয়েও তার সমর্থনে বিজ্ঞাপন প্রচারে বিপুল অর্থ ব্যয় করতে পারে। এবার আর পর্দার আড়ালে থাকার প্রয়োজন রইল না। আইপ্যাক সরাসরি নির্বাচনী মাঠে নেমে গেল। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার—কংগ্রেসে ইজরায়েলের সমালোচকদের রাজনৈতিকভাবে দুর্বল করে দেওয়া এবং ইজরায়েলপন্থী প্রার্থীদের জয় নিশ্চিত করা।
কিন্তু তারা একটি বিষয় বুঝতে পারেনি। আমেরিকার রাজনীতিতে বড় অঙ্কের অর্থের প্রভাব নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ আগে থেকেই ছিল। আইপ্যাক যখন প্রকাশ্যে কোটি কোটি ডলার ঢালতে শুরু করল, তখন সেই ক্ষোভের লক্ষ্যবস্তুতে পরিণত হল তারাই। আরও বড় সমস্যা দেখা দিল তাদের পরিচয় নিয়ে। এত দিন তারা দাবি করত, তারা আমেরিকার ইজরায়েলপন্থী নাগরিকদের প্রতিনিধিত্ব করছে। কিন্তু প্রকাশ্যে নির্বাচনী প্রচারে বিপুল অর্থ ব্যয় করার পর অনেকের কাছে তাদের প্রকৃত ভূমিকা আর অস্পষ্ট থাকল না। মানুষের মনে প্রশ্ন উঠল, একটি বিদেশি রাষ্ট্রের স্বার্থ রক্ষায় এত বিপুল অর্থ কেন আমেরিকার নির্বাচনে ব্যয় করা হচ্ছে?
আইনি যুক্তি দিয়ে হয়তো এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। কিন্তু জনমতের আদালতে সেই যুক্তি খুব একটা কাজে এল না। আইপ্যাকের নাম ক্রমশ বিতর্কিত হয়ে উঠতে লাগল। এই পরিবর্তনটি সবচেয়ে ভালোভাবে বুঝেছিলেন বার্নি স্যান্ডার্স। তিনি উপলব্ধি করেছিলেন, আইপ্যাককে আর অদৃশ্য কোনো প্রভাবশালী গোষ্ঠী হিসেবে নয়, বরং প্রকাশ্য রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এনে দাঁড় করানো সম্ভব। আইপ্যাকের হাতে অর্থের ক্ষমতা বাড়ছিল। কিন্তু সেই অর্থই তাদের জনসমর্থন বাড়ানোর বদলে ইজরায়েলের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করতে শুরু করল।
আইপ্যাকের প্রভাব কতটা কমে এসেছে, তার সবচেয়ে নাটকীয় উদাহরণ পাওয়া গেল মিশিগানে। আমেরিকার আসন্ন কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য মিশিগান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পাওয়ার লড়াইয়ে রাজ্যটির ভূমিকা বড়। এই রাজ্যের নির্বাচনী লড়াইয়ে একদিকে ছিলেন রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স। অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রার্থী হিসেবে উঠে আসেন আবদুল আল-সায়েদ। রজার্স ছিলেন পরিচিত রাজনৈতিক মুখ। তাঁর পিছনে ছিল বড় করপোরেট স্বার্থগোষ্ঠী, কট্টর খ্রিষ্টান সংগঠন এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থন। অন্যদিকে আল-সায়েদের সামনে ছিল একাধিক রাজনৈতিক বাধা। তিনি মুসলিম। ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাত এবং ইরান যুদ্ধ নিয়ে তাঁর অবস্থানের কারণেও তাঁকে নানা ধরনের আক্রমণের মুখে পড়তে হয়েছিল। ডেমোক্র্যাট প্রাইমারি নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স। আইপ্যাকের দীর্ঘদিনের সমর্থনপুষ্ট এই নেত্রীকে হারানো ছিল সহজ কাজ নয়। এর আগে ২০২২ সালে আইপ্যাকের সহায়তায় স্টিভেন্স পরাজিত করেছিলেন অ্যান্ডি লেভিনকে। লেভিন ছিলেন মিশিগানের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য এবং ইহুদি সম্প্রদায়ের পরিচিত নেতা। নিজেকে উদারপন্থী জায়নবাদী হিসেবে পরিচয় দিতেন তিনি। দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষেও ছিলেন। অর্থাৎ ইজরায়েলের সমালোচক না হয়েও আইপ্যাকের বিরোধিতার মুখে পড়েছিলেন লেভিন। কিন্তু আল-সায়েদের বিরুদ্ধে আইপ্যাক যে মাত্রায় অর্থ ঢালল, তা আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেল।
স্টিভেন্সের নির্বাচনী প্রচারে আল-সায়েদের তুলনায় প্রায় ১২ গুণ বেশি অর্থ ব্যয় করা হয়। আইপ্যাক ও অন্যান্য ইজরায়েলপন্থী গোষ্ঠী মিলিয়ে বিজ্ঞাপন এবং নির্বাচনী তহবিলে প্রায় ৩০ মিলিয়ন ডলারের বেশি অর্থ ঢালে। এ যেন শুধু একটি প্রাইমারি নির্বাচন ছিল না। ছিল বিপুল অর্থ ও রাজনৈতিক প্রভাবের সঙ্গে একজন প্রার্থীর সরাসরি লড়াই। আল-সায়েদের বিরুদ্ধে প্রচারে মুসলিমবিদ্বেষী বক্তব্য ও ইঙ্গিতও উঠে আসে। স্টিভেন্স নিজে এসব প্রচার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখলেও জোরালো প্রতিবাদ করেননি। ভোটাররা বিষয়টি লক্ষ করেছিলেন। তারপর এলো ফলাফল। বিপুল অর্থের শক্তি শেষ পর্যন্ত হার মানল ভোটারের সিদ্ধান্তের কাছে। আবদুল আল-সায়েদ পরাজিত করলেন হ্যালি স্টিভেন্সকে। আইপ্যাকের জন্য এটি ছিল বড় ধাক্কা। কারণ, এত অর্থ ব্যয় করেও তারা নিজেদের পছন্দের প্রার্থীকে জেতাতে পারল না।
আরও তাৎপর্যপূর্ণ ছিল স্টিভেন্সের পরবর্তী মন্তব্য। তিনি স্বীকার করেন, আইপ্যাক নিয়ে মানুষের মধ্যে আলোচনা হচ্ছিল এবং অনেকেই বিষয়টি ভালোভাবে নেননি। তাঁর ভাষায়, মানুষ হয়তো বুঝতেই পারেনি এই সংগঠন আসলে কী। তিনি আরও বলেন, আইপ্যাক ৬০ লাখ আমেরিকান ইহুদির একটি সংগঠন। তবে নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হওয়ায় অনেকেই গভীরভাবে হতাশ। এই মন্তব্যের মধ্যেই লুকিয়ে ছিল বড় রাজনৈতিক বাস্তবতা—ইজরায়েলের প্রতি সমর্থন আর আগের মতো নিঃশর্ত নেই।
মিশিগানের ঘটনাপ্রবাহ এখানেই শেষ হয়নি। পরবর্তী সময়ে স্টিভেন্স ডেমোক্র্যাট প্রার্থী আল-সায়েদের পরিবর্তে রিপাবলিকান প্রাক্‌-প্রার্থী মাইক রজার্সকে সমর্থন করার ঘোষণা দেন। এর জেরে মিশিগান ডেমোক্রেটিক পার্টি তাঁকে দল থেকে বহিষ্কার করে। এদিকে রজার্স আল-সায়েদের বিরুদ্ধে মুসলিমবিদ্বেষী প্রচার আরও জোরদার করেন। তিনি বারবার অভিযোগ করেন, আল-সায়েদের সঙ্গে মুসলিম ব্রাদারহুডের সম্পর্ক রয়েছে এবং তিনি নাকি ৯/১১ হামলার পর আমেরিকার শাস্তি পাওয়ার যোগ্যতা নিয়ে মন্তব্য করেছিলেন। এসব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু এই উত্তপ্ত রাজনৈতিক লড়াইয়ের মধ্যেই ঘটল আরও অদ্ভুত একটি ঘটনা। প্রাইমারি নির্বাচনের পর রজার্সের নির্বাচনী শিবির গোপনে আইপ্যাকের কাছে অনুরোধ জানায়, তারা যেন তাঁকে সমর্থন করা থেকে বিরত থাকে!
একবার ভাবুন, যে সংগঠন একসময় প্রার্থীদের কাছে আশীর্বাদের মতো ছিল, তার সমর্থন এড়িয়ে চলার অনুরোধ করছেন একজন রিপাবলিকান প্রার্থী!
কেন? কারণ, আইপ্যাকের নাম তখন এমনভাবে বিতর্কিত হয়ে উঠেছে যে, তাদের সমর্থন গ্রহণ করাও ভোটের মাঠে ঝুঁকির কারণ হতে পারে।
পরবর্তীকালে অবশ্য রজার্স প্রকাশ্যে আইপ্যাকের সমর্থন গ্রহণ করেন। তাঁর সমর্থকদের মধ্যে কট্টর ইজরায়েলপন্থী ইভানজেলিক্যাল খ্রিষ্টানরাও রয়েছেন। তবু প্রথমে আইপ্যাকের সমর্থন এড়িয়ে চলার এই ঘটনা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু একজন প্রার্থীর কৌশলগত সিদ্ধান্ত ছিল না। এটি ছিল আইপ্যাকের রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে বদলে যাওয়া জনমতের একটি স্পষ্ট ইঙ্গিত।
মিশিগানের ঘটনা বিচ্ছিন্ন কোনো রাজনৈতিক দুর্ঘটনা নয়। বরং আমেরিকার রাজনীতিতে আইপ্যাকের দীর্ঘদিনের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন ওঠার একটি বড় উদাহরণ। এই নেতিবাচক ভাবমূর্তির চাপেই আইপ্যাক সম্প্রতি ঘোষণা করেছে, তারা তাদের দুটি রাজনৈতিক অ্যাকশন কমিটির একটি বন্ধ করে দিচ্ছে। তবে তারা পুরোপুরি মাঠ ছাড়ছে না।
ইউনাইটেড ফর ডেমোক্রেসি প্রজেক্ট বা ইউডিপি চালু থাকবে। তাদের পরিকল্পনা, এই সুপার প্যাকের মাধ্যমে নির্বাচনী প্রচারে প্রভাব বিস্তার করা। এখানে রয়েছে আরও একটি কৌশল। তাদের বিজ্ঞাপনে সব সময় ইজরায়েলের নাম উল্লেখ করা হয় না। অনেক সময় প্যালেস্তিনীয়দের অধিকার নিয়ে কথা বলা প্রার্থীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হয় অন্য রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে। অর্থাৎ সংগঠনের নাম আড়ালে রেখেও নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলার চেষ্টা চলতে পারে। কিন্তু প্রশ্ন হল, এবার কি সেই পুরোনো কৌশলও কাজে আসবে?
আইপ্যাকের প্রাক্তন পরিচালক স্টিভ রোজেনের কথাটি আবার মনে করা যাক। ‘যেকোনো লবি বা প্রভাবশালী গোষ্ঠী হলো রাতের ফোটা ফুলের মতো, অন্ধকারে তারা বেড়ে ওঠে আর আলোর মুখ দেখলেই ম্লান হয়ে যায়।’
আইপ্যাক এত দিন অন্ধকারে থেকে প্রভাব বিস্তারের সুবিধা পেয়েছে। কিন্তু প্রকাশ্য রাজনৈতিক লড়াইয়ে নামার পর তাদের ক্ষমতার সীমাবদ্ধতাও সামনে এসেছে। যে অর্থ দিয়ে তারা বিরোধী কণ্ঠস্বরকে দুর্বল করতে চেয়েছিল, সেই অর্থই তাদের বিরুদ্ধে জনমত তৈরি করতে সাহায্য করেছে। যে সমর্থন একসময় ছিল রাজনৈতিক শক্তির প্রতীক, সেটিই এখন কোনো কোনো প্রার্থীর কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এখানেই এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা।
রাজনীতিতে অর্থ দিয়ে প্রচার কেনা যায়, বিজ্ঞাপন দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করা যায়, এমনকি নির্বাচনের মাঠে বিপুল চাপও তৈরি করা যায়। কিন্তু মানুষের মনে জমে ওঠা ক্ষোভকে শুধু অর্থের জোরে মুছে ফেলা যায় না। আইপ্যাকের সামনে এখন সেই কঠিন বাস্তবতা।
তারা হয়তো একটি প্যাক বন্ধ করছে, অন্যটি চালু রাখছে। হয়তো নতুন কৌশলে আবারও আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করবে। কিন্তু যে প্রশ্নটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা হল—যে সংগঠন কয়েক দশক ধরে অন্যদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রেখেছে, সেই সংগঠন কি এখন নিজের রাজনৈতিক ভবিষ্যৎই রক্ষা করতে পারবে?
রাতের ফুলের মতোই কি একদিন ম্লান হয়ে যাবে আইপ্যাকের দীর্ঘদিনের প্রভাব? নাকি অন্ধকারের খেলা বন্ধ করে এবার তারা নতুন কোনো মুখোশ পরে ফিরে আসবে?
আমেরিকার রাজনীতিতে এই লড়াইয়ের শেষ দৃশ্য এখনো বাকি।